ঝালকাঠিতে আ.লীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলা

বরিশাল অফিস :: ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে জেলা শহরের আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভা চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান।

পরে পেট্রল দিয়ে কার্যালয়টি জ্বালিয়ে দেয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত নেতা-কর্মীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।




রং তুলিতে ছেয়ে গেছে ভোলা শহরের অলিগলি

বরিশাল অফিস :: রং তুলিতে ছেয়ে গেছে ভোলার শহরের অলিগলি ও দেয়ালসহ বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের অঙ্কনে ফুটে ফুটে উঠেছে বিপ্লবের রং।

নতুন প্রজন্মের কাছে ২০২৪ এর স্বাধীনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে এমন রঙে রাঙানো হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

ভোলা সরকারি কলেজ, গালস স্কুল চত্বর, থানা সড়ক, সরকারি স্কুল চত্বরসহ বিভিন্ন স্পটে সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের হাতে তুলি আর সাদা, কালো, লাল, নীলসহ বাহারি রং।

কোমল হাতে সেই রং দিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে শহরের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা। তুলে ধরা হয়েছে পুরোনো ঐতিহ্য।

এ যেন পুরোনোকে ভুলে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর। নতুন বাংলাদেশকে নতুন প্রজন্মকে জানাতে এমন রং তুলির আঁচর বলে জানান শিক্ষার্থীরা।

ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মাহি, মৃত্তিকা ও মুনতাহাসহ কয়েকজন শিক্ষার্থী জানান, ২০২৪ সালে শহীদের আত্মত্যাগে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তাদের জানাতে চাই, সুন্দর দেশ গড়তে চাই। আমরা ভোলাকে সুন্দরভাবে সাজাতে চাই। আগে যেখানে দেয়ালে দেয়ালে জীর্ণতা ছিল তা মুছে নতুন করে সাজাতেই নিজ নিজ উদ্যোগে রং তুলির কাজ করেছেন তারা।

জানা গেছে, গত কয়েকদিনের ধরে উপকূলীয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে অঙ্কন করছেন। যেন বাংলাদেশকে নতুনভাবে চিনতে পারে বিশ্ব। তাই এমন আয়োজনকে সমর্থন করছেন নতুন প্রজন্ম।

নতুন প্রজন্মের শিক্ষার্থী ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তন্নি ও দিবা বলেন, ওরা যে রং তুলিতে দেয়াল সাজাচ্ছে তা প্রশংসনীয়। সবার এমন করে ভোলাকে সাজাতে হবে। একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা।

এদিকে, শিক্ষার্থীদের হাত ধরে দেশ হবে সোনার বাংলাদেশ। জীর্ণতা কাটিয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত -এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।




প্রয়োজনে শহীদ হব’ – মাকে বলে এসে আন্দোলনে প্রাণ হারান ইমরান

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মো. ইমরান হোসেন (১৮)। বাসা থেকে বের হওয়ার আগে মা নাজনীন বেগমকে বলেছিল, ‘মা দেশ কিন্তু স্বাধীন হবেই, প্রয়োজনে ছাত্রসমাজের জন্য শহীদ হব।’ এই কথা শোনার পর ইমরানের মা হাত ধরে বলেছিলেন, ‘আজকে বাসা থেকে বের হইস নাহ বাবা।’ মায়ের কোনো কথা না শুনেই বাসা থেকে বের হয়ে যায় ইমরান। তবে আর বাসায় ফেরা হয়নি তার। শহীদ হয়েছেন তিনি।

নিহত মো. ইমরান হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর বড় ডালিমা গ্রামের। ওই গ্রামের মো. কবির হোসেন জোমাদ্দার ছেলে তিনি। তিন ভাইয়ের মধ্যে ইমরান মেজো। দশম শ্রেণিতে লেখাপড়ার পর অভাবের কারণে আর লেখাপড়া সম্ভব হয়নি। ইমরান ঢাকার বায়তুল মোকারম মার্কেটে কার্পেটের একটি দোকানে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয় পুরো ঢাকা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি বর্ষণ করে পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় বেলা ১১টার দিকে পুলিশের একটি গুলি এসে ইমরানের গলায় লাগে। ইমরানের মা মোবাইল ফোনে কল করলে একজন রিসিভ করে জানায়, ইমরানের গুলি লেগেছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে জানতে পারেন ইমরান মারা গেছে। এ খবর শুনে কান্নায় ভেঙে পড়ে ইমরানের মা। এখনও ছেলের শোক কাটিয়ে উঠতে পারেননি ইমরানের মা নাজনীন বেগম।

ঢাকার মীরহাজির বাগ পরিবারের সঙ্গে বসবাস করতেন ইমরান। ৫ আগস্ট রাত ১১টার দিকে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলে নিয়ে যাওয়া হয়। পরের দিন ৬ আগস্ট সকাল ১০টার দিকে জানাজা শেষে জোমাদ্দার বাড়ি মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ৯ আগস্ট পরিবারের সবাই ঢাকায় ফিরে যান। ইমরানের বাবা কবির হোসেন বিভিন্ন দোকানে মালমাল সরবরাহের কাজ করেন। ইমরানের বড় ভাই তফিকুর রহমান লিমন (২৫) নবাবপুরে একটি ফ্যান কোম্পানিতে চাকরি করেন, ছোট ভাই মাহাদুর রহমান মাহিন (১১) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ইমরানের চাচা মো. মিরাজ হোসেন জোমাদ্দার বলেন, ইমরান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। এর আগেও একটা রাবার বুলেট লাগছে তারপরও ইমরান বলছে প্রয়োজনে আমি ছাত্রদের জন্য শহীদ হব। ওর আম্মা অনেক নিষেধ করছে, বাসা থেকে যাইস নাহ। বাসা থেকে হওয়ার আগে ইমরান তার মাকে বলেছিল, মা দেশ কিন্তু স্বাধীন হবে প্রয়োজনে ছাত্রসমাজের জন্য শহীদ হয়ে যাব।

ইমরানের চাচাতো ভাই মো. জিদান বলেন, ইমরান তো চইল্লা গেছে। ভাইরে তো আর পামু নাহ। আমার ভাইরে যারা নির্মমভাবে মারছে, আমি তাদের বিচার চাই।

ইমরানের বাবা কবির হোসেন জোমাদ্দার বলেন, আমার এই ছেলেটা (ইমরান) দেশ প্রেমিক ছিল। দেশের জন্য পুলিশের গুলিতে শহীদ হয়েছে। এই দুনিয়াতে আমার ছেলের হত্যার বিচার হবে কিনা আমি জানি নাহ। আমি আল্লাহ্ কাছে বিচার দিছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাউফলের শিক্ষার্থী মুনতাসির তাসরিপ বলেন, ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করেছি, কথা বলেছি। আমরা সবাই চাই এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার হোক।




সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত – দুশ্চিন্তায় জেলেরা

পটুয়াখালী প্রতিনিধি :: সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর কলাপাড়ার জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তাদের আশা ছিল বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেলে প্রচুর ইলিশ পাওয়া যাবে। কিন্তু ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত ২৩ জুলাই মধ্যরাতে শেষ হলেও নদ-নদী ও সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারেননি তারা। মাঝে কিছু দিন আবহাওয়া ভালো থাকলেও ইলিশের দেখা মেলেনি তেমন। এরপর আবার আবহাওয়া খারাপ হওয়ায় দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এখানকার জেলেদের।

এ দিকে শনিবার (১৭ আগস্ট) কুয়াকাটা সমুদ্র সৈকতেও গতকালের তুলনায় পানি একটু বাড়তি রয়েছে। সকাল থেকে ভ্যাপসা গরম লক্ষ করা গেলেও দেখা মেলেনি বৃষ্টির।

আবহাওয়া অফিসের তথ্য মতে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ড পিবিও আব্দুল জব্বার শরীফ জানান, সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জেলেদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে নিষেধাজ্ঞা শেষ হলেও তাদের ফিরতে হচ্ছিল খালি হাতে। ফলে লোকসান গুনতে হচ্ছে ট্রলারের মালিক ও জেলেদের। মাঝে আবহাওয়া কয়েকদিন ভালো ছিল কিন্তু এখন আবার খারাপ হওয়ার পথে। এতে দুশ্চিন্তায় আছেন এখানকার জেলেরা। আশা করি দ্রুতই আবহাওয়া ভালো হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে মাছ শিকার করতে পারবে জেলেরা।




সিঙ্গাপুরে ক্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় মোবাইল ক্রেনের ফিতা ছিড়ে দুর্ঘটনায় জয়দেব মালাকার (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে সিঙ্গাপুরের এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জয়দেব মালাকার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জগদিস মালাকারের জ্যেষ্ঠ পুত্র বলে জানা গেছে। মৃত্যুর খবর শুনে বৃদ্ধ পিতা ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েন।

সিঙ্গাপুর থেকে মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর ৪টার দিকে কোম্পানির মালামাল উঁচু বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে।

মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল রব বলেন, আমার ১নং ওয়ার্ডের বাসিন্দা জগদিস মালাকারের বড় ছেলে এক দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। পরিবারের উন্নতি ও জীবিকার তাগিদে কয়েকবার বিদেশে গিয়েছে সে। তার পিতাও একজন বৃদ্ধ মানুষ। এখন কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে দেশে। মরদেহ দেশে আনতে এখান থেকে ইউনিয়ন পরিষদের কোন সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।




বরিশালে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

বরিশাল অফিস :: কর্মের সুবাধে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে।

নিহত রাসেদ সিকদার (২৪) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদের বাবা কালাম সিকদার জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো রাসেদ। শুক্রবার বিকেলে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাসেদকে মারধর করে গুরুত্বর আহত করে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাসেদের মৃত্যু হয়।

তিনি জানান, শনিবার (১৭ আগস্ট) ভোরে নিহতের লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 




‘অন্তবর্তী সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ’

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তবর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ আগস্ট) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি ভাষণে ড. ইউনূস এ কথা জানান।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্যের মতোই—‘টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ’।

এর আগে, এই সামিটে যোগ দিতে ড. ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৬ আগস্ট) দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ড. মুহাম্মদ ইউনূস।

ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল। শীর্ষ সম্মেলনের আগের দুটি সংস্করণেই গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে।

 




বেতন বৃদ্ধি ও চাকুরি স্থায়ীকরণ সহ ৭ দফা দাবিতে বরিশালে শ্রমিকরা সড়ক অবরোধ

বরিশাল অফিস :: বেতন বৃদ্ধি ও চাকুরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকরা শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ঘন্টাব্যাপী ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর গোড়ায় অবস্থিত সমাবেশে বক্তব্য রাখেন অপসোনিন ফার্মার শ্রমিক রানা, খুকুমনি, তাইজুল, রাব্বি। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার অন্যতম সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, অপসোনিনের শ্রমিকেরা দৈনিক ২৪০ টাকা মজুরি অর্থাৎ ঘন্টায় ৩০ টাকা মজুরিতে কাজ করে, ১২ ঘন্টা কাজ করা তাদের জন্য বাধ্যতামূলক, অথচ তারা ওভারটাইম পায়না। এই টাকায় সংসার চালানো এক কথায় অসম্ভব। দৈনিক মজুরিতে কাজ করার ফলে বেতন বাড়ানোর কথা বললেই শ্রমিকদের ছাঁটাই করা হয়, কোন নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হয়না। শ্রমিকরা অবিলম্বে ৬ মাসের বেশি কর্মরত শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ, ন্যূনতম ১২ হাজার টাকা মাসিক বেতন, নিয়োগপত্র পরিচয়পত্র প্রদানসহ ৯ দফা দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে।


পরে অপসোনিনের কর্তৃপক্ষের পক্ষে ম্যানেজার মোঃ সেলিম জাহাঙ্গীর, আই টি ম্যানেজার মোঃ সুমন, মোঃ সাইদুর রহমান ও শ্রমিকদের পক্ষে একটি প্রতিনিধি দল ও বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীকাল থেকে শ্রমিকদের দৈনিক মজুরি ৮ ঘন্টায় ১০০ টাকা বৃদ্ধি করা, ৭ দিনের মধ্যে ৬ মাসের বেশি কর্মরতদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু ও পরিচয়পত্র প্রদান করা এবং ১ মাসের মধ্যে নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত হয়।

একইসাথে মালিকরা আন্দোলনরত শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই বা হয়রানি না করার প্রতিশ্রুতি দেন। পরে শ্রমিকরা ৭ দিনের মধ্যে চাকুরি স্থায়ী করাসহ সকল দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যান এবং দাবি না মানলে আবারও রাজপথে কঠোর আন্দোলন করার ঘোষণা দেন।




নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

পটুয়াখালী প্রতিনিধি :: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিএমডি বুলেটিনে এই তথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




দশমিনায় লুটপাট দুর্নীতির আখড়া বন বিভাগ

পটুয়াখালী প্রতিনিধি :: অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির দাপটের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। বন ও অর্থখেকো কর্তাদের জুলুম-নির্যাতনে অসহায় সাধারণ মানুষ। কিন্তু বন কর্তাদের অত্যাচার-অনাচার আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই দেশে যেন কেউ নেই-এমনটাই মনে করেন সাধারণ মানুষ।

২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি চরহাদীতে এক বিট কর্মকর্তার চাহিদামতো ১২ হাজার টাকা ঘুস দিয়ে ছয়টি মহিষকে আটকাবস্থা থেকে মুক্ত করতে না পেরে আত্মহত্যা করেন সুমন হাওলাদার নামে এক রাখাল। আলোচিত সেই ঘটনার পরও কর্মকর্তাদের মনের বনে রয়ে গেছে দুর্নীতির শেকড়।

সংশ্লিষ্ট অফিস সূত্র বলছে, আজাদুল কবির উপেজলা রেঞ্জ কর্মকর্তা, রওসান হাছান বিট কর্মকর্তা, মো. জাহাঙ্গীর, বেল্লাল ও জালাল ফরেস্টগার্ড, হারুন অর রসিদ গ্রিজার, সহিদ, দলিল উদ্দিন এবং ফোরকান বোর্ডম্যানের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় এ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা বনরক্ষীরা গরু-মহিষের ঘাস, পাটি তৈরির পাতা, খালে ও নদীতে ঝাউ এবং তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালগুলোতে বাঁধ দিয়ে মাছ শিকারের লিখিত-অলিখিত অনুমোদন দিয়ে চরের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও গাছ ও খালে ঝাড় দেওয়ার জন্য গাছের ডালপালা ও গাছের ডাব বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ টাকা। এসব লুটপাটের মধ্যস্বত্বভোগী হয়ে উঠেছেন ওই চরগুলোর স্থানীয় কিছু দালাল। দশমিনা উপজেলার চরহায়দর এবং চরহাদির দুটি বিটের মাধ্যমে পুরো চরাঞ্চল নিয়ন্ত্রণ করে উপজেলা বন বিভাগ। প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে পরবর্তী বছরের জন্য ভিন্ন ভিন্নভাবে লাখ লাখ টাকায় লিখিত-অলিখিত বিট দেওয়া হয় চরাঞ্চল।

দলিল উদ্দিন নামে একজন জানান, আমি বন বিভাগের চারটি মামলা খেয়ে প্রায় ফকির হয়ে গেছি। তিনি বলেন, বনরক্ষীদের টাকা দিয়ে গরু-মহিষকে ঘাস খাওয়াতে হয়। টাকা না দিলে কোনো কাজ হয় না। বন বিভাগের লোকজন টাকা নিয়ে খালে বাঁধ দেওয়ার ব্যবস্থা করে দেয়।

চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান নজির সরদার বলেন, চরবোরহানের চরাঞ্চলের নারিকেল গাছ টাকা নিয়ে বিট দেয় বন বিভাগ। এরপর ডাব কেটে বিক্রি করা হয়। তিনি জানান, টাকা নিয়ে বন বিভাগ খালে বাঁধ দেওয়ার অনুমতি দেয়। কার্তিক মাসে মাছ ধরে বিক্রি করা হয়। টাকা দিয়ে গরু মহিষকে ঘাস খাওয়াতে হয়। না হলে মহিষ আটকে রাখা হয়। এছাড়াও বন বিভাগের লোকজনের বিরুদ্ধে মাছ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।

এ বিষয় উপজেলা রেঞ্জ কর্মকর্তা আজাদুল কবির বলেন, আমি এসব অনিয়মের সঙ্গে জড়িত না। আমার দপ্তরের কেউ জড়িত আছেন কি না তা জানা নেই। আমি বিট অফিসারের সঙ্গে কথা বলেন।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।