মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে ব্যবস্থা নিতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য শিগগিরই অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে আঘাত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির শিকার হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “জাতি হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যাতে এ ধরনের অন্যায় আর না হয়, এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়।” তারেক রহমান নিশ্চিত করেন যে, বিএনপি এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবে।

এছাড়া, তিনি জানান, বিএনপি দুটি সেল গঠন করেছে— একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এসব সেলে নারীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, যারা ভুক্তভোগীদের বিনামূল্যে পেশাদার সহায়তা প্রদান করবেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ দল হিসেবে বিএনপি আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত, যাতে লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মতামত নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ, সমান ও ন্যায্য সমাজ গড়ে তোলা যায়।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বিএনপির বৈঠক

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ শনিবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকটি ১৫ মার্চ, ২০২৫, শনিবার দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য প্রতিনিধিরাও অংশ নেবেন।

এর আগে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার, বাংলাদেশ সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে আসেন।

জাতিসংঘ মহাসচিব শুক্রবার সকালে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এরপর তারা একই বিমানে কক্সবাজার রওনা দেন, যেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এর আগে, গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা সাথে বৈঠক করেন এবং বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে: পীর সাহেব চরমোনাই”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘকে উদ্যোগ নিয়ে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।”

শুক্রবার (১৪ মার্চ) বরিশাল ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার আয়োজিত ‘ইফতার মাহফিল ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “দেশের সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগের সংস্কার জরুরি। এগুলো সংস্কার না হলে দেশ আগের অবস্থায় রয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের ৯০টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতি চালু করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। এতে কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে এবং নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে।”

তিনি বলেন, “আমরা চাই না দেশ দীর্ঘদিন নির্বাচনবিহীন অবস্থায় থাকুক। নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়, সে জন্য প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর
  • মাওলানা ইদ্রিস আলী ও মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, চাচইর ফাজিল মাদরাসার অধ্যাপক
  • প্রিন্সিপাল মো. ওমর ফারুক, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর
  • অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সভাপতি, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর
  • মাওলানা মো. রেজাউল করীম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর
  • গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেছেন খালেদা জিয়া” : আবু নাসের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, “মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

শুক্রবার (১৪ মার্চ) শায়েস্তাবাদ ইউনিয়ন ও অঙ্গসংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছে। জনগণকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশ ও মানুষ নিরাপদ ছিল।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করেছিল এবং আলেম-ওলামাদের মিথ্যা মামলায় হয়রানি করেছে।”

নাসের বলেন, “আগামীর বাংলাদেশ হবে শান্তি, সম্প্রীতি ও উন্নতির দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েতের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন—

  • সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল আমিন
  • ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন: ইঞ্জি. সোবাহান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সাবেক প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গৌরনদীর টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারি করলে তাকে ধরে পুলিশে দিন। প্রয়োজনে আমাকে ফোন করুন।”

ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দুই সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন::

  • গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া
  • উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান
  • গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির
  • সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা
  • বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম
  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন
  • জেলা ছাত্রদল নেতা এসএম হীরা

ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রশাসনের দুর্বলতায় দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য: রিজভী

তৃণমূলে প্রশাসনের শিথিলতা ও দুর্বলতার কারণে সমাজে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের ফলে শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট হয়েছে। দুর্বৃত্তায়নের বিস্তার ঘটিয়ে সমাজকে অস্থির করে তোলা হয়েছে।”

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে হত্যা, গুম, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিনি বলেন, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণের পর তার মৃত্যু পুরো জাতিকে শোকাহত করেছে।

ন্যায়বিচারের দাবি
তিনি আরও বলেন, “দীর্ঘ দুঃশাসনের কারণে মানবিকতা, ন্যায়বিচার ও নৈতিকতা হারিয়ে গেছে। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে এই প্রবণতা আরও বাড়বে। অবিলম্বে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

বিএনপি নেতা জানান, দলটি “নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল” গঠন করেছে, যা দেশব্যাপী নির্যাতনের শিকার নারীদের সহায়তা দেবে।

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শিশুর নির্মম মৃত্যুতে তারেক রহমানের নিন্দা

নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি আছিয়া নামের এক শিশুর নির্মম মৃত্যুকে “অগ্রহণযোগ্য ও হৃদয়বিদারক” বলে মন্তব্য করেছেন।

তারেক রহমান বলেন, “শিশুটির মৃত্যু দেশবাসীকে মর্মাহত করেছে। আমরা দেখছি, পবিত্র রমজান মাসেও নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চলছে, যা আমাদের সমাজের চরম নৈতিক অবক্ষয় প্রকাশ করে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই পাশবিক ঘটনার প্রতিবাদে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। রাজপথে মিছিল ও স্লোগানের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি শুরু থেকেই শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়ছে। আইনের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা বারবার রক্ষা পাচ্ছে, যা সমাজের জন্য ভয়াবহ হুমকি।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, “এ ধরনের জঘন্য অপরাধ শুধু একজন ব্যক্তির প্রতি নয়, এটি মানবতার বিরুদ্ধে চরম আঘাত। আমাদের সমাজে নৈতিক অবক্ষয় এতটাই চরমে পৌঁছেছে যে, রমজান মাসের পবিত্রতাও রক্ষা করা হচ্ছে না।”

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারে। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করাও অপরিহার্য।”

অপরাধ দমনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারেক রহমান বলেন, “যারা এই বর্বরোচিত অপরাধ ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতার সাহস না পায়।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মাগুরার শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জামায়াত আমীরের শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

তিনি বলেন, দেশে কুরআনের অনুশাসন প্রতিষ্ঠিত না থাকার কারণেই শিশুরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে এবং অনেককে জীবন দিতে হচ্ছে। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইফতার মাহফিলে বক্তব্য

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—

  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন
  • ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন
  • কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা
  • ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক

কুরআনী অনুশাসন প্রতিষ্ঠার আহ্বান

ডা. শফিকুর রহমান বলেন, “রমজান মাসেই বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছিল। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে খুন, ধর্ষণ, অপহরণ, দুর্নীতি ও দুঃশাসন বন্ধ হবে।”

তিনি আরও বলেন, “যাকাতভিত্তিক সমাজ গঠন করা গেলে দেশে দারিদ্র্য থাকবে না, কেউ বেকার বা কর্মহীন থাকবে না। সমাজে ভেদাভেদ দূর হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, একসাথে বসে ইফতার করে আমরা যদি একে অপরের সঙ্গে মজা করতে পারি, তাহলে দেশকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে কোনো সমস্যা কোথায়?

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, “হিংসা নিয়ে একসাথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আগামী নির্বাচন নিয়ে আমরা একসাথে কাজ করবো।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আন্দোলনে অনেক অবদান ছিল, বিশেষ করে নুরুল হক নুরের অবদান অনেক।” তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পুরস্কৃত রোড ম্যাপ ঘোষণা করবেন।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা আমাদের সাথে রয়েছে। দেশের সকল মানুষ এই আন্দোলনে সমর্থন দিয়েছে। ছাত্ররা দেশের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।”

ইফতার মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কুরআন এবং হাদিস নিয়ে আলোচনা করেন।

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, “স্বৈরাচার পতনের পর এই অন্তর্বর্তী সরকার এসেছে, কিন্তু তারা এখন সন্তোষজনক নয়। তাই যতটুকু সংস্কার শেষ করে, দ্রুত নির্বাচন দিন।”

ইফতার মাহফিলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং আছে, তবে অফিসিয়ালি এটি প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ডা. তাহের আরও বলেন, “বৈঠকে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায়, এবং আমাদের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে দুটি বিষয়ে একমত হওয়া হয়েছে: প্রথমত, বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো হবে এবং দ্বিতীয়ত, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা হবে।

বৈঠক থেকে একাত্তরের স্বাধীনতার যুদ্ধে রাশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। যখন নির্বাচনের বিষয়টি জানতে চাওয়া হয়, তাহের বলেন, “হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম