কালিশুরীতে বিএনপির নতুন সদস্য এনামুলকে ঘিরে বিতর্ক, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে বিএনপির সদস্য পদ পাওয়া এনামুল হাসান সিকদারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। ১৫ মার্চ তিনি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদ পেলেও, দুই দিন আগে ঘটা করে উৎসব পালন করায় বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান সিকদার একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকার পর এবার তিনি বিএনপির ইউনিয়ন সদস্য পদ লাভ করেন। তবে এই পদপ্রাপ্তি নিয়ে দলটির একাংশে অসন্তোষ দেখা দিয়েছে।

তথ্য অনুযায়ী, এনামুল কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদারের চাচাতো ভাই এবং জেলা বিএনপির সভাপতি কাজী আলমগীরের আত্মীয়। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি স্থানীয় ব্যক্তিদের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, এনামুল অতীতে কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বরং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন। এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত পত্রে তার সদস্যপদ অনুমোদন করা হয়।

এনামুলের সদস্যপদ পাওয়ার পর ১৭ মার্চ নিজের বাড়িতে খাসি জবাই করে বড় আয়োজনের ভোজের ব্যবস্থা করেন তিনি। তবে এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোনো গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন না।

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “ইউনিয়নের নেতাদের সুপারিশের ভিত্তিতেই এনামুলকে সদস্য করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানতাম না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালকে শক্তিশালী ঘাঁটি বানাবে জাতীয় নাগরিক পার্টি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে একটি সুসংগঠিত ও আধুনিক রাজনৈতিক কাঠামো দরকার।” এনসিপি এই লক্ষ্যেই বরিশালের মানুষের সেবা এবং অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বুধবার (২০ মার্চ) বিকেল ৫টায় বরিশাল ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও আমাদের রাজনীতিতে এখনো সেই পুরোনো মানসিকতা এবং ব্যবস্থাপনা রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি সেই রাজনীতির ধারা বদলাতে চায়। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, গণঅভ্যুত্থানের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন দিনের সূচনা করতে চাই।”

তিনি আরও বলেন, “যারা পরিবর্তন চায়নি, তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। যারা পরিবর্তনের সাথে তাল মিলাতে পারবে না, তারা বিলীন হয়ে যাবে। আমাদের সামনে একমাত্র পথ পরিবর্তন, সংস্কার এবং ন্যায়বিচার। পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি আমরা চাই না, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা সত্যিকারের রাজনৈতিক সংস্কার চাই। শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা মাঠে নেমেছি। দীর্ঘদিন ধরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আমরা আশা করি, তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে সংহতি প্রকাশ করবেন।”

বরিশালের রাজনৈতিক কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, “বরিশালের সংগঠকদের জন্য এটি একটি বিশাল অর্জন। বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হচ্ছে জনগণ। আমাদের ঐতিহাসিক দায়িত্ব হলো এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখা।”

নাহিদ ইসলাম আরো বলেন, “আমি বিশ্বাস করি, বরিশাল এনসিপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানকার ছাত্র-জনতা যে সাহসিকতা দেখিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সেই চেতনা নিয়েই এনসিপি বরিশাল থেকে নতুন এক দিগন্তের সূচনা করবে।”

তিনি বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো সুবিধাবাদী গোষ্ঠী আমাদের আন্দোলনের মধ্যে প্রবেশ করতে না পারে। চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পরিবর্তন আনতে হলে আমাদের নিজেদেরকেই আগে শুদ্ধ হতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চাই। সেই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচনের পথে যাবো। আমাদের নির্বাচনের কাঠামো হবে গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত হবে।”

তিনি অবশেষে বলেন, “অনেকে সামান্য সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলছি, নিম্নতম পরিবর্তন দিয়ে কিছুই হবে না। আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত পরিবর্তন। জনগণের দাবি বাস্তবায়ন করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা এটিকে অটুট রাখবো। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আপস করবো না। আমাদের লক্ষ্য একটা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়া।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন : মির্জা ফখরুল




গণঅধিকার পরিষদের দাবি, উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে জাতীয় ঐক্য সংহতি ধ্বংসের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের পদত্যাগ না করলে গণ-অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “যদি তারা পদত্যাগ না করেন, তবে গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে।”

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না এবং আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করেছেন। রাশেদ খাঁন আরও বলেন, “মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি সম্পূর্ণ ধ্বংস করেছেন এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এ রকম বিতর্কিত ব্যক্তিকে সরকারের উপদেষ্টা পদে রাখা উচিত নয়।”

দলের মুখপাত্র ও সহসভাপতি ফারুক হাসান বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকারের ৩ জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন, বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন।” তিনি আরও দাবি করেন, “সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাকি ২ জন ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত।”

গণঅধিকার পরিষদের নেতা জানান, এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে এবং তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে পরিষদের পুনর্গঠন প্রয়োজন। তিনি হাইকোর্টের রায় উল্লেখ করে বলেন, “এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে: মাসুদ সাঈদী

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘‘আমার বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তারা অবশ্যই শাস্তি পাবেন।’’

মতবিনিময় সভায় বক্তব্য
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘‘জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায় না। জামায়াত চায় দেশে জনগণের ম্যান্ডেট নেয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।’’

তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের রাজনীতি, সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে।’’

প্রতিহিংসার রাজনীতি নয়
মাসুদ সাঈদী আরও বলেন, ‘‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক। এখনো তারা বিভিন্ন পদে আসীন। তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো।’’

সংগঠন নির্বাচন প্রক্রিয়া
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়ন দিয়েছে।’’

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা
মতবিনিময় সভায় পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমির মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সবাইকে নিয়ে ভালো থাকতে চায় বিএনপি: আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘‘বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায় এবং এই উদ্দেশ্যেই আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’’

ভুক্তভোগী পরিবারের পাশে বিএনপি মহিলা দলের সভাপতি
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবা মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, ‘‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। যেকোনো নির্যাতনের ঘটনায় প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুক্তভোগীর পাশে দাঁড়ায়। আমরা সবসময় সবার সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই।’’

এ সময় আফরোজা আব্বাস নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করেন। তিনি নিরাপত্তা, পরিবারের ভরণ-পোষণ এবং মামলা পরিচালনায় সহযোগিতার আশ্বাসও দেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকি উপজেলা যুবদল নেতা রিপন শরীফ বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিপন শরীফ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ রাখা যাবে না।

যুবদল আরও জানায়, রিপন শরীফের কোনো ব্যক্তিগত অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জঙ্গিদের যারা লালন-পালন করতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশে এখন আর কোনো জঙ্গি হামলার ঘটনা নেই, কারণ যারা জঙ্গিদের লালন-পালন করতো, যিনি তাদের জন্য স্ক্রিপ্ট লিখতেন, সেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও জানান, ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে শেখ হাসিনা দেশ শাসন করার চেষ্টা করেছিলেন এবং দেশের জনগণকে শোষণ করছিলেন।

তিনি বলেন, “বিগত ১৫ বছর ধরে ফ্যাসিষ্ট সরকার বিএনপিকে ভাঙতে পারলেও বিএনপি এখনও ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।”

এই মন্তব্যগুলো তিনি দুমকিতে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ব্যক্ত করেন।

সোমবার (১৭ মার্চ) দুমকি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান দিপু ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজীদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পবিপ্রবি অধ্যাপক দেলোয়ার হোসেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহমেদ বাপ্পি, উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তারেক রহমানের অভিযোগ: বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালে ফেলার চেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দলকে আবারও ষড়যন্ত্রের মুখে ফেলার চেষ্টা চলছে। তিনি বলেন, ১/১১’র সময়ের মতো এবারও বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল পরিচালিত হচ্ছে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ৩১ দফার ওপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

তারেক রহমান বলেন, “বাংলাদেশে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তাই বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে।” তিনি দাবি করেন, দেশের কয়েকটি সংবাদমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, “একটি মহল বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি। ১/১১-তে যেমন বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলা হয়েছিল, এবারও একই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।”

তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সব সময়ই নির্বাচনের পক্ষে থাকবে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অতীতেও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অনলাইন অ্যাক্টিভিস্টরা বক্তব্য দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ,জোরপূর্বক স্বাক্ষর আদায়, কর্মচারী আক্রান্ত

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া এবং তার সহযোগিদের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা জোরপূর্বক পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর আদায় করেছেন।

এ বিষয়ে গিয়াস উদ্দিন খন্দকার জানান, ১৬ মার্চ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ তার কাছে পৌঁছায়। এর পরদিন, কয়েকজন উপজেলা বিএনপি নেতা তার বাড়িতে এসে তাকে গৌরনদী বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে তিনি ফরিদ মিয়ার সঙ্গে ছবি তোলার জন্য বাধ্য হন এবং সাদা কাগজে স্বাক্ষর করেন। গিয়াস উদ্দিন বলেন, “ভয়ে আমি তাদের কোনো কথা প্রতিবাদ করতে সাহস পাইনি, প্রাণ বাঁচাতে আমি যা করতে বলা হয়েছে, তা করেছি।”

এছাড়া, অভিযোগ করা হয়েছে যে, ফরিদ মিয়া এবং তার সহযোগিরা গৌরনদী পৌরসভার পানি শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধর করে এবং তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে। এরই প্রেক্ষিতে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরিদ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদ মিয়া গৌরনদী পৌরসভায় প্রবেশ করে গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরসহ অশালীন আচরণ করেছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলের শৃঙ্খলা রক্ষা করতে ফরিদ মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করেন, ফরিদ মিয়া এবং তার সহযোগিরা তাদের প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেওয়ার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করেছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম