গা ঢাকা দিয়েছেন ব্যারিস্টার সুমন

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসআপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকেও পাওয়া যাচ্ছে না।

সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বার বার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন।

সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি-জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা।

 




পিরোজপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতা-কর্মীর জামিন

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা জামায়াতের আমীরসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা আজ বুধবার জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল।

দলীয়সূত্র ও জামিন প্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চাঁন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নাাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম সম্পাদক মাহাদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।

এছাড়াও পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব সহ ৯ জনকে মুক্তি ‌দেওয়া হয়। ৩১ জনকে ১৫ জুলাই থেকে বিভিন্ন সময়ে পুলিশ তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।

মুক্তি প্রাপ্তরা জানিয়েছেন পুলিশ তাদেরকে বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়ে বিভিন্ন নাশকতার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।




পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আইনশৃংঙ্খলা রক্ষায় গনসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার সহ গুরুত্বপূর্ন স্থানে সদর উপজেলার নেতৃবৃন্দ দলের নেতা-কর্মীদের দেশের শান্তিপূর্ন শৃঙ্খলা বজায় রাখা, সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দেয়া ,দেশের জান-মাল রক্ষা করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আবু সালেহ, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আবু জাফর তালুকদার।সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম বলেন ,আগামীদিনের বাংলাদেশ নির্মানে জাতীয়তাবাদী দল ধর্ম,বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।




সহায়তা নিয়ে নিহত রায়হানের বাড়িতে বসুন্ধরা শুভসংঘ

পটুয়াখালী প্রতিনিধি :: আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত রায়হান আকনের বাড়িতে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার বাড়িতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার আহ্বায়ক ও তরুণ সংগঠন জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মারুফ ইসলাম, কর্মসূচি সম্পাদক মো. লিমন হোসেনসহ অন্যরা।

রায়হানের মা রেহেনা আক্তারের সঙ্গে কথা বলেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। সন্তানের শোকে নির্বাক তিনি। রায়হান পিতা-মাতার বড় সন্তান, তার এক বোন আছে। বাবা কালাম আকন বলেন, ‘শেখ হাসিনা আমার পোলাডারে বড় হতে দিল না।

আমার বাবার কী দোষ ছিল। কেন আমাকে সন্তানহারা করা হলো? কার মুখে বাবা ডাক শুনব। ভালো পড়াশোনা করতে ঢাকা গেছিল।’
৫ আগস্ট সকালে অসহযোগ আন্দোলনে ঢাকার বাড্ডায় গণমিছিলে যোগ দেয় ১৭ বছরের রায়হান।

তখন সে গুলিবিদ্ধ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।




সাবেক আইজিপির ছবিতে জুতাপেটা করছেন বরিশালের বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা

বরিশাল অফিস :: ১১ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (০৭ আগস্ট) বিকেলে নগরের বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লাইন্সের ভেতরে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে বলেন, আমরা প্রত্যেকে স্ব স্ব ইউনিটে আছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবো না। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে, যতক্ষণ রাষ্ট্রের মাধ্যমে আমাদের গ্রহণ না করবে ততক্ষণ সেবা দেওয়া থেকে বিরত থাকবো।

বিক্ষোভকারীরা বলেন, আমরা কোনো দলীয় সরকার কিংবা রাজনৈতিক দলের অধীনে চাকরি করবো না। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যাদের কারণে জীবন দিয়েছে অর্থাৎ যে সব অফিসার আমাদের কমান্ড দিয়েছে তাদের যৌক্তিক বিচার হোক।

যাদের কারণে আজ আমরা নির্যাতিত, যাদের কারণে আজ আমাদের পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, যাদের কারণে তাদের লাশ রাস্তায় পড়ে রয়েছে তাদের বিচার চাই। আর এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা কখনও করতে পারে না।

বরং দায়িত্ব পালনকালে যত জায়গাতে বিপদে পরেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেভ করেছে। তাহলে আমাদের ওপর কারা এ হামলা করলো এ প্রশ্ন দেশবাসীর কাছে। এ সময় সাবেক আইজিপির ছবিতে জুতাপেটা করছেন বরিশালের বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা।




প্রশাসনকে সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদের

বরিশাল অফিস :: বিভিন্ন উপজেলা প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

বুধবার (৭ আগস্ট) হিজলায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষক প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের উপস্থিতিতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গির হোসেন জানান, সভায় সবাইকে ধৈর্য ধারণ করার পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হিজলা ছাড়া বরিশাল সদর উপজেলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজীমের সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আলোচনা করেন।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম সহিদুল্লাহ সহিদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রতিটি থানার কর্মকর্তাদের সাথে সমন্বয় ও পুলিশকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।

দুপুরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এগিয়ে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। চাঁদমারি কলোনিতে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা সম্পদ রক্ষায় এগিয়ে যাওয়াদের কুপিয়ে জখম করার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে চাঁনমারী কলোনিতে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা তাদেরসহ আশপাশের সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা করছিল। যা প্রতিহত করতে স্থানীয়রা সহযোগিতা করছিল।




দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বরিশালের এপিবিএন সদস্যরা

বরিশাল অফিস :: ১১ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (০৭ আগস্ট) বিকেলে নগরের বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লাইন্সের ভেতরে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে বলেন, আমরা প্রত্যেকে স্ব স্ব ইউনিটে আছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবো না। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে, যতক্ষণ রাষ্ট্রের মাধ্যমে আমাদের গ্রহণ না করবে ততক্ষণ সেবা দেওয়া থেকে বিরত থাকবো।

বিক্ষোভকারীরা বলেন, আমরা কোনো দলীয় সরকার কিংবা রাজনৈতিক দলের অধীনে চাকরি করবো না। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যাদের কারণে জীবন দিয়েছে অর্থাৎ যে সব অফিসার আমাদের কমান্ড দিয়েছে তাদের যৌক্তিক বিচার হোক।

যাদের কারণে আজ আমরা নির্যাতিত, যাদের কারণে আজ আমাদের পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, যাদের কারণে তাদের লাশ রাস্তায় পড়ে রয়েছে তাদের বিচার চাই। আর এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা কখনও করতে পারে না।
বরং দায়িত্ব পালনকালে যত জায়গাতে বিপদে পরেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেভ করেছে। তাহলে আমাদের ওপর কারা এ হামলা করলো এ প্রশ্ন দেশবাসীর কাছে।

যে শিক্ষার্থী ভাইয়েরা দেশ সংস্কারের জন্য ডাক দিয়েছেন, তারা আমাদের পুলিশের সংস্কারের জন্য এগিয়ে আসুন। জনগণের আস্থা আমরাও আবার ফিরিয়ে আনতে চাই, জনগণ এই পুলিশকে দেখে বুকে জড়িয়ে ধরবে, বিজয় মিছিল করবে।

এসময় লিখিত বক্তব্যে পুলিশ সদস্যরা ১১ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল-

১. পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না রাষ্ট্রপতির অধীনে নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশ ও জনগণের সেবা করবে।
২. পুলিশ কোনো এমপি, মন্ত্রীকে প্রোটোকল দেবে না।

৩. পুলিশের সর্বোচ্চ সু-চিকিৎসা দ্রুত সময়ে মধ্যে নিশ্চিত করতে হবে।

৪. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ ০৮ (আট) ঘণ্টার বেশি ডিউটি করবে না। অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য ওভারটাইম দিতে হবে।
৫. পুলিশের সিনিয়র অফিসাররা যেভাবে পদোন্নতি পায়, ঠিক নিম্ন কর্মচারীদের সেভাবে পদোন্নতি দিতে হবে এবং সবার পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৬ . অফিসারদের মতো কনস্টেবলদেরও সোর্স মানি দিতে হবে।

৭. পুলিশ সদস্যদের বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৬০ দিন করতে হবে।

৮. পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে
৯. প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ রেঞ্জের মধ্যে বদলি করতে হবে এবং পরবর্তীতে যেন নিজ রেঞ্জের বাহিরে বদলি না হয় সেটার নিশ্চয়তা দিতে হবে।
১০. পুলিশকে প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে টিএ বিল নিশ্চিত করতে হবে।

১১. বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব পুলিশ সদস্য দেশের জন্য শাহাদাৎ বরণ করেছে তাদের সঠিক বিচার, যথাযথ ক্ষতিপূরণ এবং তাদের পরিবার থেকে একজন করে সরকারি চাকরি না দেওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা করা হলো।




নতুন বাংলাদেশে মা হলেন ফারিয়া ও নাবিলা

চন্দ্রদ্বীপ নিউজ :: গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জন্ম নিলো দুটি স্টার কিড। একই দিনে (গত ৫ আগস্ট) প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় দুই অভিনেত্রী। ফারিয়া শাহরিন এবং নাবিলা ইসলাম দুজনই কন্যা সন্তানের মা হয়েছেন।

জনপ্রিয় লাক্স তারকা ফারিয়া শাহরিন এই সুখবর ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

নবজাতিকার ছবি (মুখ দেখাননি) ফেসবুকে দিয়ে ফারিয়া জানান, প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

অন্যদিকে, নাবিলা ইসলামও ফেসবুক পোস্টের মাধ্যমে মেয়ের মা হওয়ার খবর জানিয়েছেন। মেয়ের নামও রেখেছেন চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে। এই অভিনেত্রী লিখেন, ‘‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে ‘আন্দোলন’।

বিয়ের খবর চার বছর গোপন রেখেছিলেন নাবিলা। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিনি বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।

নাবিলা ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি কাজ শুরু করেছেন বড় পর্দায়ও। তার প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’। এতে তিনি অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। চট্টগ্রামে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা।

অণ্যদিকে, দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন ফারিয়া। গেল বছর পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির। এরপর চলতি বছরের ১২ মে বিশ্ব মা দিবসে গর্ভবতী হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী। এরপরই গত সোমবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে নতুন করে সাড়া জাগান এ অভিনেত্রী।




নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ৫ আরোহী। মৃতদের মধ্যে পাইলট ছাড়া বাকি চারজনই ছিল চীনা পর্যটক।

বুধবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নুয়াকোট জেলার সূর্যচৌর অঞ্চলের পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে আরেকটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল উদ্ধার তৎপরতার জন্য।

দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোট জেলা কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটকে সনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।




আমিরাত-সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ নিউজ :: গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা ‘স্বল্প সময়’ অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন। কিন্তু দুইদিন পার হওয়ার পরও হাসিনা এখনো ভারতেই রয়ে গেছেন।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন।

হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী।

উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন।

ফিনল্যান্ডে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার স্টাবের দপ্তরে। তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল। কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এ ভিসাটি আর বৈধ থাকছে না।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তবা সজীবের বাসায় উঠতেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা যদি বেশিদিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে। কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে।

ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি।