লবণাক্ত জমিতে কেনাফ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ কয়েকজন কৃষক কেনাফ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এটি পাটের বিকল্প একটি আঁশজাতীয় ফসল, যা লবণাক্ত জমিতে ভালো ফলন দেয়।

বরিশাল বিভাগের চার জেলায় প্রায় ৩ লাখ ৪০ হাজার হেক্টর লবণাক্ত জমি বছরের অধিকাংশ সময় পতিত থাকে। এসব জমিকে ফসলি জমিতে পরিণত করতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্যোগ নিয়েছে কেনাফের আবাদ সম্প্রসারণের।

২০২৩ সালে বিজেআরআই-এর বিজ্ঞানীরা উদ্ভাবন করেন লবণসহিষ্ণু ও জলবায়ু-সহনশীল কেনাফের নতুন জাত। কেনাফ ফসলটি জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে সক্ষম এবং পাটের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

পটুয়াখালীর পাখিমারা গ্রামের শহিদুল ইসলাম জানান, ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক কেনাফ চাষ করে প্রতি শতাংশে ১২ কেজি আঁশ উৎপাদন সম্ভব হয়েছে। প্রথম সফলতার পর তিনি বীজ উৎপাদনের জন্য কেনাফের আবাদ করেছেন। জানা গেছে, ধানের তুলনায় কেনাফ চাষে খরচ কম এবং লাভ বেশি।

পটুয়াখালীর পাট গবেষণা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আফলাতুন কবির বলেন, “কেনাফ চাষ সম্প্রসারিত হলে উপকূলীয় প্রায় ১০ লাখ হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসবে।” একইসঙ্গে এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং লবণাক্ততা কমাবে।

লবণাক্ততা, খরা ও অপ্রত্যাশিত বৃষ্টি সহনশীল। রোগবালাই প্রতিরোধক্ষমতা বেশি। পাটের চেয়ে ফলন বেশি ও পরিচর্যার খরচ কম। এই সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়ন হলে উপকূলীয় কৃষিতে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে মাইকিং করেছে বিএনপি

পিরোজপুরের কাউখালী উপজেলার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং কর্মসূচি শুরু করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে উপজেলার ৫টি ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক ব্যবসায়ী এবং অসাধু ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা প্রতিষ্ঠানের নামে মানুষের সঙ্গে মামলা-হামলা ও হয়রানি করছে। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেনও হচ্ছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি লক্ষ্য করা হয়ে, এবং এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক ও সচেতন করা হয়েছে। জনগণকে পুলিশের সাহায্য গ্রহণ করারও আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশের প্রতিটি ক্ষেত্রে অপকর্ম বৃদ্ধি পেয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি এই অনৈতিক কার্যকলাপগুলো রোধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” তিনি আরও জানান, “অনেক নামধারী রাজনীতিক মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সঙ্গে যোগসাজশ করে জনসাধারণকে হয়রানি করছে, এই সব অপকর্মের বিরুদ্ধে কাউখালী বিএনপি কড়া পদক্ষেপ নেবে এবং এসব অপব্যবহার বন্ধ করার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।”

“মো: তুহিন হোসেন,

স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




পঙ্গু হাসপাতালের আইসিইউতে আগুন

ঢাকার শের-এ-বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী জানান, রাত ১০টা ১৮ মিনিটে অর্থোপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এরই মধ্যে হাসপাতালের কর্মী ও উপস্থিত লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

এ অগ্নিকাণ্ডের কারণে আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তরের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না বা আইসিইউর যন্ত্রপাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পঙ্গু হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে এমন ঘটনা রোগী ও স্বজনদের উদ্বিগ্ন করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন আইসিইউর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা প্রস্তুত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় এবং এর পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ফার্মেসি বন্ধ: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ 

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশালের সব ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছে। রবিবার সন্ধ্যায় সমিতির নেতারা ঘোষণা দেন যে, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফার্মেসি বন্ধ থাকবে।

নগরীর কালিবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির দাবি, শনিবার গভীর রাতে ইকবাল আজম খান ও তার সহযোগীরা জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভবন ভাঙচুর করেন।

ভাঙচুরের মধ্যে ভবনের দেয়াল, টয়লেট, দ্বিতীয় তলার টিনের শেড, দরজা-জানালা, এসি, এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। নিচতলার ওষুধের দোকানেও ভাঙচুর চালানো হয়। নেতারা দাবি করেন, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিক্ষোভ এবং দাবি ::

রবিবার সন্ধ্যায় বরিশালের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা বিক্ষোভ করেন। তারা কাল সোমবার সকাল ১০টার মধ্যে কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম জানিয়েছেন, ঘটনাটি বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ আকারে দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক শ্রমিককে আটক করা হয়েছে। তবে সমিতির নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভোগান্তিতে রোগী ও স্বজনরা ::

ফার্মেসি বন্ধের কারণে বরিশালে রোগী এবং তাদের স্বজনরা ওষুধ কিনতে পারছেন না। অনেকের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে ফার্মেসিগুলো চালু করা হোক।

দোষীদের গ্রেপ্তার না হলে বরিশালের সব ফার্মেসি বন্ধ থাকবে এবং সমিতি নতুন কর্মসূচি নেবে বলে নেতারা জানিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্‌ণ অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন।

শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা। আবার সাগরপথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন।

ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব। ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে। আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায়ই ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না। তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থাড প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

আয়রন ডোম আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে, তখন একের পর এক মিসাইল ছুড়ছে ইয়েমেন। সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ‘ক্লান্ত’ আয়রন ডোম। বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে কাজ হচ্ছে এই টোটকাও।

গত বছরের অক্টোবরেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড। কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয়। তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছোড়া মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে। ঠেকাতে পারেনি কয়েকশ’ কিলোমিটার থেকে ছুটে আসা মিসাইল।

ইরানভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে এ খবর জানিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, তাদের ছোড়া মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থাড প্রযুক্তি। এমন দাবি সত্য হলে, দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য।




পলাতক মৎস্যজীবী লীগ নেতার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশালের পোর্ট রোড বাজার ও ঘাট ইজারা নিলেও আশপাশের আধা কিলোমিটার পর্যন্ত বিআইডব্লিউটিএর সড়ক থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিদিন তিন শতাধিক দোকানির কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বছরের শেষে এই চাঁদার পরিমাণ গিয়ে দাঁড়ায় অর্ধকোটি টাকায়, যা রাজনৈতিক প্রভাবশালীদের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়।

সূত্রে জানা যায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুলের অধীনে পোর্ট রোড বাজারের একক নিয়ন্ত্রণ ছিল। তবে, ২০২৩ সালের সিটি নির্বাচন শেষে, খায়ের আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হলে বাজারের আধিপত্য চলে যায় তার অনুসারী মৎস্যজীবী লীগ নেতা খান হাবিবের হাতে। তিনি ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার স্ত্রীর নামে বাজারের ইজারা নেন।

এমন পরিস্থিতিতে, বাজারের বাইরে বিআইডব্লিউটিএর মালিকানাধীন সড়কের দুই পাশের প্রায় ৩০০ ব্যবসায়ী থেকে চাঁদা তোলা হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তারা প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা দিচ্ছেন। একটি ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “আমরা জানি না, ইজারাদার বাজারের জন্য ইজারা নিয়েছেন নাকি সরকারি রাস্তার জন্য, কিন্তু ইজারাদারের প্রতিনিধি প্রতিদিন আমাদের কাছ থেকে টাকা নেয়।” অন্য এক ব্যবসায়ী বলেন, “আওয়ামী লীগ আমলেও চাঁদা দিয়েছি, এখনো দিতে হয়। এই রাস্তা দিয়ে ট্রাক ঢুকলেই টাকা দিতে হয়। ছোট গাড়ির কাছ থেকেও চাঁদা তোলা হয়।”

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মিজানুর রহমান রানা, ইজারাদারের প্রতিনিধি বলেন, “পোর্ট রোড বাজার সিটি করপোরেশন থেকে ৩০ লাখ টাকায় আমাদের ইজারা নেওয়া। সড়কে যেসব অবৈধ দোকান বসে, তা উচ্ছেদের জন্য বলি, কিন্তু ভাসমান দোকানিরা আমাদের কথা শোনেন না।” তিনি আরও জানান, সড়কের অবৈধ দোকানিদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। তবে, বাজারের ইজারার আওতাধীন দোকানিরা নিয়মিত ইজারা ফি প্রদান করে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “পোর্ট রোড বিআইডব্লিউটিএ নির্মাণ করেছে এবং আমরা এই রোডটি কারো কাছে ইজারা দিইনি। কিছু লোক এখানে দোকান বসিয়েছে, তা আমরা শিগগিরই উচ্ছেদ করব।” বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “পোর্ট রোডটি বিআইডব্লিউটিএর মালিকানাধীন এবং এখানে সিটি করপোরেশন কোনো দোকান বসানোর অনুমতি দেয়নি। অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।”

এমন পরিস্থিতিতে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, কোনো অভিযান চালানোর পর পরের দিন আবার দোকান বসিয়ে সড়ক দখল করে নেওয়া হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজারাদারদের নির্ধারিত এলাকা থেকেই চাঁদা তোলার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু অন্য জায়গা থেকে চাঁদা তোলা আইনবহির্ভূত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রধান বিচারপতি ও বিচারক নিয়োগে পরিবর্তনের প্রস্তাব

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধান বিচারপতিসহ বিচারক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। স্বচ্ছতার পাশাপাশি বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ১১টি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য সরকারের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা।

বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া প্রায় ১৫ হাজার ব্যক্তির মতামত ও লিখিত প্রস্তাবের ভিত্তিতে এ বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। তাদের মতামতের আলোকে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন তৈরির কাজ শেষ করার কথা ছিল। তবে এই কার্যক্রম শেষ না হওয়ায় কমিশনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে এর অফিস আদেশ এখনও প্রকাশ হয়নি। আগামী ১৫ বা ১৬ জানুয়ারি কমিশনের প্রতিবেদন চূড়ান্ত হতে পারে।

কমিশনের প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের বিলোপ চাইবে বিচার সংস্কার কমিশন। কমিশন মনে করে, ‘সংবিধানে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে, রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করবেন।’ এ ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা হবে ৭ জন এবং প্রধান বিচারপতির চাহিদা অনুযায়ী প্রয়োজনে অধিকসংখ্যক বিচারপতি নিয়োগ করা হবে। একইভাবে প্রধান বিচারপতি ব্যতীত অন্যান্য বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে ৯ সদস্যের ‘সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিশন’ গঠন এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতেও কমিশনের প্রতিবেদনে নানা প্রস্তাব থাকছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র কাঠামোতে ক্ষমতার ভারসাম্য আনতে বিচার বিভাগসহ ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ৩ অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে আট সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে সরকার। ৯০ দিনের মধ্যে এ কমিশনকে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছিল।




সম্প্রচার স্থগিত: ফিলিস্তিন কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দায় আল-জাজিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অধিকৃত পশ্চিম তীরে তাদের সম্প্রচারসহ সবরকম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ফিলিস্তিনি কর্তৃপক্ষের আদেশের নিন্দা জানিয়েছে।

দখলদার ইসরায়েলের পথে হেঁটে ফিলিস্তিন কর্তৃপক্ষ আল-জাজিরার স্টাফদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে সংবাদমাধ্যমটি।

‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে বুধবার ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরার সম্প্রচার সাময়িক বন্ধ রাখার ওই আদেশ দেয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ‘সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীরা একযোগে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চ্যানেলটি এমন সব প্রতিবেদন সম্প্রচার করছে যা প্রতারণামূলক এবং বিবাদ উস্কে দিচ্ছে।”

সম্প্রচার সাময়িক বন্ধ থাকবে বলা হলেও আদেশনামায় কার্যক্রম আবার শুরুর কোনও তারিখ উল্লেখ করা হয়নি।

ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, “আল জাজিরা মেডিয়া নেটওয়ার্ক পশ্চিম তীরে তাদের কাজ এবং সংবাদ সংগ্রহ বন্ধের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। অধিকৃত ওই অঞ্চলে দ্রুত বাড়তে থাকা বিভিন্ন ঘটনা মানুষের সামনে তুলে আনা থেকে চ্যানেলটিকে বিরত রাখার চেষ্টা ছাড়া এই সিদ্ধান্ত আর কিছুই না বলেই মনে করে আল জাজিরা।”




গাজার জনসংখ্যা হ্রাস পেয়েছে ৬ শতাংশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত ১৫ মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার জনসংখ্যা হ্রাস পেয়েছে ৬ শতাংশ। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর পিসিবিএস।

পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ মাসে গাজায় প্রাণহানি ঘটেছে প্রায় ৪৫ হাজার ৫০০ জন ফিলিস্তিনি এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ হাজার ফিলিস্তিনি। এতে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে গাজা ছেড়েছেন ১ লাখেরও বেশি ফিলিস্তিনি।

২০২৩ সালে ইসরায়েলি বাহিনী যখন গাজায় অভিযান শুরু করে, সে সময় সেখাকার জনসংখ্যা ছিল ২১ লাখের কিছু বেশি। এই জনসংখ্যার ৪৭ শতাংশই ছিল ২৮ বছরের কম বয়সী। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজায় জনসংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার জন।




২০২৪ সালে রেকর্ডভাঙা আয় করেছেন বৈশ্বিক ধনকুবেররা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈশ্বিক ধনকুবের বা বিলিয়নিয়াররা রেকর্ডভাঙা সম্পদ উপার্জন করেছেন ২০২৪ সালে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে সদ্য বিদায় নেওয়া বছরটিতে বিশ্বের ৫০০ জন শীর্ষ ধনী ব্যক্তির সম্মিলিত উপার্জন ছিল প্রায় ১০ লাখ কোটি ডলার।

অতীতের কোনো বছরে ধনীদের এত বেশি সম্পদ বৃদ্ধির রেকর্ড নেই। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর সম্মিলিত উপার্জন ছিল ১০ লাখ ১০ হাজার কোটি ডলার। পরে ৩০ ডিসেম্বর সোমবার তা নেমে আসে ৯ লাখ ৮০ হাজার কোটি ডলারে।

এত বিবৃতিতে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনীরা ২০২৪ সালে যে পরিমাণ আয় করেছেন, তা জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার ওই বছরের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) সমান।

২০২৪ সালে যে শীর্ষ ৫০০ জন বিলিয়নিয়ারের সম্পদ বেড়েছে, তাদের মধ্যে সবার সামনে রয়েছেন আছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এ তালিকায় প্রথম আটজন হলেন এক্সের মালিক ইলন মাস্ক, মেটা প্ল্যাটফরমের মালিক মার্ক জুকারবার্গ, বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার মালিক জেনসেন হুয়াং, মার্কিন সফটওয়্যার ওরাকলের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী ল্যারি এলিসন, মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজোনের মালিক জেফ বেজোস, ডেল টেকনোলজিসের মালিক ও শীর্ষ নির্বাহী মাইকেল ডেল, গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। ২০২৪ সালে এই আটজনের সম্মিলিত উপার্জনের পরিমাণ ৬০ হাজার কোটি ডলার।

সবচেয়ে বেশি উপার্জন করেছেন ইলন মাস্ক। ২০২৪ সালে তার উপার্জিত সম্পদের পরিমাণ ছিল ৪৪ হাজার ২১০ ডলার। মেটা প্ল্যাটফরমের মালিক মার্ক জুকারবার্গ আয় করেছেন ২১ হাজার ৯০০ কোটি ডলার এবং তৃতীয়স্থানে থাকা এনভিডিয়ার মালিক জেনসেন হুয়াং আয় করেছেন ৭ হাজার ৬০০ কোটি ডলার।