ভোটারের বয়স ১৬, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ বছর, আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’




অতিরিক্ত প্রোটিন খেলে যে ৪ ক্ষতি হতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক : আমরা সবাই জানি যে খাদ্যতালিকায় প্রোটিন যুক্ত করা কতটা গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার যাই হোক না কেন, সব খাবারেই অল্প পরিমাণে প্রোটিন থাকা আবশ্যক। আমরা অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম, মাংস, ডাল ইত্যাদির মতো প্রোটিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করি। নিঃসন্দেহে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আপনি কি জানেন যে অতিরিক্ত প্রোটিন খেলে তা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জীবনের বেশিরভাগ জিনিসের মতো, খুব বেশি ভালো জিনিস সবসময় ভালো হয় না, এবং প্রোটিনের ক্ষেত্রেও তাই। অতিরিক্ত প্রোটিন খাওয়ার ৪টি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন-

১. ওজন বৃদ্ধি

প্রোটিন খাওয়ার অভ্যাস আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে, তবে শুধু যখন সীমিত খাওয়া হয়। অতিরিক্ত প্রোটিন খেলে তা ওজন বৃদ্ধির কারণ হতে পারে, কারণ এটি সাধারণত চর্বি হিসাবে জমা হয়। ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি হলে ওজন বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে যখন প্রোটিন কার্বোহাইড্রেটের পরিবর্তে গ্রহণ করে।

২. কোষ্ঠকাঠিন্য

উচ্চ প্রোটিনযুক্ত খাবার নিজেই কোষ্ঠকাঠিন্যের কারণ হয় না। তবে যদি সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকে, তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, শিশুদের খাবারে ফাইবারের অভাব কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রোটিনের সঙ্গে কিছু ফাইবার থাকা নিশ্চিত করুন।

৩. কিডনির ক্ষতি

অতিরিক্ত প্রোটিন গ্রহণের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো, এটি কিডনির ক্ষতি করতে পারে। এনআইএইচের একটি গবেষণায় বলা হয়েছে যে, উচ্চ খাদ্যতালিকাগত প্রোটিন গ্রহণের ফলে ইন্ট্রাগ্লোমেরুলার হাইপারটেনশন হতে পারে, যার ফলে কিডনিতে হাইপারফিল্ট্রেশন হতে পারে। যাদের ইতিমধ্যেই কিডনির সমস্যা রয়েছে তাদের প্রোটিন গ্রহণের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

৪. হৃদরোগ

৩০ থেকে ৪৯ বছর বয়সী ৪২,২৩৭ জন সুইডিশ নারীর উপর করা একটি NIH গবেষণায় দেখা গেছে যে উচ্চ প্রোটিনযুক্ত খাবার হৃদরোগজনিত কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তাই প্রোটিন স্বাস্থ্যের জন্য ভালো হলেও, হৃদরোগের স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই এটি সীমিত খেতে হবে। এর অতিরিক্ত ব্যবহার হৃদরোগজনিত সমস্যা এমনকি হার্ট ফেইলরের কারণ হতে পারে।




বিগ বাজেটের ছবি হলেই নায়িকারা প্রযোজকের সাথে প্রেম করে’

চন্দ্রদ্বীপ ডেস্ক নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ ঈদ সালামীর বিষয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, ‘সালামী অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ইদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফটে পায় পরিবার থেকে বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়।’

তার কথায়, ‘ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দের থাক, পছন্দের মানুষ আমাকে গিফট করে। মানুষ আসলে সবাই যে জন্মগতভাবে অনেক প্রভাবশালী হবে টাকা পয়সা থাকবে। বাংলাদেশে অনেক সুন্দরী মানুষ রয়েছে। তবে নায়ক-নায়িকা ও আর্টিস্টরা কয়জন হতে পার তাদের আলাদা কিছু গুণ রয়েছে।’




২০২৬ সাল থেকে ৭২৯ স্কুলে ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে ভর্তি বন্ধের নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। তার অংশ হিসেবে পাইলটিং হিসেবে দেশের ৭২৯টি সরকারি স্কুলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু এসব প্রাথমিক স্কুলে প্রয়োজনীয় অবকাঠামো না থাকা এবং শিক্ষক সংকটের কারণে তার বাস্তবায়ন সম্ভব হয়নি। এসব সংকটের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। এজন্য আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে এসব স্কুলে ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ, অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এক্ষেত্রে অ্যাকাডেমিক কার্যক্রম বিবেচনায় বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নেই। পাশাপাশি পাঠদানের জন্য রয়েছে শিক্ষক সংকট ও দক্ষতার ঘাটতি। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন (পরামর্শক) কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি না করার বিষয়ে প্রধান উপদেষ্টা নীতিগত অনুমোদন দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী শিক্ষাবর্ষ (২০২৬) থেকে চালু থাকা ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে না।




কামিল পরীক্ষা শুরু ৩ মে

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামী ৩ মে থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০২৩ শুরু হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার পৃথক এক বিজ্ঞপ্তিতে ১৪৯টি কেন্দ্র সম্বলিত একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।




ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। সদ্যই ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নায়িকার।

গত বৃহস্পতিবার চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথায়, হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি।

সংবাদ সম্মেলন থেকে ভাইরাল একটি ভিডিও থেকে বর্ষাকে বলতে শোনা যায়, ‘হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না।’




আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাবনা নেই। তবে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে দুটি পরিধি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের জন্য ডিসেম্বরে একটি সময়সীমা নির্ধারিত থাকলেও, বৃহত্তর সংস্কার প্যাকেজের ক্ষেত্রে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টা জানান, সরকার আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর ব্যাপারে আলোচনা করছে, তবে এ বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কাজ করছে উল্লেখ করে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের সাত মাসে হাফেজ হলেন ১০ বছরের আবদুল্লাহ

কেবল সাত মাসের মধ্যে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন ১০ বছরের শিশু মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বর্তমানে বরিশালের উজিরপুর উপজেলার মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র।

মোহাম্মদ আবদুল্লাহর বাবা জাহিদ হাসান, যিনি ডাবেরকুল বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী, তার পরিবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চামি একতা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারি আবদুল্লাহ জানান, “মাদ্রাসাটি ২০২৪ সালের ৩১ জুলাই চালু করা হয়। আবদুল্লাহ ছিল মাদ্রাসার প্রথম ছাত্র। শুরু থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। আল্লাহর অশেষ রহমতে, মাত্র সাত মাসে সে পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।”

এদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ আবদুল্লাহকে তার অসাধারণ কৃতিত্বের জন্য সংবর্ধনা প্রদান করেছে। ভবিষ্যতে, হাফেজ আবদুল্লাহ বিশ্বজয়ী একজন আলেম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভারতে চালু হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট




ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরি, বরগুনায় তিনজন কারাগারে

বরগুনার আমতলীতে নোংরা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিস্কুট তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (৮ মার্চ) আমতলী পৌরশহরের মিঠাবাজার এলাকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মো. মনির হোসেন (৪০), খাঁন ফ্রেশ বেকারির ম্যানেজার মো. সোহেল হাওলাদার (২৭) এবং রিয়াদ বেকারির মালিক মো. রেজাউল করিম (৪২)। নিরাপদ খাদ্য আইনের ২০১৩-এর ৩৩ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ইলিয়াস মিয়া জানিয়েছেন, “ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম