বঙ্গোপসাগরে লঘুচাপ – পায়রা বন্দরে ৩ নম্বর সঙ্কেত

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ কথা জানানো হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকাও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় বৃষ্টি হয়েছে। কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়া অফিস আরেকটি বার্তায় বলা হয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।




পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান আর নেই

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভোগছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল মমতা ক্লিনিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মী স্বজন ও গুগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাত ৯ টায় চরপাড়া জেলা ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ শেষে পৌর মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ সকল সাংবাদিক গভীর শোকপ্রকাশ করে। এছাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিক তার রূহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর তীরে ভেসে এসেছে অর্ধগলিত একটি মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় রাঙ্গাবালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন তেতুলিয়া নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। চেহারায় বিকৃতি ঘটায় এখনো মরদেহটির কোন পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থাীয়রা জানায়, তেঁতুলিয়া নদীর তীর দিয়ে আসার সময় পচাঁ গন্ধ নাকে আসলে এগিয়ে গিয়ে একটি মরদেহ দেখতে পাই। পরে ইউপি সদস্য (মেম্বার)কে ফোন দেই। তিনি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহটিতে পচন ধরে বিকৃত হওয়ায় চেহারা চেনা যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য শুক্কুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম সংলগ্ন নদীর পাড়ে একটি অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। আমাকে ফোনে বিষয়টি জানালে আমি বিষয়টি পুলিশকে জানাই। পরবর্তীতে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়ে মুঠোফোনে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, ধারণা করছি মরদেহটি ১৫-২০ দিন আগের। একদম পচে-গলে গেছে। মনে হচ্ছে কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়তো।

ইনচার্জ মো. নাজমুল আরো জানান, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর ব্যাবস্থা নিচ্ছি। অন্যদিকে নিখোঁজ জেলে পরিবারের লোকদেরও খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।




দুমকি উপজেলা চেয়ারম্যানকে জনতার জুতাপেটা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে উপজেলা চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদারকে জুতাপেটা করলেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার দুমকি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুমকি নতুন বাজার এলাকায় চায়ের দোকানে চা খেতে আসেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। পরে উপস্থিত জনতা তাকে দেখতে পেয়ে জুতাপেটা করেন। এরপর কোনোমতে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয় কাওসার আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সন্ধ্যায় দুমকি নতুন বাজার এলাকায় আবু বকরের চায়ের দোকানে চা খেতে যাই। কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জন যুবক আমাকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করেন।




ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি ৯ বছর পর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে ২০১৫ সালে ছাত্রলীগের হাতে খুন হওয়া চরফ্যাশন উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি আ. রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি মো. লোকমান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্যবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোকমান শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে মৎস্য বন্দর এলাকায় ঘোরাঘুরি করছিল লোকমান। এমন সময় ভোলার কিছু জনতা তাকে চিনতে পারলে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে মহিপুর থানা পুলিশ হেফাজতে নেয়।

গ্রেপ্তার লোকমান মাতুব্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে। তিনি একই এলাকার জিন্নাঘর এলাকার হোসেন মিয়ার ছেলে তৎকালীন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আ. রাজ্জাক হত্যার প্রধান আসামি।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, লোকমান মাতুব্বর চরফ্যাশন এলাকার আতঙ্ক। তিনি ২০১৫ সালে ঈদুল আজহার দিন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতিকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যার উপহার হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেন। তিনি এলাকায় মাদক, ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারত না।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান হোসেন জানান, সন্ধ্যায় জনসাধারণ লোকমান মাতুব্বরকে আটক করে। পরে আমরা তাকে হেফাজতে নিয়ে আসি। আমরা তার নিজ এলাকা চরফ্যাশনের শশীভূষণ থানার সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।




রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকারের ব্যর্থতায় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। আর সেই অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী-এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি এখন ডিবি হেফাজতে আছেন। তিনি যে মামলায় রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই। তবে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ শুধু পুলিশ কেইসের মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ারবাজারসহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান। তাই তাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতিসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিনি এখন ডিবি হেফাজতে আছেন। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দোষারোপ করেছেন।

সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশে বলেন, ‘আপনার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এ সময় তিনি নির্বিকার ছিলেন।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তিনি বিশ্বাসই করতে চাচ্ছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে।




ভারতে বসে শেখ হাসিনা উসকানি দিচ্ছেন: আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতে বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জে মো. আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে উসকানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীলের যে কোনো চেষ্টা বাংলাদেশের জনগণই রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষার দায়িত্ব তারাই নেবে। আমরা আমানত ভাইয়ের মতো শহীদদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব শহীদদের সম্মান রক্ষা করা। বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা।’

আন্দোলনে ২০ হাজার মানুষ আহত হয়েছেন জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই ত্যাগ-তিতিক্ষার বদলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের আমানত ভাই আমাদের হাতে বাংলাদেশকে আমানত রেখে গেছেন।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাংলাদেশ গড়ার পথে একসঙ্গে চলবে। যারা আমাদের ভাইকে শহীদ করেছে আহত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। হত্যাকাণ্ডের হুকুমের আসামিদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। আরও অনেককেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।




বরিশালে শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ ভাড়া কমালো বিআরটিসি

বরিশাল অফিস :: বিআরটিসি বাসে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন বরিশালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।

তিনি জানান, বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ৩০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। বরিশাল থেকে দেশের যেকোনো গন্তব্যে আসা-যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে।

এর আগের দিন (বুধবার) ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মওকুফের দাবি করি। বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

 




আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা দশমিনা কলেজের অধ্যক্ষ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা হয়েছেন মো. মাহমুদ উল্লাহ নামে সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষ। তিনি উপজেলার দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. মাহমুদ উল্লাহ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে মাউশি শিক্ষা অধিদপ্তর থেকে ওই কলেজের সহকারী অধ্যাপক মো. আনিচুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২৪ জুন নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়ের কোনো হিসাব না দিয়ে তিনি আত্মগোপনে আছেন বলে অভিযোগ উঠেছে।

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিচুর রহমান বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ ২৪ জুন থেকে একবারও কলেজে আসেননি। কলেজ খোলার পর থেকে তিনি শিক্ষার্থীদের পাঠদানও করাচ্ছেন না। বর্তমানে তিনি লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়সহ ব্যাংকের হিসাবও দেননি তিনি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহর নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।




শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ায় পটুয়াখালীতে আনন্দ উৎসব – খিচুড়ি বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরেই দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে উল্লাসে মেতে ওঠে দেশবাসী। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে স্বৈরাচারী সরকার পতনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের কাকড়া বুনিয়া এলাকায় স্থানীয়দের মাঝে খিচুড়ি বিতরণ ও আনন্দ উৎসব পালন করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল কর্মী মো. জুলহাস মোল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।

অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী সরকার। এই সরকারকে চেয়ার থেকে নামাতে ১৬ বছর সময় লেগেছে এদেশের মানুষের। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাকে পালিয়ে যেতে হয়েছে। আর যে দেশের ছাত্র-জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তার আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জেলা ছাত্রদল নেতা আল-আমিন হাওলাদার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ অত্যাচারিত হয়েছে। আপনি আমি কেউই এই অত্যাচার থেকে রেহাই পাইনি। হাজার সাধারণ ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে, পৃথিবীর সবচেয় বড় স্বৈরাচার শেখ হাসিনা। তার হাত রক্তে ভিজে আছে। তার বিরুদ্ধে এখন একটাই স্লোগান হবে হাসিনার ফাঁসি চাই। আর সেই ফাঁসি এই দেশে বসেই হতে হবে।

অনুষ্ঠানের আয়োজক ছাত্রদল কর্মী মো. জুলাস বলেন, দেশ থেকে স্বৈরাচারী সরকার পতন হয়েছে ও শেখ হাসিনা দেশত্যাগ করেছে। তাই আমরা এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি।