ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশ যেন মৃত্যুফাঁদ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশ যেন মৃত্যুফাঁদ দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনায় নিহত ২৫, আহত শতাধিক

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী অংশে সড়ক দুর্ঘটনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত দুই বছরে ঘটেছে ৫০টিরও বেশি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন শতাধিক।

বাঁক, বাজার ও থ্রি-হুইলারের কারণে বিপজ্জনক অবস্থা :
স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের মতে, সড়কের একাধিক বাঁক, যত্রতত্র বাজার বসা এবং থ্রি-হুইলারের অবাধ চলাচল মহাসড়কটিকে কার্যত মৃত্যুফাঁদে পরিণত করেছে। যদিও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ, বাস্তবে আমতলী উপজেলার চৌরাস্তা থেকে পটুয়াখালী ও কুয়াকাটার দিকে প্রতিনিয়ত অটোরিকশা ও মাহিন্দ্রা চলাচল করছে।

সড়ক পরিদর্শনে দেখা গেছে, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, ট্রাক্টর ও টমটমের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি কোনো গ্রামীণ সড়ক বলেই মনে হয়।

বরিশাল থেকে কুয়াকাটাগামী বাসচালক মিজান বলেন, “অবৈধ দোকানপাটের কারণে পথচারীরা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।”

শ্যামলী পরিবহনের চালক রফিকুল ইসলাম বলেন, “থ্রি-হুইলারগুলো হঠাৎ রাস্তা পার হয়। তখন আমাদের গাড়ি বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।”
চালক সোহেল জানান, “রাস্তায় প্রচুর বাঁক রয়েছে। কুয়াশার সময় এগুলো দেখা যায় না। চিহ্নিত করার জন্য লাইট বসানো হলে দুর্ঘটনা কমবে।”

আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “বাঁক, বাজার ও থ্রি-হুইলার—তিনটির সম্মিলিত কারণেই দুর্ঘটনা ঘটছে।”
বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, “আমতলী থেকে কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের ব্যবস্থা নেই। তারপরও আমরা ট্রাফিক পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।”

সড়ক ও জনপথ বিভাগের বরিশাল অফিস জানিয়েছে, মহাসড়কের এই অংশকে চার লেনে উন্নীত করতে জমি অধিগ্রহণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

এস এল টি /




ভারতের ২১ বিমানবন্দর বন্ধ




রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় সংস্কার নয়: আইন উপদেষ্টা আসিফ নজরুল

বড় ধরনের কোনো সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার নিয়ে ভিন্নমত থাকতেই পারে, তবে তা যেন শালীনতা ও সহনশীলতার সীমার মধ্যে থাকে।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নারী সংস্কার কমিশনের সুপারিশ ধর্মীয় চাপের মুখে বাতিল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “কমিশনের সুপারিশ মানেই সরকারের সিদ্ধান্ত নয়। এটি একটি কমিশনের প্রস্তাবমাত্র। অতীতেও যেসব সংস্কার কমিশন গঠিত হয়েছে, সবগুলোর ক্ষেত্রেই ভিন্নমত এসেছে। এটি স্বাভাবিক এবং গণতান্ত্রিক চর্চার অংশ।”

তিনি আরও বলেন, “সমাজে ভিন্নমতের চর্চা থাকবে, তবে সেটা যেন শালীন হয়। আমরা লক্ষ্য করেছি, কিছু প্রতিক্রিয়া অত্যন্ত আক্রমণাত্মক ও অবমাননাকরভাবে প্রকাশিত হয়েছে, যা শুধু নারীদের নয়, গোটা জাতির প্রতি অবমাননাকর। এসব আমাদের কাম্য নয়।”

আইন উপদেষ্টা তার বক্তব্যে মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক সংহতির মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঝালকাঠিতে লুটপাট-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে বৃদ্ধ মো. হারুন অর রশিদের বসতঘর ও দোকানে হামলা, লুটপাট এবং ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার সকালে কাঁঠালিয়া-আমুয়া সড়কের বটতলা বাজার এলাকায় এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

বক্তব্যে ভুক্তভোগী মো. হারুন অর রশিদ, স্ত্রী রোজিনা বেগম, ছেলে মেহেদী, পুত্রবধূ লাকী আক্তার, প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার, স্কুলছাত্রী জান্নাতুল মাওয়া ও অন্যান্য স্বজনরা অভিযোগ করেন, গত ১ মে ভোররাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ঘরের মালামাল লুট করে ও আশপাশের ছয়টি দোকান ভাঙচুর করে গুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তিন দিনেও কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

তারা বলেন, “আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে।” মানববন্ধনে তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত এড়াতে হবে :যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র । এমন অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে দেশটি।

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।

দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনও সংঘাত ছড়িয়ে পড়ুক। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে বড় কোনও সংঘাতে রূপ না নেয়—এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না এই হামলার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক।

ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের আশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোনও বড় আঞ্চলিক সংঘাত তৈরি না হয়।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান এই হামলার জন্য দায়ীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করুক।

ভ্যান্স বলেন, “আমরা আশা করি, পাকিস্তান ভারতের সঙ্গে সমন্বয় করবে, যেন তাদের ভূখণ্ডে সন্ত্রাসীরা থাকলে তাদের ধরা যায় এবং শাস্তি দেওয়া যায়। আমরা চাই এভাবেই বিষয়টির সমাধান হোক। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেখা যাক কী ঘটে।”

এমন মন্তব্যের পেছনে প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানের সামরিক মহড়া, যা একদিন আগেই শুরু হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের সেনাবাহিনী পূর্ণ মাত্রার যুদ্ধ মহড়া চালিয়েছে, যেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ কৌশলের প্রদর্শনী করা হয়েছে। এতে অফিসার এবং সৈনিকরা সক্রিয়ভাবে নিজেদের পেশাগত দক্ষতা প্রদর্শন করেন।




৩৯৮ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট রওনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে রওনা হলো প্রথম হজফ্লাইট।

সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। এরপর উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।




সেদিন ববিতার চোখে জাফর ইকবালকে দেখাচ্ছিল বেশি উদাসীন

চন্দ্রদ্বীপ ডেস্ক : একটি ছবিতে জাফর ইকবালের দায়িত্ব নেন ববিতা। সেবারই শেষবারের মতো দুজন একসঙ্গে শুটিং করেন।
শুটিং সেটেই অনেক দিন পর তাঁদের দেখা হয়। দুদিন শুটিং হয়েছিল সিনেমাটির। শুটিংয়ের একটি দৃশ্য ছিল এ রকম, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জাফর ইকবাল আর ববিতা চিকিৎসক। সেদিন সত্যি সত্যিই শরীরে ক্যানসার নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে অভিনয় করেছিলেন জাফর ইকবাল। কাউকে কিছু জানাননি তিনি। তবে সেদিন ববিতার চোখে জাফর ইকবালকে দেখাচ্ছিল বেশি উদাসীন, অগোছালো। মনে হচ্ছিল, অসুস্থ। জিজ্ঞেসও করেছিলেন, ‘আপনাকে এমন কেন দেখাচ্ছে? অসুস্থ নাকি?’ তবে উত্তরে জাফর ইকবাল কী জানিয়েছিলেন, তা বলেননি তিনি।
সিনেমার দৃশ্যে জাফর ইকবাল ও ববিতাভিডিও থেকে
কাজ করতে গিয়ে জাফর ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ববিতা। সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিতি পাওয়া এ নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের ৮ জানুয়ারি মারা যান জাফর ইকবাল। গুঞ্জন ছড়িয়েছিল যে ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান তিনি। পরবর্তী সময়ে অগোছালো, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ নানা কারণে ক্যানসারে আক্রান্ত হন এই নায়ক। শেষ সময়ে ববিতাও জানতে পেরেছিলেন জাফর ইকবালের ক্যানসারের খবর।




বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির ‘লাল শ্রেণি’তে রয়েছে বাংলাদেশে

চন্দ্রদ্বীপ ডেস্ক : বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ দুই বছর ধরে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির ‘লাল শ্রেণি’তে রয়েছে। এই শ্রেণি মানে হচ্ছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে রয়েছে |
সেই অনুযায়ী, বাংলাদেশসহ ১৫টি দেশ বর্তমানে লাল শ্রেণিতে অবস্থান করছে। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো, ভারত, ইথিওপিয়া, পাকিস্তান, মাদাগাস্কার, ঘানা, এবং রাশিয়া।
বিশ্বব্যাংক খাদ্য মূল্যস্ফীতির জন্য দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছে: বেগুনি, লাল, হলুদ, এবং সবুজ। বেগুনি শ্রেণিতে থাকা দেশগুলোর খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশের বেশি, লাল শ্রেণিতে থাকা দেশগুলোর ৫ থেকে ৩০ শতাংশ, হলুদ শ্রেণিতে ২ থেকে ৫ শতাংশ এবং সবুজ শ্রেণিতে ২ শতাংশের কম খাদ্য মূল্যস্ফীতি রয়েছে।




বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন শারমিন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন শারমিন খানম (৩২)। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

শারমিন খানম ওই গ্রামের আবু হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মোনারপাড়া গ্রামের মো. শাহিন মিয়ার স্ত্রী।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শারমিন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ বজ্রপাতে প্রিয়জন হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভূমি জটিলতায় থমকে বরিশাল-ফরিদপুর ৬ লেন মহাসড়ক প্রকল্প

বরিশাল-ফরিদপুর এবং বরিশাল-পায়রা-কুয়াকাটা জাতীয় মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প দীর্ঘসূত্রতার কবলে পড়ে চরম অনিশ্চয়তায় পড়েছে। ভূমি অধিগ্রহণে দীর্ঘ বিলম্ব এবং ব্যয় তিনগুণ বেড়ে যাওয়ায় এখনো চূড়ান্ত হয়নি সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের বহুপ্রতীক্ষিত এ সড়ক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

দক্ষিণাঞ্চলের ১১টি জেলার যাতায়াত ব্যবস্থা এই প্রকল্পের ওপর নির্ভরশীল। কিন্তু ভূমি অধিগ্রহণে দেরির কারণে প্রকল্পের ব্যয় ১,৮৬৭ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৬,৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। পরিকল্পনা কমিশনে সংশোধিত ডিপিপি আটকে থাকায় কাজ এগোচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক বৈঠক করলেও এখনো প্রকল্প চূড়ান্ত হয়নি।

২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এডিবি’র অর্থায়নে ২১১ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরি হয়। তখনই ধরা হয় প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ২১ হাজার কোটি টাকা। ২০১৮ সালে আলাদা একটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১,৮৬৭ কোটি টাকা। নির্ধারিত সময় ছিল ২০২১ সালের জুন, যা পরে বাড়িয়ে ২০২৪ করা হয়। তবুও অর্ধেক জমিও অধিগ্রহণ হয়নি।

তথ্য মতে, জমির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন বাইপাস নির্মাণ, বরিশাল বিমানবন্দর ডাইভার্শন এবং কিছু স্থাপনা পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত ২০০ হেক্টরের মতো জমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে। এতে ব্যয় বেড়ে দাঁড়াবে ৬,৫০০ কোটির বেশি। ইতোমধ্যে বরিশালের ৩৩ কিমি ও মাদারীপুরের ১০ কিমি এলাকায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু গত অর্থবছরের বরাদ্দের ৮৯০ কোটি টাকার প্রায় সবটাই ফেরত গেছে।

সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক অধিদপ্তর জানিয়েছে, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা এবং ছয়টি জেলার প্রশাসনিক গাফিলতির কারণে প্রকল্পটির অগ্রগতি ব্যাহত হচ্ছে। এদিকে এডিবি পুরনো সমীক্ষা ও নকশা বাতিল করে নতুন করে কাজ শুরুর শর্ত দিয়েছে, কিন্তু সে দিকেও অগ্রগতি নেই।

পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু মহাসড়কের দুরবস্থা এবং বাড়তি যানবাহনের কারণে বরিশাল থেকে ফরিদপুর অংশে ৯১ কিমি রাস্তা অতিক্রম করতে ৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও।

পরিকল্পনা কমিশনের উচ্চ পর্যায় থেকে সরেজমিন পরিদর্শনে ইতিবাচক মনোভাব দেখা গেলেও এখনো প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত হয়নি। সংশ্লিষ্টরা আশাবাদী হলেও বাস্তবতা এখনো হতাশাজনক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /