সংস্কারের দায়িত্বে যারা

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এতথ্য জানান।

তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি। তাই নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচনব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালিনা করার দায়িত্ব দিয়েছি। এর পর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন, বলে জানান প্রধান উপদেষ্টা।

এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে।

এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনঃ নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস, বলেন তিনি।




‘ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’

চন্দ্রদ্বীপ নিউজ :: ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল, তাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




রাশিয়ায় মিসাইল সরবরাহ: ইরানের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ নিউজ :: রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে ইউরোপের তিনটি দেশ। এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

বুধবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা ও ইরানের বার্তাসংস্থা ইরনা এ খবর জানায়।

খবরে বলা হয়, রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করার অভিযোগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করে।

দেশ তিনটির অভিযোগ, রাশিয়াকে স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, রাশিয়াকে এখনো স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করা হয়নি।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নায়ি বলেছিলেন, ইরান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পক্ষে নয়। এ কথা ইরান বার বার বলে এসেছে।

আমরা চাই যুদ্ধের মাধ্যমে নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সমস্যা রাজনৈতিকভাবে হতে হবে বলে ইরান আগেও বলেছে, এখনো বলে আসছে।

রাশিয়ায় স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহের পক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আগে থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত আছে। তারই ভিত্তিতে ইরান রাশিয়াকে স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহ করেছে।

তিনি পাশ্চাত্যের সমালোচনা করে বলেন, পাশ্চাত্য যে অভিযোগ করছে রাশিয়ার মিসাইল সরবরাহ করার উদ্দেশ্যে ইউক্রেনের বিরোধিতা, তা আসলে সত্যি নয়। এটি একেবারেই ভিত্তিহীন।




জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য ‍উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষ সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য।




বরিশালে সিটি করপোরেশন এলাকা সড়কে বাঁশের সাঁকো, চলাচলে ভোগান্তি

বরিশাল অফিস :: সিটি করপোরেশন এলাকা হলেও বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানি থাকায় সড়কের ওপরে সাঁকো দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। আর এ নিয়ে ভোগান্তিতে থাকলেও প্রভাবশালীদের আতঙ্ক ও ভয়ে কেউ সড়ক সংস্কারের কথা বলেন না বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সড়কের বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে পিচ ঢালাইয়ের রাস্তা করে দেওয়ার নামে হ্যারিংবোনের রাস্তার ইট উঠিয়ে ফেলায় এ ভোগান্তিতে পড়েছেন বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সড়কের বাসিন্দারা। শুধু যে সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা ভোগান্তিতে এমনটা নয়, ওই সড়কটি ব্যবহার করা পার্শ্ববর্তী বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠী ও কটুরাকাঠী এলাকার বাসিন্দারাও ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, বরিশাল শহরের ২৭ নম্বর ওয়ার্ডের মাঝের দোকান এলাকার সরদার বাড়ি থেকে চাপরাসি বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ সিটি করপোরেশনের। এরপর থেকে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শুরু।

ইউনিয়নের রাস্তাঘাট মাটির হলেও সরদার বাড়ি থেকে চাপরাসি বাড়ির দিক যেতে অনেকটা পথ হ্যারিংবোন করা ছিল। কিন্তু গত ইউনিয়ন নির্বাচনের আগে নতুন রাস্তা করে দেওয়ার নামে সেই হ্যারিংবোনের ইট তুলে নিয়ে যাওয়া হয়।
এতে করে এখন শহর অংশের পাশাপাশি রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষও ভোগান্তিতে রয়েছেন।

অন্য রাস্তা থাকলেও সরদার বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল সহজ হওয়ার কথা জানিয়ে কটুরাকাঠী এলাকার এই বাসিন্দা বলেন, আগে চাপরাসি বাড়ি পর্যন্ত গাড়ি কিংবা পায়ে হেঁটে নিরাপদে যাওয়া যেত কিন্তু এখন বর্ষায় শহর অংশের রাস্তার বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে থাকে। আর সেই সব জায়গায় স্থানীয়রা সুপারিগাছ ও বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে পারাপার হচ্ছে। মানুষের সঙ্গে বাজারের ব্যাগ কিংবা কোনো মালামাল বহন করতে গেলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর শিশুদের তো একা স্কুলে পাঠাতে ভয়ই পায় অভিভাবকরা। যদি পানিতে পরে ডুবে যায় তাহলে কি হবে?

সরদার বাড়ির বাসিন্দা এক তরুণী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুঝতে হবে কে বেশি প্রভাবশালী। সিটি করপোরেশনের সরদার বাড়ি সড়কের রাস্তার ইট উঠিয়ে পাশের কালিজিরা সড়ক সংস্কারের সময় সেখানে দেওয়ার দৃশ্য দেখেছি কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারিনি। আর ওই সময় রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু নিজে উপস্থিত ছিলেন। তিনি সিটির কোনো জনপ্রতিনিধি না হলেও বলেছিলেন রাস্তাটি সংস্কার করে পিচ ঢালাই করে দেওয়ার কথা। কিন্তু গত কয়েক বছরে রাস্তাটি সংস্কার তো করা হলই না, মাঝে ইটের রাস্তা হয়ে গেছে মাটির রাস্তা।

তিনি জানান, দুরবস্থা দেখে পাশের এলাকায় একটি হাউজিং প্রকল্পের লোকজন কিছু বালু এ রাস্তায় ফেলেছিল, যদিও তাদের গাড়ির চলাচলের জন্য সেটা করা হয়েছিল। তবে খালের জোয়ারভাটা আর বৃষ্টির পানিতে সেই বালুও ধুয়ে গেছে।

রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরা অনেক প্রভাবশালী হয়, তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। ভোট দিতে পারলেও, জোড় দিয়ে বলতে পারতাম কোনো কথা, এখন তো তাও পারি না। কিছু বললেই তো সবাই রাগ হয়ে যায়। সবার জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলে একা শত্রু হয়ে লাভ কি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু হয়তো মনে করছিল, এমপির সঙ্গে তার ভালো খাতির তাই মেয়রকে দিয়ে সিটির অংশ আর এমপিকে দিয়ে ইউনিয়নের অংশের রাস্তার কাজ করাতে পারবেন। কিন্তু স্বাধীন দেশে তাদের এখন হদিস নেই, তাই জনগণই ভোগান্তিতে রইল।

মাসুদ নামে অপর এক যুবক দাবি করেন, যে করেই হোক রাস্তাটা করার ব্যবস্থা করেন। আর সংস্কার না হলেও পূর্বের জায়গাতে ফিরিয়ে দেন। কারণ শুকনার সময় চলাফেরা করা গেলেও এই বর্ষায় যানবাহন চলাচলের অনুপযোগী রাস্তাটি দিয়ে রোগীও নিতে হয় অন্যের কাঁধে তুলে দিয়ে।

এ বিষয়ে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ারকে পাওয়া যায়নি, আর জাতীয় তথ্য বাতায়নে দেওয়া তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সেটিতে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রভাবশালী এই জনপ্রতিনিধির দেখা মেলেনি। যেটুকু শোনা গেছে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামিও হয়েছেন। সবমিলিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন।

এদিকে রাস্তার ইট উঠিয়ে নেওয়া কিংবা ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে কিছু জানাতে পারেননি সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।




উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল, এডহক কমিটি গঠন

চন্দ্রদ্বীপ নিউজ :: উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ৯ সদস্যের ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এ কমিটি গঠন সংক্রান্ত চলতি বছরের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে, মন্ত্রণালয় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।

এখানে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর-উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী-উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।




২০ দিনের মধ্যে কমবে বিদ্যুতের লোডশেডিং: বিদ্যুৎ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: লোডশেডিং দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কয়েকদিন ধরে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং, দিনে রাতে দফায় দফায় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

উপদেষ্টা বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছে যে কারণে লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো। কিন্তু সামিট গ্রুপের এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এলএনজি আমদানির কাজ চলছে, পনের ২০ দিনের মতো সময় লাগবে। তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাস সংকটের কারণে শুধু আমরা না, শিল্প, সার কারখানা সব জায়গায় সমস্যা হচ্ছে।

তিনি বলেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। আমরা ধারণা করছি ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেছেন, গতকালের (১০ সেপ্টেম্বর) তুলনায় আজকে পরিস্থিতি উন্নতি হয়েছে। ১১ সেপ্টেম্বর দুপুরের দিকে ১ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল্প হয়েছে, সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রোববারের মধ্যেই চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিনিয়র সচিব বলেন, অন্যসময় হলে হয়তো আপনারা এটা আঁচ করতে পারতেন না। এখন গ্যাস সংকটসহ অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটেছে, যে কারণে সংকট দেখা দিয়েছে। গ্যাস থেকে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পেতাম। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ৪৮০০ মেগাওয়াট পাচ্ছি। সেখানে ২২০০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে।

ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা টাকা প্রসঙ্গে বলেন, এখানে অর্থের সংকট নেই। আমরা সোনালী ব্যাংকে ১০০ মিলিয়ন টাকা দিয়ে দিয়েছি। তারা ডলারের অভাবে দিতে পারছে না। আমরা আরও টাকা দিতে পারি। আশাকরি আদানির বিদ্যুৎ পেতে কোন সমস্যা হবে না।




ভারতে পাচার হচ্ছিল ইলিশ, জব্দ করল বিজিবি

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে উপজেলার বাংলাবাজার বর্ডার আউট পোস্টোর (বিওপি) আওতাধীন ঘিলাতলী সীমান্ত এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ঘিলাতলী সীমান্ত দিয়ে ইলিশ পাচারের সময় অভিযান চালায় বিজিবি। তারা ১১ বক্সে মোট ২৭৫ কেজি ইলিশ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইলিশ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার, সুবেদার মো. আবুল বাশার আজাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলী এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।’



নির্বাচনের সময় বেঁধে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি

চন্দ্রদ্বীপ নিউজ :: নির্বাচন আয়োজনের জন্য সময় বেঁধে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকেদর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিতি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। অস্ট্রেলিয়ার হাইকমিশনারের ছিলেন ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও ফার্স্ট সেক্রেটারি লারা অ্যাডামস।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অষ্ট্রেলিয়ান হাই কমিশনার জানতে চেয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কী ভাবছে ও অন্তবর্তীকালীন সরকারের একমাস কেমন হয়েছে। এ সময়ে আমাদের দলের কী প্রত্যাশা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিওপলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘দুই দেশেরর শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে, তাদের শিক্ষাক্ষেত্র নিয়ে তারা আরও কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনা। নির্বাচনের আয়োজনের জন্য কী কী পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেটা আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কি না, জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেকহোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সে কাজটি করবে।’




বেক্সিমকো গ্রুপের বিগবসে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ :: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামের একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাশিমপুর থানায় বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনের পাশের কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছ। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’