দখলমুক্ত হল বরিশালের বিনোদনকেন্দ্র পাবলিক স্কয়ার

বরিশাল অফিস :: অবশেষে দখলমুক্ত করা হয়েছে নগরীর সদর রোডের বিনোদনকেন্দ্র ‘পাবলিক স্কয়ার’ (হিরন স্কয়ার)। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী পাবলিক স্কয়ার দখলমুক্ত করেন।

এসময় মালিকানা দাবি করে পাবলিক স্কয়ারের প্রবেশদ্বারে স্থাপন করা কভি গেটটি খুলে নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে গেটে টাঙানো সাইনবোর্ড।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. শওকত আলী দখলের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থাল পরিদর্শন করেন। পরে তার নির্দেশে সিটি করপোরেশনের কর্মীরা সন্ধ্যার পরে গিয়ে এটি দখল মুক্ত করেন।

এসময় বিভাগীয় কমিশনার জানিয়েছেন, জমির মালিকানা নিয়ে আদালতের রায় থাকলে তা সিটি করপোরেশন এবং প্রশাসনকে জানাতে হবে। রায়ের বিষয়টি পর্যালোচনার বিষয় আছে। কাউকে কিছু না জানিয়ে সিটি করপোরেশনের মালিকানাধীন বিনোদন কেন্দ্রে গেট লাগিয়ে, সাইনবোর্ড টাঙিয়ে দখল নেয়া বেআইনী।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিভাগীয় কমিশনার।

এর আগে শুক্রবার ভোরে পাবলিক স্কয়ার দখলে নেন পাঁচজন ব্যক্তি। সেখানে লোহার একটি নতুন গেট লাগিয়ে দেন তারা। এদিন দুপুরে পাবলিক স্কয়ারের জমির মালিকানা দাবি করে পাঁচ ব্যক্তির নামসহ গটে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে।




সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামের শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন পাঁচজন।

শনিবার ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান দগ্ধ জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।

নিহত জাহাঙ্গীর পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবেদ আলী হাওলাদারের সন্তান। নিহত বরকত উল্লাহর বাড়ি চট্টগ্রামের তার বাবার নাম আইয়ুব আলী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীর ও বরকত উল্লাহ মারা গেছেন। জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ ও বরকত উল্লাহর ৬০ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ ও বরকতুল্লাহর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তারা মারা গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এরআগে মারা গেছেন জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮), আল আমিন (২৩) ও হাবিব (৩৬)।

ডা. তরিকুল জানান, বর্তমানে আনোয়ার হোসেন ২৫ শতাংশ ও আবুল কাশেম ৮০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আল-আমি আছেন আইসিইউতে, যার শরীরের ৮০ শতাংশ দগ্ধ। এছাড়া আনোয়ার হোসেন এইচডিইউতে ভর্তি আছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ।

এর আগে, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।




কক্সবাজারে নারী হেনস্তার ভিডিও ভাইরাল, উল্লাস করা যুবক ডিবি হেফাজতে

চন্দ্রদ্বীপ নিউজ ::সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে কক্সবাজারে নারীর হেনস্তার একটি ভিডিও। কয়েকটি ভিডিওতে নারীকে লাঠি দিয়ে দৌঁড়ে দৌঁড়ে মারধর করতে দেখা যায়।

বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায়, রাতের বেলা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

সারাদেশে আলোড়ন সৃষ্টি হওয়ার পরপরই ওই ঘটনার সাথে জড়িত লাঠি দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা যুবককে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস, মারধর করাসহ শ্লীলতাহানি করা যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিষয়টি স্বীকার করেছে। তবে এখনো গ্রেফতার করা হয়নি।




ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

চন্দ্রদ্বীপ নিউজ ::যুক্তরাষ্ট্রে অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে করবেন।




সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ নিউজ ::বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এ অবস্থায় বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম আবুল কালাম মল্লিকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এতে আরও বলা হয়, বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।




ভোলায় মাছ ধরা ট্রলারডুবি, নিখোঁজ ৭

বরিশাল অফিস :: ভোলার জেলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝি মাল্লা নিয়ে মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তৎক্ষনিক সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ৭ জেলে।

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিক এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তৎক্ষনিক জেলেদের নাম পরিচয় জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসীন্দা বলে জানাগেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান,বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান। গতকাল শুক্রবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এ ৭ জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

ভোলা চরফ্যাসনের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান,ট্রলারডুবির বিষয়টি কোন জেলেদের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। চর মানিকা জোনের নৌ কন্টিজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।

 




৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

চন্দ্রদ্বীপ নিউজ ::বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে আরও ৬ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।




বরিশালে আটকে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পিডবোট

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার তালতলী থেকে মেহেন্দীগঞ্জের পাতারহাট রুটে বিএনপি নেতার নেতৃত্বে স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরোক্ষভাবে চাঁদা দাবি করলেও প্রত্যক্ষভাবে তাদের অভিযোগ, স্পীডবোট চলাচল করার কারনে নদীভাঙন তীব্র হচ্ছে। একারনে বরিশাল পাতারহাট রুটিন স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার( ১৩ সেপ্টেম্বর) বিকালে বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য মোখলেছুর রহমানের নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পীডবোটও আটকে দেয় মুখলেসুর রহমান ও তার অনুসারীরা। মারধর করা হয় এক চালককে। স্পীডবোট মালিক ও চালকরা জানিয়েছেন, ক্ষমতার পালাবদলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাঁদার জন্য এই পরিস্থিতির সৃস্টি করছে।

তালতলী-পাতারহাট নৌ রুটের স্পীডবোট চালক মোঃ সুজন বলেন, শুক্রবার বিকালের দিকে তালতলী থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় মোকলেছ মেম্বার লোকজন নিয়ে বাধা দেয়। তাকে কলার ধরে টেনেহিচরে পিটায়। তালতলী ছেড়ে সামনে স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের স্প্রীডবোটও আটকে দেয়া হয়। তিনি বলেন, এ রুটে ৬২টি স্প্রীড বোট চলে। প্রতি ট্রিপে ৩০০ টাকা ভাড়া নেয়া হয়। বিএনপি নেতা মোকলেছসহ অন্যরা এ রুট দখল করার জন্য এসব করছে।

পাতারহাটে স্পীডবোটের কর্তৃত্বে থাকা আলম হোসেন বলেন, তালতলি খালের মধ্যে ঝামেলা হয়। তালতলি স্লুইজ গেট এর সামনে বোট আটকে দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে পাড় ভেঙে যায়। যেকারনে সুজন নামক এক চালককে মারধর করেছে। তিনি বলেন, এ রুটে বেশি স্পীডবোট চলে তাই একটি পক্ষ চাচ্ছে না এখান থেকে বোট চলুক। তিনি আরও বলেন, আগে তো বাধা দেয়া হয়নি, এখন কেন দেয়া হলো তা বুঝতেছি না। প্রতিপক্ষের সঙ্গে একাধিকবার বসেছি কিন্তু তারা কিছুই বলে না।

শায়েস্তাবাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোকলেছুর রহমান বলেন, এলাকাবাসীর দাবী দ্রুত স্পীডবোট চলায় পাড় ভেঙে যায়। এজন্য এলাকাবাসী বোট চলাচল বন্ধ করেছে। তিনি বলেন, এলাকার নারী পুরুষ ইউএনওর বোটও আটকে দিয়েছে বলে শুনেছেন। তবে চাঁদা চাওয়া কিংবা বাধা দেয়ার সঙ্গে জড়িত নন। তিনি এলাকাবাসীকে বলেছেন যে ধীরে ধীরে বোট চলুক, কিন্তু তারা রাজি হননি। তালতলি, সায়েস্তাবাদ হয়ে চরমোনাই থেকে মেহেন্দীগঞ্জের পাতারহাট রুটে এ বোট চলে।

বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, ন্থানীয়দের দাবী যে খালটি দিয়ে স্পীডবোট চলে সেখানে ভাঙন ধরেছে। তবে দীর্ঘদিন এখান থেকে স্পিডবোট চললেও বাধা দেয়া হয়নি। তাদের এধরনের দাবী থাকলে জেলা প্রশাসনকে বলার কথা বলেছেন।




কক্সবাজারে আটকা পড়েছেন হাজারো পর্যটক

চন্দ্রদ্বীপ নিউজ :: টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে হয়েছে। সৈকত এলাকার হোটেল-রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকেরা। পাঁচ শতাধিক হোটেল-মোটেলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এছাড়া সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, সৈকত সড়কসহ অন্তত ৩৫টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে কয়েকশো দোকানের মালামাল নষ্ট হয়েছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষেরা। সব মিলিয়ে জনজীবনে নেমেছে স্থবিরতা।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে একদিনে যা সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। বাতাসের তীব্রতাও বেশি থাকবে, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

শহরের ব্যস্ততম পাঁচ কিলোমিটারের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। বাজারঘাটা, বড়বাজার, অ্যান্ডারসন সড়ক, টেকপাড়া, বার্মিজ মার্কেট এলাকা, বৌদ্ধমন্দির সড়ক, গোলদিঘিরপাড়, তারাবনিয়াছড়া, রুমালিয়ারছড়ার কয়েকশো দোকান, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকেছে।

এলাকাবাসী বলছেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর ২টা থেকে। এরপর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা ভারী বর্ষণে পুরো শহরের আট লাখ মানুষের কর্মজীবন স্থবির হয়ে পড়ে। গত ৫০ বছরেও এমন ভারী বর্ষণ দেখেননি বলে জানিয়েছেন শহরের প্রবীণ বাসিন্দারা। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি পাহাড়ে ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু অংশে ভূমিধসের ঘটনাও ঘটছে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সহস্রাধিক পর্যটক জলাবদ্ধতায় হোটেল মোটেলে আটকা পড়েছেন। এরকম জলাবদ্ধতা এর আগে দেখিনি। মূলত শহরজুড়ে অপরিকল্পিত উন্নয়ন, পৌর কর্তৃপক্ষের অদূরদর্শী সিদ্ধান্ত ও দুর্নীতি এবং পাহাড় কাটা বেড়ে যাওয়ায় এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে।

গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, দীর্ঘ দুই মাস পর ১০ সেপ্টেম্বর থেকে সৈকতে পর্যটক আসতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুক্রবার অন্তত এক লাখ পর্যটক সমাগমের আশা ছিল। কিন্তু বৈরী পরিবেশে অধিকাংশ পর্যটক বুকিং বাতিল করেছেন।




মির্জাগঞ্জে আল্লামা সাঈদীর স্মরণে আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:) ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী এবং আহতদের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় মাধবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ অধ্যাপক মো: শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী উত্তর থানার সদস্য মো: মশিউর রহমান ইউনুস, বরিশাল মহানগর কোতোয়ালি থানা জামায়াতের সদস্য মাওলানা সৈয়দ কামাল হোসাইন ও মির্জাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলাম মানবতার ধর্ম, যেখানে বৈষম্যের কোনো স্থান নেই। যার যতটুকু পাওনা তাকে ততটুকু বুঝিয়ে দেওয়াই মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব পালনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য খোলাফায়ে রাশেদান তাদের জীবন দিয়েছেন, যুগে যুগে ইসলাম প্রিয় ব্যক্তিত্বরাও তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকেও ফ্যাসিবাদী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁশিরকাষ্ঠে ঝুলানো হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই সত্যের কাফেলা থেকে বিন্দুমাত্রও পিছপা হব না।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তারা এই জাতির বীর সন্তান। তাদের মা-বাবা গর্বিত কারণ তারা সু-সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহ তায়ালা তাদের সকলের ত্যাগকে কবুল করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:) ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী এবং আহতদের স্মরণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।