বরিশাল-১: জামায়াতের প্রার্থী চূড়ান্ত, বিএনপিতে মনোনয়ন যুদ্ধ

বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) ২০২৫-২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত না করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা কামরুল ইসলাম খানের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।
এ আসনটিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবার রাজনৈতিক সমীকরণে ভিন্নতা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সরকারের পতনের পর সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে।
জানা গেছে, বিএনপির প্রার্থী হওয়ার দৌঁড়ে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে আছেন:
- জহির উদ্দিন স্বপন – সাবেক এমপি, দলের চেয়ারপারসনের উপদেষ্টা
- অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল – জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগঠক
- আকন কুদ্দুসুর রহমান – জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক
- ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান – সাবেক নির্বাচনে মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নেতা
এদের অধিকাংশই মামলা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হলেও দীর্ঘদিন ধরে দলীয় ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
অপরদিকে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান বলেছেন, অতীতের অনিয়ম ও রাজনৈতিক নিপীড়নের সময় পেরিয়ে এখন মানুষের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তিনি বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। আমি নির্বাচিত হলে সব রাজনৈতিক দল ও স্থানীয় সমাজের প্রতিনিধিদের নিয়ে কাজ করবো।”
এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২০১৮ সালে প্রার্থী হওয়া মেহেদী হাসান রাসেল আবার মনোনয়ন পাবেন কি না, তা এখনো অনিশ্চিত।
বরিশাল-১ আসনের প্রায় তিন লাখ ভোটারের মধ্যে তরুণদের অংশগ্রহণ এবার মুখ্য ভূমিকা রাখতে পারে। এক তরুণ ভোটার মো. হাসান বলেন, “আমরা এমন নির্বাচন চাই যেখানে ভয়হীনভাবে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বিজয়ী করা যাবে।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক রফিকুল আলম মনে করেন, “আগামী নির্বাচন নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। তবে নিয়মতান্ত্রিকতা ফিরলে গণতন্ত্রের পথ মসৃণ হবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








