শপথ নিলেন উপদেষ্টারা

চন্দ্রদ্বীপ নিউজ :: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সদস্য হিসেবে শপথ নিয়েছেন- সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম ও শারমিন মুরশিদ।

অন্তবর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে চার শতাধিক অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা।




শপথ নিলেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এরআগে, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে একটি সরকারবিহীন অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার অবসান ঘটাতে তিন দিন ধরে রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সর্ব সম্মতিক্রমে ড. মোহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় ড. মোহম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অবস্থান করায় তার দেশে ফিরে আসার ওপর নির্ভর করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শপথ গ্রহণের সময় নির্ধারণের কথা জানায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।




অচিরেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে: বরিশালের ডিসি

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে বরিশালে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবাই কাজ করছে। তারপরও কিছু ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

আর অন্তরবর্তী সরকার গঠনের পর আমরা সেখান থেকে দিক নির্দেশনা পাব। আর সেই আলোকে ব্যবস্থা নেওয়ার পর অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে।

জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক, আর তখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনীর কর্মকর্তারা সভায় উপস্থিত থাকলে পুলিশ বাহিনীর কাউকে দেখা যায়নি।

সভায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের বক্তারা, আইনশৃঙ্খলা রক্ষার প্রশাসনের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এসময় তারা দুর্বৃত্ত যারাই হোক না কেন তাদের প্রতিহত করে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান।

সভায় উপস্থিতির উদ্দেশ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে কমান্ডিং অফিসার আল আমিন বলেন, আপনারা দল-মত নির্বিশেষে মিলিত হয়ে প্রতিটি মহল্লায় কমিটি গঠন করে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করলে আমাদের কাজ আরও অনেক সহজ হবে।

এছাড়া সভায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে এবং দেশের সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে একই ধরনের সভা বরিশালের ১০টি উপজেলা করেছে উপজেলা প্রশাসন।

 




পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীরন সপরিবারে ভারতে পালানোর সময় আটক

পটুয়াখালী প্রতিনিধি :: বরিশালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শিক্ষার্থীদের হাতে আটক ওই প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন বলে স্বীকার করেছেন। পরিবারসহ ভারতে পালিয়ে যাবার সময় শিক্ষার্থীদের কাছে আটক হন তিনি।

শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনকালে আইন ভেঙে একটি প্রাইভেটকার দ্রুত ওভারটেক করছিল। এ সময় শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে দেয়। পরে চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের খবর দেয় শিক্ষার্থীরা।

ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটক ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ভারতে যাওয়ার জন্য তিনি পটুয়াখালী এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি। তার কাছে নগদ ২০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে সোপর্দ করা হয়।




চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল আর নেই। মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা প্যাটেল শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাইদুর রহমান প্যাটেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বছরখানেক আগে শারীরিক জটিলতা ও অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ লম্বা সময় বিশ্বের সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।’

‘ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যেতে থাকেন সাইদুর। মাঝেমধ্যে নিজেই তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানাতে তিনি। মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া খবর কেউ নিজেই জানাচ্ছেন এ বিষয়টা কতটা হৃদয়বিদারক তা কেউ অনুভব করতে পারবেন না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।’

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে ১৯৫১ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান উদ্যোক্তা ও সংগঠক সাইদুর রহমান প্যাটেল। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে দৃঢ় কঠিন প্রতিজ্ঞা নিয়েই দেশের একঝাঁক তরুণ গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল।

মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে ছিল প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয়। সেখানেই স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানান প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এরপর খেলোয়াড়দের মুজিবনগরে গিয়ে দলে যোগ দিতে বলা হয়। এভাবেই যাত্রা শুরু হয় দলটির।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চিরস্মরণীয় অবদান রয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের। মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের লক্ষ্যে একঝাঁক স্বাধীনতাকামী ও সাহসী ফুটবলার ও কর্মকর্তারা দল গঠন করে ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি ম্যাচ খেলেন। সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন মুক্তিযুদ্ধের তহবিলে। আর এই দল গঠনে মূখ্য ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম সাইদুর রহমান প্যাটেল।




র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

চন্দ্রদ্বীপ নিউজ :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন এ কে এম শহিদুর রহমান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবির এই কর্মকর্তা এর আগে সদর দফতরে সংযুক্ত ছিলেন। বৃহস্পতিবার র‌্যাবের ১১তম মহাপরিচালক হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ বর্ণিল চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকা ও সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

তিনি এনডিসি বাংলাদেশ মিলিটারী একাডেমী থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

শিক্ষার্থী জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।




পাথরঘাটায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে দুই  বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪ টার দিকে পাথরঘাটাগামী গ্রামীণ পরিবহন ও পাথরঘাটা থেকে ঢাকাগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাশার (৩৫) নামের একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামে  ।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবাইকে পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরে আমার ঘটনাস্থলে আসি। এতে এক জনের মৃত্যু হয়েছে।




ড. ইউনূসের শপথ অনুষ্ঠানে নেই আউয়াল কমিশন

চন্দ্রদ্বীপ নিউজ :: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েও আসেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ৪ কমিশনার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া তাদের।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন  জানান, স্যারের প্রটোকল দেওয়া পুলিশি নিরাপত্তা না থাকায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানকে (অব.) কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, শপথ অনুষ্ঠান যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের নিজস্ব গানম্যান না থাকায় যাওয়া হচ্ছে না।

আরেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান  বলেন, সময়টাতো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের সবারই একই অবস্থা।




পটুয়াখালীতে লুটপাট-ভাংচুরকারীরা ছাত্রদলের কেউ না – শামীম, জাকারিয়া

পটুয়াখালী প্রতিনিধি :: গনতন্ত্র হত্যাকারী ফ্যাসিষ্ট ভোট ডাকাত শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পটুয়াখালীতে যে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে তাতে জেলা ছাত্রদলের কোন নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাকারিয়া।

বৃহস্পতিবার (৮আগষ্ট) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় উপস্থিত জনসাধারণের সামনে এমনটাই বলেন তারা।

এসময় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী বলেন, হেতালিয়া বাঁধঘাটসহ পটুয়াখালীর বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা ভাংচুর হয়েছে তাতে ছাত্রদলের কেউ জড়িত নয়। আসলে স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরাই এই ভাংচুর ও লুটপাটকরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের নামে ছড়াচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর পর আপন ভাই, ভাইয়ের মধ্যে যদি কোন কিছু নিয়ে শত্রুতা থাকে এবং তাতে যদি মারামারি হয় তাও এখন ছাত্রদল তথা বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাই জনসম্মুখে আমরা বলতে চাই ছাত্রদলের কোন নেতাকর্মী কোন ধরনের হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত না। আর যদি কোন ছাত্রদলের নেতাকর্মী এরকম খারাপ কাজে জড়িত থাকে তবে আপনার আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

সদস্য সচিব মোঃ জাকারিয়া বলেন, আওয়ামী লীগের কিছু গুপ্ত সন্ত্রাসীরা এমন হামলা ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। ছাত্র জনতাসহ সবাই মিলে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে। তাই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করে সকলে মিলে রাষ্ট্র বিনির্মানে এগিয়ে আসতে হবে। তবেই ঘুরে দাড়াবে আগামীর বাংলাদেশ।

এসময় পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।




দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ নিউজ  :: চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানগণ কর্তৃক সিদ্ধান্ত গৃহিত হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি’র সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন।

এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য।