নয়া দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।




“ছাত্র-জনতার আন্দোলন হাসিনামুক্ত দেশ, বৈষম্য এখনও অব্যাহত”

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী দাবি করেছেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনামুক্ত হলেও বৈষম্যমুক্ত হয়নি। তিনি বলেন, গত ৬ মাসে অনেক রাজনৈতিক নেতা, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিও মুক্তি পেয়েছেন, তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলাম এখনও কারাগারে বন্দি আছেন। তিনি তার মুক্তির দাবি জানান এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ও মার্কা পুনরুদ্ধারের আহ্বান করেন।

শুক্রবার বিকেলে নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী বাজার মাঠে ২ নং জামায়াতে ইসলামী শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অবিচারের চিত্র তুলে ধরে পাপিষ্ট দল আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল।

মাসুদ সাঈদী জানালেন, ১৯৭১ সালের পর থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের বন্ধুপ্রতীম সংগঠনগুলি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের পুঁজি হারিয়েছে। তিনি আরও জানান, তার পিতা, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, দুইবার সংসদ সদস্য ছিলেন এবং তাঁর ওপর কোনও দুর্নীতি বা অন্যায়ের অভিযোগ নেই।

তিনি আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রার্থী হিসেবে দোয়া চান এবং বলেন, জনগণ যেন তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী বাছাই করেন।

এছাড়া, সমাবেশে বক্তব্য দেন— নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, পিরোজপুর সদর থানার আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আবুল হোসাইন এবং সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মোল্লাসহ আরও অনেকে।

এই সমাবেশের আগেই, উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন মাসুদ সাঈদী। একইদিন সন্ধ্যায়, তিনি উপজেলার বাবুরহাট শামসুল উলুম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“ফ্যাসিবাদ পতন হয়েছে রাজপথে, সরকার হবে নির্বাচনে”: জহির উদ্দিন স্বপন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে প্রায় দুই দশক পর অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পথিক মোস্তফা এবং সংস্কৃত প্রভাষক সপ্না পান্ডে সঞ্চালনা করেন, এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মহিউদ্দীন আলী আজম সভাপতিত্ব করেন।

বক্তব্যে, জহির উদ্দিন স্বপন বলেন, “ফ্যাসিবাদ রাজপথে পতন হয়েছে, সরকার এবার নির্বাচনেই আসবে। ২০১৪ সালের জালিয়াতি নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন, এবং পরে আরেকটি ডামি নির্বাচন হয়েছে। আমি এই আসনে প্রার্থী ছিলাম, কিন্তু আমাকে বাড়ি থেকে বাহির হতে দেয়া হয়নি। বিডিআর ও পুলিশ দিয়ে আমার বাড়ি ঘেরাও করা হয়েছিল।” তিনি আরও বলেন, “আপনারা ফেসবুকে দেখেছেন, শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছেন। হাজার শহিদের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, আর এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণের আংগ্রহনের মাধ্যমে নির্বাচন হবে, এবং নির্বাচিত সংসদ দ্বারা সংস্কার করা হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটির সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান এবং বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকিরসহ অন্যান্যরা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের ১৯ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপনে ভোট প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে, বিভাগটির ২১টি নির্বাচনী এলাকার মধ্যে ১৯টি আসনে দলের প্রার্থীরা চূড়ান্ত করা হয়েছে এবং তাদের নামও প্রকাশ করা হয়েছে। দলের শীর্ষ নেতারা এসব প্রার্থীদের পক্ষে মাঠে নামার নির্দেশ দিয়েছেন।

জামায়াতের নীতিনির্ধারক মহল তিনশ’ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির আসনগুলোতে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন, আর ‘বি’ ক্যাটাগরির আসনগুলোতে রাজনৈতিক কৌশলগত প্রয়োজনে সমর্থন যাচাই করা হবে। জামায়াতের লক্ষ্য হচ্ছে, এসব ‘বি’ ক্যাটাগরি আসনগুলোতে অন্য দল বা জোটের সাথে ঐক্য হলে তা ছাড় দেওয়া হবে।

বরিশালে ‘এ’ ক্যাটাগরির আসন হিসেবে তিনটি নির্ধারণ করেছে জামায়াত—পিরোজপুর-১, পিরোজপুর-২ এবং পটুয়াখালী-২ আসন। এই আসনগুলোতে প্রার্থীরা শক্তিশালী এবং নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। পিরোজপুর-১ আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদীর দুই ছেলে, মাসুদ সাঈদী এবং শামীম সাঈদী, প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী-২ আসনে জামায়াতের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

এছাড়া, বরিশাল বিভাগের অন্যান্য আসনগুলোতে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন:

  • বরিশাল-১: মাওলানা কামরুল ইসলাম খান
  • বরিশাল-2: মাস্টার আব্দুল মান্নান
  • বরিশাল-3: অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর
  • বরিশাল-4: অধ্যাপক মাওলানা আবদুল জব্বার
  • বরিশাল-6: অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার
  • পিরোজপুর-3: সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিল
  • ঝালকাঠি-2: শেখ নেয়ামুল করিম
  • পটুয়াখালী-1: অ্যাডভোকেট নাজমুল আহসান
  • পটুয়াখালী-3: অধ্যাপক শাহ আলম
  • পটুয়াখালী-4: মাওলানা আব্দুল কাইয়ুম

এছাড়া, বরগুনা, ভোলা, ও অন্যান্য এলাকার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানিয়েছেন, নির্বাচনী তফশিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যদি কোনো দল বা জোটের সাথে সমঝোতা হয়, তবে আসন সমঝোতার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের গণঅবস্থান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে তারা।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিগত ১৩ বছর ধরে সাজানো মামলায় কারাগারে আটক রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফলে অনেক নেতাকর্মী মুক্তি পেলেও এখনো তিনি বন্দি আছেন, যা অত্যন্ত হতাশাজনক।”

তিনি আরও বলেন, “আমাদের সহকারী সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ কর্মসূচিকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে, গত বৃহস্পতিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে এক পোস্টে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আর সম্ভব নয়। আমরা যথেষ্ট সময় দিয়েছি। তাই আমি নিজেই ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব, যেন সরকার আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।”

এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই কর্মসূচি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৩৩ জন কর্মকর্তা আজ ওএসডি হলেন। একই কারণে ১২ জন কর্মকর্তাকে এর আগে ওএসডি হয়েছেন।

ওএসডি হওয়া ৩৩ কর্মকর্তা হলেন—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহমুদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) হায়াত-উদ-দৌলা খাঁন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক (যুগ্মসচিব) মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) এস এম আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সদস্য (যুগ্মসচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্মসচিব) সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ।

এ তালিকায় আরও রয়েছেন—দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংযুক্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব) কাজী এমদাদুল ইসলাম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব এস এম মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে।

এছাড়া ওএসডি হয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম-প্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম-সচিব) মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মো. আলী আকবর।

আরও রয়েছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব (যুগ্ম-সচিব) মো. মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব গোপাল চন্দ্র দাশ।

তবে কী কারণে যুগ্মসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।




কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি, ঘটনার তদন্তে কমিটি গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিষিদ্ধই থাকছে রাজনীতি। একইসঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনলাইনে অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৮তম (জরুরি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া যায়।




নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ জন খালাস

নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের রায় ও প্রক্রিয়া

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিদের মধ্যে ছিলেন—

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন,
  • জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম,
  • ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া,
  • সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন,
  • সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী,
  • বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক,
  • নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আদালতের পর্যবেক্ষণ

গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। এদিন খালেদা জিয়ার খালাস চেয়ে শুনানি করেন তার আইনজীবী আমিনুল ইসলাম।

আদালত রায়ে উল্লেখ করেন, এ মামলার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও তা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। দুদক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত সবাইকে খালাস প্রদান করেছেন।

মামলার পটভূমি

২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে ২০২৩ সালের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

আইনজীবীর প্রতিক্রিয়া

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আমিনুল ইসলাম রায়ের বিষয়ে বলেন, “আদালত এই মামলায় বিএনপি চেয়ারপারসনসহ সব আসামিকেই খালাস দিয়েছেন। দুদক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় এ রায় এসেছে।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ।

আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় পটুয়াখালীর নতুন বাজারে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নিটন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মিজানুর রহমান।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া, স্বৈরাচারী শাসকদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, ক্ষমতাসীন দলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অবিলম্বে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় রায় আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য আজ (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন। ওইদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষসমর্থন শুনানি, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।