বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল অফিস:: বরিশাল নগরীতে নির্মাণাধীন ভবনের ছাদে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাবুদ্দিন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে নগরীর কাউনিয়া ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন বরিশাল সদর উপজেলা চর কাউয়া ইউনিয়নের ডিনারের পোলের এলাকার দুলাল কাজির ছেলে। অপর আহত লাল শরীফ সদরের চরমোনাই গিলাতলী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, একটি মালিকানাধীন ভবনে দুই শ্রমিক কাজ করতে ছিল। এক সময় রড তুলতে গিয়ে পাশের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যদি কেউ অভিযোগ দেয় তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




বরিশালে চলছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা

বরিশাল অফিস:: বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তে’র ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা। মেলার বিভিন্ন স্টলে এসেছে হাতে তৈরি বিভিন্ন রঙ-বেরঙের পিঠা, চকলেট কেকসহ বিভিন্ন শীতকালীন পিঠা, সুস্বাদু মিষ্টি পান।

এছাড়া রয়েছে গ্রামীন রাধাচক্কর, শিশুদের বিভিন্ন খেলনাসহ মৃৎশিল্পের বিভিন্ন আইটেমের আসবাবপত্র। মেলায় ঘুরতে আসা নগরীর বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকগণ আলাপকালে বলেন, ‘এই শীত মৌসুমে পেছনে ফেলে আসা দিনগুলোতে আমরা দেখতাম বরিশাল সহ জেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হত বিভিন্ন গ্রামীন মেলা। আমরা সেসময় পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসে মেলা থেকে বিভিন্ন খেলনা ও বাসা-বাড়িতে ব্যবহারের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতাম। এখন এসব যেন মনের ভিতর সব স্মৃতি হয়ে আছে ।’

এ ব্যাপারে মেলা কমিটির আয়োজক সভাপতি স্নেহাংশুকুমার বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ে এই বরিশালে আগের মত তেমন কোন কিছু হয় না। আমরা প্রতিবছর অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষে নগরবাসীকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করে থাকি। আমাদের দুই দিনব্যাপী মেলায় ৩০ টি স্টল রয়েছে। স্টলগুলোতে বোন-ভাবিরা তাদের হাতের তৈরি শীতের পিঠা উপস্থাপন করেছে, যা আজকাল অনেক বাসা-বাড়িতে তৈরি করে খাবার সময় হয় না।’

আজ শুক্রবার মেলার শেষদিনে মেলার মাঠে ও অশ্বিনী কুমারদত্তের স্মরণে দর্শকদের জন্য থাকবে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, সংগীতসহ নৃত্য পরিবেশনা। আলোচনা সভায় অংশগ্রহণ করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এছাড়া আরও যারা আলোচনায় অংশগ্রহণ করেন বিএম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ূম উদ্দীন আহমেদ, সরকারি বরিশাল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর অলকা রানী সরকার, বীর প্রতীক কে এস মহিউদ্দিন মানিক, সাংবাদিক মুরাদ আহমেদ, উদীচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভঙ্কর চক্রবর্তী ও মিন্টু কুমার প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে অশ্বিনী কুমার দত্তের ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে দুই দিনব্যাপী অশ্বিনী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি।




বরিশালে সেতু নির্মাণ : তিন মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বরিশাল অফিস :: তিন মাসের একটি সেতু নির্মাণ প্রকল্পের কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু আর সংযোগ সড়ক না করায় চরম দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। প্রতিদিন সেতুটি পার হতে কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে শিশু শিক্ষার্থী ও বয়স্করা কাঠের সিঁড়ি দিয়ে পরে আহত হচ্ছেন।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ধামুরা থেকে শের-ই বাংলা বাজার সংলগ্ন হাকিম ডাক্তারের বাড়ির সামনের। বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়।

সূত্রমতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে হাকিম ডাক্তারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু ও এর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ৯০ লাখ ২৮ হাজার ৪৮৭ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১ সালের জুলাই মাসে দরপত্র আহবান করার পর কাজটি পায় মেসার্স মৌ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের সেপ্টেম্বর মাসে কাজ শুরুর পর ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার কথাছিলো। কিন্তু বিভিন্ন অজুহাতে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার। দুই বছর
আগে সেতুর আংশিক নির্মাণ করলেও প্রকল্পে অধিকাংশ কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধামুরা, বরাকোঠা ও উত্তর বরাকোঠা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধানতম সড়ক হওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে নির্মানাধীন সেতুরর আশিংক অংশে সুপারি গাছের সিঁড়ি দিয়ে চলাচল করছেন।

ধামুরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, সেতুটি নির্মাণের সময় বিকল্প কোন সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলীও তা নজরদারি করেনি। যেকারণে সড়কের বিকল্প ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা বলেন, প্রায় দুই বছর ধরে নির্মানাধীন সেতুটি সংযোগ সড়ক ছাড়া পরে রয়েছে। এতে করে ওইসব
এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি লাঘবে ঠিকাদারকে একাধিকার তাগিদ দেওয়া সত্বেও ঠিকাদার তাতে কোন কর্নপাত করেননি। শেষে উপায়অন্তুর না পেয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উজিরপুর উপজেলার প্রকৌশলী সুব্রত রায় বলেন, কাজটি তিন মাসের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার দুই বছরেও কাজটি শেষ করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে সেতুর কাজ কিংবা সংযোগ সড়ক করেনি। তাই ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তি বাতিল হলেই নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে।

 




বাঁধ কেটে বোরো চাষের ব্যবস্থা করলেন ইউএনও

বরিশাল অফিস :: জেলার উজিরপুর উপজেলার ভরসাকাঠী ও জয়শ্রী এলাকার খালে একটি ব্রিজ নির্মানের কারণে ঠিকাদার খালে বাঁধ দিয়ে প্রায় দেড় মাস ধরে নির্মান কাজ করছিলেন।

এ কারণে শিকারপুর ইউনিয়নের জয়শ্রী ও বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী, আটিপাড়া, কালিহাতাসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজারো কৃষকের আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষবাদ অনিশ্চিত হয়ে পরেছিলে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্মানাধীন ব্রিজের নিচে বাঁধ কেটে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের নজরে আসলে বুধবার সকালে তিনি নিজে উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে ছুঁটে যান।

এ সময় কৃষকদের সাথে আলোচনা করে ইউএনও ব্রিজের নিচে ঠিকাদারের শ্রমিকদের দেওয়া বাঁধ কেটে বোরো চাষাবাদের জন্য পানি উন্মুক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার সাখওয়াত হোসেনের এ প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাজারো গ্রামবাসী। উপজেলা সহকারী কৃষি কর্মকতা মোঃ রফিকুল ইসলাম বলেন, ওই খালের পানি দিয়ে দুইটি ইউনিয়নের প্রায় হাজারো কৃষক দীর্ঘ বছর ধরে বোরো চাষাবাদ করে আসছেন। জনগুরুত্বপূর্ণ খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মান করায় চলতি মৌসুমে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে সরেজমিনে উপস্থিত থেকে খালের মধ্যে দেয়া বাঁধটি অপসারন করা হয়েছে। ফলে ওইসব এলাকার চাষীদের বোরো চাষে আর পানির সমস্যা হবেনা।




বরিশালে সংরক্ষিত আসনে এমপি হতে তৎপর নারী নেত্রীরা

বরিশাল অফিস : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বরিশাল বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিভাগের ছয় জেলায় তিনজন সংরক্ষিত এমপি ছিলেন। সেখানে এবার এক ডজন ক্ষমতাসীন দলের নেত্রীর তৎপরতার শুরু হয়েছে। এদেরমধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পতœী ও কেউ ছাত্রলীগের সাবেক নেত্রী। সংরক্ষিত আসনের এমপি হতে বিভাগের নারী নেত্রীরা প্রধানমন্ত্রীসহ দলের উচ্চপর্যায়ে যোগাযোগ করছেন বলে দলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি নির্বাচিত হন। সে হিসেবে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিপরীতে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে। বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুইজন। তারা হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা আক্তার মীরা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি’র পতœী লুৎফুন্নেছা খান। তবে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি লুনা আব্দুল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয়, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজপথের নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নাম শোনা যাচ্ছে। এরমধ্যে ২০০১ সালে বিএনপি ও জামায়াতের জোট ক্যাডারদের নির্মম নির্যাতনে মনিরুন নাহার মেরী চিরদিনের জন্য সন্তান হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। তারপরেও তিনি রাজপথ ছাড়েননি। মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সহধর্মীনি মনিরুন নাহার মেরী সন্তান হওয়ার সক্ষমতা হারিয়ে ফেললেও দলের তৃণমূল পর্যায়ের যুব বয়সের নেতাকর্মী ও সমর্থকদের নিজ সন্তানের মতো আগলে রেখে সকলের আস্থা ও ভালবাসা অর্জন করেছেন।

দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন। উপকূলীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী। বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুইজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে।

তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রানী এবং জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী। পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনও রয়েছেন এ তালিকায়।

সার্বিক বিষয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করবেন। প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন, অতীতে যে নেত্রী রাজপথে সরব ছিলেন তাকেই মনোনয়ন দেবেন।




বরিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৬

বরিশাল অফিস :: বরিশাল – পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ( ২৪ জানুয়ারী) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বরিশালে উদ্দেশ্যে যাওয়ার সময় প্রাইভেট ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ৬ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বরিশালে থেকে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী কলাপাড়ার দিকে
যাচ্ছিল। বিপরীত দিক থেকে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান তিনি বরিশালের উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দবদবিয়া ব্রিজ অতিক্রম করার সময় তার গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় জনগণ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের তাবাসসুম(২৩) ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়। তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি এখন সুস্থ আছেন। বাকি সদস্যরা গুরুতর আহত হলে তারা চিকিৎসা নিচ্ছেন।




বরিশালে ষাটোর্ধ্ব আয়েশার কপালে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড

বরিশাল অফিস :: বরিশাল নগরীর ১০ নম্বর ওয়োর্ডের বাসিন্দা আয়েশা বেগম। স্বামী মৃত মকবুল হাওলাদার। আদি বাড়ি কড়াপুর ইউনিয়নে হলেও গত ত্রিশ বছরের বেশি সময় ধরে ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনীতে বসবাস করেন। দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেই চলছে জীবিকা। হাঁটতে চলতে খুবই কষ্ট। দু-পা হাটেন এক-পা বসে থাকেন। পিছন থেকে তার হাঁটা দেখে মনে হবে এখনই বুঝি পড়ে যাবেন তিনি। মঙ্গলবার বিকালে জিলাস্কুলের সামনের চায়ের দোকানে ভিক্ষা চাইতে এসে মাথা ঘুরে পড়ে গেলেন। দ্রুত তাকে দোকানের বেঞ্চে বসিয়ে দিলো কয়েকজন রিকশাচালক ও চা দোকানের কর্মচারী ।

জানা গেল, সকাল থেকে কোনো দানাপানি পড়েনি পেটে। চা দোকানের সুমন ও জসিম ছুটে এসে কলা ও পাউরুটি খেতে দিল তাকে। সাথে চাও দিলো সুমন।

৭০ বছরের বেশি বয়স হলেও নিজের বয়স সম্পর্কে কিছুই বলতে পারেননা তিনি। কারণ, তাদের সময়ে জন্ম সন, তারিখ ধরে রাখতে কোনো উদ্যোগ ছিলোনা। যুদ্ধের আগে জন্মছেন তিনি। কোন যুদ্ধ প্রশ্ন করলে বলেন, ‘বড় যুদ্ধের আগে, হেরপর বইন্যা দেখেছেন। এ হিসেবে ৬০ বছল পার করেছেন অনেক আগে। এখনো বয়স্ক ভাতা জোটেনি তার কপালে। সাবেক কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির এবং বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন কয়েকবার নাম-ঠিকানা, ভোটার কার্ডের কপি নিয়ে গেছেন। কিন্তু আজ পর্যন্ত কিছুই করেননি কেউ।

আয়েশা বেগম এর মতো নগরীতে এরকম আরো প্রায় ৭০-৮০ জন বয়স্ক প্রতিবন্ধী রয়েছেন বলে, জানালেন পরিবেশ আন্দোলনের নেতা ও বরিশাল সাহিত্য সংসদ এর সহসভাপতি কাজী মিজানুর রহমান। তিনি বলেন, এদের বেশিরভাগ ভাসমান হওয়ার কারণেই হয়তো এরা ভাতা বঞ্চিত হচ্ছে। তাই এদের সবাইকে নির্দিষ্ট একটি স্থানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা খুবই জরুরী। সরকারের সমাজসেবা দপ্তরের ভূমিকা এখানে খুবই জরুরী।

বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জাবীর হোসেন বলেন, দেখতে অনেক বয়স্ক মনে হলেও এনআইডি কার্ড অনুযায়ী ৬২ পার না হলে তিনি বয়স্ক ভাতার আওতায় আসবেন না। তবে জেলা সমাজসেবা দপ্তরের বয়স্ক পুনর্বাসনের আওতায় এদের আনার জন্য একটা প্রকল্পের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই সবাইকে এর আওতায় আনা হবে বলে জানান জাবীর হোসেন।




দুইবার বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের মেয়ে নিপা

বরিশাল অফিস :: গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের গড়া রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের বরিশাল জেলার নুসরাত জাহান নিপা। চপস্টিক দিয়ে এক মিনিটে একটি করে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছেন তিনি। এর আগে, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে পরপর দুইবার বিশ্বরেকর্ড করেছেন নিপা।
সোমবার ( ২২ জানুয়ারী) রাতে এ তথ্য জানিয়েছেন,বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা।

নিপা জানান, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরী করে এবং এবারে চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে ইতালীর রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন তিনি। এর আগের বারেও ইতালীকে পেছনে ফেলেছিলেন তিনি। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালীর এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ^ রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ^ রেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে। ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।

নুসরাত জাহান বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশে^র দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।

নিপা আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশে^ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার শহরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দুইবার বিশ^ রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।

নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। এছাড়া বর্তমানে বেসরকারি কোম্পানীতে কর্মরত আছেন ।




বরিশালে সূর্যমুখি তেলবীজের আবাদ ও উৎপাদন বাড়ছে

বরিশাল অফিস :: বরিশালে সূর্যমুখির আবাদ ক্রমে বানিজ্যিক রূপলাভ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই থেকে উপকারী এ তেল বীজ উৎপাদনের কারিগরি সহায়তা প্রদানের পরে সূর্যমুখির আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে দায়িত্বশীল মহল।

চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সূর্যমুখি আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন কৃষিযোদ্ধারা। এ অঞ্চলে এবার ১২টি তেল মাড়াই মেশিন সরবরাহ করেছে ডিএই। গত বছর রবি মৌসুমে এ অঞ্চলে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে ১৪ হাজার টনেরও বেশী সূর্যমুখি উৎপাদনের পরে এবার প্রায় ১৬ হাজার টন লক্ষ্য নির্ধারন করেছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০ ভাগেরও বেশী জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

১৯৭৫ সাল থেকে দেশের উপকূলীয় জেলা বরিশাল ও পটুয়াখালী ছাড়াও বিভিন্ন এলাকায় সূর্যমুখীর পরীক্ষামূলক আবাদ শুরু হলেও নানা প্রতিকূলতায় দীর্ঘ প্রায় পাঁচ দশকেও এর খুব বড় ধরনের সম্প্রসারণ ঘটেনি। তবে গত তিন বছর ধরে সূর্যমুখির আবাদ বাড়ছে। ডিএই’র মতে গত বছর দেশে ১৪ হাজার ৭শ হেক্টরে প্রায় ২৮ হাজার টন উৎপাদনের পরে চলতি মৌসুমে ১৬ হাজার ২৩০ হেক্টরে প্রায় ৩২ হাজার টন সূর্যমুখি উৎপাদনের লক্ষ্য রয়েছে।

তবে এখনো দেশে সূর্যমুখী তেল-এর তেমন কোন বাণিজ্যিক উৎপাদন না হওয়ায় অত্যন্ত সম্ভাবনাময় এ তেল বীজের আবাদ ও উৎপাদনও বাড়ছে না বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা। এবার বরিশাল সহ কয়েকটি এলাকায় ডিএই থেকে বেশ কিছু ক্রাসিং মেশিন সরবরাহ করায় কৃষকরা সম্ভাবনাময় এবং মানবদেহের জন্য উপকারী সূর্যমুখি আবাদ ও উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানা গেছে।

বছর কয়েক আগে কয়েকটি এনজিও উপাকূলীয় এলাকায় সূর্যমুখী আবাদে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করলেও প্রাকৃতিক বিপর্যয়ে ফলন সংকট সহ বিপণন ব্যবস্থার অভাবে পরবর্তিতে তার কোন সম্প্রসারণ ঘটেনি। এবারো এনজিও বেসরকারী সংস্থা ব্র্যাক বীজ সরবরাহ করছে। বিএডিসি’র বীজ দপ্তরে এখনো এ তেল বীজের সরবরাহ কাঙ্খিত নয়।

অপরদিকে গত কয়েক বছর ধরেই রবি মৌসুমে একাধিক ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে সূর্যমুখীর উৎপাদনে বিপর্যয় ঘটে। এছাড়া প্রতি বছরই আবাদকৃত জমির সূর্যমুখী ফুলের বাগানে টিয়া পাখির আক্রমনে এ তেলবীজ পাখির পেটে চলে যাওয়ায়ও কৃষকরা যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলেন।

কৃষকরা টিয়ার আক্রমন বাঁচিয়ে বীজ ঘরে তুলতে পারছিলেন না। তবে টিয়া পাখি তাড়াবার প্রযুক্তি সহ ঘূর্ণিঝড় থেকে সূর্যমুখী রক্ষায় নানা কৌশল অবলম্বন সহ কৃষকরা নিজেরাই তেল উৎপাদন করতে পাড়ায় এখন সূর্যমুখী আবাদে আস্থা অনেকটাই ফিরে এসেছে। ‘বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট-বারি’ এ পর্যন্ত ‘কেরানী-ডিএস-১’ , ‘বারি সূর্যমুখী-২’, ‘বারি সূর্যমুখী-৩’ ও ‘হাইসান-৩৩’ নামের উন্নত জাতের উচ্চ ফলনশীল সূর্যমুখী ফুলের একাধিক নতুন জাত উদ্ভাবন করেছে। তবে এসব সূর্যমুখীর বীজ ও আবাদ প্রযুক্তি কৃষক পর্যায়ে দ্রুত পৌঁছে দেয়ার তাগিদ দিয়েছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সূর্যমুখী তেল জনস্বাস্থ্যের জন্য যেমন যথেষ্ট উপকারী ও পুষ্টিকর তেমনি নিরাপদ। কৃষি বিজ্ঞানীদের মতে বারি উদ্ভাবিত সূর্যমুখীতে ৪০-৪৫% পর্যন্ত তেল পাওয়া যায়। ক্যালসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেলে ভিটামিন-ই ও ভিটামিন-কে রয়েছে। বনস্পতি এ তেল ভেষজগুনেও সমৃদ্ধ। সেলেনিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেল ক্যান্সার প্রতিরোধী।

পাশপাশি রক্তের ক্ষতিকর কোলেস্টরল, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে সূর্যমুখী তেলে ‘ওমেগা-৬’ এবং ওমেগা-৯’ রয়েছে। এ তেল শারীরিক দুর্বলতা সহ মানসিক চাপ হ্রাসেও সহায়তা করে। এমনকি মাইগ্রেন সমস্যা ছাড়াও হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার ও হাড়ের জোড়া ব্যাথা নিরাময়েও সূর্যমুখী তেল সহায়ক ভূমিকা পালন করে থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের কাছে সূর্যমুখী একটি উৎকৃষ্ট তেল ফসল হিসেবে বিবেচিত হয়ে আসছে। পৃথিবীর বেশীরভাগ দেশেই এ তেলবীজ গুরুত্বপূর্ণ একটি তেল ফসল হিসেবে বিবেচিত। সূর্যমুখীর বীজে ৪০-৪৫% পর্যন্ত লিনোলিক এসিড রয়েছে, অথচ এ তেলে কোন ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। বারি উদ্ভাবিত বীজ থেকে সূর্যমুখীর ফলন হেক্টর প্রতি ১.৭ থেকে ৩টন পর্যন্ত হয়ে থাকে বলে ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন।

সূর্যমুখী উৎপাদনে এর জীবনকাল জাত ভেদে ৯০ থেকে ১২০ দিন। তবে উন্নত বীজ, পরিমিত সার প্রয়োগ সহ আবাদ পরবর্তী সুষ্ঠু পরিচর্যা এ তেল ফসল উৎপাদনের অন্যতম পূর্বশর্ত বলে জানিয়েছেন ডিএই’র কারিগরি বিশেষজ্ঞরা।




পাটুরিয়ায় ফেরিডুবি ৫ দিনেও খোঁজ হুমায়ুন

বরিশাল অফিস :: পাটুরিয়া নৌ- রুটের পাটুরিয়া ঘাটে ফেরী ডুবির ৫ দিনেও খোঁজ মেলেনি ফেরীর ইঞ্জিন মাস্টার (যন্ত্রচালক) হুমায়ুন কবিরের (৩৯)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাংগা গ্রামে চলছে শোকের মাতম।

বাড়িতে তাঁর এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পাটুরিয়ায় ৫ নং ঘাটের কাছে ঘন কুয়াশার কারণে গত বুধবার সকালে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যায়। ফেরীতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনোও নিখোঁজ আছেন হুমায়ুন।

তাঁর মেয়ে কামরুন্নাহার বলেন,ফেরী ডুবির ঘটনা ঘটেছে পাঁচ দিন এখন পর্যন্ত আমার বাবার খোঁজ মেলেনি। আমরা বাবাকে ফেরত চাই। সাবেক ইউপি সদস্য মো: মনসুর আলী বলেন,হুমায়ুন কবির ছিল তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এখন তাদের ভরনপোষণ এর জন্য কেউ রইল না। দুটি মেয়ে ও ছেলে পড়াশোনা এখন অনিশ্চিত।
আশাকরি সরকার তাদের দায়িত্ব নেবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,সে একজন সরকারি চাকরিজীবী। তাই সরকারি বিধি মোতাবেক তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।