বাউফলে বিএনপির জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা উপস্থাপন

পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্মুখে উপস্থাপনের লক্ষ্যে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের অনুসারীদের আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের পাবলিক মাঠে এ সমাবেশ শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। সভাপতিত্ব করেন বাউফল পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান হাওলাদার। এতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল আলম তালুকদার বলেন, “১৯৯৬ সালে মাত্র ২৪ ভোটে আওয়ামী লীগের ভোটচুরির শিকার হয়েছিলাম, কিন্তু ২০০১ সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তসলিম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জসিম, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জলিলুর রহমান, নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান প্রমুখ।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








