মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ১টি মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরো ১টি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহ দুটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আত্মীয়স্বজনরা খবর পেয়ে মনপুরা থানায় এসে মরদেহ দুটি শনাক্ত করে নিয়ে যায়।

মরদেহ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণীঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।

শনাক্ত হওয়া প্রথম মরদেহটি জেলার তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো. বেলাল হোসেনের (২৫) বলে শনাক্ত করে নিয়ে গেছেন তার স্বজনরা। দ্বিতীয় মরদেহটি মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০) বলে শনাক্ত করেছেন তার পরিবার।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোন প্রকার আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।




চন্দ্রদ্বীপ নিউজে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন আন্দোলনে চোখ হারানো বেল্লাল

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারান বেল্লাল হাওলাদার। এ বিষয়ে ‘আলো হারাতে বসেছেন বেল্লাল’ শিরোনামে চন্দ্রদ্বীপ নিউজ২৪.কমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সবার নজরে আসলে তাকে নগদ ৫০ হাজার টাকা দিয়েছেন এক ব্যক্তি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেল্লালকে নগদ০ ৫০ হাজার টাকা তুলে দেন ইঞ্জিনিয়ার সায়েম শাহনেওয়াজ। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সময়ে তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেল্লাল।

তিনি জানান , বিশেষ করে আমি ধন্যবাদ জানাই চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম পরিবারকে তাদের নিউজ সবার কাছে পৌঁছে যাওয়ার কারণে আমার সাথে অনেকই যোগাযোগ করে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা করি চন্দ্রদ্বীপ নিউজ সর্বক্ষণিক দেশ ও মানুষের জন্য সব সময় কাজ করে যাবে।

বেল্লালের বাড়ি নলছিটি উপজেলার কয়া বাজার গ্রামে। তার বাবার নাম মো. তৈয়ব আলী হাওলাদার। তিনি পেশায় ছিলেন একজন অটোচালক।

বেল্লাল আবেগে আপ্লুত হয়ে বলেন, আমাকে লন্ডন থেকে তারেক জিয়া (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ৫০ হাজার টাকা পাঠিয়েছে। আমাকে এর আগে একজন ২৫ হাজার টাকা দিয়েছে। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাকে অনেক অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। ভার্সিটির দুই সাবেক শিক্ষার্থীও চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক আপু আমাকে চিকিৎসার সময়ে ৭ হাজার টাকা দিয়েছিলেন। আমি যেহেতু দুই চোখে দেখি না তাই এই টাকাগুলো একসঙ্গে করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে হবে। অনেকে বলেছেন, আমি যাতে কিছু একটা করতে পারি সে জন্য আরও সহযোগিতা করবেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারাও অংশগ্রহণ করেন ওই ছাত্র আন্দোলনে। তখন পুলিশের ছোড়া রাবার বুলেট পিঠে ও চোখে লাগে বেল্লালের।

একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায় তাকে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকার আগারগাঁওয়ে একটি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয় বেল্লালকে।




এই সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন : জামায়াতের আমির

চন্দ্রদ্বীপ নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ তার রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত চলতে থাকুক। কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাদের প্রতিহত করবে। এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন।

তিনি বলেন, জাতির মৌলিক ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। বর্তমান সরকারের প্রয়োজনীয় সমালোচনা করবে। আবার সঙ্গে সঙ্গে এ সরকার যাতে সংস্কারের কাজগুলো করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতা করতে হবে। সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলামী একাডেমি মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাংলার মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে লাখ লাখ মানুষকে খুন করে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করল। বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন হলো। স্বাধীনতার পর দেশের মানুষ সুবিচার, সুশাসন আশা করেছিল। কিন্তু জনগণের সব আশায় গুড়েবালি। সবকিছুকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশে লুট আর খুনের রাজত্ব কায়েম হলো। স্বাধীনতা আরেকবার হারিয়ে গেল। সেই গহ্বর থেকে বাংলাদেশ উঠে আসতে পারেনি।

তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছিলেন এবং বিশ্বে উন্নয়নের রোলমডেলে প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজেরাই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতির রক্ত চুষে নেওয়ার বিনিময়ে, সব দলকে কোণঠাসা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এ কারণে জনগণের মনে খুব যন্ত্রণা ও কষ্ট।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে জামায়াতে ইসলামীর ওপর। এক থেকে ১১ শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভেতরে তাদের তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন, তাদের ওপর গোলাবারুদ নেমে এসেছে। শত শত সাথী-সঙ্গীকে হত্যা করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই অপশক্তিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র-জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত স্বৈরশাসককে বিদায় নিতে হয়েছে।

জামায়াতের আমির বলেন, আমাদের কোনো দায়িত্বশীল নেতা যাদের অন্যায় অযৌক্তিক অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদের কেউ পালিয়ে যাননি এবং পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডও চেষ্টা করেননি। কারণ আমাদের কোনো মামার দেশ নেই, মাসির দেশ নেই, দাদার দেশ নেই। আল্লাহ এখানে জন্ম দিয়েছেন, এই দেশকে বুকে আগলে ধরেই বেঁচে থাকতে চাই। এ দেশের সুখ-শান্তির সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক মজলুম দলগুলোর বিরুদ্ধে আপনাদেরও কলম চলেছে। অনেকেই বলেন চাপের কাছে আমরা অসহায় ছিলাম। আর শাসকরা বরাবরই বলেছে মিডিয়া স্বাধীন। কতটুকু স্বাধীন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আমরা সেই স্বাধীনতার ফল দেখতে পারিনি। এ জন্য আপনাদের দায়ী করবে না এবং অতীতেও ফিরে যাব না। এখন আপনারা মুক্ত, আমরা দাবি করব যাতে আপনাদের পবিত্র দায়িত্ব পালন করতে পারেন।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, আমরাই শুধু মজলুম ছিলাম না, বিএনপি ছিল, অন্যান্য সংগঠনও ছিল। এমনকি রাস্তার ভিক্ষুকও তাদের জুলুম থেকে রক্ষা পায়নি। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এমন রাজনীতি কেন করতে হবে, যে রাজনীতি করার পর আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হবে, সীমান্তে গিয়ে কলাপাতায় ঘুমাতে হবে। দিনশেষে আপনি যাতে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন এমন রাজনীতি করা উচিত ছিল।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে তিনি নাকি টুস করে ঢুকে পড়বেন। আপনি গেলেন কেন? আপনাকে কে যেতে বলেছিল? আপনি সবসময় বলতেন, আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন। এটা একটু দেখা দরকার ছিল। আপনার এ কথাই প্রমাণ করে দিতেন, এটাই ছিল আপনার রাজনীতিবিদসুলভ আচরণ। আপনি আসবেন, আপনার আসা উচিত, কারণ যা করেছেন আদালতের সামনে দাঁড়িয়ে তা দেখা দরকার। লাখ লাখ মানুষকে দফায় দফায় আপনি আদালতে নিয়েছেন, মা-বোনদেরও ছাড় দেননি। আপনি আসুন, এরকম আরও যারা আছেন তাদেরও আসা উচিত। এটাই মানবতার দাবি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছি, আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার মানে হলো আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় ও ইনসাফের দাবি হচ্ছে- যিনি অপরাধ করেছেন, নির্দিষ্ট অপরাধের জন্য তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পেতে হবে। যদি সে আইনের শাসন বাংলাদেশে কায়েম হয়, তবে আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না।

জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ শাহীনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূরা সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা মহানগরের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, পাবনা জেলার আমির মো. আবু তালেব মণ্ডল, কেন্দ্রীয় শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আলী আলম ও মাওলানা আব্দুস সালাম।




পিরোজপুরে চার বছরেও শেষ হয়নি ১৮ মাসের কাজ

বরিশাল অফিস ::পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা নদীর ওপর নির্মাণাধীন সেতুর নকশা জটিলতায় চার বছর ধরে কাজ বন্ধ রয়েছে। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে সেতু নির্মাণের কাজ শুরু হলেও চার বছর ধরে কাজ বন্ধ আছে। এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৩৫ শতাংশ। কাজ বন্ধ থাকার কারণে উপজেলার নলী জয়নগর গ্রাম ও পাশের বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া রশিদিয়া বন্দর বাজার সংলগ্ন দুই উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন বলেশ্বর নদ থেকে শুরু হয়ে হলতা নদী মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মধ্যদিয়ে চলে গেছে। হলতা নদীর দুই তীর ভরাট হয়ে সরু হয়ে গেছে। নাচনাপাড়া রশিদিয়া বন্দর বাজার সংলগ্ন সেতু কাজ শুরু হয়ে থেমে আছে। নদীর দুই তীরে শুধু সেতুর পাইলের কাজ করা হয়েছে। নির্মাণাধীন সেতুর পাশে সাঁকো তৈরি করে মানুষ চলাচল করছে। জোয়ারের পানি বৃদ্ধির কারণে সাঁকো দিয়ে চলতে অসুবিধা হচ্ছে। সাঁকোটি পুরোনো হয়ে যাওয়ায় যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নলী জয়নগর গ্রামের হলতা নদীর ওপর ৩৯ মিটার দৈর্ঘের গার্ডার সেতু নির্মাণের জন্য ২০১৯ সালের ১৭ নভেম্বর পিরোজপুরের আবির অ্যান্ড সর্দার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। সেতুটি নির্মাণ কাজের মেয়াদ ছিল ১৮ মাস। ২০২২ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ২০২০ সালের শেষ দিকে সেতুটির নির্মাণ কাজ ৩৫ ভাগ শেষ হওয়ার পর নকশা জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে যায়। তাই বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান আগের রেটে কাজ করতে না চাওয়ায় তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। বর্তমানে মঠবাড়িয়ার তহিদুল বাশার কবির ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে।

মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাই আগের ডিজাইন করা সেতু অনেক নিচু হয়ে যায়। জাহাজ চলাচল করতে অসুবিধা হবে। এসব কারণে সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। তাছাড়া কিছুটা টেন্ডার জটিলতাও ছিল। আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। আবার নতুন নকশা করে তিন ফুট উঁচু ডিজাইন করে টেন্ডার দিয়েছি। তহিদুল বাশার কবির ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে, তারা অল্পের ভেতরেই কাজ শুরু করবে।




অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে দেশকে অস্থির করা হচ্ছে: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব সংবিধান সংশোধন, সংস্কার কার্যক্রম, দেশের রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। একদিকে শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে জিও পলিটিক্সে যে পরিবর্তন ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে, ওইদিকে ভারতবর্ষের মনিপুরের যে বিদ্রোহ এসবগুলোকে যদি আপনি আনেন, জিওপলিটিক্সের এ ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। যেহেতু এখন কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে, এটা নিঃসন্দেহে একটা সরকারকে ডিস্টার্ব করা, বাংলাদেশের পলিটিক্সকে ডি-স্টেবেলাইজড করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে অন্যভাবে যে, আপনার এটাকে (পরিবর্তনটা) যারা বিপ্লব বলছেন, একটা প্রতিবিপ্লব ঘটানো, যে সুফল আমরা অর্জন করেছি সেই সুফলটাকে নষ্ট করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা।’

তিনি বলেন, ‘অন্যদিকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে যে সমস্ত কথা বলছেন সেগুলো কতটুকু সত্য-মিথ্যা আমি জানি না। তবে সে কথাগুলো এখানে বড় ইম্পেক্ট তৈরি করছে। সব মিলিয়ে বিষয়গুলো খুব কমফোর্টেবল না, বেশ আন-কমফোর্টেবল… বলা যায় যে, উদ্বিগ্ন হবার কারণ আছে।

গত ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ে আনসার বাহিনীর ঘেরাও, বিভিন্ন সংগঠনের নানা দাবি-দাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘মব লিঞ্চিং’, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিভিন্ন ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে সরকারকে অস্থিতিশীল করতেই করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

পাবর্ত্য চট্টগ্রামের অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গতকাল শুক্রবার মেইন ঘটনাটা ঘটছে। আমাকে আমাদের দলে যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান…উনি আগে এমপি প্রার্থী ছিলেন… তিনি আমাকে ফোন করে বললেন যে, স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন… কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আমি জানার পরে যাদের চিনি তাদের জানানোর পরে কারফিউ হয়নি… ১৪৪ ধারা দিয়ে চেষ্টা করা হয়েছে। ঠিক এফেক্টিভ কনট্রোল তারা করতে পারেনি… এর মধ্যে এটা (ঘটনা) বিস্তারলাভ করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার খুবই সিরিয়াস। তারা করতে চান, তারা সব কিছু করতে পারেন। আমার কথা হচ্ছে, আমরা সহযোগিতা করি। ইতোমধ্যে তারা অনেক বড় বড় কাজে হাত দিয়েছেন সেগুলো আমরা দেখি।’

এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপির পরামর্শ কি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পরামর্শ হচ্ছে, রেগুলার পলিটিক্যাল পার্টির সাথে বিশেষ মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলতে হবে। পাবর্ত্য চট্টগ্রামের বিষয়ে হলো, পাবর্ত্য চট্টগ্রামে তো আমাদের চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি। এখানে শুধু পাবর্ত্য চট্টগ্রামের সমস্যা তা নয়, সামাজিক সমস্যা আছে। এই সমস্যাগুলো দীর্ঘকাল ধরে আমরা সমাধান করিনি। আওয়ামী লীগ সরকার এতো কথা বলেছে, চুক্তি করেছে কিন্তু সমস্যার সমাধান করেনি। এটা তো একদিনে হবে না, ওদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, বিষয়গুলোকে আলাপ-আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে।

 




সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, তামিমের ইঙ্গিত কোন দিকে

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: চেন্নাই টেস্টটি একদমই ভালো কাটছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের, বিশেষ করে বোলিংয়ে। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।

দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফলতম বোলারকে এত পরে বোলিংয়ে আনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে কথা উঠেছে ধারাভাষ্য কক্ষেও। কথা হয়েছে তার কম বোলিং করা ও বোলিংয়ের ধার কমে নিয়ে যাওয়া নিয়েও।

সাকিবের বোলিং নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যের দায়িত্বে থাকা মুরালি কার্তিক। চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে সাকিবের সঙ্গে কথা বলেছেন তিনি। কার্তিক জানিয়েছেন, সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ঠিকভাবে আঙুল নাড়াতে পারছেন না সাকিব। বল গ্রিপেও সমস্যা হচ্ছে। এছাড়া কাঁধেও সমস্যা আছে তার।

সাকিবের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য বিসিবি কিছুই জানায়নি। এই বিষয়টি নিয়েই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম ইকবাল বলেছেন, ‘মুরালি কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।’

তামিম কোন দিকে ইঙ্গিত করেছেন সেটি সহজেই অনুমেয়। সাকিব ছাড়াও ভারত সফরে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনার আছে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে তাদের কেউ সুযোগ পেতেই পারতেন।

 




শান্ত’র ফিফটিতে ব্যবধান কমিয়ে দিন শেষ করল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে মারলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেলেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক স্পর্শ খেলতে তিনি নিলেন মাত্র ৫৫ বল। তবে এমন ইতিবাচক ব্যাটিংয়ের দিনেও দেড় শ রানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তাতে অবশ্য জয়ের লক্ষ্য থেকে কমেছে ব্যবধান। পরে আলোক স্বল্পতার কারণে প্রথমে খেলা বন্ধু ও পরে দিনের খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশের জয়ের আশা নেই বললেই চলে। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে। বিশাল এই লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন দিন শেষ করেছে বাংলাদেশ। জয়ের থেকে এখনো ৩৫৭ রান দূরে টাইগাররা।

গতকালের ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ঋশাভ পন্থ ও শুভমান গিল। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেন পন্থ। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের জুটি গড়েন তিনি।

পন্থ আউট হলেও লোকেশ রাহুলকে নিয়ে উইকেটে অপরাজিত ছিলেন গিল। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। তাতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশে। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে এটিই সর্বোচ্চ ওপেনিং রানের জুটি। তবে ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেননি তারা। দলীয় ৬২ রানে জাকির হাসানকে ফেরান জাসপ্রিত বুমরাহ। ৪৭ বলে ৩৩ রান করেন তিনি। আরেক ওপেনার সাদমান ৩৫ রান করে ফেরেন অশ্বিনের বলে। তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন শান্ত। সাদমানের ফেরার পর মুমিনুলও সেট হয়ে আউট হয়েছেন দলীয় ১২৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরা মুমিনুল করেছেন ১৩ রান। পাঁচে নেমে মুশফিক চার-ছক্কায় দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে দলীয় ১৪৬ রানে আউট হন তিনি।

এরপর জুটি বাধেন শান্ত ও সাকিব। এই সময়ে হাফ সেঞ্চুরিও পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক। টেস্টে ১০ ইনিংস পর ফিফটি পেলেন তিনি। এর আগে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশের দেখা পেয়েছিলেন তিনি। সেই ইনিংসে পরে সেঞ্চুরিও করেন তিনি। টেস্টে আজকের ফিফটি শান্তর ক্যারিয়ারের চতুর্থ। ফিফটি করা শান্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ৫১ রান করে। আরেক পাশে ১২ বলে ৫ রান নিয়ে অপরাজিত সাকিব। পরেে বাজে আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় দিনের খেলা।




যারা আইনশৃঙ্খলার অবনতি করতে চায়, তাদের হাত ভেঙে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের হাত ভেঙে দেব।’

শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টান নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের এই সভা অনষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করব। আমরা তাদের হাত ভেঙে দেব। আমি বারবার অনুরোধ করব, আইনশৃঙ্খলার যেন উন্নতি হয়। আমাদেরকে সহযোগিতা করবেন।’ স

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘দেয়ালে দেয়ালে আমরা যে গ্রাফিতি (ঢাকায় সম্প্রীতির বন্ধনের বাণীযুক্ত গ্রাফিতি) দেখেছি, এখানেও (পার্বত্য জেলা) তা দেখতে চাই। আমরা সবাই সম্প্রতি দেখতে চাই, কিন্তু কোথায় যেন ছন্দপতন হচ্ছে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্কর্তারা উপস্থিত ছিলেন।




সিদ্ধান্ত বদল, পদ্মার ইলিশ যাচ্ছে ভারতে

চন্দ্রদ্বীপ নিউজ :: অবশেষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পদ্মার ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।




রাঙামাটি সেনানিবাসে বৈঠকে তিন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা।

শনিবার দুপুর ১২টার পর রাঙামাটি জেলার সেনানিবাসের প্রান্তিক হলে এ বৈঠকে বসেছেন তারা।

এতে উপস্থিত আছেন বিভিন্ন জাতি-গোষ্ঠী ও সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বৈঠকে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় নেতারা।

মতবিনিময় সভায় উপস্থিত তিন উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাঙ্গামাটির সভা শেষে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দেবেন উপদেষ্টারা।

এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে বিজিবি হেড কোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীসহ (অব.) তিন উপদেষ্টা।

পার্বত্য জেলা রাঙামাটিতে শুক্রবার সংঘর্ষের পর ওইদিন রাত থেকেই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সম্মিলিত টহল বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি থাকায় রাঙামাটির পরিস্থিতি শান্ত রয়েছে। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকায় মূল সড়কে গাড়ি নেই, তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

উল্লেখ্য, গেল বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান। এ ঘটনায় তিনজন নিহত হন।