‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে চলবে আন্দোলন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলন এখন থেকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। তিনি লেখেন, “গত দুই দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা রাস্তায় আছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পরও এখনো অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি—এটি আন্দোলনের অন্যতম প্রেরণা।”
সারজিস আলম আরও জানান, “এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়। এটি বাংলাদেশের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির সম্মিলিত প্রতিবাদ। বিভিন্ন মহল থেকে আন্দোলন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তবে আমরা স্পষ্ট করছি—এই আন্দোলন বিতর্ক নয়, ঐক্যের নাম।”
ফেসবুক বার্তায় তিনি দেশবাসীকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতাকে আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততদিন গণঅভ্যুত্থানপন্থী সকল দল ও মত আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনো শেষ হয়নি।”
এখন থেকে সকল কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে চলবে বলেও সারজিস আলম নিশ্চিত করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /









