টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলে আছে একাধিক বড় দলের ম্যাচ।

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–হোবার্ট হারিকেন্স
সকাল ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

মেলবোর্ন রেনেগেডস–পার্থ স্করচার্স
সকাল ১০টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

হংকং ক্রিকেট সিক্সেস

অস্ট্রেলিয়া–নেপাল
সকাল ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস ১

ভারত–সংযুক্ত আরব আমিরাত
সকাল ৭–২৫ মিনিট , স্টার স্পোর্টস ১

মুম্বাই টেস্ট–২য় দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ১০টা , স্পোর্টস ১৮-১ ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল–আর্সেনাল
সন্ধ্যা ৬–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–ম্যানচেস্টার সিটি
রাত ৯টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-ব্রাইটন
রাত ৯টা , স্টার স্পোর্টস সিলেক্ট ২

উলভারহ্যাম্পটন–ক্রিস্টাল প্যালেস
রাত ১১–৩০ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: প্যারিস মাস্টার্স
সেমিফাইনাল
সন্ধ্যা ৭টা , সনি স্পোর্টস টেন ৫

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–ইউনিয়ন বার্লিন
রাত ৮–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–লাইপজিগ
রাত ১১–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
আল ইত্তিফাক–আল কাদিসিয়া
রাত ১২টা , সনি স্পোর্টস টেন ২




সরকারি বরাদ্দে খাল ভরাট করে বাজার

বরিশাল অফিস :: খালটি দিয়ে একসময় নৌকা চলত। জোয়ার-ভাটার পানি আসত। নিষ্কাশন হতো জমে থাকা বৃষ্টির পানি। চলত সেচকাজ। পৌর কর্তৃপক্ষ সেই খাল ভরাট করে বাজার বসিয়েছে। স্থানীয় কয়েকজন যে যার মতো দখল করে দোকান তৈরি করেছে। এতে সংকুচিত হয়ে পড়েছে খালটি।

এ চিত্র বরগুনার বেতাগী পৌরসভার টাউনব্রিজ এলাকার বেতাগী খালের। পাইলিং দিয়ে বালু ফেলে ভরাট করা হয়েছে খালটির। বাজার বসিয়ে ইজারা দিয়ে রীতিমতো খাজনা আদায় করছে পৌর কর্তৃপক্ষ।

তবে পৌর কর্তৃপক্ষ বলছে, এ এলাকায় কাঁচাবাজার, দুধ বিক্রি ও চায়ের দোকানিদের বসার কোনো জায়গা নেই। সেতু ও রাস্তার ওপর পণ্য বিক্রি করা হয়। এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হয়। তাদের কথা চিন্তা করেই পানি উন্নয়ন বোর্ড ও ভূমি অফিসের সঙ্গে আলোচনা করে কাবিটা, টিআর ও উন্নয়ন খাতের অর্থ দিয়ে খালটি ভরাট করে বাজার বসানো হয়েছে।

এতে বছরে ১০ লাখ টাকার রাজস্ব আয় বেড়েছে। আক্ষেপ করে বরগুনা পলিসি ফোরামের আহ্বায়ক হাসান ঝন্টু বলেন, সাময়িক লাভের আশায় পরিবেশের এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। সরকারি কোন কোন প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। খাল রক্ষায় আইনের শতভাগ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিষখালী নদীর মোহনা থেকে বেতাগী মৌজায় ৭ হাজার মিটার দৈর্ঘ্য ও ৩৫ মিটার প্রস্থের খালটি বেতাগী সদর ও হোসনাবাদ ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। এ খাল ব্যবহার করে একসময় নৌকায় করে সরকারি খাদ্যগুদাম ও বেতাগী বন্দরের ব্যবসায়ীদের মালপত্র পরিবহন হতো। কয়েক বছর ধরে খালটি দখল ও ভরাট করছে স্থানীয় লোকজন। গত বছর এ কার্যক্রমে যোগ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এতে খাল দিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। পানিপ্রবাহে বাধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া খাল ভরাটের কারণে পানি সরবরাহ, মৎস্য অভয়াশ্রমসহ বেশ কয়েকটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাসহ পরিবেশবিদরা।

মৎস্য অফিসের একাধিক কর্মকর্তা জানান, খাল সংকুচিত হওয়ায় অভয়াশ্রম থেকে মাছসহ জলজ প্রাণী অন্য এলাকায় চলে যাচ্ছে। পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীন কাজে খালটি অস্তিত্ব হারানোর উপক্রম হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমদ বলেন, খাল ভরাট হয়ে গেলে কৃষকের সেচ সুবিধা সংকুচিত হবে। ফসল আবাদে খরচ বেড়ে যাবে। এতে তাদের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়বে। পাশাপাশি খাদ্য সংকট দেখা দেবে।

দক্ষিণ হোসনাবাদ গ্রামের জেলে আফজাল হোসেন বলেন, আমরা গরিব মানুষ। মাছ ধরে খাই। খাল ভরাট হয়ে গেলে আমরা না খেয়ে মারা যাব।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে খালটি স্থানীয় লোকজন বিভিন্নভাবে দখল করে আসছে। পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা ও উপজেলা প্রশাসন থেকে বাধা দেওয়া হয়নি। খোদ পৌর কর্তৃপক্ষ কীভাবে খালটি ভরাট করল বোধগম্য নয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন বলেন, সংশ্লিষ্ট ভূমি অফিস জায়গা নির্ধারণ করে দেওয়ার পর খালে বালু ফেলে ভরাট করা হয়েছে। কোনো অনিয়ম হয়ে থাকলে পৌর প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে নির্দেশ দেবেন, সে অনুযায়ী কাজ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার ফারুক আহমদ বলেন, যৌক্তিক কারণ ছাড়া খাল ভরাটের এখতিয়ার ভূমি অফিস বা পৌর কর্তৃপক্ষের নেই। আমি এখানে যোগদানের আগেই এ কাজ হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পেলে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে খালের ভরাট অংশ উচ্ছেদেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, খালটি ভূমি অফিসের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। আমাদের সংশ্লিষ্টতা না থাকায় ভরাটে বাধা দেওয়া হয়নি।




পাকিস্তানের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তুফান’

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’ এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। (১ নভেম্বর) থেকে পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টিরও বেশি পর্দায় উর্দু ভাষায় প্রদর্শিত হবে সিনেমাটি। রায়হান রাফির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি পাকিস্তানি দর্শকদের জন্য বিশেষভাবে ডাবিং করা হয়েছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স ছাড়াও লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ মোট ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার বৈশ্বিক যাত্রার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল ‘প্রিয়তমা’ দিয়ে। সেই সিনেমার গান ও গল্প বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়। এবার পাকিস্তানে ‘তুফান’ মুক্তির মাধ্যমে আমাদের চলচ্চিত্রশিল্পের আরো একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা, পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী এবং আরও কয়েকজন পরিচিত অভিনেতা। সিনেমাটি গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় এবং পরে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রদর্শিত হয়। বর্তমানে ‘তুফান’ হইচই এবং চরকি প্ল্যাটফর্মেও উপলব্ধ রয়েছে।




শীতকালে বারান্দায় যেসব ফুলের গাছ লাগাবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: শীতের মৌসুম আসলেই আমাদের মন চায় একটু রঙিন করে নিতে। বিশেষ করে বারান্দায় ফুলের বাগান সাজানোর সময়। শীতের এই সময় বাহারি ফুলের সৌন্দর্য্য আমাদের ঘরের সৌন্দর্য্যকে বৃদ্ধি করে। তাই আসুন, জানি কেমন ফুলগাছ লাগালে আমাদের বারান্দা শীতে হয়ে উঠবে রঙিন।

ফুলগাছের তালিকা:

অর্কিড: অর্কিড ফুলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। শীতকালে রঙবেরঙের অর্কিড আপনার বাগানকে উজ্জ্বল রাখতে পারে। তবে, শীতের মাসগুলোতে অর্কিডের বৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে যায়। তাই, প্রতি ১০ দিনে একবার পানি দেওয়া সবচেয়ে ভালো।

পিটুনিয়া: শীতকালীন ফুল হলেও, পিটুনিয়া যথাযথ যত্নে আমাদের দেশের আবহাওয়াতেও ফুটিয়ে তোলা সম্ভব। নানা রঙের পিটুনিয়া আপনার বারান্দা বা ছাদের সৌন্দর্য্যকে দ্বিগুণ করবে এবং মন ভালো রাখবে।

গাঁদা: গাঁদা ফুলের মধ্যে হলুদ, কমলা, সাদা রঙের জাত বিশেষভাবে প্রশংসিত। এই ফুলের যত্ন নিতে কিছুটা সময় দিতে হবে, তবে যারা ফুলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এটি আদর্শ।

অন্যান্য ফুলগাছ:
শীতের সময় বারান্দায় লাগানোর জন্য আরও কিছু ফুলগাছের নাম উল্লেখ করা যায়, যেমন: চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, পপি, সূর্যমুখী ইত্যাদি। এগুলোও শীতের বাগানে যুক্ত করে ভিন্ন রঙের সৌন্দর্য্য আনতে পারেন।

বসানোর জন্য স্থান নির্বাচন:
বারান্দায় সঠিকভাবে ফুলগাছ বসানোর জন্য গ্রিল বা ওয়ালে কিছু গাছ ঝুলিয়ে দেওয়া যেতে পারে। ন্যাস্টারশিয়াস, পিটুনিয়া এবং ভারবেনা ফুল ঝোলানোর জন্য ভালো। এছাড়া লতানো গাছের জন্য মর্নিং গ্লোরি ও নীলমণি লতা খুব সুন্দর দেখাবে।

যত্নের টিপস:
গাছের গোড়ায় যদি পানি জমে থাকে, তবে পানি দেওয়ার দরকার নেই। সপ্তাহে অন্তত দু’দিন গাছগুলোকে রোদে রাখতে হবে। এছাড়া, পুষ্টির জন্য সরিষার খৈল মাসে দুবার গাছের গোড়ায় দিতে পারেন। নিয়মিত ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ কম হবে।

 




বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস :; বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাস চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার ববির ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মিম রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখার সময় রাত পৌঁনে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলছিল। রাত পৌঁনে ১১টার দিকে ঘাতক বাসটিতে আগুন দিয়েছে শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে জনভোগান্তি দেখা দিয়েছে। ঘাতক বাসটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি। চালকসহ জড়িতরাও আটক হয়নি। নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এছাড়া ববির সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আমরা ঘটনাস্থলের পাশে রয়েছি। ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

 




বরিশালে বিএনপি নেতাকর্মীদের ব্যানার প্রতিযোগিতা

বরিশাল অফিস :: দলের হাই কমান্ডের নির্দেশকে উপেক্ষা করে গত ৫ আগস্টের পর থেকে অদ্যবর্ধি ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার বিভিন্ন বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে বিএনপি নেতাদের ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সয়লাব হয়ে গেছে।

বিএনপির চেয়ারপার্সন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সম্ভ্রাব্য বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক সাংসদদের ছবি সংবলিত এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে স্ব-স্ব এলাকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার সমর্থকদের ছবিজুড়ে দিয়ে নিজেদের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বড় নেতা হিসেবে জাহির করা হচ্ছে। যারমাধ্যমে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এরমধ্যে অনেকেই দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

ব্যানার প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রবাসে অবস্থান করা বিএনপির কর্মী সমর্থকরাও। তারা অনেকেই তাদের লোকজন দিয়ে সু-বিশাল ব্যানার করে বিভিন্নস্থানে সাটিয়ে দিয়েছেন। অথচ ব্যানার প্রতিযোগিতায় নামা অধিকাংশরাই দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর রাতারাতি ওইসব সুবিধাভোগীরা ভোল্ট পাল্টে এখন নিজেদের বিএনপি নেতা দাবি করে সুবিশাল ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রতিযোগিতায় নেমেছেন।

দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, উল্লিখিত বিষয়গুলো আঁচ করতে পেরেই কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও কেউ সেই নির্দেশ মানছেন না। যে যেভাবে পারছেন সেভাবেই কেন্দ্রীয় নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার সাটাচ্ছেন। বিষয়টি দলের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের জেলার প্রবেশদ্বার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি বাসষ্ট্যান্ড থেকে শুরু করে হাট-বাজারের অলিগলি এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে তাদের অনুসারী নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছে।

একইভাবে বরিশাল-২ আসনে বিএনপি দলীয় সম্ভ্রাব্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে মহাসড়কের উজিরপুর উপজেলার অংশের দুই পাশে ব্যাপক ব্যানার ও বিলবোর্ড সাটানো হয়েছে। অভিযোগ রয়েছে, ওই উপজেলার এক প্রবাসী বিএনপি কর্মীর পক্ষে এলাকায় ব্যাপক ব্যানার ও ফেস্টুন সাটিয়ে তার অনুসারীদের মাধ্যমে চাঁদাবাজিতে মেতে উঠেছে।

সার্বিক বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমার (সোবাহান) ছবি ব্যবহার করে কর্মী সমর্থকরা ব্যাপক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সাটিয়েছিলো। এরইমধ্যে যত্রতত্রভাবে এসব প্রচারনা বন্ধে দলের হাইকমান্ডের নিষেধাজ্ঞার পর কর্মী সমর্থকদের ওইসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।




বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগ

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিতে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ২০২৪ সালের ২৪ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: মূল বেতন ৫৪,৬০০ টাকা।

সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্য সুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

পদসংখ্যা: ৭

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ২০২৪ সালের ২৪ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: মূল বেতন ৪২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্য সুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: ২০২৪ সালের ২৪ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: মূল বেতন ৪২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্য সুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিসিপিসিএলের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে সংশ্লিষ্ট পদে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

১৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

 




রোজার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

চন্দ্রদ্বীপ ইসলাম ডেস্ক :: ২০২৫ সালে পবিত্র রামজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি ঘোষণা করেছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে এটা সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।




মেঘনায় অভিযান চলাকালে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

বরিশাল প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ নিধনকালে অভিযান চালাতে গিয়ে নয়ন ব্যাপারী (৬০) নামে এক জেলে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নয়ন ব্যাপারী ও তার ছেলে ফরিদ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরছিলেন। হঠাৎ স্পিডবোটের শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসছে ভেবে দ্রুত পালানোর চেষ্টা করেন তারা। পালানোর সময় নয়ন ট্রলার থেকে নদীতে পড়ে যান এবং ট্রলারের প্রপেলারের আঘাতে গুরুতর আহত হন। তার ছেলে ফরিদ নদীতে ঝাঁপিয়ে পড়ে নয়নকে অচেতন অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার্থে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে জেলেদের সহায়তার জন্য ২৫ কেজি করে চাল বিতরণ করেছে মৎস্য বিভাগ।




বরিশা‌লে ৩শ’ কেজি প‌লি‌থিন জব্দ

বরিশাল অফিস :: ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের বিমানবন্দর থানাধীন রহমতপুর ব্রিজ এলাকায় ইকরা পরিবহন থেকে তিন বস্তায় প্রায় ৩শ’ কেজি নি‌ষিদ্ধ‌ঘো‌ষিত প‌লি‌থিন উদ্ধার ক‌রে‌ছে শিক্ষার্থী এবং সাংবাদিকরা। পরে বরিশালের প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের কাছে হস্তান্তর করেন তারা। এসময় বাসের সুপারভাইজার পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (২৬ অ‌ক্টোবর ) রাতে নিয়মিত মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন ব‌রিশাল প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের পরিদর্শক বি এম রকিব উদ্দিন।

তি‌নি ব‌লেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ‌শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানা সংলগ্ন গড়িয়ারপাড় এলাকায় শিক্ষার্থীদের সহায়তায় অ‌ভিযান চালানো হয়। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ঢাকা-পটুয়াখালী রুটের ইকরা পরিবহন থে‌কে প্রায় ৩শ’ কেজি প‌লি‌থিন উদ্ধার করা হয়।

এদিকে,পরিবহন থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ পলিথিন ছাড়াতে বরিশালের কয়েকজন সাংবাদিক পরিচয়দানকারী সুপারিশ করেন। এমনকি শিক্ষার্থীদের অর্থের প্রলোভনও দেখায় তারা। তবে, শিক্ষার্থীরা তাদের সাথে কোনো আর্থিক সুবিধা না নিয়ে তারা সকল বাঁধা কাটিয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সোহান নামের এক শিক্ষার্থী জানায়, আমাদের এক পরিচিতজনের মাধ্যমে একটি সংবাদ পাই যে, নিষিদ্ধ পলিথিন একটি গাড়িতে ঢাকা থেকে বরিশাল আসতেছে।

পরবর্তীতে, আমরা স্থানীয়দের সহযোগিতায় ইকরা নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে বরিশাল পরিবেশ অধিদপ্তর এসে পলিথিনগুলো জব্দ করে নিয়ে যায়।