হাইকোর্টে বিভাগে সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল

চন্দ্রদ্বীপ নিউজ :: আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রবিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ‘হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে, এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন, এটা তার শত্রুও বিশ্বাস করবে না।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি প্রধান বিচারপতি অতি দ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এ জায়গাটিকে উন্নত করবেন।’

অনেক ডেপুটি, সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো আছে, এ ক্ষেত্রে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান করব।’

বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এই সমস্ত অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সেই আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’

হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানো প্রয়োজন মনে করেন কি না– এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশ্যই মনে করি। যে কারণে জনরোষ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগে কেন হবে না।’

প্রধান বিচারপতি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘তিনি অক্সফোর্ড গ্র্যাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম ক্লাস। তিনি পিএইচডি করেছেন। উনার লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, চলনে-বলনে কোনো কিছু কোট করার মতো পাবেন না। আপনারা সাংবাদিক। আপনারা জনগণের ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন।




সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ আ. লীগের

চন্দ্রদ্বীপ নিউজ :: সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ অনুরোধ করা হয়।

সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান।

তিনি বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদেরকে কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এর পরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙক্ষলা করে, তাহলে জেলা আওয়ামী লীগ তার দায় দ্বায়িত্ব নেবে না।

তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এ বছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি সভায় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ,সহযোগী ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিল বা মিটিংয়ে কোনো দেশীয় অস্ত্র, লাঠিসোটা প্রদর্শন করা যাবে না। গত কয়েক দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপুর্ণ মিছিল-সমাবেশ হয়েছে। কিন্তু শনিবার কিছু অনাকাঙিক্ষত ঘটনা ঘটছে। এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু নয়। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেব।

আপনারা জেনে খুশি হবেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সভাসমাবেশ করতে নির্দেশনা দিয়েছেন। কোনো রকম বিশৃঙ্খলা না করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকলের প্রতি অনুরোধ করেছেন।

 




আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে: কনকচাঁপা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসন আমলে কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন। সেই দলের একজন নন্দিত গায়িকা কনকচাঁপা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী। আর এ কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীকে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনকচাঁপা। ছাত্রহত্যার প্রতিবাদে গেল ১৭ জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছিলেন, ‘আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম-অধিকার নিশ্চিত হোক।’

বিগত সরকারের সমালোচনা করে কনকচাঁপা বলেন, ‘আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পরিনি। আমি সবসময় হাসিখুশি থেকেছি। কখনো কাঁদিনি। কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে, কারো কাছে অভিযোগও করিনি। আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এতকিছুর পরও আশা হারাইনি।’

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার।

কনকচাঁপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।

 




ইসির ৪ কর্মকর্তাকে বদলি

চন্দ্রদ্বীপ নিউজ :: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপ-সচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি-শাখায় আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার উপ-সচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপ-সচিব করা হয়েছে। মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপ-সচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




সাকিব-মুশফিকদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ক্রীড়া  :: আগামী ২১ আগস্ট পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পাকিস্তানের পৌঁছে গেছে বাংলাদেশ দল। ২ টেস্টের জন্য আজ রবিবার দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের নিয়েই ঘোষণা করা হলো ১৬ সদস্যের এই দল। যার নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কি না সেটি নিয়ে যথেষ্ট দোলাচল ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই দল ঘোষিত হলো। সবশেষ শ্রীলংকা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তিনিও এই সিরিজে ফিরলেন। বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।




কুয়াকাটায় প্রতিবেশীকে ফাঁসাতে বসতঘরে আগুন – হয়রানি বন্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় প্রতিবেশীর পরিকল্পিত হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার দুপুরে কুয়াকাটা চৌরাস্তায় অর্ধশতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী ইউনুস মাতুব্বর, হাওয়া বেগম ও আলী হোসেন বলেন, ‘বিগত ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া গ্রামের নুরু খাঁ গং আমাদের জমি জোরপূর্বক দখল করেন। দীর্ঘ বছর একাধিক মামলাসহ নানা হয়রানি করে আসছে চক্রটি। এ নিয়ে দুবার আমাদের পক্ষে রায় দেয় আদালত।

‘সবশেষ গত ৫ আগস্ট আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিই আমরা। একই দিন আওয়ামী লীগ সরকারের পতন হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা তাদের (নুরু খাঁ) বাড়িতে হামলা চালায়। ওই দিন রাতেই আমাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে তাদের নিজ বাড়িতে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপায়।’

বাড়িতে আগুনের ঘটনায় নুরু খাঁরা কুয়াকাটায় নিয়োজিত সেনা অফিসারদের জানালে ভুল তথ্যের ভিত্তিতে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও কোচিং বানিজ্য বন্ধের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধসহ ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী সরকারী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী শেষে কলেজ অধ্যাক্ষের কাছে দেয়া ৭দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

দাবী গুলো হলোঃ কলেজে শিক্ষক ও ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ, ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও কার্যক্রম বাস্তবায়ন, প্রশাসনিক ব্যবস্থা জোরদারকরণ ও নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষার্থীদের হয়রানি বন্ধকরণ, কলেজে লাইব্রেরি, ক্যান্টিন স্থাপন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধা বৃদ্ধি, কলেজ উনয়ন ও হল সংস্কার কার্যক্রম এবং শিক্ষকদের প্রাইভেট বাণিজ্য নিষিদ্ধকরণ।




ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি :: ভাঙচুর, লুটপাট ও হুমকি-ধমকির অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টির স্বাক্ষরিত চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার (হুমায়ুন কবির) বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আপনাকে ৮ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নোটিশে আরও বলা হয়েছে, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বাউফল উপজেলার স্থানীয় সাংবাদিকরা জানান, দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের ওপর হামলা ও তার বাড়িতে ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক বিএনপি নেতা হুমায়ুন কবিরের কোনও বক্তব্য পাওয়া যায়নি।




পটুয়াখালীতে ৮ দফা দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী দেশ তাদের পরেই সারাদেশে বিজয় মিছিল করা হয়। এরপর পরপরই সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুট চালায় দুষ্কৃতিকারীরা। এ হামলা ও লুট এর প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সনাতনী ধর্মাবলম্বীরা।

সনাতনী নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১১ আগষ্ট) সকাল ১২ টায় পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন ঝাউতলায় এ কর্মসূচি পালন করা হয়। ৮ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তারা বলেন সারাদেশে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন চালনো হয়েছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। হিন্দুদের উপর এসব নির্যাতনের যদি দ্রুত বিচার করা না হয় আমরা এ নিয়ে কঠোর আন্দোলন করবো। এ সময় হামলা ও লুটপাটের দ্রুত বিচারের দাবি জানায় তারা।




পরাজয় মেনে নিলেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ নিউজ :: ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে নিজের পরাজয় মেনে নিয়েছেন তিনি।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে।

গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি তার দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি শক্তির হাত’ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বলেছেন শেখ হাসিনা।

বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম।’

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক ‘শ্বেতাঙ্গ’ ব্যক্তির কাছ থেকে তিনি একটি প্রস্তাব পেয়েছেন। তাঁকে বলা হয়, বিমানঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন।

শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন।

শেখ হাসিনা বলেছেন, ‘লাশের মিছিল যাতে দেখতে না হয়, সে জন্য আমি পদত্যাগ করেছি। তারা আপনার (শিক্ষার্থী) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি তা হতে দিইনি।’

শেখ হাসিনা আরও বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো। আরও অনেক সম্পদহানি হতো।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি শিগগির ফিরব, ইনশা আল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।