বরিশাল শহীদ মিনারে তালাবদ্ধ, ক্ষোভে তালা ভেঙে প্রবেশ গণসংহতি আন্দোলন

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের ফটকে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। পরে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে এ ঘটনার সম্মুখীন হন দলটির নেতাকর্মীরা।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু জানান, শহীদ মিনারে পৌঁছে দেখেন সব প্রবেশপথে তালা দেওয়া। নিরাপত্তারক্ষীরা জানায়, তাদের কাছে চাবি নেই। পরে চাবি আনতে বলা হলেও দায়িত্বশীল ব্যক্তি দিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় নেতাকর্মীরা গেইটে ধাক্কা দিলে তা খুলে যায়।
ভেতরে প্রবেশের পর দেখা যায়, শহীদ মিনার চত্বরে অডিটোরিয়ামের ফার্নিচারের কাঠ শুকানো হচ্ছে। পরে কাঠ সরিয়ে চত্বর পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেওয়ান নীলু অভিযোগ করে বলেন, “শহীদ মিনার উন্মুক্ত থাকার কথা। কিন্তু ছয় মাস ধরে সবসময় তালা ঝুলিয়ে রাখা হয়। এতে অনেকে শ্রদ্ধা নিবেদন বা কর্মসূচি পালন করতে পারছেন না।”
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “শহীদ মিনার সিটি করপোরেশনের অধীনে। এ বিষয়ে তারা ভালো বলতে পারবেন।”
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, “নিরাপত্তার স্বার্থে শহীদ মিনারে তালা দেওয়া হয়। প্রয়োজনে তালা খুলে দেওয়া হয়। অভিযোগের পর চত্বর পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








