কুষ্টিয়ায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

চন্দ্রদ্বীপ নিউজ :: কুষ্টিয়ায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে অনামিকা (১৫) ও নাজমীম (১১) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার চাপাইগাছি বিলে এ ঘটনা ঘটে।

নিহত অনামিকা ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার চাপাইগাছি গ্রামের গোলাম মণ্ডলের মেয়ে ও নাজমীম নাইক মণ্ডলের মেয়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় তিনজন। বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় অনামিকা ও নাজনীম। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং উদ্ধার কাজ পরিচালনা করেন। দুই ঘণ্টা খোঁজ করার পর অনামিকা ও নাজমীম নামে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোরশেদ আলম দুই কিশোরীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সন্ধ্যায় দুই কিশোরীর নিখোঁজের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




বরিশালে দুই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি

বরিশাল অফিস ::বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্মারকে উল্লেখ করা হয়, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন এবং তা তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে বরিশাল বারের সাবেক সভাপতি ও সদররোডস্থ জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মুসল্লিদের উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করা হয়।

অন্যদিকে ৫ আগস্টের পর সদস্য সচিব আরমান সিকদার নুন্নার বিরুদ্ধেও এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ওঠে।




ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ নিউজ ::ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।




বাউফলে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি :: কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের অপসারণের দাবিতে কালাইয়া-বাউফল ও বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা দাশপাড়া বাসস্ট্যান্ট এলাকায় তারা সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি যৌক্তি হলে মেনে নেওয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী দুই শিক্ষার্থীদের সাথে আমার কার্যালয়ে বসে আলাপ আলোচনা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তিনি এডিসি শিক্ষা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। দ্রুত তারা তদন্ত শুরু করবেন। আমি সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছি।

আন্দোলনে নেতৃত্বদানকারী দশম শ্রেণীর শিক্ষার্থী তানভির বলেন, ইউএনও এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে। গত শনিবার থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।




সংস্কারের অভাবে বরিশালের পোর্টরোড সড়কের বেহাল দশা

বরিশাল অফিস :: সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার। সংস্কারের অভাবে বিপদজনক হয়ে পড়েছে বরিশালের বাণিজ্যিক এলাকায় পোর্ট রোড সড়ক বর্তমানে দেখে কোন চেনার উপায় নেই এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার চিত্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচরণায় মুখরিত থাকা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।

বড় বড় খানাখন্দে ভরা এর সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে প্রায় যানবাহন উল্টে দুর্ঘটনার লেগেই থাকে। ইতিমধ্যে আহত হয়ে শিশু সহ বেশ কয়েকজনকে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তবুও সড়কটি সংস্কারে কোনো দৃষ্টি নেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।

দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশি সময় পানি আটকে থাকে। বর্ষা এলেই ভোগান্তি আরো চরমে ওঠে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি পোট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়ি ও গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত বাস ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন এই ভোগান্তি লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী।

এই সড়কটি দুর্ভোগের কারণে বাণিজ্যিক এলাকা পোরোডেও ব্যবসায়ীদের হচ্ছে ক্ষতি।

পোর্ট রোডের ব্যবসায়ীরা জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ায় ক্রেতা সাধারণের যাতায়েত কমছে। ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবী জানান ব্যবসায়ীরা।

সরে জমিনে দেখা গেছে, সড়কটির মাঝে মাঝে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে থেকে নালায় পরিণত হয়েছে। সড়কটির দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিও নামতে পারছে না ঠিকমত। ফলে সড়কটি এখন মরণফাদে পরিণত হয়েছে।

একজন অটোচালক আসলাম হোসেন জানান, কয়েকদিন পূর্বে একটি অটো উল্টে পড়ে যায়। অটোতো থাকা দুজন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় একজনের হাত ভেঙে গেছে। ওই চালক বলেন কত টাকা জরিমানা দেয়া যায় একজন অটো চালক হিসেবে। আমরা এই দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ চাই। দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানান তিনি। এরকমের দুর্ঘটনা প্রতিদিন ঘটছে বলে জানান স্থানীয়রা।

পথযাত্রী হিসেবে দেখা হয়েছিল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সাথে। এ সময় তিনি বলেন, ১৫ বছরের লিবিস্টিক মার্কা উন্নয়নের চরম উদাহরণ হচ্ছে পোর্ট রোড। তিনি বলেন সম্প্রতি এই সড়কের কাজ হয়েছিল মাত্র কয়েক মাসের ব্যবধানে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। তিনিও সড়কটির সংস্কারের দাবি জানান।

পোর্ট রোডে বাজার করতে আসা সুমন নামের এক যুবক বলেন, সপ্তাহে দু-তিন দিন বাজার করতে আসা হয় এখানে। সড়কটির এমন অবস্থা যে বাজার করে বাসায় গিয়ে করতে হয়। কর্তৃপক্ষের উচিত সড়কটির দ্রুত সংস্কার করা।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারি প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, বরিশাল নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ৬ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে।

তবে,সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংস্কারের দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা বরিশালবাসী।




পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

বরিশাল অফিস :: পুলিশের সামনে বসে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে জেলার গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বাদল ফকির ও তার ছেলে পৌর যুবদল নেতা সোহেল ফকিরকে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে শষ্যাশয়ী বিএনপি নেতা বাদল ফকির অভিযোগ করে বলেন, দক্ষিণ পালরদী গ্রামের বিরোধপূর্ণ ও মামলা চলমান জমি আওয়ামী লীগ নেতা রেজাউল ফকির এলাকার সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক দখল করে। ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে তিনি (বাদল ফকির) থানা পুলিশকে খবর দেন।

পুলিশ এসে ঘর তুলতে বাঁধা প্রদান করেন। এসময় পুলিশের সামনে বসেই রেজাউল ও তার
সহযোগি সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়।

হামলায় বিএনপি নেতা বাদল ফকির, যুবদল নেতা সোহেল ফকির, আরিফ হোসেন ও সোহান
ফকির আহত হন। গুরুত্বর আহত বাদল ও সোহেল ফকিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।




বরিশাল বাস মালিক সমিতি দখলে বিএনপি ও আওয়ামী লীগ একাট্টা

বরিশাল অফিস :: বরিশাল নগরীর রূপাতলীস্থ বাস মালিক সমিতি দখলে রাখতে একট্টা হয়েছেন বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল এক প্রভাবশালী নেতা ও তার নিকট স্বজন আওয়ামী লীগের সক্রিয় নেতারা। ইতোমধ্যে বিএনপির লোকজনদের নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে ওই প্রভাবশালী নেতাকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ওই সাতজনের আহবায়ক কমিটির তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা। ফলে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকালে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার লোকজন দিয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি দখল করিয়ে নিয়েছেন।

পরবর্তীতে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। ওই কমিটিতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আহবায়কের দায়িত্ব নিয়েছেন। বাকি ছয়জনের মধ্যে তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা। এনিয়ে সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সূত্রমতে, গঠণ করা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এইচএম মান্নান ও সদস্য নাসির মৃধা বিগত সময়ে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কমিটির অপর সদস্য মোশাররফ হোসেন সান্টু হচ্ছেন জিয়া উদ্দিন সিকদারের চাচা শশুর ও বাস মালিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের বড় ভাই। কাওছার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। কমিটির অপর সদস্য আল-আমিন হোসেন আওয়ামী লীগের সক্রিয় নেতা।

সূত্রে আরও জানা গেছে, গত ২৮ আগস্ট বিআরটিসির চেয়ারম্যান বরাবরে একটি আবেদনপত্র দাখিল করেছেন জিয়া উদ্দিন সিকদার। সেখানে নিজেকে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। অথচ আহবায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপি। ওই আবেদনে তিনি (জিয়া) ঢাকা-বরিশাল রুটে নিয়মিতভাবে পরিচালনার জন্য এসি বাস বরাদ্দ চেয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, জিয়া উদ্দিন সিকদার রূপাতলীস্থ বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহবায়ক হয়েছেন সেটা জানি। তবে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চেয়েছে সে বিষয়টি জানা নেই। যদি এমনটা হয়ে থাকে সেটি অনেক বড় অন্যায়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিএনপি হার্ডলাইনে আছে। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চাওয়ার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও
তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য কাঠামোগত প্রক্রিয়া

সবসময় সচল রাখতে হয়। বাস মালিকরা সাধারণ সভা করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করেছে। সেখানে আমাকে আহবায়ক করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ক্ষমতার লোভ নেই। আমি সকলের অনুরোধে কমিটিতে পদ গ্রহণ করেছি। এনিয়ে বিতর্কের সুযোগ নেই।

উল্লেখ্য, রূপাতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২২টি রুটে বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির তিন শতাধিক বাস যাত্রীসেবা দিয়ে আসছে।




তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

বরিশাল অফিস :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ বরগুনার পাথরঘাটার মাসুদ কামাল তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার তোফাজ্জলের ভাবি শরিফা আক্তার এ দাবি করেন।

শরিফা আক্তার আমাদের সময়কে বলেন, ‘গতকাল রাতে আমার ফোনে দুটি নম্বর থেকে কল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন, ‘‘তোফাজ্জল মোবাইল চুরি করেছে, ওকে আটকে রাখা হয়েছে। ছাড়িয়ে নিতে দুই লাখ টাকা পাঠাতে হবে।” পরে আমি ওর আত্মীয়-স্বজনকে জানাই। সকালে জানতে পারি ওকে হত্যা করা হয়েছে। আমার দেবর তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

শরিফা আরও বলেন, ‘মাসুদ কামাল তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, কিন্তু চোর নয়। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো যায়নি। একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সব সময় এলাকাতেই থাকতেন।’

তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার বলেন, ‘তোফাজ্জল একজন মেধাবী ছাত্র, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো হয়নি। মানুষের কাছে হাত পেতে খেতেন। এলাকায় চুরি বা অন্য কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। ওর হত্যার খবর শুনে আমরা শোকাহত। এ হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানাই।’

পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১ সালে তোফাজ্জলের বাবা আবদুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান, ২০১৩ সালে মা বিউটি বেগম লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। একমাত্র বড় ভাই নাসির পুলিশে চাকরি করতেন। ২০২৩ সালে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। পরিবারে রয়েছেন একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ও তার দুই সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন। মেয়ের পরিবার ওই মেয়েকে অনত্র বিয়ে দেওয়ার পর তোফাজ্জল ২০২০ সালে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের কেউ না থাকায় পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায়-রাস্তায় ঘুরতেন তিনি। ক্ষুধার প্রয়োজনে মানুষের কাছ থেকে চেয়ে খেতেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ পিটুনিতে মারা যান তোফাজ্জল হোসেন। গতকাল বুধবার দিবাগত রাতে হলে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগটি করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এরই মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।




বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল অফিস :: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল
ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এসএম হাসান রাজু, লাবন্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন,
আকবর মমিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক
সেবনকারীদের প্রতিহত করতে হবে। পাশপাশি একটি পক্ষ ক্যাম্পাস দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা
সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে। বক্তারা

আরও বলেন, শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাস দখল করে রেখেছে। তাদেরকে প্রতিহত করার জন্যই সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি।




বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধণ করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার।

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চুন্নু, আলিম জোমাদ্দার, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর হোসেন দুলাল, জিয়াউল আহসান জুয়েল, ইশতিয়া আহাম্মেদ মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, যুগ্ন আহবায়ক ইমরান খান সালাম, সদস্য সচিব মনির হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমন প্রমুখ।

সম্মেলনে বাকেরগঞ্জ পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।