অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তী সরকার নতুন সরকার নির্বাচনের আয়োজনে করলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার (৫ আগস্ট) প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালন করবে।

এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন জয়। জয়ের দাবি, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা।

শুক্রবার (৯ আগস্ট) এনডি টিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপাতত, তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।’

এর আগে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন।

সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়।

এ সময় আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।

এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনাপুত্র জয়। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না। ডক্টর ইউনূসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন। আমি আশা করি তিনি তার কথা রাখবেন।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।




তারুণ্য-অভিজ্ঞতার সংমিশ্রণই দেশকে রিপ্রেজেন্ট করে: আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারের পঁচিশ থেকে পঁচাশির যে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ হয়েছে, সেটিই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার(৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আশা করি, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের সেই দাবি গুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো।

বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যবস্থার ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যায়, অনিয়ম নিয়ে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা ৫/৬ বছর ধরে ক্যাম্পাসে এসব নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু আমরা এখন সরকারে আছি আমরা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটা এখনো সিদ্ধান্ত হয় নি। হয়তো আজকে জানতে পারব।




বরগুনায় ট্রলার ডুবি ভাসমান অবস্থায় ১১ জেলে উদ্ধার, নিখোঁজ এক

বরিশাল অফিস :: বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বরগুনার নলী এলাকার মো: মধু মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ১২ জেলেকে নিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১১ জেলে উদ্ধার হলেও ইলিয়াস (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ইলিয়াস বরগুনা সদর উপজেলার নলী এলাকার বাসিন্দা। এ রিপোর্ট লেখা পযন্ত তার বাবার নাম জানা যায়নি এবং উদ্ধার জেলেদের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।

গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিক মধু মিয়ার বরাত দিয়ে জানান, গত রোববার বিকেলে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে রসদ সামগ্রীসহ ১২ জন জেলেকে নিয়ে মাছ শিকারের জন্য সমুদ্রে যান। হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে সমুদ্র উত্তাল হয়ে পরে। সাগরে জাল ফেলে মাছ শিকারের জন্য অপেক্ষা করলে হঠাৎ ট্রলারটি উল্টে ডুবে যায়। উল্টে যাওয়া ট্রলারের ১১ জেলেকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারে উদ্ধার করে ঘাটে নিলেও ইলিয়াস নামের এক জেলেকে খুঁজে পায়নি তারা।

তিনি আরো জানান, ‘উদ্ধার হওয়া জেলেদের মহিপুর নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আবহাওয়ার স্বাভাবিক হলে জেলেদের বাড়িতে পাঠানো হবে এবং সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলের সন্ধানে কোনো ট্রলার পাঠানো যাচ্ছে না।

ট্রলারের মালিক মধু মিয়া আরো জানান, ‘২৫ লাখ টাকা খরচ করে নতুন নির্মাণ করেছেন ট্রলারটি। তার সকল সম্পদ এর পিছনে ব্যয় করে সাগরে পাঠিয়েছেন। তিনি এখন ‘আমি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান।

কোস্টগার্ডের দক্ষিণ স্টেশন কমান্ডার লে. শাকিব মেহবুব জানান, ট্রলার ডুবির ঘটনাটি আপনার মাধ্যমেই জেনেছি। এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি। যেহেতু পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলার ডুবেছে, যা চট্টগ্রাম জোনের আওতায়। হেড অফিসে জানাচ্ছি। তারা জেলেকে উদ্ধারের জন্য ব্যাবস্থা নিবেন।

 




পুলিশ যা পারেনি মাত্র ৪ দিনে তা করে দেখিয়েছে বরিশালের শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: বরিশালে সড়কের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে প্রশংসিত হচ্ছে শিক্ষার্থীরা। মাত্র ৩ দিনে তারা নগরের প্রতিটি সড়কে যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে তা আগে দেখা যায়নি কখনও। সম্মিলিত চেষ্টা ও দেশের প্রতি ভালবাসা থাকলে যে আসলেই চিত্র পাল্টে দেয়া সম্ভব তা শিক্ষার্থীরাই প্রমান করেছে। কোন ধরনের প্রশিক্ষণ ছাড়া এত ভাল তদারকিতে অবাক নগরবাসী তাই এসকল শিক্ষার্থীর ভবিষ্যত সাফল্য কামনা করেছে।

অন্যদিকে শিক্ষার্থীরা বলছে, দেশপ্রেম ও সদিচ্ছাই পারে সব কিছু পরিবর্তন করতে। তারা শুধু তাদের দায়িত্ব পালন করছে মাত্র।

শুক্রবার ( ৯ আগস্ট) সকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ, রুপাতলী বাসস্ট্যান্ড, আমতলা মোড়, জিরো পয়েন্ট, সদর রোড ফজলুল হক এভিনিউ, লঞ্চ ঘাট, জেলখানা মোড়, চৌমাথা সহ বিভিন্ন এলাকার জরুরি ও ব্যস্ত সড়কে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাজ করতে।

৬ ও ৭,৮ আগষ্ট দুদিন শুধু শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করলেও গতকাল তাদের সাথে যোগ দিয়েছে আনসার সদস্য, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যরা।

সকাল ৯ টা থেকে শিফট ভাগ করে তাদের রাত ৮ টা পর্যন্ত কাজ করতে দেখা গেছে। এ সময় তারা সব ধরনের যানবাহনগুলোকে সড়কের নির্দিষ্ট লেন অনুসরন করিয়ে চলা, মোটর সাইকেল আরোহিদের হেলমেট পরিধান করানো সহ প্রাইভেটকার চালকদের সেফটি সিট বেল্ট দিয়ে চলার মত নিয়মগুলো নিশ্চিত করান। শান্তিপূর্নভাবে এ সকল নিয়মের পরিপালনে নগরীর সড়কে চলাচলকারীদের উদ্বুদ্ধ করতে দেখা গেছে তাদের।

বরিশাল বটতলা এলাকায় দায়িত্ব পালন করা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সাদমান বলেন, আপাতত ট্রাফিক সদস্যরা কর্ম বিরতিতে রয়েছে। তাই তারা কাজ করছেন। কোন নির্দিষ্ট সংখ্যা নেই এখানে। যাদের ইচ্ছে হচ্ছে তারাই এসে সম্মিলিত হয়ে কাজ করছে। দেশের প্রতি ভালবাসা ও জনগনের প্রতি দায়িত্ববোধ থেকে সকলে স্বত:স্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সাধারন জনগন তাদের যথেষ্ট সহায়তা করছে।

বরিশাল মহিলা কলেজের ছাত্রী জান্নাত আরা বলেন, বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী রয়েছে সড়কে। সকলেই আগ্রহের সাথে কাজ করছে। প্রথমে শুধু তারা কাজ কররেও বৃহস্পতিবার আনসার সদস্য, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যরা তাদের সাথে যোগ দিয়েছে। পথচারীরা তাদের নির্দেশনা অনুসরন করেই চলাচল করছে। এছাড়া সাধারন জনগন তাদের খাবার, পানি সহ বিভন্নভাবে সহায়তা করছে। অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছে।

সড়কে থাকা শিক্ষার্থীদের পানি দিতে দেখা যায় ব্যাংক কর্মকর্তা জাহিদ হাসানকে। আলাপে তিনি বলেন, বরিশালের সড়ক গুলোতে এমন শৃঙ্খলাভাবে চলাচল আগে তিনি কখনো দেখেননি। প্রতিটি যানবাহন লেন মানছে, মোটরসাইকেল চালকরা হেলমেট পরিধান করে চলাচল করছে, সিট বেল্ট লাগিয়ে চলছে প্রাইভেট কার চালকরা। ট্রাফিক পুলিশ যা করতে পারেনি তা শতভাগ নিশ্চিত করেছে এই শিক্ষার্থীরা। তাই তাদের সাথে একত্বতা প্রকাশ করতে সামান্য চেষ্টা হিসেবে পানি বিতরণ করছেন তিনি। কোন ধরনের প্রশিক্ষন ছাড়া এত সুন্দর তত্ত্বাবধান আসলেই প্রশংসার যোগ্য বলে মন্তব্য করেন।

শিক্ষক হেমায়েত উদ্দিন বলেন, শিক্ষার্থীরাই প্রকৃত শক্তি তা তারা বার বার প্রমান করেছে। সারা দেশের ন্যায় বরিশালের প্রতিটি শিক্ষার্থী প্রশংসার দাবিদার।

অন্যদিকে নগরীর বিভিন্ন সরকারি বে-সরকারি স্থাপনার দেয়াল সহ বিভিন্ন স্থানে আঁকা অশ্লীল বাক্যের গ্রাফিতিগুলো মুছে ফেলতে দেখা গেছে আরেকদল শিক্ষার্থীদের। তারা বলেছে নগরীর বিভিন্ন দেয়ালে আন্দোলনের সময়ে আঁকা বিতর্কিত শব্দের গ্রাফিতিগুলো তুলে ফেলছেন তারা। দেশ তাদের, তাই দেশের পরিচ্ছন্নতার দায়িত্বও তাদের। তাই নিজেদের উদ্যোগেই করছেন। তাদের সাথে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে বৃহস্পতিবার। একই সাথে ধ্বংস্তূপ ও আবজর্না পরিচ্ছন্ন করার কাজও করছে তাদের স্বেচ্ছাসেবকরা ।

 




স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ অবস্থায় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সকাল ১০টায় প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন।

এদিকে দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার করেছেন ড. ইউনূস। তিনি বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছ্যন্দে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন।

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সারাবিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাশ বাংলাদেশ। সাবাশ বাংলাদেশের ছাত্র-জনতা। আমরা এই অর্জনকে আরও অনেকদূর নিয়ে যেতে চাই।

সমৃদ্ধ বাংলাদেশের জন্য তরুণদের শক্তিকে কাজে লাগানোর কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের ছাত্র-জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ তৈরি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে।

সবশেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে বক্তব্য শেষ করেন।

এরআগে, বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। পরে অন্য উপদেষ্টারাও শপথ নেন।

অন্তর্বর্তী সরকারের সদস্যরা

১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হোসেন
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম।




রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার চার দিন পর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

এর আগে গত সোমবার নগরীর আলুপট্টি মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনকারীদের সংঘর্ষে রায়হান গুলিবিদ্ধ হয়েছিলেন। ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন নিশ্চিত করেছেন, নিহত রায়হান সংগঠনের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ বলেন, ‘রায়হানের মাথায় গুলি লেগেছিল। অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। শারীরীক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রায়হান মারা গেছেন।’

গত সোমবারের ওই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনই গুলিবিদ্ধ ছিলেন। সেদিন সংঘর্ষের স্থান থেকে পালানোর সময় ধারাল অস্ত্র দিয়ে সাকিব আনজুম (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। এ আন্দোলনে রাজশাহীতে মৃত্যুর ঘটনা ছিল এটিই প্রথম। এরপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে রায়হান মারা গেলেন।




বরিশালে খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সবজি

বরিশাল অফিস :: বরিশালে সবজির পাইকারি বাজার সিটি মার্কেট। এর ২০০ মিটার দূরেই রয়েছে পোর্ট রোডের খুচরা বাজার। দুটি বাজারের দূরত্ব কম হলেও সবজির দামে রয়েছে কয়েক গুণ ব্যবধান। সিটি মার্কেটে ১৫ টাকা কেজির পেঁপে পোর্ট রোডে বিক্রি হচ্ছে ৫০ টাকা। শুধু পেঁপে নয়, সব ধরনের সবজির দাম স্থানভেদে কয়েক গুণ বড়েছে।

ক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজি দুই-তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রয়মূল্যের ৩০ শতাংশ মুনাফা করার নিয়ম থাকলেও খুচরা ব্যবসায়ীরা তার তোয়াক্কা করছেন না। পাইকারি ও খুচরা বাজারে দামের এমন পার্থক্যের কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, পণ্য নষ্ট হওয়া, পরিবহন ব্যয়, শ্রমিক মজুরিসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সবজি বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বরিশালের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সিটি মার্কেটে গতকাল পটল বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫ টাকা। সেটি পোর্ট রোডের খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪০ টাকা। একইভাবে ১৫ টাকা কেজির পেঁপে পোর্ট রোডে বিক্রি হয়েছে ৫০ টাকা। পাইকারি বাজারে শসা ১৫-২০ টাকা কেজি বিক্রি হলেও খুচরা বাজারে তা ৪০ টাকা। পাইকারিতে কাঁচামরিচের কেজি ২০০ টাকা। তবে খুচরায় তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা। ২৫-৩০ টাকা কেজির চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, ‘দাম নিয়ন্ত্রণে আমরা নিয়মিত পাইকারি ও খুচরা বাজার তদারকি করছি। খুচরা ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, পণ্য কেনার পর বিভিন্ন কারণে পণ্যের ঘাটতি হয়। সে ঘাটতির মূল্য যুক্ত হয়ে দাম বেড়ে যায় বলে দাবি খুচরা বিক্রেতাদের।

 




বরিশালে বাড়িঘরে হামলার পর ভাঙচুর করা হয় মন্দিরও

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারসংলগ্ন বিপুল চন্দ্র এবং বিনয় দাসের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের পর মন্দিরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ৭ জন।

হামলার শিকার স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার বিনয় দাস জানান, দুর্বৃত্তরা সামনের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এক থেকে দেড়শ লোক দুই দফায় হামলা চালায়।

এতে মন্দির ও ঘরের ভিতরের স্টিলের আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আট লাখ টাকা লুট হয় বলেও অভিযোগ বিনয় দাসের।

এ ঘাটনায় আহতরা হলো- রিপন চাপরাশি, মধুসূদন দাস, আলামিন হাওলাদার, বিনয়ের স্ত্রী লক্ষ্মী দাস, মুক্ত দাস, রিঙ্কু দাস, মনি দাস। আহাতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

বিনয় দাস আরও জানান, দুর্বৃত্তরা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জমির দলিলপত্র নিয়ে যায়। তার অভিযোগ, দুর্বৃত্তরা হলো ওই ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগী আল আমিন হাওলাদার, শহিদুল হাওলাদার, আসিফ শিকদার, সায়েম শিকদার, রাজিব আকন, ফিরোজ খান, বাসার মৃধা, সাব্বির মৃধা, রফিকুল ইসলাম পাখি, বাদল শেখ।

বিনয় দাস জানান, বর্তমানে পরিবারের সবাই প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ নেয়নি।




লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চন্দ্রদ্বীপ নিউজ :: ৬ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই লিয়াজোঁ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে এবং সরকার, অংশীজন ও ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমম্বয়ক নাহিদ ইসলাম, সংগঠক মাহফুজ আব্দুল্লাহ।

লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন, মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, ভূইয়া, আসাদুজ্জামান, আরিফুল ইসলাম আদিব, আকরাম হোসাইন, মামুন আব্দুল্লাহ। তবে ভবিষ্যতে এই কমিটি আরও বর্ধিত করা হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।




পটুয়াখালী উপকূলীয় অঞ্চলে নিরাপত্তায় কোস্ট গার্ড – যোগাযোগের নম্বর

পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থমথমে হয়ে উঠে সারাদেশের পরিস্থিতি। ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক বিরাজ করে পুলিশ বাহিনীর মধ্যে। এমন পরিস্থিতিতে থানা পুলিশসহ সড়কের দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশকেও। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।

এদিকে উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তায় দায়িত্বে আছে বাংলাদেশ কোস্ট গার্ড। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ কোস্ট গার্ডে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পটুয়াখালী উপকূলীয় অঞ্চলের জনসাধারণ যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের এই নম্বারে যোগাযোগ করতে পারবেন।

বিসিজি বেইস অগ্রযাত্রা (পটুয়াখালী)
কন্ট্রোল রুম নম্বর- ০১৭৬৯৪৪৬১৬৬, ০১৭৬৯৪৪৬১১১, ০১৭৬৯৪৪৬১৬৫।