সরানো হচ্ছে সব কমিশনার রেঞ্জ ডিআইজি এসপি

চন্দ্রদ্বীপ নিউজ :: পুলিশ বিভাগকে ঢেলে সাজানো তথা পুনর্গঠনের অংশ হিসেবে সব রেঞ্জ ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার এবং সব মহানগর পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ জন্য তালিকা তৈরি হচ্ছে। তাদের সরানোর পর সেখানে কাদের নিয়োগ করা হবে সেই তালিকাও করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি হিসেবে যেসব পুলিশ কর্মকর্তা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে আছেন তাদেরও পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশে পুনর্গঠনের অংশ হিসেবেই ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে মাইনুল হাসানকে নতুন কমিশনার বানানো হয়েছে। অন্যান্য মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হচ্ছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে। তাদের রেখে পুলিশে পুনর্গঠন কাজ ঠিকমতো করা যাবে না বলে পুলিশের আইজিকে জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা। তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্মকর্তাদের সরিয়ে সেখানে নতুন কর্মকর্তা নিয়োগের কথা বলছেন।

বিভিন্ন দাবি আদায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে অধস্তন পুলিশ সদস্যরা বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের পেছনে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া কোনো কোনো কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে ইতোমধ্যে সরকারের কাছে তথ্য এসেছে। যে কারণে এ সপ্তাহের মধ্যেই পুলিশের সব রেঞ্জ ডিআইজি, সব মহানগর পুলিশ কমিশনারসহ ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।

 




ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামলেন ইলিয়াস কাঞ্চন

চন্দ্রদ্বীপ বিনোদন :: গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দূর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এবার তাদের সঙ্গে যোগ হলেন বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়। কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে; সে ক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহি নেই। বর্তমানে সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার জন্য তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে।’

তিনি আরও বলেন, ‘এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে। আসলে যে মানাবেন, তাকে শ্রদ্ধাশীলের জায়গায় থাকতে হয়। তাহলেই ন্যায় ও নিষ্ঠাবানের কথা হৃদয় থেকে মেনে চলার তাগিদ আসে। কিন্তু ঘুষ, দুর্নীতিপ্রবণ হলে সেটা আর আসে না।’

সর্বশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।

 




ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: সদ্য বিদায়ী ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি। সেখানে আসিফ মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি, তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি।’

তিনি বলেন, ‘এখন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছেন (পরে পদত্যাগ করেছেন) তিনি একটি ফুলকোর্ট মিটিং ডেকেছিলেন। আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইম্প্রেশন দেয় না। ডিবির হারুনকে (ডিএমপি ডিবির তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ) নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন।’

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিদেশে গেলে তার (প্রধান বিচারপতির) বাসায় থাকেন। এসব বিষয়ে তো তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল। আন্দোলন চলাকালে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘এত কীসের আন্দোলন?’’। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু তিনি ফুলকোর্টের মিটিং ডেকেছেন।’



প্রাইভেটকারে পাওয়া গেল ৮৮ লাখ টাকা

চন্দ্রদ্বীপ নিউজ :: নরসিংদীতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে দুটি ব্যাগে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দুর্গাপুরের জুলহাস মিয়া (৩৩)।

মো. জাহিদুল ইসলাম জানান, অন্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালন করছি। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি করে ওই টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আর আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। জব্দ করা গাড়ির নম্বর ১৩-১৬৫২।

 




সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে মিছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর এক সদস্যের কাছ অস্ত্র ছিনিয়ে মিছিল করার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ সদর উপজেলার ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে। বিকেল ৩টার পর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা মিছিল নিয়ে গোপীনাথপুর শরীফ পাড়ার ঢাকা-খুলনা মহাসড়কে একত্রিত হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুই পাশের অনেক গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ছররা গুলি ছোড়ে।

এরপর সংঘর্ষ হলে বিক্ষোবভকারীদের মধ্যে এক শিশুসহ দুইজন ও পাঁচ সেনা সদস্য আহত হয়। পরে সেনা সদস্য দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

স্থানীয়দের মধ্যে আহতদের মধ্যে রয়েছে নিজামকান্দি গ্রামের সফি কাজির ছেলে নূর কাজি (১০)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




পটুয়াখালীতে ছাত্রদের হাতে ধরা পড়ল শিশুসহ পাচারকারী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রদের হাতে ধরা পড়ল এক শিশুসহ পাচারকারী নারী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল চৌরাস্তায় যখন ছাত্ররা আনসার ও বিএনসিসি সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করে একটি অটো থেকে ৮-৯ বছরের একটি মেয়ে লাফিয়ে রাস্তায় পড়ে ছাত্রদের বলতে থাকে ‘আমাকে বাঁচান, উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন।’

পরে ছাত্ররা ওই পাচার কারী মেয়েটিকে ধরে সেনাবাহিনীকে খবর দেন। শিশু পাচারকারী মেয়েটির নাম বিথী। তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি এক একজনকে এক এক ঠিকানা বলেন। কখনো বলেন পটুয়াখালী সদরে আবার কখনো বলেন কলাপাড়ায়। শিশুটি তার কী হয় জানতে চাওয়া হলে তিনি একবার বলেন তার সৎবোন হয় আবার বলেন পাশের বাড়ির।

আর শিশুটির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায়, ওই পাচারকারীকে চেনে না। খাবারের সঙ্গে কী যেন মিশিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনী শিশুটিসহ পাচারকারীকে আনসার সদস্যদের দিয়ে থানায় পাঠিয়ে দেয়া হয়।




সাদিক আবদুল্লার বাড়িতে লুট হওয়া টাকা ফোন উদ্ধার হলো আ.লীগ নেতার বাড়িতে

বরিশাল অফিস :: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লার বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার সময় লুট হওয়া ৬ লাখ ৯২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (৯ আগষ্ট) রাতে বরিশাল নগরের ৭ নম্বর পলাশপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এসব টাকা ও জিনিসপত্র বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাসা থেকে লুট হয়েছিল।

জানা গেছে, পলাশপুর এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ী জামাল খানের বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি ৩৪ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসেটও উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা পুতুল জানান, জামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলের মহানগর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসায় যাতায়াত ছিল তার। সরকার পতনের পর গত ৫ আগস্ট সাদিক আব্দুল্লাহর বাসায় হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় জামাল একটি স্কুল ব্যাগ নিয়ে বাসায় আসেন। এর দুই দিন পর জামালকে অনেক টাকা গুনতে দেখেন তার স্বজনরা। এরপরই বিষয়টি এলাকাবাসী জানতে পারেন। পরে জামালের সন্ধান না পেয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সহায়তায় টাকাগুলো কাউনিয়া থানায় জমা দেওয়া হয়।

বরিশাল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আইয়ুব আলী নামে একজনের মাধ্যমে টাকাগুলো থানায় আনা হয়েছে। ৬ লাখ ৯২ হাজার টাকা এলাকাবাসী উদ্ধার করে থানায় দিয়েছেন। এ সময় জামালের বাবা কাইউম খানও তাদের সঙ্গে আসেন।

কাইউম খানের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, তার বাসায় ওই টাকা ছিল। তার ছেলে বাসা ছেড়ে পালিয়েছেন। কত টাকা নিয়ে পালিয়েছেন তা তার জানা নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 




গণহত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি পাঠাবে বিএনপি: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শতাধিক ছাত্র জনতাকে মারার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি দিয়ে আহ্বান জানাবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১০ আগস্ট) এক জরুরী সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বলে, যে আন্দোলনের মাধ্যমে আমরা আজ স্বাধীনতা পেয়েছি সেই আন্দোলনে শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা জাতিসংঘের কাছে চিঠি পাঠাবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে দেশ ও দেশের বাহিরের কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। যা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। তবে বিগত কয়েকদিনে আমাদের দেশে সাম্প্রদায়িক কোনো সংঘাত সৃষ্টি হয়নি।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানানোর জন্য বিদেশে কর্মরত যে ৫০জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে বিদেশে আমাদের যে ৫০ জন শ্রমিককে আন্দোলনে সমর্থন জানানোর জন্য বন্দি করেছে তাদের মুক্তির জন্য আমরা সরকারকে আবেদন করবো।

 




পিরোজপুরের ৭ থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু

বরিশাল অফিস :: পিরোজপুর জেলার ৭ টি থানার সবগুলোতে সীমিত কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার থেকে পিরোজপুর সদরথানা, নেছারাবাদ থানা, নাজিরপুর থানা, কাউখালী থানা, ইন্দুরকানী থানা, ভান্ডারিয়া থানা এবং মঠবাড়িয়া থানায় সীমিত পরিসরে চালু হয়েছে তাদের কার্যক্রম।

পুলিশের কার্যক্রমে পুলিশের সাথে রয়েছে সেনাবাহিনীও। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

তিনি জানিয়েছেন, তারা সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করছেন। সেনাবাহিনীর সাথে তার সদস্যরা পেট্রোলিং করছে।

এদিকে এখনো শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।




অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন বরগুনা আওয়ামী লীগের

বরিশাল অফিস :: অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগ।

শনিবার সকালে শহরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মিদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, আইসিটি সম্পাদক সুনাম দেবনাথ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, আজিজুল হক স্বপন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ীসহ নেতাকর্মিরা।