অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী




বরিশালে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস পালিত

বরিশাল অফিস :: বরিশালে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে শিশু সমাবেশ, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জিলাস্কুল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক মো. রিয়াদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানি হালদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিসেফের দেওয়া তথ্যমতে প্রতিবছর বাংলাদেশে প্রায় নয় হাজার শিশু পানিতে ডুবে মারা য়ায়। শিশুদের আদর-স্নেহে আমরা বড় করি, কিন্তু তাদের সাঁতার শিখানো প্রয়োজন তা আমরা একবারও ভাবি না। শিশুদের নিরাপত্তার জন্য সাঁতার শিখাতে হবে।

আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ সংস্কারক ও উদ্যোক্তা উল্লেখ করে বক্তারা আরও বলেন, শিশুর জন্মের পর জন্মনিবন্ধন ও নাম পাওয়া তার অধিকার। এ অধিকার বাস্তবায়নের জন্য বাবা-মা, পরিবার, শিক্ষকের অগ্রণী ভূমিকা রয়েছে। শিশুদের আনন্দ দিতে হবে। আনন্দের মধ্য দিয়ে নীতি-নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার ও পড়াশোনা শেখাতে হবে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল  কাজ শেখাতে হবে। এতে তার চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। শিশুদের কোন ভুলের জন্য শাস্তি দেওয়া যাবে না। মায়া-মমতা দিয়ে বুঝাতে হবে। সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। তবেই তারা সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে।




ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে শেবাচিম পরিচালকের পদত্যাগ

বরিশাল অফিস ::ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে দেখা গেছে তাঁকে।

হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ চারদফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এ ছাড়া হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় পরিচালকের পদত্যাগ দাবি করেন তাঁরা। দুপুরে পরিচালকের কর্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটি নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এ ঘটনায় শিশু জুনায়েদের এক স্বজন চিকিৎসক ও নার্সদের গালিগালাজ এবং লাঞ্চিত করে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় শনিবার সকালে হাসপাতালের পরিচালক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথে আলোচনায় বসেন ইন্টার্ন ও অন্যান্য চিকিৎসকেরা। এ সময় তাঁরা পরিচালকের কাছে চার দফা দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে দোষীদের গ্রেপ্তার, হাসপাতালে ২৪ ঘন্টা নিরাপত্তায় আনসার সদস্যদের সংখ্যা তিনগুণ বৃদ্ধি ও অন্তত ৩০ জন পুলিশ সদস্য রাখা, শয্যার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ ও একজন রোগীর সাথে একজন স্বজন রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরন করতে না পারলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকলেও সকাল থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।




কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত, আহত ২

চন্দ্রদ্বীপ নিউজ ::কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় তিন শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনর রশীদ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতেরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে বিথি (১২)। আহতেরা হলো ফাতেমা ও সাদিয়া। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

হারুনর রশীদ বলেন, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ঘটনাস্থলেই মিম মারা যায়। আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তানজিলা ও বিথি মারা যায়। ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বলেও জানান হারুনর রশীদ। তবে মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন বা এর চালক সম্পর্কে কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।




আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান কারাগারে

চন্দ্রদ্বীপ নিউজ ::আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেছিলেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এ আবেদন করেন তিনি। তার অভিযোগ ছিল, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে।

তবে জামিন মেলেনি দীর্ঘ ছয় বছর পরে দেশে আসা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদকের। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পলাতক দেখিয়ে মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত শুক্রবার দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এই সম্পাদক।

এদিকে মাহমুদুর রহমানের আত্মসমর্পণকে ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রধান গেটের বাইরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আদালত ভবনের বাইরেও সর্তকতায় রয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা।




অবশেষে কমল স্বর্ণের দাম

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের বাজারে অবশেষে কমল স্বর্ণের দাম। চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি ২২ ক্যারেট বা ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা ক‌মিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা করা হয়েছে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ১৯৬ টাকা করা হয়েছে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়।




সমালোচনার মুখে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ :: সমালোচনার মুখে বাতিল করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তব বোর্ড (এনসিটিবি) গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৫ সেপ্টেম্বরের স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে প্রধান করা হয় প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

ওই কমিটির সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান, সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক এ এফ এম সারোয়ার জাহান। কমিটির সদস্যসচিব হিসেবে করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানকে।

কমিটিতে থাকা রাখাল রাহা, ঢাবির সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক কামরুল হাসান মামুনকে নিয়ে আপত্তি তোলেন শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন আলেম। বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশও হয়। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলদেশও এ কমিটি নিয়ে আপত্তি তোলে।




শেখ হাসিনার জন্মদিন পালন করতে দিল না পুলিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে, এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি ছাত্রদের শোভাযাত্রা করতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতারা আনন্দমিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল আহম্মেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।




শেখ হাসিনা আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন: মামুনুল হক

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসনিা শুধু বাংলাদেশের জনগণ থেকে নয়, নিজ দলের নেতাকর্মীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতি করেছিল, তার প্রধান বৈশিষ্ট্য ছিল, প্রতিশোধের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি সব করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘স্বৈরশাসক হুসেই মুহম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন।’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘ইতিহাস প্রমাণ করে, যে দেশের মানুষ হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, শেখ হাসিনাও মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পাসহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে।’

মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা জানত ১৫ আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন যেন আওয়ামী লীগ আর বাংলাদেশের কোনোদিন রাজনীতি করতে না পারে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই আওয়ামী লীগে যদি কোনো রাজনীতিবিদ থেকে থাকেন, আপনাদের যদি বাংলাদেশের রাষ্ট্র নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি দুইটা পরামর্শ দেব। এক নম্বর পরামর্শ, আপনাদের বড় অপরাধ হয়েছে, এরকম একজন মানসিক বৈকল্যের স্বীকার মানুষকে এই জাতির ওপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্তবড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার।’

মামুনুল হক বলেন, ‘আর একটা পরামর্শ থাকবে, এই নামটা পরিবর্তন করে ফেলেন। কারণ এই লীগ নামে যা কিছু হয় সবকিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এত হত্যার দাগ নিয়ে, এত রক্তের দাগ নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা আপনাদের সহযোগিতা করছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করব এ ধরনের ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো চেহারা দিকে তাকিয়ে কথা বলার ফুরসত আমাদের নাই।’

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসনাত জালালী, সহবায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।




৪ দাবিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল অফিস :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চার দফা দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে ইন্টার্ন চিকিৎসক মো. আকিব জানিয়েছেন।

ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। তখন শিশুর মা এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা করেন। এ ঘটনায় শিশুর মাকে আসামি করে মামলাও করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে ওই নারীকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ইন্টার্ন চিকিৎসক আকিব জানান, চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা, রোগীর চিকিৎসা সেবায় বেড অনুযায়ী ভর্তির ব্যবস্থা ও অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছি। তারা যদি দাবি না মেনে নেন, তাহলে কঠোর আন্দোলন করা হবে। তাদের এ আন্দোলনে সব চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন বলে জানান ডা. আকিব।

বর্তমানে হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। সবাই কর্মবিরতি পালন করছেন বলেন জানান তিনি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের পক্ষ যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য সব ইউনিট প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। তারা চিকিৎসা সেবা চালিয়ে নেবেন।