বরিশালে লাহারহাট লঞ্চঘাটে দুই গ্রুপের সংঘর্ষ  

বরিশাল অফিস :: বরিশাল জেলার সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাটের প্রবেশ টিকিটে অতিরিক্ত চাঁদা আদায়ের কারণে বিআইডব্লিউটিএ নদী বন্দর কর্মকর্তা আঃ রাজ্জাক হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়ায় মেসার্স রাত্রি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইলিয়াস আহম্মেদ রাসেল নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠে।

আজ (১৫ জানুয়ারি) দুপুরে বরিশাল বিআইডব্লিউটিএ নদী বন্দর অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন লাহারহাট লঞ্চঘাটের সাবেক ইজারাদার ও মেসার্স রাত্রি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইলিয়াস আহাম্মেদ রাসেন তিনি জানান, লাহারহাট লঞ্চঘাট সাধারণ মানুষকে জিম্মি করে পাঁচ টাকার টিকিট অতিরিক্ত পাঁচ টাকা ( দশ টাকা) আদায় ও বিভিন্ন সময় অতিরিক্ত টাকা নিয়ে হয়রানি করে থাকে বর্তমান ইজারাদারা।

আমি এর প্রতিবাদ হিসাবে বরিশাল বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার আঃ রাজ্জাক হোসেনের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা না নিলেও আমাকে আজ (১৫ জানুয়ারী) দুপুরে তার অফিসে ডাকেন। আমি এসে দেখি সেই জায়গায় লাহারহাট লঞ্চঘাটের বর্তমান ইজারাদার গোলাম কুদ্দুস মল্লিকের লোকজন ঘোরাঘুরি করে। আমি পোর্ট অফিসারের কক্ষে প্রবেশের সময় তারা আমাকে জিজ্ঞেসা করে আমি তাদের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছি এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, এক পর্যায়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। শুধু হুমকিতে থেমে থাকেনি পোর্ট অফিসারের সামনেই আমার উপরে ভাড়াটিয়া লোকজন মিলে হামলা করার চেষ্টা করে। এক পর্যায়ে অফিসের লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। পড়ে আমি অফিস থেকে নিচে নেমে একটি চায়ের দোকানে চা খেতে বসলে সাংবাদকর্মীরা ঘটনা সম্পর্কে জানতে চাইছে সে সময় আমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলি। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান ইজারাদার মোঃ গোলাম কুদ্দুস মল্লিকের ভাড়াটিয়া ধলু মোল্লা, ফরিদ মৃধা, সরোয়ার মৃধা, রাকিব মৃধা,লোকমান হোসেন, মনির মোল্লা, সুমন মল্লিক, তপু মল্লিকসহ অজ্ঞাত ১০/১৫ জন মিলে আমার উপরে একাধিক বার হামলা করতে আসে। এক পর্যায়ে স্থানীয় জনতা পরিস্থিতি শান্ত করে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়৷ আমি দেশের মানুষের উপকার জন্য অন্যয়ের প্রতিবাদ হিসাবে অতিরিক্ত টাকার আদায় নিয়ে যদি এমন ভাবে ক্ষিপ্ত হয়। তাহলে এই দেশে গণতন্ত্র কোথায়? অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় যদি এধরনের হামলার শিকার হতে হয়। তাহলে একসময় সাহসী লোক আস্তে আস্তে অন্যায়ের প্রতিবাদ করা থেকে সন্ত্রাসীদের ভয়ে হারিয়ে যাবে। আমি চাই ঘাট থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা অচিরেই বন্ধ করা হোক।

অভিযোগের বিষয়ে সরোয়ার মৃধা নামের এক যুবক বলেন, আমাদের কাছে বিআইডব্লিউটিএ’ কর্তৃপক্ষ টাকা পায়, সেই টাকা পরিশোধ করার সময় পোর্ট অফিসারের সামনে ড্রাইভারের সাথে কথা বার্তা বিষয় নিয়ে আমাকে মারধরের চেষ্টা করে। তিনি আরও বলেন, লাহারহাট ঘাট থেকে একটি স্পিডবোট চালানোর জন্য কাগজপত্র তৈরী করে। আমরা তাদের একটি স্পিড বোট চলাচলের জন্য বলি কিন্তু রাসেল আহম্মেদ দশটি সিরিয়াল চায়। কিন্তু আমরা দশটি স্পিড বোট চলাচলের জন্য সিরিয়াল দিতে অস্বীকার করায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় লোকজন পাঠিয়ে ঝামেলা করে।

বিষয়টি শুনে সংবাদকর্মীরা ঘটনা স্থান বিআইডব্লিউটিএ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ: রাজ্জাক হোসেনের অফিসে গেলে তাকে না পাওয়া। পরবর্তীতে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমার কাছে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় নি।যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন চারজন

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীসহ বরিশালের একই আসনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন চারজন সংসদ সদস্য। তারা হলেন, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের এসএম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মহিব্বুর রহমান মহিব ও পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ. ম রেজাউল করিম।

এরমধ্যে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ ফারুক শামীম নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি মোঃ মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের নির্বাচিত অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পিরোজপুর-১ আসনে আবারো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও এবার মন্ত্রীত্ব পাননি শ. ম রেজাউল করিম।

 




বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস :: ‘বরিশাল সদর উপজেলায় নগরীর ৫ নং পলাশপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ১ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।’পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়’।

সোমবার ( ১৫ জানুয়ারী) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির।

হুমায়ুন বলেন,’২০১৩ সালের ২৩ অগাস্ট ১৩ বছর বয়সি শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী রাসেল শিশুটিকে প্রথমে ধর্ষণ করেন।’পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আরেক শিশুর সহযোগিতায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।’

‘ঘটনার কিছুক্ষণ পর শিশুটির মা ঘরে এলে রাসেল ও তার সহযোগীকে পালিয়ে যেতে দেখেন বলে জানান তিনি।’ঘটনার পরদিন ২৪ অগাস্ট শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন’।

হুমায়ুন আরও জানান,’২০১৪ সালের ৩০ জানুয়ারি তৎকালীন কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন’।

দণ্ডিত আসামী রাসেল (৩২) নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা।




বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় ব্রাণকাঠি গ্রামে ভালোবেসে ঘর বেধে চম্পা (২২) নামের এক গৃহবধুকে প্রেমিক স্বামীর যৌতুকের নির্মম বলি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী সুমন বেপারী দুই বছরের মেয়ে তানহাকে নিয়ে পলাতক রয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুরহস্য উদঘাটনে ১৫ জানুয়ারি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে ওই দিন বাদ আসর জানাজা শেষে উপজেলার মহিষাপোতা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ ব্যপারে নিহত চম্পার মা রেবা বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চম্পার বাবা-মা ও ভাইসহ স্বজনদের অভিযোগ- জামাতা সুমন বেপারী তার ব্রাণকাঠি গ্রামে সম্প্রপ্রতি ৬ শতক সম্পত্তি ক্রয় করেন। ওই সম্পত্তি ক্রয় করতে গিয়ে সে ঋণগ্রস্থ হয়ে পড়ায় তা পরিশোধের জন্য স্ত্রী চম্পাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন।

মেয়ের সুখের কথা ভেবে চম্পার দরিদ্র বাবা-মা সমিতি থেকে ঋন নিয়ে জামাতাকে ১৫ হাজার টাকা দেন। এতে সুমন সন্তুষ্ট না হয়ে স্ত্রীর কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সংসারে কলহ সৃষ্টি হয়।

সুমন টাকার দাবিতে গালাগালসহ স্ত্রীকে নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করে। ফলে গত ৮/৯দিন পূর্বে চম্পা শিশু কন্যাকে নিয়ে বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে পিতা কুটিয়াল আনোয়ার মল্লিকের বাড়িতে এসে ওঠেন। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় সুমন শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে দু’জনের মধ্যে কথাকাকাটি হয়।

এ সময় সুমন স্ত্রী চম্পাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে তেড়ে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে নিবৃত করেন। পরে সুমন তার বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে চম্পা তার দুই বছরের শিশু কন্যা তানহাকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রা²ণকাঠি গ্রামে স্বামীর বাড়ি ফিরে যান। সেখানে যাওয়ার পরে তাদের মধ্যে পুনরায় ঝগড়াঝাটি হয়। ওই দিন রাত ১০টার দিকে চম্পাকে অচেতন অবস্থায় তার শাশুড়িসহ প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চম্পার শ্বশুর তৈয়ব আলী বেপারী ও শাশুড়ি আলেয়া বেগমের দাবি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে চম্পা আত্মহত্যা করেছে।

অপরদিকে চম্পার পরিবারের দাবি- তাকে মারধর করে হত্যার পরে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। এদিকে আদরের চম্পাকে হারিয়ে তার পরিবারে বইছে শোকের মাতম। বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, চম্পার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা ৬৩৯৩ জন

বরিশাল অফিস :: হাড় কাঁপানো শীতে হাবুডুবোতে অনেকটাই বিপর্যস্থ বরিশালের জনজীবন। কর্মব্যস্থ নগরজীবনও যেন থমকে দাঁড়িয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে চাচ্ছে না, ফলে নগরে নিত্যদিনের যানজটও তেমনভাবে ছিলো না। আর তীব্র শীতে বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছে সবথেকে বেশি বিপাকে, পেটের দায়ে কাজে নামতে হচ্ছে তাদের। যদিও রাতের ফুটপাতের পুরাতন কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিপণী বিতানগুলোতেও শীতের পোশাক বিক্রির চাহিদা বেড়েছে অনেকটাই।

এছাড়া শীতের এমন অবস্থা আগামী কয়েক দিন থাকার পাশাপাশি তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তারা। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আর গতকাল শনিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিলো মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এর আগে শুক্রবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৫ ডিগ্রিসেলসিয়াস।বরিশাল আবহাওয়া অফিসের প্রধান বশির আহমেদ জানান, তীব্র শীতের কারণে বরিশালসহ আশপাশের এলাকায় বিকাল পর্যন্ত এমনকি সারা দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল। আগামী ২৪ ঘণ্টায় শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। আগামী ৩-৪ দিন পর বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গত ১ সপ্তাহ ধরে বরিশাল বিভাগ জুড়ে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে সরকারি হাসপাতাল গুলোতে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১ মাসে বিভাগের ৬ জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৯৯৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর গেল ৭ দিনেই ভর্তি হয়েছেন ৪৩২ জন।

অপরদিকে গত ১ মাসে বিভাগের ৬ জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৬২৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগীর মধ্যে গেল ৭ দিনেই ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৩ জন। আর চলতি মাসের ১৪ দিনে প্রায় ৪ হাজার রোগী শীতকালীন নানান রোগে আক্রান্ত হয়ে বিভাগের ৬ জেলার সরকারি হাসপাতালগুলোর দ্বারস্থ হয়েছে।

তবে এসব তথ্যের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোন হিসেব নেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, এ সময়টাতে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানান রোগ দেখা দিচ্ছে। তাই তাদের প্রতি পরিবারের অন্য সদস্যদের বিশেষ খেয়াল রাখা উচিত।




পথচারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সবজি বিক্রেতাকে হত্যা

বরিশাল অফিস :: পথচারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সবজি বিক্রেতাকে হত্যা ভোলায় পথচারী নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. আব্দুর রব (৫৫) নামের এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৪ জানুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রব ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামের মো. ফজলে রহমানের ছেলে। এ ঘটনায় হত্যাকারী মো. সুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে চরনোয়াবাদ এলাকায় ওই নারী সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় মো. সুজন ওই নারীর পথরোধ করে তাকে উত্ত্যক্ত করেন। এ সময় নারীর চিৎকারে সবজি বিক্রেতা আব্দুর রব ছুটে এসে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে সুজন হাতের ক্র্যাচ দিয়ে সবজি বিক্রেতার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা এসে আব্দুর রবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ঈমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে আমরা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুজন নামে একজনকে আটক করেছি।




বরিশালে শীতে কাঁপছে এতিমখানার শিশুরা

বরিশাল অফিস :: বরিশালে শীতে কাঁপছে মাদ্রাসার এতিম শিশুরা। বিশেষ করে কম্বল কিংবা গরম কাপড়ের অভাবে নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সড়কের গুচ্ছগ্রামের মধ্য কালবার্ড সংলগ্ন রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। গায়ের কাপড় ও একটি পাতলা খাতা চলমান সর্বনিম্ন তাপমাত্রার এই শীত সামলাতে পারে না শিশুরা।

অন্যদিকে একটি এতিমখানায় যে পরিমাণ এতিমসহ শিক্ষার্থী থাকে, সেই পরিমাণ কম্বল কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, রোববার সকাল ৯টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালে। এতে শীতের তীব্রতা বেশি অনুভ‚ত হয়েছে। এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো বলেন শীতের এ তীব্রতা আরো ৪/৫ দিন থাকার সম্ভবনা রয়েছে তবে মাঝে মধ্যে এর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তারপরে শীতের তীব্রতা থাকার পর এ অঞ্চলে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। কনকনে এই শীতে প্রান্তিক জনগোষ্ঠির ভোগান্তি দেখা দিয়েছে মারাত্মকভাবে।

বিশেষ করে মাদ্রাসার এতিম শিশুরা চরম ভোগান্তিতে রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সড়কের গুচ্ছগ্রামের মধ্য কালবার্ড সংলগ্ন রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমসহ শতাধিক শিশু আবাসিকে থেকে পড়ালেখা করছে।

সেখানে মাত্র ১০টি কম্বল রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ। মাদ্রাসা কতৃপক্ষ আরো বলেন, বর্তমানের মাদ্রাসার ছাত্র বেশি থাকায় তাদের তিন বেলা খাবার যোগার করতে খুব সমস্যা হয়ে দারিয়েছে। তার মধ্যে দেখা দিয়েছে শীতের তীব্রতা।

এখন এই শীতে ছোট ছোট এতিম শিশুদের নিয়ে কি করবো তা বুঝতে পারছিনা। কোন ব্যাক্তি যদি এই এতিম শিশুদের দিকে তাকিয়ে কিছু কম্বল অথবা শিশুদের পোষাক দিতেন তাহলে এই এতিম শিশুরা শীতের হাত থেকে একটু রক্ষা পেতেন। এই মাদ্রাসায় এতিমরা কম্বল ও গরম কাপড়ের কারণে প্রচন্ড শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে খাদ্য ও অর্থের সংকট রয়েছে। তাই বিত্তবান কিংবা প্রশাসন থেকে এতিম শিশুদের রক্ষায় গরম কাপড় নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ওই মাদ্রাসা কতৃপক্ষ। অন্য দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাইর কাজ শেষ হলেও এখনও বাকি রয়েছে ৪র্থ তলার নির্মাণসহ ভবনের বাকি কাজ।




শেখ হাসিনার উপহার পেলেন বরিশালের আশ্রয়ণ প্রকল্পে ৫ শতাধিক পরিবার

বরিশাল অফিস :: বরিশালসহ সারাদেশে সত্যপ্রবাহ বইছে এতে করে জনজীবন বিপর্যস্ত তাই বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সদর উপজেলার গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর আবদুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাডঃ মাহবুবুর রহমান মধু, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন মাহাতাব উদ্দিন সুরুজ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন।




সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: জাহিদ ফারুক

এস এল টি তুহিন,বরিশাল :: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের।

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কর্মতৎপরতা মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।

আগের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের ভাবমূর্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কাজ ধীর গতিতে করা যাবে না, যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেওয়ার সময় তাদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। বছরের শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধান প্রকৌশলীদের আরও আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন। শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। এ বছর এপিএতে (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) পানিসম্পদ মন্ত্রণালয় চার নম্বরে রয়েছে। আগামীতে লক্ষ্য হতে হবে এক অথবা দুই নম্বর অর্জনের।




বরিশাল থেকে ফেরার পথে ফল খেয়ে সপরিবারে অসুস্থ পরীমণি

বরিশাল অফিস :: সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ঢাকাই ফিরেই ছেলে রাজ্যকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। শুধু সেই নয়, পরীসহ বাসার সবাই অসুস্থ। কারণ সবার হয়েছে ফুড পয়জনিং।

বিষয়টি নিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনো হসপিটালাইজড!’

বেশ কিছু কাজ জমে আছে পরীর হাতে। এগুলো প্রসঙ্গেও ফেসবুকে তিনি বলেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘‘কাগজের বউ’’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।’

ছবি: পরীমণির ফেসবুক

সবাইকে সতর্ক করে এই নায়িকা আরও লিখেছেন, ‘শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ডিএ তায়েব ও মামনুন ইমন। এর মাধ্যমে বছরের প্রথম ছবি হিসেবে বড় পর্দায় দেখা যাবে পরীমণি।