জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সম্প্রতি উঠা বিতর্ক প্রসঙ্গে তিনি একথা বলেন।

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।

ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীরা মানবতার শত্রু বলে মন্তব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।




সংস্কারের অভাবে বরিশালের পোর্টরোড সড়কের বেহাল দশা

বরিশাল অফিস :: সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার। সংস্কারের অভাবে বিপদজনক হয়ে পড়েছে বরিশালের বাণিজ্যিক এলাকায় পোর্ট রোড সড়ক বর্তমানে দেখে কোন চেনার উপায় নেই এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার চিত্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচরণায় মুখরিত থাকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।

বড় বড় খানাখন্দে ভরা এর সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে প্রায় যানবাহন উল্টে দুর্ঘটনার লেগেই থাকে। ইতিমধ্যে আহত হয়ে শিশু সহ বেশ কয়েকজনকে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তবুও সড়কটি সংস্কারে কোনো দৃষ্টি নেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।

দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশি সময় পানি আটকে থাকে। বর্ষা এলেই ভোগান্তি আরো চরমে ওঠে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি পোট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়ি ও গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত বাস ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন এই ভোগান্তি লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী।

এই সড়কটি দুর্ভোগের কারণে বাণিজ্যিক এলাকা পোরোডেও ব্যবসায়ীদের হচ্ছে ক্ষতি।

পোর্ট রোডের ব্যবসায়ীরা জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ায় ক্রেতা সাধারণের যাতায়েত কমছে। ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবী জানান ব্যবসায়ীরা।

সরে জমিনে দেখা গেছে, সড়কটির মাঝে মাঝে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে থেকে নালায় পরিণত হয়েছে। সড়কটির দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিও নামতে পারছে না ঠিকমত। ফলে সড়কটি এখন মরণফাদে পরিণত হয়েছে।

একজন অটোচালক আসলাম হোসেন জানান, কয়েকদিন পূর্বে একটি অটো উল্টে পড়ে যায়। অটোতো থাকা দুজন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় একজনের হাত ভেঙে গেছে। ওই চালক বলেন কত টাকা জরিমানা দেয়া যায় একজন অটো চালক হিসেবে। আমরা এই দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ চাই। দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানান তিনি। এরকমের দুর্ঘটনা প্রতিদিন ঘটছে বলে জানান স্থানীয়রা।

পথযাত্রী হিসেবে দেখা হয়েছিল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সাথে। এ সময় তিনি বলেন, ১৫ বছরের লিবিস্টিক মার্কা উন্নয়নের চরম উদাহরণ হচ্ছে পোর্ট রোড। তিনি বলেন সম্প্রতি এই সড়কের কাজ হয়েছিল মাত্র কয়েক মাসের ব্যবধানে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। তিনিও সড়কটির সংস্কারের দাবি জানান।

পোর্ট রোডে বাজার করতে আসা সুমন নামের এক যুবক বলেন, সপ্তাহে দু-তিন দিন বাজার করতে আসা হয় এখানে। সড়কটির এমন অবস্থা যে বাজার করে বাসায় গিয়ে করতে হয়। কর্তৃপক্ষের উচিত সড়কটির দ্রুত সংস্কার করা।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারি প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, বরিশাল নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ৬ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। এরমধ্যে ২০২ মিটার সড়ক সংস্কার নতুন করে নির্মাণের জন্য,লঞ্চঘাট থেকে ফলপট্টির মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা, এটি সংস্কারে আসবেনা বিধায় নতুন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। যা আরসিসি ঢালাই এর মাধ্যমে নির্মাণ করার ইস্টিমেট মন্ত্রণালয় পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে শুরু করা হবে।

তবে,সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংস্কারের দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা বরিশালবাসী।




শাহপরান মাজারে গান-বাজনা নিষেধ!

চন্দ্রদ্বীপ নিউজ :: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে প্রতিবছর ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটতো। তাই এখন থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।

তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি- মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় মাদকের ব্যবসা করা হয়। যা আমরা খাদিম পরিবার কোনোভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনা বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।

এর আগে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা নাচ-গান-মদ-জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদ্রাসার মহাদ্দিস শাহ মমশাদ আলী, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত্-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ, শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর প্রমুখ।

জানা যায়, প্রতিবছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।

মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা প্যান্ডেল করে নাচ-গান-মদ-জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের।

এছাড়া মেলার নামে জুয়ার রমরমা আসর বসানো হয় ওরসের সময়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকান ইবাদত বন্দেগি ছেড়ে এই সকল আসরে সময় কাটান।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরান মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।




সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

চন্দ্রদ্বীপ নিউজ :: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে




রংপুরে ভূকম্পন অনুভূত

চন্দ্রদ্বীপ নিউজ :: রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।আজ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

স্থানীয়রা জানান, ‘খুব অল্প সময়ের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ’

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৪ ছিল। যদিও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৫।

এর আগে গত ২ জুন মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে। ৫৯ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ২৯ মে ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৩৯ কিলোমিটার।




হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় এ মামলা করা হয়।

 শুক্রবার শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় মোতালিব।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় শাজাহান খান ২৩ নম্বর আসামি।




বরিশালের জোড়া খুনের আসামি সিলেটে গ্রেফতার

বরিশাল অফিস :: বরিশালের উজিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি মো. কিবরিয়া হাওলাদারকে (৫০) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-৮ সিলেট কোতোয়ালি মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কিবরিয়া হাওলাদার বরিশালের উজিরপুর থানার আলামদী গ্রামের মৃত আছমত আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বরিশালের পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ীকে কুপিয়ে পেট ও পায়ের রগ কেটে দেয়।

এসময় মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাঁধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার করে প্রথমে আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক পৌনে ২টায় ব্যবসায়ী ইদ্রিস হালদার মারা যান। তার কয়েক ঘণ্টা পরে গুরুতর আহত সাগরও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৬ আগস্ট বরিশালের উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

 




সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। এটি ছিল তার টানা অষ্টমবারের মতো ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া।

বর্তমানে শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।




হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ

চন্দ্রদ্বীপ নিউজ :: ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আসিফ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের অপতৎপরতা বিষয়ে সজাগ আছে। ছাত্র-জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ নেই।

ফ্যাসিবাদী দল বলতে কাদের বুঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশে রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরই বুঝানো হয়েছে। হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কি না সেটি আমরা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা এটিকে নিরুৎসাহিত করব।’

আরেক প্রশ্নের জবাবে আসিফ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে। তাদের বিচারও নিশ্চিত করা হবে।

উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো পরাজিত আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে। গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি করবে কী করে? আমি তো মনে করি না সেটা করা উচিত। বরং তাদের দায় স্বীকার করে বিচারের সম্মুখীন হওয়া উচিত। তারপরে তারা পলিটিক্স করতে পারে। তার আগে না।

আসিফ বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাসপূর্তিতে দেশের সকল মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সকল শহীদকে শ্রদ্ধাভরে স্বরণ করেছে উপদেষ্টা পরিষদ। আন্দোলনে শহীদ হওয়া সকলের তালিকা করা হচ্ছে। এছাড়া শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে একটা সম্মেলন করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম নিয়ে তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে বন্যার্তদের পুনর্বাসনের কাজ শুরু করেছে।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা শ্রমিকদের দাবি-দাওয়া সমাধানে কাজ করবে। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ।




১৫ বছরে সরকারি প্লট-ফ্ল্যাট প্রাপ্তদের তালিকা হচ্ছে

চন্দ্রদ্বীপ নিউজ :: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) থেকে যেসব ব্যক্তি প্লট-ফ্ল্যাট নিয়েছেন, তাদের তালিকা হালনাগাদ করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এরই মধ্যে রাজউক থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি ইস্যু করা হয়েছে। এ চিঠির আলোকে গত ১৫ বছরের মধ্যে কে, কখন, কোথায়, কীভাবে, কোন ক্যাটাগরিতে সরকারি প্লট ও ফ্ল্যাট নিয়েছেন তার তালিকা করে সরকারের কাছে দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে প্লট থাকবে নাকি বাতিল হবে। জানা গেছে, তালিকায় খোদ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামও রয়েছে। এ ছাড়া রয়েছেন সাবেক স্পিকার, মন্ত্রী, এমপি, মুক্তিযোদ্ধা পরিবার, বিশ^বিদ্যালয়ের ভিসি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর নাম।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্লট দিতে গিয়ে পূর্বাচলে ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে রাজউক নিজেও বিপাকে পড়েছে। পাশাপাশি রাজউকের কেউ কেউ বাগিয়ে নিয়েছেন প্লট ও ফ্ল্যাট।

রাজউক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে নিয়েছেন ৬০ কাঠার সরকারি প্লট। রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে তাদের প্লট দেওয়া হয়। ২০২২ সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয়। হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন।

পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে তার প্লট নম্বর ০০৯। ২০২২ সালের ৩ আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজউক। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির ৫৪ সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। শেখ হাসিনার প্লট বরাদ্দের ফাইলের ওপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে ভি-৩, পাতা ১৪১। ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি, বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ অন্যান্য কাগজপত্র রয়েছে। হাসিনা ছাড়াও ১০ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)। তাদের প্লট নম্বর যথাক্রমে ০১৫ ও ০১৭। জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয় ২০২২ সালের ২৪ অক্টোবর। পরে ১০ নভেম্বর প্লটের মালিকানাসংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। একই বছরের ২ নভেম্বর পুতুলের নামেও ১০ কাঠা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয়। এতে এস্টেট ও ভূমি-৩ শাখার তৎকালীন উপপরিচালকের স্বাক্ষর রয়েছে।

শুধু হাসিনা ও তার ছেলেমেয়েই নন, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলেমেয়ে। তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের একই জায়গায়। সেখানে শেখ রেহানার প্লট নম্বর ০১৩, তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর ০১১ ও মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর ০১৯।

একই বিবেচনায় পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠার প্লট নিয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম। তাদের বরাদ্দের চিঠিতে বলা হয়েছেÑ ‘মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা বাস্তবায়নে প্লট দুটি বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো।’ ড. শিরীন শারমিন চৌধুরী নিয়েছেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৬নং সেক্টরের ২০১নং রাস্তার ২৮নং প্লট। তাকে ২০২২ সালের ৭ জুন চূড়ান্ত বরাদ্দ দেয় রাজউক।

সরকারি প্লট নেওয়া তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ হেলাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তাপস ও পরশের নামে গুলশানে দুটি সরকারি প্লট বরাদ্দ দিয়েছে সরকার। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও তার স্ত্রীর নামে প্লট থাকায় তিনি তার মেয়ের নামে একটি প্লট নিয়েছেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারী কোটায় প্লট নিয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ নূরী, জাগৃকের সাবেক চেয়ারম্যান খোন্দকার মোস্তাফিজুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিব ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. হামিদুর রহমান খান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সচিব এএসএম হুমায়ুন কবীর ও রকিবুর রহমান খান। তারা পূর্বাচলে প্লট নিয়েছেন।

সাংবাদিকদের মধ্যে অনেকেই ১৩/এ ধারায় প্লট নিয়েছেন। একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রূপা ঝিলমিলে একটি ৫ কাঠার প্লট নিয়েছেন।

‘মুজিব’ সিনেমায় অভিনয় করে অভিনেতা আরিফিন শুভ পুরস্কার হিসেবে বাগিয়ে নেন ১০ কাঠার প্লট। এ ছাড়া অভিনেত্রী জয়া আহসান ছাড়াও সংস্কৃতি কর্মীদের অনেকেই প্লট নিয়েছেন। তবে আরিফিন শুভর প্লটটি আপাতত স্থগিত করেছে রাজউক। তার প্লটটি বাতিল হতে পারে বলে জানা গেছে।

রাজউকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে বিগত ১৫ বছরে সরকারি প্লট ও ফ্ল্যাটপ্রাপ্তদের তালিকা তৈরি করছে রাজউক ও জাগৃক। এরপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্যাটাগরি ভিত্তিতে হালনাগাদ তালিকা সম্পূর্ণ করা হবে। অর্থাৎ সাবেক মন্ত্রী, এমপি, সাংবাদিক, সাংষ্কৃতিক কর্মী, শিল্পী, ব্যবসায়ী কে কোন কোটায় কীভাবে প্লট নিয়েছেন তার পৃথক তালিকা হবে। একইভাবে জাগৃকও সরকারি প্লট, ফ্ল্যাট কে কীভাবে নিয়েছেন সেই তালিকা করছে। তালিকাটি অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করবে সংস্থা দুটি। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো. ছিদ্দিকুর রহমান সরকার আমাদের সময়কে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে। এটি বোর্ডসভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের সম্পত্তি শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে বলেন, গত ১৫ বছরে এ রকম তালিকা করা হয়নি। অনেক পুরনো তথ্য। তাই সব ফাইল যাচাই-বাছাই করে তালিকা করতে সময় লাগছে। সরকারের উচ্চমহলের চাপ রয়েছে। যত দ্রুত সম্ভব তালিকা চূড়ান্ত করা হবে।