বাংলাদেশের আগামী নির্বাচনে আর নৈশভোট হবে না: জহির উদ্দিন স্বপন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, তার দল বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেখানে আর কখনও নৈশভোট হবে না। তিনি আরও বলেন, সেই রাষ্ট্রে ভোটের আগে কোনো সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি সমাবেশে বলেন, “বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম শুরু করবে, যার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে রাষ্ট্রের দুর্নীতি ও অব্যবস্থাপনা মেরামত করবে।”
এছাড়া, তিনি জনগণের বিভিন্ন দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শহীদ নুরে আলম, রহিম, আবু সাঈদসহ হাজার হাজার শহীদের হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।” তিনি আরও দাবি করেন যে, অন্তবর্তীকালীন সরকার এই বিচারের বিষয়ে বিলম্ব করছে, এবং তাদের কাছে প্রশ্ন রাখতে চান বিএনপি এই সমাবেশ থেকে।
সমাবেশে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সভাপতিত্ব করেন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য মো. হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ বিভিন্ন নেতা বক্তৃতা রাখেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








