ফেসবুক থেকে শুরু, এখন ১৬ লাখ টাকার কেক বিক্রি!

পটুয়াখালীর দুই বন্ধু ইমাম হোসেন ও রুম্পা আক্তারের উদ্যোগ ‘সফট বাইট’ এখন কেকের জনপ্রিয় ব্র্যান্ড। মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে ফেসবুক পেজের মাধ্যমে শুরু হওয়া এই ব্যবসা এখন চারটি শাখা, ৩৫ জন কর্মী ও মাসিক ১৬-২০ লাখ টাকা বিক্রির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইমাম ও রুম্পা। রুম্পার জন্মদিনে ভালো কেক না পেয়ে তারা ভাবলেন, পটুয়াখালীতে ভালো কেকের ব্যবস্থা করা দরকার। ঢাকায় ফিরে শুরু করেন কেক প্রস্তুতির গবেষণা। ফেসবুকে ‘সফট বাইট’ নামে পেজ খুলে শুরু হয় তাদের ব্যবসার যাত্রা।

শুরুর দিকে ঢাকা থেকে লঞ্চে কেক পাঠিয়ে পটুয়াখালীতে বিক্রি করতেন তারা। ক্রেতাদের চাহিদা বাড়তে থাকলে ধীরে ধীরে প্রসারিত হয় ব্যবসা। বর্তমানে সফট বাইটের দুটি শাখা পটুয়াখালী ও দুটি বরগুনায়।

কোভিড-১৯ মহামারির সময় ব্যবসা চালিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ থেকে পাওয়া জ্ঞান, মেন্টরশিপ ও ভেঞ্চার ক্যাপিটাল অফার তাদের এগিয়ে যেতে সাহায্য করে।

ইমাম বলেন, “চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছি। আমাদের টার্গেট, ২০২৬ সালের মধ্যে সব বিভাগীয় শহরে সফট বাইটের শাখা খোলা। ভবিষ্যতে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে সফট বাইটকে দেখতে চাই।” নতুনদের উদ্দেশে ইমাম বলেন, **”উদ্যোগ নিন, পথ চলতে চলতেই শিখবেন। নেটওয়ার্কিং বাড়ান, বই পড়ুন এবং স্বপ্ন দেখুন। নিজেদের এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে বিশ্ব আপনাদের চিনতে বাধ্য হয়!”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: ইসি মাছউদ

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, সুষ্ঠু ভোট উপহার দেওয়া কমিশনের অঙ্গীকার।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সভায় ইসি মাছউদ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন যেন হালনাগাদ কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন হয়। ভুয়া ভোটার থাকলে তা প্রমাণ সাপেক্ষে বাতিল করতে বলেন তিনি। একইসঙ্গে সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করছে কমিশন। তাদের লক্ষ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।




জয় বললেন, এফবিআই’র রিপোর্ট ‘ভুল ও বিভ্রান্তিকর’, বিবাহ বিচ্ছেদ ৩ বছর আগে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর রিপোর্ট নিয়ে নানা আলোচনা ও বিতর্কের মধ্যে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন যে, ওই রিপোর্টটি ‘ভুল ও বিভ্রান্তিকর’। তিনি এফবিআইয়ের প্রতিবেদনের কয়েকটি গুরুতর ভুলের কথাও উল্লেখ করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জয় বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে এফবিআই-এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে বেশ কিছু গুরুতর ভুলও রয়েছে।”

এফবিআইয়ের তদন্ত অনুযায়ী, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় ৩০ কোটি ডলার (৩ হাজার ৬০০ কোটি টাকা) পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদঘাটন করেছে। এর ভিত্তিতে, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ২২ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করবে।

এফবিআই আরও জানায়, তারা জয়ের বিলাসবহুল ৮টি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছে। তবে জয় তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, এসব গাড়ি অনেক পুরোনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে।

এফবিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেম্যান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে এবং স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। তবে জয় এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে এসব অভিযোগ প্রমাণ করে দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।

এছাড়া, প্রতিবেদনে সজীব ওয়াজেদের স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হলেও, জয় তার পোস্টে বলেন, “ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিন আজ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ব্রেন্টফোর্ডের ও লিভারপুল খেলবে নটিংহামের বিপক্ষে।

এসএ-২০
প্রিটোরিয়া-ইস্টার্ন কেপ
বিকেল ৫টা, স্টার স্পোর্টস ২

ডারবান-জোবার্গ
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ২

ফেডারেশন কাপ
ওয়ান্ডারার্স-পুলিশ
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস টিভি

ব্রাদার্স-ফর্টিস
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ইউটিউব

বুন্দেসলিগা
হোলস্টাইন-ডর্টমুন্ড
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

লেভারকুসেন-মাইনৎস
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-ম্যান সিটি
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

নটিংহাম-লিভারপুল
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

অস্ট্রেলিয়ান ওপেন
১ম রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫




উমরার জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে। এখন থেকে পবিত্র উমরা পালন বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করতে হলে মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক হবে।

সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

সৌদি প্রশাসন জানিয়েছে, ১ বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। তবে যারা ১০ বছর আগে এই টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই।

মেনিনজাইটিস হলো মানুষের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের চারপাশের সূক্ষ্ম টিস্যু স্তরের সংক্রমণজনিত প্রদাহ। সাধারণত অণুজীবের সংক্রমণে এটি হয়ে থাকে এবং এটি নানা ধরনের হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। ভাইরাল মেনিনজাইটিস বিভিন্ন ভাইরাসের মাধ্যমে ছড়ায়, যা হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে সংক্রমিত হতে পারে।

এ ছাড়া উমরা যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষত, পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো, এবং মোজাম্বিকে ট্রানজিট যাত্রীদেরও পোলিওর টিকা নিতে হবে।

এসব শর্ত মেনে চলার জন্য সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। এই নতুন নীতিমালা উমরা পালন ও অন্যান্য ভ্রমণের সময় স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের সীমান্তে যে অশান্তি, নির্যাতন ও হত্যার চিত্র দেখা যায়, তা আমাদের ভাবতে বাধ্য করে যে ভারত কখনোই আমাদের প্রকৃত বন্ধু হতে পারেনি। স্বাধীনতার পর থেকে আমরা বিশ্বাস স্থাপন করলেও, সীমান্তে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ ও নির্যাতন বন্ধ হয়নি।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, বন্ধুত্বের নাম দিয়ে শাসকগোষ্ঠী দেশের স্বার্থ বিকিয়ে দিলেও সীমান্ত সমস্যার সমাধান হয়নি। এর বিপরীতে আমাদের কৃষি, বাণিজ্য, এবং নদীর পানি ব্যবহারসহ নানা ক্ষেত্রে ক্ষতির শিকার হতে হয়েছে।বাংলাদেশের জনগণ এ অন্যায় কখনো মেনে নেবে না।

তিনি বলেন, বাংলাদেশ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। ১৯৪৭-এ রক্ত দিলেও পেয়েছে পাকিস্তানি শোষণ, ১৯৭১-এ রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলেও সাম্য, মানবিক মর্যাদা, ও ন্যায়বিচার অধরাই রয়ে গেছে। স্বাধীনতার ৫৩ বছরে জনগণ বারবার রক্ত ঝরিয়ে অধিকার চেয়েছে, কিন্তু শাসকেরা লুটেরা ও ফ্যাসিস্টের ভূমিকায় আবির্ভূত হয়েছে। এ জাতি আর শোষণ নয়, ন্যায়ের বাংলাদেশ চায়।

চরমোনাই শায়েখ মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে, কোনো নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণযোগ্য নয়। জনগণ দিল্লির কূটকৌশলকে প্রত্যাখ্যান করেছে। যদি আবারও কেউ ভারতের মদদে ক্ষমতায় আসার চেষ্টা করে, জাতি তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান হাজারো ছাত্র-জনতার ত্যাগের ফল। বহু মানুষ জীবন দিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথের দল হিসেবে স্পষ্ট জানিয়ে দিয়েছে—দেশের স্বার্থে আপসকারী যেকোনো শক্তির বিরুদ্ধে আমরা দাঁতভাঙা জবাব দেব ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর, সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান, প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সভাপতি ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোমস্তা, সভাপতি, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বরিশাল মহানগর, মুফতি মুহিবুল্লাহ কাজেমী, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর, সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। এ ছাড়াও নগর, থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়- সভাপতি, প্রফেসর মোঃ লোকমান হাকীম, সহ-সভাপতি, মাওলানা নাছির আহমাদ কাওছারসহ-সভাপতি,মাওলানা জাকারিয়া হামিদী সেক্রেটারী,মাওলানা আবুল খায়ের।




বরগুনায় বিলুপ্তির পথে মুক্ত মৌমাছি

বরগুনার আমতলী অঞ্চলে মুক্ত মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সমস্যাগুলি, এবং মানুষের অসচেতনতার কারণে মৌমাছিরা একে একে হারিয়ে যাচ্ছে। ফসলে কীটনাশকের অতিমাত্রায় প্রয়োগ, মৌচাকে আগুন দিয়ে মৌমাছি মারা, খাদ্যের অভাবসহ নানা কারণে মুক্ত মৌমাছির অস্তিত্ব সংকটে পড়েছে। বরগুনার গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে আমতলীতে, প্রকৃতির মধ্যে থাকা মৌচাক আজ দুর্লভ হয়ে উঠেছে।

বরিশাল অঞ্চলের শস্যভান্ডার হিসেবে পরিচিত বরগুনার আমতলীতে, এক সময় মৌমাছির ভোঁ ভোঁ শব্দ শোনা যেত। কিন্তু কালের বিবর্তনে তা এখন আর শোনা যায় না। স্থানীয়দের মতে, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার অস্বাভাবিক আচরণ মিলে মুক্ত মৌমাছির প্রজনন ব্যাহত হচ্ছে। মৌমাছির খাদ্যও এখন অনেক কমে গেছে, যার ফলে প্রাকৃতিক মৌচাকও প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, মুক্ত মৌমাছির সংখ্যা হ্রাস পাওয়ায়, ফসল ও ফলফলাদির পরাগায়ণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে কৃষিতে বিরূপ প্রভাব পড়তে পারে এবং খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে।

আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা ইকবাল বলেন, “মধুর মধ্যে প্রচুর পুষ্টি ও খাদ্যগুণ রয়েছে। মধু দুধ বা পানি দিয়ে মিশ্রণ করে খেলে হারানো শক্তি ফিরে পাওয়া যায়। তাছাড়া মধু বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়।”

এছাড়া, মধু সংগ্রহকারী মৌয়াল ও মৌচাষিরা জানাচ্ছেন, অতীতে বনে-জঙ্গলে, গাছের ডালে, মাটির গর্তে মৌচাক পাওয়া যেত। কিন্তু বর্তমানে এসব জায়গায় আর মৌচাক খুঁজে পাওয়া যায় না।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শেষ ওভারে সোহানের ব্যাটিং তাণ্ডব, রংপুরের অবিশ্বাস্য জয়

শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। বল হাতে ছিলেন কাইল মায়ার্স, যিনি প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ৩ রান। রংপুর রাইডার্সের নির্ভরযোগ্য ব্যাটারদের কেউই উইকেটে ছিলেন না। তবুও ম্যাচের নাটকীয়তা শেষ পর্যন্ত বদলে দেন নুরুল হাসান সোহান। তিন ছক্কা আর তিন চার মেরে এক ওভারে তুলে নেন ৩০ রান, যা রংপুর রাইডার্সকে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেয়।

১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে। পাওয়ারপ্লেতে রানের গতি ছিল স্লো। প্রথম ১০ ওভারে তারা হারিয়ে বসে ৩ উইকেট। তখনো জয়ের জন্য দরকার ছিল ১৩০ রান। এ অবস্থায় ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর ঝড়ো জুটি দলকে খেলায় ফিরিয়ে আনে।

ইফতিখার-খুশদিলের লড়াই এবং বিতর্কিত আউট ::

ইফতিখার ও খুশদিল ৫৩ বলে গড়েন ৯১ রানের অসাধারণ জুটি। তবে শাহীন আফ্রিদি ও জাহানদাদ খানের বলে দুজনই আউট হয়ে যান। এরপর বিতর্কিতভাবে শেখ মাহেদি হাসান আউট হন “অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড”-এর জন্য। ঘটনাটি বেশ বিতর্কের জন্ম দেয়, কারণ মনে করা হচ্ছিল আউট হওয়া উচিত ছিল সোহানের।

সোহানের অবিশ্বাস্য ইনিংস::

শেষ ওভারে সোহান মাঠে নামেন রংপুরের শেষ ভরসা হয়ে। রানের পাহাড় তাড়া করতে তার দুর্দান্ত শটে বরিশাল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কাইল মায়ার্সের ওভার থেকে ৩০ রান তুলে দলকে জিতিয়ে দেন সোহান।

তামিম-শান্তর রেকর্ড এবং মায়ার্সের ঝড়ো ইনিংস ::

ম্যাচে তামিম ইকবাল ছুঁয়ে ফেলেন বিপিএলে ৮,০০০ রানের মাইলফলক। নাজমুল হোসেন শান্ত করেন ৪১ রান, পাশাপাশি একটি রেকর্ড গড়েন—রান, উইকেট, আর ক্যাচ নেওয়ার একত্রিত কীর্তি। বরিশালের হয়ে মায়ার্সের ২৯ বলে ৬১ রানের ইনিংসও এই হারে ঢাকা পড়ে যায়।

শেষে, এদিন সব আলো কেড়ে নিলেন সোহানের স্মরণীয় পারফরম্যান্স।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




সাভারে ভয়াবহ দুর্ঘটনায় দুই বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪

সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর ভয়াবহ আগুন লাগার ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ধাক্কা দেওয়া বাস এবং পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে।

অ্যাম্বুলেন্সের আগুনে পুড়ে ঘটনাস্থলেই থাকা চারজনের মৃত্যু হয়। তবে বাস দুটির যাত্রীরা সময়মতো নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক পুনরায় সচল করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার প্রক্রিয়া চলমান রয়েছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে বিকেল থেকেই বিএনপির নেতাকর্মীরা গুলশানের বাসভবনে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর সেখানে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ভিড় জমান। দলের কর্মী-সমর্থকরা তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম