জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ জাপানে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প সৃষ্ট হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শুচিতা শারমিন

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিনকে নিয়োগ করা হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে।

পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।




সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কারাগারে

বরিশাল অফিস : : বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যার পর শামীমকে বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তার পক্ষে শতাধিক আইনজীবী জামিনের প্রার্থনা করে আবেদন জমা দেন।

তবে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হক।

জিআরও এনামুল হক বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামীমকে এজলাসে হাজির করা হয়। সেখানে ২০ মিনিটের মতো সময় তাকে রাখা হয়। তার জামিন চেয়ে করার আবেদনের শুনানি শেষে আদালত তাকে জেলে পাঠানোর আদেশ দেন। তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

শামীমের পক্ষের আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ‌্যাডভোকেট আফজালুল করিম ও অ‌্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, সাবেক প্রতিমন্ত্রীর জামিন আবেদনে শতাধিক আইনজীবী স্বাক্ষর করেছি। তাকে জামিন না দিলেও কারাগারে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদনও করা হয়েছে।

জিআরও বলেন, ডিভিশনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনয়নে দুই বারের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গত রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি। ওই মামলার বাদী মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।




জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়িবোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর জুরিবোর্ড ও চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। কিছুদিন আগে সেন্সর বোর্ড থেকে সরে দাঁড়ান আশফাক নিপুণ এবং কিংবদন্তি অভিনেত্রী শবনম সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড থেকে সরে দাঁড়ালেন কিংবন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

জুরিবোর্ড থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারব না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।

জুরিবোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তাদের মধ্যে ইলিয়াস কাঞ্চন তার পদ থেকে সড়ে দাঁড়ালেন।

প্রত্যেকবারের মতো এবারো মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




বরিশালে শ্রমিক কল্যাণের নামে তোলা চাঁদায় নেতাদের ভাগ্য বদল

বরিশাল অফিস :: সরকার পরিবর্তন হলেও নৈরাজ্য কমেনি বলে অভিযোগ দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকদের। বছরের পর বছর ধরে শ্রমিক কল্যাণের নামে চাঁদা তোলা হলেও তা জোটেনি শ্রমিকের ভাগ্যে। গত ১৬ বছরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে কোটি কোটি টাকার কোনো হদিস নেই বলে অভিযোগ উঠেছে। শ্রমিক কল্যাণ বাদে, লুটপাট হয়েছে অন্যসব ফান্ডের টাকাও।

পদ্মাসেতু চালুর পর, ঢাকা-বরিশাল রুটে যান চলাচল বেড়েছে কয়েকগুণ। সেইসঙ্গে বেড়েছে চাঁদাবাজির ধরনও। শ্রমিকদের কল্যাণের অজুহাতে দূরপাল্লার বাস থেকে সাড়ে ৩০০ টাকা ও অভ্যন্তরীণ পরিবহনের বাস থেকে প্রতিদিন ১২০ টাকা হারে মাসে কয়েক লাখ টাকার চাঁদা তোলা হতো বলে অভিযোগ উঠেছে। তবে এসব টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা জানেন না চালক ও সুপার ভাইজাররা।


বাস চালকরা অভিযোগ করেন, প্রতিদিন ১২০ টাকা করে দিচ্ছি। প্রায় ১৪০০ থেকে ১৫০০ শ্রমিক আছে। বাস প্রতি আলাদা চাঁদা আছে। ইউনিয়ন বলছে, শ্রমিকদের মৃত্যু পর এককালীন টাকা পাবে। এমন অনেক মৃত শ্রমিকের পরিবার টাকার জন্য সমিতিতে ধরনা দিচ্ছে, কিন্তু কোনো সুফল মিলেনি। তাহলে শ্রমিকদের কল্যাণে তোলা টাকা যাচ্ছে কোথায়?

পরিবহন শ্রমিকদের দাবি, তাদের কোনো শ্রমিকের স্বাভাবিক মৃত্যুতে ইউনিয়ন থেকে নগদ ৪০ হাজার ও দুর্ঘটনায় নিহত হলে নগদ ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও, বিগত ১৬ বছরে মারা যাওয়া দেড় শতাধিক নিহত শ্রমিকের পরিবারকে সেই অর্থ পরিশোধ না করে নিজেরাই আত্মসাৎ করেছেন পরিবহন নেতারা।

গত ১৬ বছর টার্মিনালের কাঙ্ক্ষিত উন্নয়ন তো হয়নি, বরং বহিরাগতদের এনে, দখল করে অর্থ লোপাটের রাজ্য গড়ে ছিল বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এমনকি, শ্রমিক কল্যাণের নামে কেনা পাঁচটি বাস বিক্রি করে লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘এ সংগঠন বর্তমানে ৬০-৬৫ লাখ টাকা দেনা আছে। এ সমিতির এমন অবস্থা করেছে সাবেক শ্রমিক নেতারা, এখন একজন মেহমান এলে নিজেদের পকেটের টাকা দিয়ে চা কিনে খাওয়াতে হয়।’

বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, ‘যদি প্রকৃত বাস চালকরা শ্রমিকদের নেতা হয়, তাহলে শ্রমিকদের কল্যাণ হবে। কিন্তু রাজনৈতিকভাবে আসা বহিরাগতরা নেতা হলে শ্রমিকের জন্য ভালো কিছু আসা করা যায় না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বদৌলতে ২০১২ থেকে ২০১৯ এবং ২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত বরিশাল বাস মালিক সমিতির সভাপতি পদের দায়িত্ব পালন করেন তৎকালীন জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত গোলাম মাশরেক এবং ২০২৩ সালের নভেম্বরে সাবেক সিটি মেয়র খোকন আব্দুল্লাহর সহযোগিতায় এ দায়িত্ব নেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।



বরিশালে সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার

বরিশাল অফিস ::বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে তার নিজ বাসভবন থেকে পালানোর সময় গ্রেফতার হন তিনি।
জামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য। তার ভাই ৯ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর হুমায়ন ক‌বির লিংকু। সি‌টি নির্বাচ‌নের সময় মহানগর যুবদ‌লের সহ সভাপ‌তি পদ থে‌কে ব‌হিষ্কার করা হয় তা‌কে।

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা ওসি  মিজানুর রহমান।
তিনি বলেন, একটি চাঁদাবাজির মামলায় ঢাকায় গ্রেফতার হয়েছে জামাল হোসেন নোমান। তাকে বরিশালে আনতে কার্যক্রম চলমান আছে।
মামলা সূত্রে জানা যায়, ৬ আগস্ট ৭৫ বছর বয়স্ক মালতী রাণী নাথের জমি, দোকান দখল, লুটপাট করার পাশাপা‌শি চাঁদাবাজী ক‌রে জামাল হোসেন নোমানসহ তার বাহিনী। ওই ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বরিশাল নগরীর চকবাজারের দেবনাথ বস্ত্রালয়ের মালিক দেবাশীষ দেবনাথ। মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

 

 

 

 

মামলার বাদী দেবাশীষ দেবনাথ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পত‌নের পরের দিন ৬ আগস্ট অবৈধভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয় বিএনপি নেতা নোমান ও তার ভাই কাউন্সিলর লিংকুসহ ১০/১২ জন। সেই ঘটনায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনও অধরা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।



ইউনূস-বাইডেন সাক্ষাৎ বিরল ঘটনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেড় মাস পার করেছে। এই সময়ে দেশের অভ্যন্তরে সৃষ্ট নানা জটিলতায় কিছুটা বেকায়দায় আছে সরকার। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউনূসের সরকারকে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। নিউইয়র্কে কোনো দেশের শীর্ষ নেতার জন্য মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া কিছুটা বিরল ঘটনা। ড. ইউনূস নোবেল লরেট হওয়ায় এবং বৈশ্বিকভাবে পরিচিত মুখ হওয়ায় এ সাক্ষাতের সুযোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব ঠিক থাকলে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস-বাইডেন বৈঠকে বসবেন। স্বাভাবিকভাবে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ড. ইউনূস l

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক কূটনীতিক বলেন, নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি হবে এক্সক্লুসিভ। সব ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।




সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ ::রাজধানীর বারিধারা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেফতার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।




ছিনতাইকারীদের কবলে সাংবাদিক: কুপিয়ে জখম

বরিশাল অফিস :: শশুর বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে সর্বস্ত্র খুঁইয়েছেন সাংবাদিক মেহেদী হাসান। ছিনতাইকারীরা সাংবাদিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে। রোববার  সকালে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বানিয়াশুরী গ্রামের বাড়ি থেকে কটকস্থল গ্রামের শশুড় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে পৌঁছলে কতিপয় যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তাকে (মেহেদী) ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে  সাথে থাকা ৫৭ হাজার পাঁচশ’ টাকা, ব্যবহৃত ঘড়ি, একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এসময় তার (মেহেদী) চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনারসাথে জড়িত নন্দনপট্টি গ্রামের আলামিন ফকির, কটকস্থল গ্রামের হৃদয় মোল্লা, তাফসির মোল্লা, বেজগাতি গ্রামের মাহাবুব ঘরামী ও শাওনের পরিচয় পাওয়া গেলেও তাদের সাথে অজ্ঞাতানামা আরো ৩/৪ জনের পরিচয় পাওয়া যায়নি।

লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।




“আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই”

বরিশাল অফিস :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় দায়িত্বরত অতিরিক্ত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বার বার বলেছেন শেখ হাসিনা এবারো নির্বাচন নিরাপদ হতে দেবেনা।

এছাড়া জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে জিএম কাদের সবার আগে সমর্থন জানিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা যেভাবে ছাত্র-জনতার বুকে গুলি করে মানুষ হত্যা করেছে তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

রোববার  বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর জাতীয় পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এখনও দেখছি একটি মহল দেশে ষড়যন্ত্র করে চলছে। এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, জাপার জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, মহানগর যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান, মঞ্জুরুল ইসলাম খোকন, কামাল চৌধুরী, ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, যুব সংহতির মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব আলামিন চিশতি, শ্রমিক পার্টির জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর সভাপতি আবদুস সোবাহান, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মোসলেম ফরাজী, সদস্য সচিব গাজী আবদুর রহমান প্রমুখ।

সবশেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপণ্ডপরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।