জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, “যুলাই বিপ্লব না হলে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা যেত না।” তিনি উল্লেখ করেন, এই আন্দোলনে পটুয়াখালী জেলায় ১৪ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ৬ জন বাউফলের সন্তান। বাউফলের মানুষ, তাদের অবস্থান নির্বিশেষে, জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। তিনি এই শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ শুক্রবার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ, আহত যোদ্ধা ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম শাহিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ১০ টাকা কেজি চাল দেয়ার ওয়াদা দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করেছেন। হাসিনা সরকারের লুটপাটের কারণে দেশের অস্থিরতা দেখা দিলে ছাত্রজনতা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এর ফলে ফ্যাসিস্ট হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
শাহিন আরও বলেন, “এই বিপ্লব যদি ব্যর্থ হতো, তবে আমাদের একজনকেও জীবিত রাখা হতো না।” তিনি আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে ৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড এবং ১৯৮২ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “এর পর জাতীয় পার্টি নামে একটি দল জন্ম নেয়, যা সবসময় হাসিনার চামচামি করেছে, কিন্তু এখন এই দলটি বিলুপ্তির পথে।”
এছাড়াও, বাউফলে খুন, লুটপাট ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাউফল থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এভাবে চলতে থাকলে বাউফলের শান্তি বিনষ্ট হবে।” তিনি আরও যোগ করেন, “জুলাই বিপ্লবে শহীদ হওয়া কিংবা আহত হওয়া যাদের পরিবারের কেউ হয়রানির শিকার হলে তাদের কোনো ছাড় দেয়া হবেনা।”
এছাড়া, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “আপনারা কোন দুর্বৃত্তকে দলে আশ্রয় দেবেন না, কারণ তারা অপকর্ম করলে তার দায় দলকেই বহন করতে হবে।”
অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শহীদ মেহেদি হাসানের বাবা মোশারেফ হোসেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান।
মো : আল-আমিন, পটুয়াখালী।