বিশ্বকাপের ভেন্যু বদলের হুমকি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেক্স : যুক্তরাষ্ট্রের যে, যেসব শহরে উগ্র বামপন্থী আছে, সেসব শহরকে বিশ্বকাপের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ফিফা বিশ্বকাপের কিছু ম্যাচ তিনি সেসব শহর থেকে সরিয়ে নেবেন, যেগুলোকে তিনি ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ মনে করেন।
২০২৬ সালের ১১ জুন ৪৮ দল নিয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ শহরে হবে বিশ্বকাপের ২৩তম আসর। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভেন্যু ১১টি। বিশ্বকাপের সূচি অনুযায়ী, সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়াম ও সিয়াটলের লুমেন ফিল্ডে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা।
এই দুই ভেন্যুর নাম উল্লেখ করে ট্রাম্প আজ বলেছেন, ‘এই শহরগুলোতে উগ্র বামপন্থী আছে, যারা জানে না যে তারা কি করছে। যদি কোনো শহর সামান্য হলেও বিপজ্জনক মনে হয়, আমরা সেখানে ম্যাচ হতে দেব না। প্রয়োজনে অন্য শহরে সরিয়ে নেব।
বিশ্বকাপের আগে ট্রাম্প শিকাগোতে ফেডারেল সেনা পাঠানোর হুমকিও দিয়েছেন। যদিও শিকাগোতে বিশ্বকাপের কোনো ম্যাচ নেই। তবে ট্রাম্প জানিয়েছেন, ফুটবলের বৈশ্বিক আসরটি সফলভাবে আয়োজন করতেই তিনি সেনা পাঠাতে চাইছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।









