বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ নিউজ :: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংস্থাটি বলছে, গভীর নিম্নচাপটি সামান্য উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আজ সোমবার আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে (০৩) এই তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছ দিয়ে ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপটির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪৮

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক  :: নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি তেলের ট্যাংকারের ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হয়। এসময় আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন।




প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর দুর্নীতির প্রতিবাদে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর দুর্নীতি ও সেচ্ছাচারিতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের মুখে। তাই অবিলম্বে তাকে অপসারণ করে গত ১৬ বছরের তার সকল অনিয়মের তদন্ত দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নুরুল ইসলাম মুকুল, রেজাউল করিম সিকদার ও মোস্তফা জামান সুজন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা সহকারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট না করে যদি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।




আমিরাত থেকে দেশে ফিরলেন ক্ষমাপ্রাপ্ত ১৩ জন

চন্দ্রদ্বীপ নিউজ :: সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে ১৩ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তারা দেশে পৌঁছান।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন। এসময় তাদের স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ক্ষমা মঞ্জুর করা ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দল শনিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।




কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: গাজীপুরের কোনাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের পারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

গত ৫ আগস্ট কোনাবাড়ি থানার পাশে গুলি করে কলেজছাত্র মো. হৃদয়কে (২০) হত্যাকরা হয়। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ী সড়কের কোনাবাড়ী এলাকায় গত ৫ আগস্ট মো. হৃদয় (২০) বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে তার পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে সেখানে কন্সটেবল আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে তাকে কিশোরগঞ্জ থেকে আটক করা হয়। আজ শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্টোপলিটন আদালতে তোলা হয় তাকে। আদালত সোমবার শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।




ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন ঘোষণা

চন্দ্রদ্বীপ নিউজ :: ব্যাংকে টাকা উত্তোলনের ক্ষেত্রে এখন আর কোনো সীমা থাকছে না।আগামীকাল রবিবার থেকে ব্যাংকে যতো ইচ্ছা ততো টাকা উত্তোলন করা যাবে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রবিবার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল, একজন গ্রাহক ব্যাংক থেকে দৈনিক ৫ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা থেকে সরে এল বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক ও বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর আবু ইউসুফ মো. আবদুল্লাহকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আবু ইউসুফ মো. আবদুল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগেও মামলা রয়েছে। এর আগে ২০২২ সালের ১০ জানুয়ারি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।




‘দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’র খবরে হুমকি দিলেন সোহানা সাবা

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন শোবিজের একদল শিল্পী। তারা অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে। ছাত্র-জনতার গণআন্দোলনে রাজপথে ছিলেন বিপক্ষে। সেই শিল্পীদের একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সক্রিয় সদস্য ছিলেন এই অভিনেত্রী।

দেশজুড়ে যখন শিল্পীদের গোপন গ্রুপের স্ক্রিনশট নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা, ঠিক সেসময় নতুন এক খবরের শিরোনাম হলেন সোহানা সাবা। সম্প্রতি এক গণমাধ্যমে ‘সোহানা সাবার দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে এক ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়েছে। যা দেখে খেপেছেন এই অভিনেত্রী। দিয়েছেন হুমকিও।

সোহানা সাবার দাবি- নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার সুনাম নষ্ট হয়। গত ২০ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি, সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে।’

অভিনেত্রীর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে। আমি তাদের শক্তভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

 




বরিশালে পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসা দিচ্ছেন চার চিকিৎসক

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে প্রায় পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সমস্যার সঙ্গে চিকিৎসকের তীব্র সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে জানিয়েছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুরের উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন নিয়ে অন্তত পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসা সেবা দেয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাধীনতাত্তোর সরকার ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করে। এরপর ২০০৪ সালে ৩১ শয্যার ওই হাসপাতালটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। ৫০ শয্যার হাসপাতালটিতে ডাক্তারের পদ রয়েছে ২১টি।

এছাড়াও ৫টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের (সাব সেন্টার) দায়িত্বে থাকার কথা রয়েছে ৫ জন ডাক্তারের। সবমিলে উপজেলায় মোট ২৬ জন ডাক্তারের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসক। হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ৪ জন।

এরমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে রয়েছেন ডা. শিশির কুমার গাইন। এছাড়াও হাসপাতালে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিচুর রহমান, ডা. মশিউর রহমান ও ডা. তরিকুল ইসলাম।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবসময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসাসের ওপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসক সংকটের কারণে ৫টি ইউনিয়নের সাব সেন্টারগুলোতে চিকিৎসা নিতে পারছেন না রোগীরা। চিকিৎসক সংকটে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের সব সমস্যা ঊধ্বর্তন কর্তৃপক্ষ জেনে গেলেও কার্যত জনগণের কোনো কাজেই আসেনি। যুগের পর যুগ একাধিক চিকিৎসকের পদ শুন্য থাকলেও এই হাসপাতালে দেওয়া হয়নি কোনো চিকিৎসক।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শিশির কুমার গাইন জানান, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। সেখান থেকে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে আগৈলঝাড়া হাসপাতালে ডাক্তার সংকট থাকবে না।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই সমস্যা সমাধান হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, চিকিৎসক সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বেগ পেতে হচ্ছে আমাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানাচ্ছি। আশা করছি, নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে এই সংকট কিছুটা কেটে যাবে।




ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস :: ঝালকাঠিতে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

সাঈদুর রহমান স্বপন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঈদুর রহমান স্বপন সকাল ৯টায় শেখেরহাট লঞ্চঘাট মাজার মসজিদে একটি জানাজা শেষে শেখেরহাট বাজারে নাশতা করতে আসছিলেন। কিছুক্ষণ পরে রাস্তায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।