ঝালকাঠিতে সড়ক পরিষ্কার করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে মাঠে নেমে সড়ক পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কার্যক্রম চালায়।

এ সময় আওয়ামী লীগের (সাবেক) অফিসের সামনের সড়কে, উপজেলার ভিতরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনে সহ জেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছেন। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।




দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পরীমণি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :: অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। চিকিৎসার জন্য আজ (বুধবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন তিনি। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই। জানা গেছে, ভার্টিগোর সমস্যায় ভুগছেন পরী।

ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। এটি আক্রান্ত ব্যক্তির ভারসাম্য ব্যাহত করতে পারে এবং এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে বা নাও হতে পারে। ভার্টিগো সাধারণত কিছু অন্তর্নিহিত অবস্থার নির্দেশ করে যেমন স্ট্রোক বা ব্রেন টিউমার।

ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে সেলফি তুলছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেলো আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!’

পরীমণির ক্যাপশন থেকেই স্পষ্ট যে তিনি বহুদিন ধরেই ভার্টিগো সমস্যায় ভুগছেন। পাশাপাশি, ‘পৃথিবীর কত কিছু ছেড়ে যায়…’ বলার মধ্যে কি তার প্রাক্তনদের ইঙ্গিত করলেন এই নায়িকা?

মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ছিলেন পরীমণি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাপোর্ট করে পোস্ট দিতে দেখা গেছে তাকে।

 




বরিশালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও জনমনে এখনো আতংক

বরিশাল অফিস :: বরিশাল অঞ্চলে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসলেও মাঠ পর্যায়ে পুলিশের প্রকাশ্য কর্ম তৎপড়তার অভাবে জনমনে অস্বস্তি সহ নিরাপত্তার ঘাটতির কথা বলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের দুদিন পরেও একটি অন্তবর্তিকালীন সরকার গঠন না হওয়ায়ও নানাজনে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করছেন। বরিশাল মহানগরীতে যানবাহন নিয়ন্ত্রনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন স্থাপনায় পাহাড়া বসিয়েছে ইসলামী আন্দোলন কর্মীরা। বরিশাল অঞ্চলে দুই হাজারেরও বেশী এটিএম বুথ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। নিরাপত্তার অভাবে ব্যাংক থেকে গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে বুথগুলোতে কোন টাকা দেয়া হচ্ছে না। তবে বরিশাল মহানগর পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রের দাবী ‘তারা স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন, থানাগুলোতেও অফিসার ও ফোর্স রয়েছে, সংকট উত্তরনে সব পদক্ষেপ নেয়া হয়েছে। এখন সবাই স্বাভাবিকভাবে কাজ করছেন, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে’ বলেও মন্তব্য করেছেন একাধিক সিনিয়র পুলিশ কর্মকর্তা।

তবে এ ক্রান্তিকালে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো মাঠ পর্যায়ে সাধারন মানুষের পাশে দাড়াতে দেখা যায়নি। বিএনপি ইতোমধ্যে নগরীতে বিজয় মিছিল করেছে। শুধুমাত্র ইসলামী আন্দোলনের যুব সংগঠন বরিশাল মহানগরীর নৌ ও বাস টার্মিনাল এলাকা সহ কয়েকটি ব্যস্ততম সড়কে যানবাহন নিয়ন্ত্রনের কাজ ছাড়াও কয়েকটি মন্দিরেও পাহাড়া বসিয়েছে। বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃংখলা বিধানে কাজ করছে।

তবে পুলিশী কার্যক্রম মাঠ পর্যায়ে এখনো দৃশ্যমান না হওয়ায় বরিশাল মহানগরী সহ এ অঞ্চলের সর্বত্রই জনমনে নানা অজানা অতংক ও শংকা কাজ করছে বলে দাবী করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অন্তবর্তি সরকার গঠিত না হওয়ায় পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবার সম্ভবনা কম বলেও মনে করছেন ওয়াকিবাহল মহল। সাথে পুলিশকে যত দ্রুত সম্ভব তার দায়িত্ব কর্তব্যে ফিরিয়ে আনারও কোন বিকল্প নেই বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।
এরা কারা।

এদিকে শেখ হাসিনা সরকার পতনের সাথে রহস্যজনক ভাবে পুলিশী নিস্ক্রীতার সুযোগে বরিশাল সহ সন্নিহিত এলাকায় বিভিন্ন স্থাপনা এবং বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুড় ও লুটপাটে জড়িতদের বেশীরভাগ ক্ষেত্রেই এখনো চিঞ্হিত করা যাচ্ছে না। এসব অপকর্মের সাথে জড়িতরা কোন দলের নয় বলে ইতোমধ্যে দাবী করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি বেশীরভাগ এলাকার মানুষই অপকর্ম সহ নানা বিবেকহীন কর্মকান্ড ও নৃসংশতার সাথে জড়িতদের ‘টোকাই’ ও ‘কিশোর গ্যাং’এর সদস্য বলেও দাবী করেছেন।

তবে যারাই বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা তৈরী করছে, অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবী করেছেন সমাজ সেচতন সহ সর্বস্তরের মানুষ। এমনকি এসব অপকর্মের পেছনে ‘সদ্য ছাত্র-জনতার আন্দোলনকে দেশবাসীর সামনে অসাড় প্রমানে চেষ্টা রয়েছে’ বলেও মনে করছেন বরিশালের অনেকেই।




৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

চন্দ্রদ্বীপ নিউজ :: দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করে তিনমাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এ বিজয়কে ছিনিয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সাথে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র-জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিছে। এবিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার এখন পালিয়ে গেছে।




শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী

চন্দ্রদ্বীপ নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করছেন।

এর আগে, টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণ-আন্দোলনের মুখে পদত্যাগের পর ৫ আগস্ট বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ৬ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ৬ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়।




‘আন্দোলনকারী শক্তির মতামত নিয়ে দ্রুত অন্তবর্তী সরকার গঠন করুন’

বরিশাল অফিস :: সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানো, ছাত্র-জনতা হত্যার বিচার, দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সকল ছাত্র সংগঠন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণার দাবি জানানো হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বাম গণতান্ত্রিক জোট এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী প্রমুখ।

সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলা হয়, গণবিক্ষোভে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সমাবেশে সারা দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এই সুযোগে বিভিন্ন জায়গায়, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ বলেন, লুটপাটের স্বর্গরাজ্য যারা গড়েছিলেন তাদের বাসার লাগেজের মধ্য থেকেও ৫ কোটি টাকা উদ্ধার হচ্ছে। ফলে সামনে যেন আবার কোন লুটেরা ক্ষমতার মসনদে বসতে না পারে তা নিয়ে বক্তারা জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে: সমন্বয়ক নাহিদ

বরিশাল অফিস ::বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এছাড়া হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফেসবুক আইডির প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট করেন নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবশ্যই প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা করা হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

এ ছাড়াও ক্যাম্পাস থেকে দখলদারিত্ব এবং সন্ত্রাস উৎখাত করা হবে জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘সকল ধরনের দখলদারিত্ব ও সন্ত্রাসকে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে।’

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ডাকা কর্মসূচি ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’র দ্বিতীয়দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’-র আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ ঢাকার রাস্তায় নেমে পড়েন।

দুপুরের দিকে লাখো ছাত্র-জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। এরপর বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশত্যাগ করেন।

পরে তারা ভারতের রাজধানী দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিডন বিমানবন্দরে অবতরণ করেন। তারপর থেকে তারা দিল্লিতেই অবস্থান করছেন।




বরিশালকে পরিষ্কার রাখতে সাধারণ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল অফিস :: সারাদেশে চলমান পরিস্থিতি থাকায় নগরীর সিটি কর্পোরেশন এর কর্মকর্তারা পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে।

এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ সর্বত্র ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন পরিস্থিতি দেখে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে।

তাদের নিজ উদ্যাগে ৭ ই আগষ্ট বুধবার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে হাতেম আলী চৌমাথা ও বটতলা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।

এতে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, কারও হাতে ঝাড়ু কারও হাতে বেলচা কারও হাতে পলিথিন। সবাই একযোগে পরিস্কার করছেন রাস্তায় পরে থাকা আবর্জনা, বোতল,ইটের খোয়া কিংবা বুলেটের খোসা।

সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাজ করছে কারও মনে নেই কোন ঘৃনা কিংবা কস্টের ছাপ।উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা শিক্ষার্থী রাসেল বলেন আমরা দেশ স্বাধীন করেছি নতুন ভাবে এবার আমাদের দায়িত্ব বরিশালকে পরিচ্ছন্ন রাখার। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মিলে এই কার্যক্রম চালাচ্ছি।

সবার সম্মিলিত ভাবেই নগরীকে একটি বাসযোগ্য পরিবেশ দেয়া সম্ভব বলে মনে করি।




প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তুলি: খালেদা জিয়া

বরিশাল অফিস :: প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

দীর্ঘ সাত বছর পর জনসম্মুখে বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেষ জনসম্মুখে বক্তব্য দেন। দীর্ঘসময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মীরা। অবশেষে বিএনপির সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন।

প্রসঙ্গত, দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তাকে মুক্তি দেওয়া হয়।




শান্ত থাকুন, দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন: ড. ইউনূস

বরিশাল অফিস :: সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই। যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি।

তিনি বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।

অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন, বলেন তিনি।