ইশরাক হোসেন অবশেষে আন্দোলনকারীদের পাশে রাজপথে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলনে অবশেষে রাজপথে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত সমর্থকদের মাঝে দেখা যায় তাকে। তার উপস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গত সাত দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ইশরাকের সমর্থকরা। তারা তার শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানিয়ে প্রতিদিন বিভিন্ন স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ইশরাক জানান, “আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও লেখেন, “নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”
এদিকে, ঢাকা দক্ষিণের মেয়র পদে তার শপথ সংক্রান্ত রিটের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই তার সমর্থকরা প্রতিদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।








