ফ্লাইট বন্ধ, আমি কিভাবে গেলাম: হারুন

বরিশাল অফিস :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দিয়ে দেশ ছাড়ার সময়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দেশের আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি হারুন অর রশীদ এমন তথ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি দেশেই আছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র সাবেক এই অতিরিক্ত কমিশনার।
তিনি বলেন, অনেকে নাকি লিখেছে আমি দেশ ছেড়ে চলে গেছি। কিন্তু গতকাল তো ফ্লাইট (বিমানবন্দর) বন্ধ ছিলো। আজকে সকাল থেকে ফ্লাইট চালু হয়েছে। তাহলে আমি কিভাবে গেলাম।
মঙ্গলবার (৬ আগস্ট) মোবাইল ফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে গতকাল রাতে তিনি আটক হওয়ার তথ্য ছড়িয়ে পড়েছে।
দেশ ছাড়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল বিমানবন্দর বন্ধ ছিল। খুলেছে আজ। আমি আপনার সঙ্গে কথা বলছি। তাহলে আমি কীভাবে পালিয়েছি?
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ১০ দিন ডিবি হেফাজতে রাখায় সমালোচিত হন হারুন। নানা সমালোচনার মুখে তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপি সদর দফতরে বদলি করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মহা.আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার (২৮ জুলাই) এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন।
এ সব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকেই ধরে নেন, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’
এ ছাড়া সম্প্রতি হারুন অর রশীদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।
প্রসঙ্গত, শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবিপ্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবিপ্রধান হারুন দিনভর পুলিশপ্রধানের সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। আজ মঙ্গলবার তিনি জানালেন- দেশেই আছেন।










