তাসনিয়া ফারিণ: “আমরা সবসময় শয়তানের ওপর দোষ চাপিয়ে বাঁচতে চাই”

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। নাটক, ওয়েব ফিল্ম ও কলকাতার সিনেমাতে তার সাফল্যের পর, এবার তিনি শেয়ার করলেন এক গভীর ভাবনা।
শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিণ লেখেন, “আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে জানে না। আর যারা জানে, তাদের ওপর শয়তান কখনও আছর করতে পারে না। আপনি কোন দলে?”
ফারিণের এই পোস্ট আসলে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ **’চক্র’** প্রচারের অংশ। পোস্টের মন্তব্য অংশে তিনি উল্লেখ করেছেন সিরিজটির ব্যাপারে।
প্রকাশিত হওয়া **‘চক্র’** ওয়েব সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ফারিণ জানান, শুটিং চলাকালীন সময় তার এবং দলের সদস্যদের অনেকেই বিভিন্ন দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, “শুটিং করতে গিয়ে আমি একবার অজ্ঞান হয়ে যাই, আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। এছাড়া অনেকেই সেট থেকে হঠাৎ চলে যেতে শুরু করেছিল, যার কোনো ব্যাখ্যা আজও পাইনি।”
তিনি আরও বলেন, “অনেক কষ্ট ও বিপদের পরেও অবশেষে ‘চক্র’ মুক্তি পেয়েছে। তাই সবাইকে অনুরোধ করব, এই ওয়েব সিরিজটি দেখে আমাদের পরিশ্রমের মূল্যায়ন করুন।”
**‘চক্র’-এ** প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এছাড়া আছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ আরও অনেকে।








