বাউফলে যুবদলে অনিয়ম, নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সাংগঠনিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের সদস্যসচিব বশির পঞ্চায়েত। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে আমার নিজেরই কোনো মূল্য নেই, কেউ কাউকে মানছে না, যুবদলের কোনো নিয়ন্ত্রণ নেই।”
সম্প্রতি আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ইমরান মৃধার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে, পটুয়াখালী জেলা যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ইমরান যুবদলের নেতা বা কর্মী নন।
যদিও জেলা যুবদল ইমরানকে অস্বীকার করছে, উপজেলা যুবদলের সদস্যসচিব বশির পঞ্চায়েত ভিন্ন কথা বলছেন। তিনি জানান, “আমরা দুই বছর আগে ইমরানকে সদস্যসচিব করে ইউনিয়ন কমিটির তালিকা পাঠিয়েছি, তবে জেলা কমিটি এখনো অনুমোদন দেয়নি।”
এদিকে, অনুমোদন ছাড়াই ইমরান নিজেকে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দাবি করে এলাকায় পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, “আমরা ইউনিয়নের কমিটির জন্য কোনো তালিকা পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন জানান, “উপজেলা কমিটি আমাদের কাছে তালিকা পাঠাতে পারে, তবে যাচাই-বাছাই ছাড়া আমরা কমিটি অনুমোদন দেই না। ইমরান কিভাবে সদস্যসচিবের পরিচয় ব্যবহার করছেন, তা তদন্ত করা হবে এবং উপজেলা সদস্যসচিবকে নোটিশ দেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, ইমরান মৃধা এবং বশির পঞ্চায়েত পরস্পর ঘনিষ্ঠ। ৫ আগস্টের পর তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে গুঞ্জন রয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








