পটুয়াখালীতে দফায় দফায় ভাঙচুর-অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়, দলীয় এমপি-মেয়র ও নেতাদের বাসায় দফায় দফায় হামলা ও ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। ভেঙে ফেলা হচ্ছে জেলা ও বিভিন্ন উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কারফিউ ভেঙে রাস্তায় নেমে পড়েন। শহরের ঝাউতলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আনন্দ মিছিল করেন। এসময় তারা হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট ও যানবাহন চলাচল।

বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর করে আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা শহরের চার লেনে স্থাপিত বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ এবং দৈনিক পটুয়াখালী প্রতিদিনের প্রকাশক গোলাম সরোয়ার বাদলের ব্যবসায়ী কার্যালয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিবের কার্যালয়।

এছাড়া গলাচিপায় স্থানীয় এমপি এসএম শাহজাদার বাসা ও আওয়ামী লীগ কার্যালয়, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খানের বাসা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হামলা ও ভাঙচুর করা হয়।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও পৌর মেয়র বিপুল হালদারের বাসায় হামলা ও লুটপাট করা হয়। এ ঘটনায় মেয়র বিপুল হালদার আহত হন। হামলা ও ভাঙচুর করা হয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি গাজীর ব্যবসায়ী কার্যালয়।

বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়।

দুমকী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বদেশ চন্দ্র সামন্তর বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে।




বরিশালে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর পোড়া বাসভবন থেকে ৩টি মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পোড়া বাসভবন থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় মরদেহের প‌রিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থে‌কে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কয়েকশ দুর্বৃত্ত ওই বাড়ির চারপাশে ঘিরে হামলা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় সাদিক আবদুল্লাহ ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ওই সময় বাড়ি থেকে সাদিক আবদুল্লাহসহ তার অনুসারীরা বের হতে পেরেছেন ব‌লে নিশ্চিত করেন প্রত‌্যক্ষদর্শীরা।




প্রেসক্লাব দুমকিতে ছাত্রলীগ যুবলীগের হামলা আহত- ২

পটুয়াখালী প্রতিনিধি :: প্রেসক্লাব দুমকি তে ছাত্রলীগ যুবলীগের হামলা প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল ইসলাম আহত।

কাল দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে, কয়েকজনকে অটো থেকে নামিয়ে মারধর করার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল আকন শ্রীরামপু ইউনিয়ন ছাএলীগের সভাপতি শাকিলের নেতৃত্বে প্রেসক্লাবে হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে আসবাবপত্র ভাংচুর করে। এসময় প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম আহত হয়। দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি রাকিবুল কে সংবাদ সংগ্রহকালে পিটিয়ে আহত করে।




বরিশালে বিজয় মিছিল, সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার খবরে বিজয় উল্লাস হচ্ছে বরিশালে। নগরীর সবগুলো এলাকার কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ করছে। ‘পলাইছেরে পলাইছে, শেখ হাসিনা পলাইছে’ স্লোগানে স্লোগানে দিচ্ছে।

রাস্তায় নেমে আসা মানুষজন বলছেন, স্বৈরাচারের পতন করে দেশটাকে স্বাধীন করা হলো। মিছিলে আসা রফিকুল ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণকে শেখ হাসিনা দাস মনে করতো। মানুষ কথা বলতে পারতো না। সেতো দেশের প্রধানমন্ত্রী ছিল, জনগণ হত্যার লাইসেন্স দিল কেন।

রেশমা নামে আরেকজন বলেন, আমরা বন্দি ছিলাম। মুক্ত হয়েছি। রক্তের বিনিময়ে দেশটাকে আবার স্বাধীন করলাম। ছেলেমেয়ে সব নিয়ে মিছিল দেখতে এসেছি। এই জয় উল্লাসে অংশ না নিলে অপরাধী মনে হবে।

এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর আসার পরপরই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এনেক্স ভবন, নগর ভবন, সার্কিট হাউস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বরিশাল প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর কনভয় টহল দিচ্ছে। তারা সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। এ সময় সাধারণ মানুষকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্যালুট দিতে দেখা যায়।

 




উত্তরা ব্যাংকের পটুয়াখালী শাখার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন গত ৪ আগস্ট ব্যাংকের পটুয়াখালী শাখার নুতনভাবে সুসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম, মো. আশরাফ-উজ-জামান ও মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




বৃক্ষমেলা উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী প্রতিনিধি :: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বৃক্ষমেলা-২০২৪ আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি বৃক্ষমেলা বিভিন্ন কর্মসূচি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বিভাগীয় বনকর্মকর্তা সফিকুল ইসলাম।

সহকারী বন সংরক্ষন কর্মকর্তা তারিকুল ইসলাম এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ প্রিন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস কান্তি দত্ত, স্বরুপকাঠি নার্সারী স্বত্বাধিকারী হাফিজুল আলম উজ্জ্বল প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি পটুয়াখালীতে বৃক্ষমেলার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় সরকারি বে-সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর কর্মকর্তা, কর্মচারীগণ, সাংবাদিক, বিভিন্ন নার্সারীমালিক, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।




রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন উগান্ডার দৌড়বিদ

বরিশাল অফিস :: ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলায় তেমন কোনো সাফল্যই নেই আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ উগান্ডার। যদিও চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল তারা। এবার সেই উগান্ডাই প্যারিস অলিম্পিকের মঞ্চে এসে দেখালো চমক। অ্যাথলেটিকস ইভেন্টে নিজেদের প্রথম পদকের দেখা পেল দেশটি, তাও আবার স্বর্ণপদক!

ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে দেশের হয়ে প্রথম সোনা জিতেছেন জশুয়া চেপেতেগি। শুধু যে পদক জিতেছেন তাই না, রেকর্ডের খাতায় নিজের নামটাও লিখিয়ে নিয়েছেন এই দৌড়বিদ।

এই ইভেন্টে দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড, যা অলিম্পিকের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ডের, যেটি করেছিলেন ইথিওপিয়ার অ্যাথলেট কেনেনিসা বেকেলে।

এই ইভেন্টের পরবর্তী দুটি অবস্থানের পদক জিতেছেন ইথিওপিয়ারই আরেক দৌড়বিদ। রুপা জিতেছেন বারেহু আরেগায়ি, তার সময় লেগেছিল ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড। আরেগায়ির থেকে ০.০২ সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।




আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটায় আতংকে ২ শতাধিক পরিবার

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রন বেঁড়ি বাধ কেটে দেওয়ায় আতংকের মধ্যে জীবন যাপন করছেন উপজেলার উত্তর রাওঘা গ্রামের ২ শতাধিক পরিবার।

জানা গেছে, হলদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক শুক্রবার বিকালে ও শনিবার (৩ আগস্ট) সকালে বন্যানিয়ন্ত্রন বাঁধ কেটে দেন বিলের পানি সরানোর জন্য। বাঁধ কেটে দেওয়ায় চরম আতংকের মধ্যে জীবন যাপন করছেন রাওঘা গ্রামের ২ শতাধিক পরিবার। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায় তাদের বাড়ীঘর। বন্যা বা জলোচ্ছ্বাস হলে তাদের পানিতে ডুবে মরতে হবে বলে জনান গ্রামের বাসিন্ধারা।

স্থানীয় ইউছুফ প্যাদা বলেন, সিদ্দিক মেম্বর গায়ের জোরে আমার বাড়ীর পাশে দিয়ে সরকারী বেঁড়িবাধ কেটে দিয়েছে। আমার বাড়িঘর, মুরগির খামার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বাঁধ কাটায় উত্তর রাওঘার ২ শতাধিক পরিবার নদীর জেয়ারের পানি ও জলোচ্ছ্বাস তলিয়ে যাবে। আমাদের বাচার কোন উপায় থাকবেনা।

ইউছুফ প্যাদা আরো বলেন, বাঁধ কাটতে বাঁধা দেওয়ায় সিদ্দিক মেম্বর আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বর্ষায় আমাদের বীজতলা তলিয়ে গেছে তাই বেড়ি বাধ কেটে দিয়েছি।

বর্তমান ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, যে কেউ ইচ্ছা করলেই সরকারী এই বেঁড়িবাধ কাটতে পারেনা। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এখন চরম ঝুকির মধ্যে পড়েছে ওই গ্রামের লোকজন।

পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী মো.নাজমুল হাসান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সরকারী বেঁড়িবাধ সরকারের অনুমতি ব্যতিত কেউ কাটতে পারেনা। কেউ বেঁড়িবাধ কাটলে তা অবৈধভাবে কাটছে। এতে ওই গ্রামের শতশত মানুষ বন্যা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

আমতলী উপজেলার সহকারী কমিশনার ভুুমি তারেক হাসান বলেন, সরকারী বেঁড়ি বাধ কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ভোলার ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলের সন্ধান নেই

বরিশাল অফিস :: নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাসন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের কেবল পরে ১৩ জেলেসহ মাছধরার ট্রলার ডুবে গেছে। ওই সময় অন্য জেলে ট্রলারের সহায়তায় ৫ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ট্রলার ডুবির একদিন পর আজ শনিবার পর্যন্ত নিখোঁজ ৮ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার ভোলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের সন্ধানে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে কোষ্টগার্ড, নৌ পুলিশ ও ট্রলার মালিকের পক্ষ থেকে অভিযান শুরু করেছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

এদিকে, নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। স্বজনরা অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত অথবা মৃত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ট্রলার মালিক রুবেল চৌকিদার সাংবাদিকদের জানান, গত ২৬ জুলাই চরফ্যাসনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩জন মাঝি-মাল্লাসহ তার মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরতে শিবচর এলাকায় যায়। গতকাল শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘটে ফেরার পথে ঢেউয়ের তোরে ট্রলার উল্টে যায়। ওই সময় ট্রলার মাঝি মো. দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও বাকি ৮ জন জেলের কোন সন্ধন পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি চরফ্যাসনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে।

ট্রলার মালিক রুবেল চৌকিদার জানান, ডুবে যাওয়া ট্রলারের মাঝি দুলালসহ অন্য একটি ট্রলারে নিজেদের উদ্যোগে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, কোষ্টগার্ড দক্ষিণ জোন, ঢাল চরের পুলিশ ফাঁড়ির সদস্য ও চর কুকরি মুকরির নৌ পুলিশ ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় অভিযান ব্যহত হচ্ছে। নিখোঁজ জেলেদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।




কলাপাড়ার উপকূলে অনবরত বৃষ্টি – পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

পটুয়াখালী প্রতিনিধি :: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। তবে গত ৩ দিন ধরে অনেক স্থানে অনবরত বৃষ্টি হচ্ছে।

আজ শনিবার সকাল নয়টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৪৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টির পানিতে খাল বিল একাকার হয়ে গেছে। পানি বন্দি হয়ে আছে অনেক মানুষ। ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবীরা। কর্দমাক্ত হয়ে আছে গ্রামীণ কাঁচা রাস্তা।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেশি লক্ষ্য করা গেছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে থাকা মাছধরা ট্রলারের বেশীরভাগই মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে।