মেহেন্দীগঞ্জ-হিজলায় আগে পঙ্কজের, এখন শাম্মী সমর্থকরা আক্রান্ত

বরিশাল অফিস ::আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে হানাহানির কারণে আলোচিত বরিশালের দুই উপজেলা মেহেন্দীগঞ্জ ও হিজলা। সেখানকার সংসদ সদস্য পঙ্কজ নাথের পক্ষ-বিপক্ষ ঘিরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ২০১৬ সালে সংঘাতের সূচনা। এর জেরে পঙ্কজ দলীয় পদ হারান এবং মনোনয়নবঞ্চিত হন। এবার স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে বিরোধীদের সঙ্গে তাঁর সংঘাত থামছে না দুই উপজেলায়। মেঘনাতীরে মাছঘাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে এসব ঘটনা ঘটছে। ঘাট দখলে থাকলে অবৈধভাবে আয় হয় কোটি কোটি টাকা।

ভোটে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদকে নৌকার প্রার্থী ঘোষণার পর (পরে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়ন বাতিল) পঙ্কজ সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর এবং দখল করে বিরোধীরা। ভোটের পর একই অভিযোগ উঠেছে পঙ্কজ সমর্থকদের বিরুদ্ধে। সবশেষ রোববার হিজলার গৌরবদী ইউনিয়নে সংঘর্ষ হয়।

রোববার রাতে হিজলা-গৌরবদী ইউনিয়নের মান্দাবাজারে পঙ্কজবিরোধী গ্রুপের মিরাজ সরদার ও ইউসুফ মিয়াকে কুপিয়েছে প্রতিপক্ষ। ভাঙচুর করা হয় স্থানীয় ইউপি সদস্য ফারুক মাঝির দোকান। হামলাকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল বেপারি, জসিম সিকদার, কাশেম হাওলাদার, চান শরিফ পঙ্কজ এমপির অনুসারী বলে জানা গেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোজাম্মেল বেপারি, হোসেন মাঝি, হানিফ হাওলাদার ও রুবেল মাঝিকে গ্রেপ্তার করেছে।

গত সপ্তাহে একই ইউনিয়নের খালিসপুর, ওরাকুল ও গঙ্গাচরণে তিনটি মাছঘাটের পাশে নতুন ঘাট স্থাপন করেছেন পঙ্কজ সমর্থক হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও ফখরুল বেপারি। এ ছাড়া গত সপ্তাহে ধুলখোলা ইউনিয়নের মাইট্টালায় হামলা করে একটি মাছঘাট বন্ধ করে দেওয়া হয়। নেতৃত্ব দেন আমির সরদার। আহত হন অন্তত পাঁচজন।

পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেপারি বলেন, ১১ জানুয়ারি থেকে নৌকার কর্মীদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে এমপির লোকজন। মাছঘাট দখলের ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ নেয়নি।

পঙ্কজ সমর্থক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বেপারি বলেন, কারও মাছঘাট দখল হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে পাঁচটি নতুন ঘাট করা হয়েছে।

এ প্রসঙ্গে পঙ্কজবিরোধী আরেক নেতা হিজলার গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন, তিনি বর্তমানে এলাকায় নেই, তবে ঘটনাগুলো জানেন। গত শনিবার হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে হামলায় আহত হন চারজন। আহত ফাতেমা বেগম অভিযোগ করেন, তাদের ওপর পঙ্কজ সমর্থক সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বরের অনুসারীরা হামলা করেছে।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার জানান, তিনি হামলার কথা শুনেছেন। আওয়ামী লীগ নেতা দীপু সিকদার (পঙ্কজবিরোধী) ঝামেলা করেছেন। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এমপিকে গালাগাল করা হয়। তিনি দাবি করেন, গোটা উপজেলায় কোনো মাছঘাট দখলের ঘটনা ঘটেনি। এ ছাড়া ২৫ জানুয়ারি মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় বাসায় ঢুকে সৌরভ দাস নামে পঙ্কজবিরোধী কর্মীকে পাইপ দিয়ে পেটানো হয়।

সোমবার মেহেন্দীগঞ্জে মতবিনিময় সভা প্রসঙ্গে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোববার পর্যন্ত হিজলা ও মেহেন্দীগঞ্জে ১৫টি মামলা হয়েছে। বরিশালের অপর আট উপজেলা মিলিয়েও এত মামলা হয়নি। দুই উপজেলায় কিছু মানুষ খুব হিংস্র। তারা ঘটনাকে অতিরঞ্জিত করে সহিংসতা ছড়ায়। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এমপি পঙ্কজ নাথ বলেন, গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন মেঘনাতীরে ২৪টি মাছঘাট স্থাপন করে মেঘনা নিয়ন্ত্রণ করছেন। জাটকা নিধন করে মৎস্যসম্পদ ধ্বংস করছেন। অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি কেটে বিক্রি করছেন। এসব কাজে বাধা দিলে বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চালান। যা ঘটেছে সব নাটক।

মেহেন্দীগঞ্জ ও হিজলার চারপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদী ইলিশের অভয়াশ্রম। তীরে গড়ে ওঠা মাছঘাটে কোটি কোটি টাকার বাণিজ্য হয়। চরে আছে নানামুখী বাণিজ্য। স্থানীয় নেতাকর্মীরা মাছঘাট ও চরের বাণিজ্যের নিয়ন্ত্রক হন। এভাবে অর্থের জোরে হন জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতা। রাজনৈতিক ছত্রছায়ায় এসব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। পঙ্কজবিরোধী অংশটি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অনুসারী হিসেবে পরিচিত।




বরগুনায় অবৈধ ৪৫টি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট

বরিশাল অফিস :: বরগুনায় অবৈধ ৪৫টি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল ও চিংড়ি জাল জব্দ করে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জেলা মৎস্য অফিসের তথ্য মতে, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল‌ ১১টা পর্যন্ত বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি রাক্ষুসে বেহুন্দি জাল এবং তিনটি অবৈধ চিংড়ি জাল এবং আনুমানিক ২০ মণ অবৈধ ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত দড়ি ও কাছি আটক করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানসহ, বরগুনা সদর থানার পুলিশ ফোর্স এবং বরগুনার জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান, বরগুনার নির্দেশে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী জাল, চিংড়ি জালসহ দড়ি কাছি পুড়িয়ে বিনষ্ট করা হয়।




বরিশালের গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধন

বরিশাল অফিস : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯) জানুয়ারী সকালে উপজেলার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার। মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।




বরগুনায় সন্ধ্যা নামতেই নদীতে ড্রেজারের দাপট, ঝুঁকিতে জনপদ

বরিশাল অফিস :: বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে ড্রেজার মেশিন দিয়ে ভাঙনকবলিত এলাকা থেকে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিষখালী নদীর তীরঘেঁষে গড়ে ওঠা জনপদ উপজেলার পৌর শহর ও আশপাশের গ্রামের পর গ্রাম নদীতেই ভাঙছে। ভাঙনকবলিত এলাকাগুলোতে ইতোমধ্যে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার।

ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেলায় কিছু রাখঢাক থাকলেও তবে সন্ধ্যা নামলেই ড্রেজার নামিয়ে বালু উত্তোলনের প্রতিযোগিতা শুরু হয়। এ উপজেলার বিষখালী নদীর মোহনায় ২০-২৫টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছেন প্রভাবশালীরা। সম্প্রতি সরেজমিনেও মিলেছে এ চিত্র। এসময় সাংবাদিক আসার খবর পেয়ে বালু উত্তোলন বন্ধ করে গা-ঢাকা দেয় বালু ব্যবসায়ীরা।

নদী তীরবর্তী একাধিক বাসিন্দা অভিযোগ করেন, চোখের সামনে মানুষের সহায়-সম্পত্তি বিষখালী নদীতে বিলীন হতে দেখেও বালু ব্যবসায়ীরা তাদের কার্যক্রম থেকে বিরত থাকছে না। ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ ও দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে এখানকার বাসিন্দারা।

বেতাগী উপজেলা সদরের উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের বাড়ি-ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে শুধু ড্রেজার দিয়ে বালু কাটায়। নদীতে তেমন ঢেউ নেই, স্রোতও আগের তুলনায় কম; এরপরও নদী ভাঙছে।

তিনি আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ইতোমধ্যে নদীভাঙন রোধে একটি প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করলেও এভাবে দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে তা কোনো কাজে আসবে না। কারণ একমাত্র অবৈধভাবে ভাঙন এলাকা থেকে বালু উত্তোলন করাতেই নদী ভাঙছে।’

সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাতে আবু কালাম নামে একজনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ এই অর্থদণ্ড দেন।

এর আগেও বালু ব্যবসায়ী মনির হোসেনকে ৫০ হাজার এবং জাহাঙ্গীর ও রাহাত নামে আরও দুই ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ড্রেজার মালিক সুনীলকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ (ইউএনও) বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বিষখালী নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এ ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ ভাঙনকবলিত এ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং নদী থেকে যাতে কেউ অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণন করতে না পারে, সেজন্য আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে বাসাবাড়িতেই গড়ে উঠছে হাসপাতাল-ক্লিনিক

বরিশাল অফিস :: সরকারি বিধি উপেক্ষা করে বরিশাল জেলার গৌরনদীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দালাল নির্ভর এসব প্রতিষ্ঠানে সেবা নিতে এসে প্রতারণার শিকার হন রোগীরা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেন না স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনুমোদন পেতে প্রয়োজনীয় ভৌত সুবিধা, সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা নার্স, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনারসহ জনবল, যন্ত্রপাতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা আবশ্যক। প্রথমত ১০ বেডের একটি ক্লিনিকের অনুমোদনের ক্ষেত্রে শুধু রোগীর ওয়ার্ডের জন্য প্রতি বেডে ৮০ বর্গফুট করে মোট ৮০০ বর্গফুট জায়গা লাগবে। সেই সঙ্গে অস্ত্রোপচার রুম, পোস্ট অপারেটিভ রুম, ওয়াশ রুম, ইনস্ট্রুমেন্ট রুম, লেবার রুম, ডক্টরস ডিউটি রুম, নার্সেস ডিউটি রুম, অপেক্ষমাণ রুম, অভ্যর্থনাকক্ষ, অফিস রুম, চেইনঞ্জিং রুম, স্টেরিলাইজার রুম, ভাণ্ডার রুমসহ সামঞ্জস্যপূর্ণ অন্তত ১৩টি রুম থাকতে হবে।

দ্বিতীয়ত পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রয়োজনীয় সংখ্যক টয়লেট, প্রশস্ত সিঁড়ি, জেনারেটরসহ প্রয়োজনীয় ক্ষেত্রে (ভবন তিনতলার অধিক হলে) লিফটের ব্যবস্থা থাকতে হবে। অপারেশন রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, টেবিল, পর্যাপ্ত লাইট, সাকার মেশিন, অ্যানেসথেসিয়া মেশিন, ডায়াথারমি মেশিন, জরুরি ওষুধসমূহের ট্রে, রানিং ওয়াটার, অক্সিজেন, আইপিএসের ব্যবস্থা থাকতে হবে।

তৃতীয়ত সাধারণ বর্জ্য, ধারালো বর্জ্য, জীবাণুযুক্ত বর্জ্য, তরল বর্জ্যসহ সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনাও থাকা অত্যাবশ্যকীয়। জনবল কাঠামোতে বিশেষজ্ঞ ডাক্তার, তিন জন ডিউটি ডাক্তার, ছয় জন ডিপ্লোমা নার্স, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনারসহ প্রয়োজনীয় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী থাকতে হবে সার্বক্ষণিক।

কিন্তু এসবের কোনো নিয়মই মানছে না গৌরনদী উপজেলার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার না রাখার নীতিগত সিদ্ধান্ত থাকলেও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধা কিলোমিটারের মধ্যেই ১০ থেকে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এ ছাড়া গৌরনদী বন্দর রোড, টিএন্ডটি মোড়, বাটাজোর হাট, বাকাই হাট ও হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় ছোট বড় প্রায় ৪০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। আর অলিগলিতে ব্যাঙের ছাড়ার মতো গড়ে উঠেছে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার।

বিশেষ করে সরকারি হাসপাতালের উত্তর ও পশ্চিম প্রান্তের প্রাচীর ঘেঁষেই ৮ থেকে ১০টির মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই প্রয়োজনীয় ভৌত (কক্ষ) সুবিধা ও প্যাথলজিক্যাল পরিবেশও নেই। অধিকাংশ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ, ফায়ার সার্ভিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নেই।

প্রয়োজনীয় যন্ত্রপাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নেই। ক্লিনিক-ডায়াগনস্টিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ।

উপজেলা ঘুরে দেখা গেছে, সরকারি বিধান না মেনেই বাসা-বাড়িতে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। অনুমোদনের যে-সব বৈশিষ্ট্য পূরণ করতে হয় তার বালাই নেই। এরমধ্যে অনেকে অনুমোদন পেয়েছে, আবার নিয়ম না মেনে আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছেন।

নড়াইলে খেজুরের রস খেয়ে অসুস্থ ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি
গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওহাব শিকদার বলেন, গৌরনদীর বেসরকারি ১৬টি হাসপাতাল ও ১৪টি ডায়াগনস্টিক সেন্টার আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য। সরকারি বিধিমোতাবেক যে সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র সঠিক আছে তাদেরকেই আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়। সরকারি নিয়ম নীতি অনযায়ী ঢাকার পপুলার হাসপাতালও চলতে পারে না। সেখানে উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সঠিকভাবে চলা সম্ভব না। তার দাবি, উপজেলা পর্যায়ে পোস্ট অপারেটিভ রুম থাকার বাধ্যবাধকতা নেই। তবে আমরা চেষ্টা করি ভালো সেবা দেওয়ার। রোগীর অবস্থা গুরুতর দেখলে তা দ্রুত বরিশাল পাঠানোর পরামর্শ দেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, রেজিস্ট্রেশন ও নবায়নবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। নরপোটিক্স লাইসেন্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, পোস্ট অপারেটিভ রুম না থাকায় ৩ ডিসেম্বর গৌরনদী গ্রিন লাইফ হসপিটালকে ২০ হাজার টাকা ও বাটাজোর নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনুমোদন ছাড়া যেগুলো রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 




বরিশালে ভোক্তার ডিজি :১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠি

বরিশাল অফিস :: এসএমএস’র (ক্ষুদেবার্তা) মাধ্যমে ডিম, ব্রয়লার মুরগির মতো চালের বাজারও অস্থির করে দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, উত্তরবঙ্গে চালের বড় বড় কয়েকশ কল আছে। তারা কীভাবে একইভাবে জোটবদ্ধ হয় ? তাহলে এখানেও ডিম, ব্রয়লার মুরগির মতো এসএমএস’র মাধ্যমে গোটা চালের বাজারটিকে অস্থির করে দেওয়া হয়। আর এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিটি উপজেলা ও জেলায় কার্যক্রম নেব। অর্থাৎ এক জোটবদ্ধ হওয়া কিংবা একজন দাম বাড়িয়েছে বলে বাকিরাও বাড়িয়েছে- এগুলোকে বন্ধ করা যায়।

আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন করেন ভোক্তার ডিজি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, মাঝে মাঝে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে, আর এদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে আমাদের।

মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র ‘সারা দেশে ধানের দাম বেড়েছে’ বলে প্রচার করেছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে অর্থাৎ বৈশাখ মাসে বাজারে আসবে। কিন্তু এখন ১৫-২০ দিনের ব্যবধানে চার টাকা বেশি দামে যে চালটা পাওয়া যাচ্ছে তার ধানের সোর্স তো আগের সোসেৃর সাথে একই।

অর্থাৎ বাজারের বর্তমান চালের ধানটা আগে কিনে মাড়াই করে বিভিন্ন জায়গায় স্টক করে রাখা। বর্তমানে কস্টিংয়ের কোনো ডিফারেন্সও হওয়ার কথা না। কারণ, ট্রাক ভাড়া, দোকান ভাড়া, কর্মচারি বেতন বাড়েনি। তাহলে ধানের দাম বেড়ে যাওয়ার কথা বলে ১৫ দিনের ব্যবধানে আগে ধানের চালের দাম বাড়িয়ে দেওয়া অযৌক্তিক। আর অযৌক্তিক বিষয়ের বিরুদ্ধে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, ঠিক ১৫-২০ দিনের ব্যবধানে একই মোকামের একই ভাউচারে একই চাল ৪ থেকে সাড়ে ৪ টাকা কম-বেশি হচ্ছে। অর্থাৎ ডিসেম্বরের শেষে যে চালটা এসেছে এবং জানুয়ারির ১০-১২ তারিখে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে ৪ টাকার ডিফারেন্স ফরিদপুর ও কুষ্টিয়ার আড়ত থেকেই হচ্ছে। বরিশালে তেমন কোনো ব্যত্যয় পাওয়া যায়নি।

তারা যে দামে চাল কিনছে আর তার ওপর সামান্য লাভ করেই বিক্রি করে দিচ্ছে। তবে এখানে হাজার হাজার চালের বস্তা রয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের স্থানীয়
কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন তদন্ত করে দেখে আগের কম দামের

কেনা চাল স্টক করে বাড়তি দামে বিক্রি করছে কিনা। কারণ, স্টকের চাল যদি বাড়তি দামে বিক্রি হয়, সেটাও একটি বড় ঘাপলা। ভোক্তার ডিজি বলেন, বরিশাল বা যেসব জায়গায় পাইকারি ও খুচরা চাল বিক্রি হচ্ছে সেখান থেকে তথ্য নিচ্ছি আমরা। আর এখান থেকে তথ্য নিয়ে যে সোর্স থেকে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে তদন্ত করবো। ব্যত্যয় ঘটলে প্রয়োজনে সিলগালা করে দেব, আইনের আওতায় নেব।

এ সময় তিনি আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ রমজানের পণ্য নিয়ে যাতে কারসাজি না করতে পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলে জানান। অপরদিকে বরিশালের পাইকার মার্কেটে পাওয়া খোলা ভোজ্য তেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন।

ডিজি বলেন, ভোজ্য তেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে। তবে কেউ যদি পাম নিয়ে সয়াবিনের নামে ও দামে খুচরা বাজারে বিক্রি করে সাধারণ মানুষ তা জানাতো না। এদিকেও খেয়াল রাখতে হবে।

বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

 




জেসিআই ঢাকা সেন্ট্রালের উদ্যোক্তা তৈরীর ব্যতিক্রমী উদ্যোগ

চন্দ্রদীপ নিউজ :: বাংলাদেশের অর্থনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে জেসিআই ঢাকা সেন্ট্রাল আয়োজন করতে চলেছে একটি ব্যতিক্রমী ও অনন্য উদ্যোগ University Entrepreneur Award & Expo-2024. এই উদ্যোমী উদ্যোগটি গ্রহন করেন জেসিআই ঢাকা সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট 2023 সাদাত শাহ আল মুইজ।

এই বিশেষ আয়োজনে সংস্থাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে উৎসাহিত করতে, তাদের পাশে থাকতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

আয়োজন সম্পর্কে জেসিআই ঢাকা সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট 2023 সাদাত শাহ আল মুইজ বলেন, “দেশে প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেন। বিদেশে পাঠিয়ে, সরকারি-বেসরকারি চাকরি দিয়ে এবং নানা অপ্রাতিষ্ঠানিক কাজে সম্পৃক্ত হওয়ার পরও প্রতিবছর প্রায় ১০ লাখ তরুন প্রজন্ম নিজেদের জন্য একটি শোভনীয় কাজের ব্যবস্থা করতে হিমশিম খান। বলা বাহুল্য, এই ২২ লাখ তরুণের ১০ শতাংশকেও যদি উদ্যোক্তাতে পরিণত করা যায়, তাহলে তাঁরাই বাকিদের কর্মসংস্থান করতে পারবেন।”

আগামী মাসের ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাস পর্যন্ত এই প্রোগ্রামের আওতায় ১০ জন ব্যতিক্রমধর্মী উদ্যোক্তা নির্বাচন এবং তাদের উদ্যোগগুলোর সমৃদ্ধি অর্জনে তাদের পাশে দাড়াবে সংস্থাটি।

রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স এবং প্রসেস ডিজিটালাইজেসন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আহমাদ জাওয়াদ বলেন, “বর্তমানে তরুণদের মধ্যে যে প্রবণতা দেখা যায় তাতে তরুণরা পূর্ববর্তী প্রজন্মের কর্মীদের মত সীমাবদ্ধ পরিসরে কাজ করতে চায় না। তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে চায় দেশ বা গন্ডির সীমানা ছাড়িয়ে। সে লক্ষ্যে University Entrepreneur Award & Expo 2024 হবে তাদের স্বপ্নকে বাস্তবতা দেওয়ার প্রয়াস।

উদ্যোগটির এনগেজম্যন্ট পার্টনার হিসেবে থাকছে উদ্যোক্তা-মেলা ফেইসবুক কমিউনিটি। প্রায় ৬ হাজার মেম্বার বিশিষ্ট কমিউনিটি গ্রুপটি তাদের পাশে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে ইতিমধ্যেই একাত্মতা প্রকাশ করেছেন। এই কমিউনিটির এডমিন সামী মাহমুদ খান বলেন, “দেশের অর্থনীতিকে সচল এবং সতেজ রাখতে রাখতে উদ্যোমী আত্মবিশ্বাসী উদ্যোক্তার প্রয়োজন। আর এই উদ্যোমী উদ্যোক্তা তৈরীই হবে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”

প্রাথমিকভাবে ৬টি বিশ্ববিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় আনতে কাজ করছে তারুন্য নির্ভর এই সংস্থাটি। ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি করা হবে।

ইভেন্ট কোর কমিটি এর তত্ত্বাবধানে ৪ মাস ব্যাপি সম্পাদন করা হবে যাদের মধ্যে অন্যতম জেসিআই ঢাকা সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট 2023 এবং ইভেন্ট ডিরেক্টর সাদাত শাহ আল মুইজ, এক্সিকিউটিভ এ্যাসিস্টেন টু লোকাল প্রেসিডেন্ট এবং ইভেন্ট কোনভেনর নায়না ইসলাম অরনি, ভাইস প্রেসিডেন্ট ২০২৪ এবং কো-কনভেনার মোস্তফা কামাল কনক,ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুর রাহমান সাজিদ,ইভেন্ট উপদেষ্টা মন্ডলির মধে্ অন্যতম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর লোকাল চ্যাপ্টার ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট ২০২৪ খসরু আহমেদ রনি, রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স এবং প্রসেস ডিজিটালাইজেসন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আহমাদ জাওয়াদ সহ অনেকেই প্রশাসনিক দক্ষতা সহ উদ্যোগের সফল পরিচালনায় নিরবত যোগ দিয়েছেন।

ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইভেন্টর বাংলাদেশ এন্ড পাওয়ার্ড বাই সেলস মেশিন এছাড়াও ইউ এস বাংলা গ্রুপ, পোলার আইসক্রিম সহ স্বনামধন্য বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে একাত্মতা প্রকাশ করেছে।

পুরো আয়োজনটির আইটি সাপোর্টের জন্য আয়োজনের সাথে থাকবে ই-লার্নিং প্লাটফর্ম EX-3 একাডেমি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা সেন্ট্রাল অন্যতম।




সংরক্ষিত এমপি: বরিশালে এক ডজন নারী নেত্রী তৎপর

বরিশাল অফিস::  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বরিশালে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিভাগের ছয় জেলায় তিনজন সংরক্ষিত এমপি ছিলেন। তবে এবার এক ডজন ক্ষমতাসীন দলের নেত্রীর নাম শোনা যাচ্ছে।

এদের মধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পত্নী কিংবা কেউ ছাত্রলীগের সাবেক নেত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের এমপি হতে বিভাগের নারী নেত্রীরা প্রধানমন্ত্রীসহ দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন।

সূত্রে জানা গেছে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি হন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে।

বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুজন। এরা হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা আক্তার মীরা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির পত্নী লুৎফুন্নেছা খান।

তবে জাতীয় দ্বাদশ সংসদে বরিশাল সিটি মেয়রের পত্নী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম শোনা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, ‘মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ নারী নেত্রী হিসেবে গত ১২ জুনের সিটি নির্বাচন ও ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে যে ভূমিকা রেখেছেন, তা হাইকমান্ডের নজরে এসেছে। বিভিন্ন জরিপেও লুনা আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে। দ্বৈত নাগরিকত্বে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নামও শোনা যাচ্ছে।

দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন।

উপকূলীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি।

তিনি ৮০’ র দশকে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ. ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী।

বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে। তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রাণী এবং বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী।

পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনের নামও শোনা যাচ্ছে এ তালিকায়।




ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে: ভোলায় শিল্পমন্ত্রী

বরিশাল অফিস::  ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, কুটির শিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার।

এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ আছে, তাই এখানে সার কারখানার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার, যোগ করেন মন্ত্রী।

ভোলা বিসিক শিল্পনগরীর চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় আরও বক্তব্য দেন- শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান ও বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. জুয়েল।

আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ অনেকে।

১৯৯৩ সালে ভোলা শহরের চরনোয়বাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯টি প্লটে ৫০টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরী। ‘সি’ ক্যাটাগরির এ বিসিকে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণার পর থেকেই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।




বরিশালে ট্রাকচাপায় স্কুটিচালক নিহত, আহত সঙ্গের তরুণী

বরিশাল অফিস:;; বরিশাল নগরীর রূপাতলী এলাকায় রডবাহী ট্রাকের চাপায় স্কুটিচালক নিহত ও সঙ্গে থাকা তরুণী আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত স্কুটিচালকের নাম জুবায়ের রহমান আদনান (৪০)। তিনি গাজীপুর পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে। আদনান বরিশালের একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আহত তরুণী মেহনাজ জাহান মৌমি (২৯) বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি বাদামতলা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি একই রেস্টুরেন্টের মালিক।

দুর্ঘটনার পর ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আদনান ও তরুণী একটি স্কুটিতে করে রূপাতলী থেকে বরিশাল নগরীর নিজ বাসার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে, চান্দু মার্কেট এলাকায় পৌঁছালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা ট্রাকের চাপায় তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর জুবায়ের রহমান আদনান মারা যান।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মিরাজ মোল্লা জানান, আহত তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।