বরিশালে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার( ৯ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজনে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি ও চেয়ারম্যান ফরচুন সুজ লিঃ মোঃ মিজানুর রহমান,বরিশাল সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ মোঃ হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বিসিক ডিজিএম মোঃ নজরুল ইসলামসহ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন।

মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার ও দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৬৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল।

এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে।




কাউখালীতে উপজেলা প্রশাসনের কৃষির সম্প্রসারণ উদ্যোগ

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনাবাদি জমিতে কৃষির সম্প্রসারণের জন্য কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩০ বিঘা জমিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের সহোযোগিতায় মুগ ডাল এবং তিলের চাষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে (৮ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেকুটিয়া ব্রিজের পাশে শংকরপুর মৌজার কৃষকদের ৬ বিঘা জমি অল্প খরচে চাষ করার ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের মাঝে মুগ ডালের বীজ দেওয়া হয়েছে। রবি মৌসুমে কৃষকদের অল্প খরচে জমি আবদে আনার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরণ মজুমদার।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো কাউখালীতে কোন অনাবাদি জমি থাকবে না।




পায়রা বন্দরে এসেছে আনলোডারবাহী মাদার ভেসেল

বরিশাল অফিস :: আরপিসিএল নরিনকো ইটারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম শিপ আনলোডার নিয়ে পায়রা বন্দরে এসেছে মাদার ভেসেল এমভি জি সান।

চায়না থেকে আসা বিশেষ এই মাদার ভেসেলটি বৃহস্পতিবার সকালে বন্দরে এসে পৌঁছায় বলে জানান পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

তিনি জানান, আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা অপারেশনে জেটিতে স্থাপনের জন্য প্রথম অত্যাধুনিক শিপ আনলোডার নিয়ে আসে মাদার ভেসেল। পরে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনলোডারবাহী মাদার ভেসেল আনা হয়। এই সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক অপারেশন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে মেইন প্লান্ট ও কয়লা জেটিসহ সব অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীতে স্থাপিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দুটি কেন্দ্রে দুই হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে। এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি প্রথম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। পরে ২০২২ সালের ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াটের সেই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




বরিশাল সিটির ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত

বরিশাল অফিস :: সীমানা জটিলতার মামলা থাকায় বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. মাজাহারুল ইসলাম সই করা ইসির নির্দেশনা বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর সাধারণ ওয়ার্ডের শূন্যপদে উপ-নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

ইসি জানায়, সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।




বরিশালে উৎপাদন কম, পাইকারি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বরিশালের বাজার

বরিশাল অফিস :: বরিশালে চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকায় দ্রব্যমূল্যের বাজার চলে যাচ্ছে পাইকারি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। বিশেষ করে চাল, আলু ও পেঁয়াজ বিক্রির বাজারদর অনেকটা পাইকারদের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। জেলায় ভরা মৌসুমেও নিয়ন্ত্রণহীন এসব পণ্য।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল জেলার চালের একমাত্র পাইকারি বাজার ফরিয়াপট্টি ঘুরে দেখা গেছে, প্রায় শতাধিক দোকানে বিভিন্ন জাতের চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে, এসব চালের অধিকাংশই আসে দেশের উত্তরাঞ্চল থেকে। জেলায় যেসব চাল উৎপাদন হয় তা এখানে তেমন একটা বিক্রি হয় না। কেননা এখানকার উৎপাদিত অধিকাংশ ধানই মোটা জাতের। আর এ বাজারে চিকন চালের বেশি চাহিদা। তাই চাহিদা মেটাতে উত্তরাঞ্চল থেকে আনতে হয় চাল। এতে করে নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে সেসব চাল।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, চিকন চাল হিসেবে পরিচিত মিনিকেট বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে। এরপর সবচেয়ে চাহিদা সম্পন্ন আটাশ চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। আমন বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৭ টাকায়। পাইজাম ৫০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের দাবি, বিক্রয়মূল্যের চেয়ে ২ টাকা কম দরে মিল থেকে চাল কিনতে হচ্ছে তাদের। কেনার উপর পরিবহন খরচ হিসাব করেই বিক্রয়মূল্য নির্ধারণ করেন দাবি করে তারা বলেন, দাম নিয়ন্ত্রণ করে থাকেন মিলমালিকরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বরিশালেও প্রচুর ধান উৎপাদন হয়ে থাকে। কিন্তু সেসব চালের স্থানীয় বাজারে তেমন চাহিদা নেই। এখানে বেশি ফলন হয় আউশ, আমন ও বোরো জাতের ধান। এসব জাতের চালের দাম তুলনামূলক কম।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত অর্থবছরে বরিশাল জেলায় আউশ, আমন ও বোরো চাল উৎপাদন হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৭৯৫ মেট্রিক টন। এর বিপরীতে চাহিদা ছিল ৪ লাখ ৫৫ হাজার ৩২৫ মেট্রিক টন।

নগরীর ফরিয়াপট্টি এলাকার পাইকারি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জাকির ট্রেডিং’র স্বত্বাধিকারী মুশফিকুর রহমান শাওন বলেন, নতুন ও পুরাতন চালের মূল্য ভিন্ন ভিন্ন। পুরাতনের চেয়ে নতুন চালের দাম তুলনামূলক কম হয়ে থাকে। বাজারে সব ধরনের চালই থাকে। বরিশালের চাহিদা অনুযায়ী চিকন চালের যোগান স্থানীয়ভাবে না হওয়ায় উত্তরাঞ্চল থেকে আনতে হয়। আর সেখানকার বাজার নিয়ন্ত্রণ করেন মিলমালিকরা। তাদের নির্ধারিত দামের ওপর খরচ ধরে বরিশালের বাজারে বিক্রি করা হয়।

বরিশালেও অনেক চাল উৎপাদন হয় জানিয়ে তিনি বলেন, ‘যে জাতের চাল এখানে উৎপাদন হয়, তা এখানকার বাজারে তেমন চাহিদা নেই। এসব চাল এখানে তুলনামূলক কম দামেই বিক্রি হয়। আর বরিশালে চালের অতিরিক্ত মজুত থাকে না। কেননা মিলমালিকরা একেক সময় চালের একেক দাম নির্ধারণ করায় মজুত করা সম্ভব হয় না।

এদিকে, চালের মতই একইভাবে আমদানি-নির্ভর হওয়ায় বরিশালের বাজারে আলু ও পেঁয়াজের দামও থাকে চড়া। এখানকার কৃষকরা ধান উৎপাদন করলেও আগ্রহ নেই আলু ও পেঁয়াজ চাষে। চাহিদার অর্ধেক পরিমাণও পেঁয়াজ, আলু উৎপাদন হয় না বরিশালে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জেলায় আলু উৎপাদন হয়েছে মাত্র ১২ হাজার ৫৬০ মেট্রিক টন। আর পেঁয়াজ ১৩৮০ মেট্রিক টন, যা চাহিদার অর্ধেক পরিমাণও নয়। তাই এখানকার ব্যবসায়ীদের বাধ্য হয়ে রাজশাহী, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ ও আলু এনে চাহিদা পূরণ করতে হয়। আর সেই সুযোগটাই ব্যবহার করেন পাইকারি ব্যবসায়ীরা। পরিবহনসহ নানা খরচের অজুহাত তুলে চড়া দামে বিক্রি করেন এ দুটি পণ্য।

নগরীর একমাত্র পাইকারি আলু ও পেঁয়াজের বাজার পোর্ট রোড ঘুরে দেখা গেছে, ভরা মৌসুমেও সাদা আলু বিক্রি হচ্ছে ২৬ ও লাল ২৭ টাকা কেজি দরে। আর মেহেরপুরের পেঁয়াজ ৬৫ থেকে ৭০ এবং ফরিদপুর অঞ্চলের বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৮ টাকা কেজি দরে।

এখানকার ব্যবসায়ীরা জানান, বরিশাল জেলায় উৎপাদিত আলু ও পেঁয়াজ এই পাইকারি বাজারে আসে না। অন্য জেলা থেকে আনায় দাম একটু বেশি পড়ে। তবে, অভিযোগ আছে স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা এসব পণ্য মজুত করে দাম নিয়ন্ত্রণ করে থাকেন।

জানতে চাইলে পোর্ট রোড এলাকার পেঁয়াজ ও আলুর পাইকারি ব্যবসায়ী মেসার্স পায়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনায়েত হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে কোল্ড স্টোরেজ না থাকায় কাঁচামাল অর্থাৎ আলু, পেঁয়াজ, আদা, রসুন সিন্ডিকেট করা যায় না। বরিশালের বাজারে এসব পণ্যের দাম বৃদ্ধির পেছনে তিনি ভিন্ন কারণ ব্যাখ্যা করেন। বলেন, পরিবহন খরচ বৃদ্ধি ও সড়কে চাঁদাবাজির কারণে বরিশালে বাজারে আলু, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যায়। শুধু বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী থেকে নগরীর পাইকারি বাজারে পণ্য আসতে প্রতিটি পরিবহনকে গুনতে হয় ২ থেকে ৩ হাজার টাকা। এই চাঁদা মাসিকও হয়ে থাকে। চাঁদা রোধ করা না গেলে বরিশালে পণ্যের দাম কমানো সম্ভব নয় বলে জানান তিনি। আশার কথা হলো, মুড়িকাটা পেঁয়াজ উঠা শুরু করলে এ পণ্যের অস্বাভাবিক দামও কমতে শুরু করবে। কিন্তু একই সাথে জানান, দেশীয় পেঁয়াজ বাজারমূল্যের ওপর প্রভাব ফেলতে পারে না। মূলত ভারতীয় পেঁয়াজ আমদানি না হওয়ায় দেশের বাজারে এই প্রয়োজনীয় পণ্যটির অস্বাভাবিক মূল্য।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মুছা ইবনে সাঈদ বলেন, স্থানীয়ভাবে সব পণ্য প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন না হওয়ায় ব্যবসায়ীরা অনেকটা ইচ্ছেমত দামে বিক্রি করেন চাল, আলু, পেঁয়াজের মত গুরুত্বপূর্ণ পণ্য। আবার কৃষক সরাসরি পণ্য পাইকারি বাজারে বিক্রি না করায় ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি পাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, বরিশালে চাল চাহিদার চেয়েও বেশি উৎপাদন হয়ে থাকে। কিন্তু চিকন চালটা এখানে তেমন একটা উৎপাদন হয় না। ফলে অন্য জেলা থেকে এসে বিক্রি করার অজুহাতে দাম বৃদ্ধি করছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অস্বাভাবিক দাম বৃদ্ধির খবর পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি।

 




বরিশালে শীতে বাড়ছে আগুনে পোড়া রোগী সংখ্যা

এস এল টি তুহিন,বরিশাল :: শীতের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বেড়েছে আগুনে পোড়া রোগী, উপযুক্ত চিকিৎসা মিলছে না দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আট বছর আগে হাসপাতালটিতে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হলেও তার উন্নতি হয়নি।অবহেলা আর জনবল সংকটের দোহাই দিয়েই অনেকটা ঝিমিয়ে চলছে এ ইউনিটটি।

কর্তৃপক্ষ বলছে, এ বছরই এর সমাধান হবে, তবে এবার দেখার পালা বাস্তবেই তা হবে কিনা? নাকি এবারও কতৃপক্ষের উদাসীনতায় নামেই বার্ণ ইউনিটে পরিণত হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজহাসপাতালটির জরুরী বিভাগ থেকে জানা গেছে, এ বছর জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত ৫০ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। প্রতিদিনই গড়ে তিন জনেরও বেশি করে রোগী আসছে হাসপাতালে। এরমধ্যে বেশিরভাগ রোগী শীত নিবারণ করতে আগুন পোহাতে গিয়ে অথবা গরম পানিতে ঝলসে যাওয়া রোগী রয়েছে। আর এসব দগ্ধ রোগীদের মধ্যে বয়স্ক এবং শিশুর সংখ্যাই বেশি। যতজন এসেছেন তার অধিকাংশকে বরিশালে চিকিৎসার ব্যবস্থা না থাকায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত ৩০ শয্যায় ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে পর্যন্ত ৩০ জন রোগী ছিল আগুনে পোড়া।যাদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি ছিল।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, ২০১৫ সালের ১২ মার্চ হাসপাতালের মূল ভবনের পাশে হৃদরোগ ভবনের নিচতলায় ৮টি শয্যা নিয়ে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ চালু হয়। বর্তমানে শয্যা সংখ্যা ৩০টি। নির্ধারিত ৮টি শয্যার বাইরে বাকি শয্যাগুলো রোগীদের প্রয়োজনে স্থানীয়ভাবে ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইউনিট স্থাপনকালে ৮ জন চিকিৎসক ও ১৬ জন নার্সের পদ রাখা হয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। শুরুতে ইউনিটটি পরিচালনার দায়িত্ব পান সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

বছরখানেক পর তিনি অবসরে গেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শাখাওয়াত হোসেনকে এখানে পদায়ন করা হয়। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। পরে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এ কে এম আজাদকে বার্ণ ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ২৮ এপ্রিল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের লিফটের নীচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১৫ মে চিকিৎসক শূন্যতায় আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় বার্ন এন্ড প্লাসিক সার্জারি ইউনিটটি।

তবে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু ও অর্ধশতাধিক মানুষ দগ্ধ হওয়ার ঘটনায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় স্বাস্থ্য মন্ত্রণালয় সমালোচনার মুখে পড়ে সাতজন চিকিৎসককে এই হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর প্রেক্ষিতে বন্ধ থাকার ২০ মাস পর ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিকে একই স্থানে পুনরায় চালু করা হয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি। কিন্তু চালু হওয়ার গত দুই বছরেও সংকট কাটেনি ইউনিটটিতে; বরং ক্রমশই বাড়ছে সংকট।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম জানান, শীতের এই সময়টাতে আগুনে পোড়া রোগীর চাপ কিছুটা বেশিই থাকে। গুরুতর দগ্ধ রোগীদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না। তাদের বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বার্ন ইউনিটে পাঠাতে হচ্ছে।

তবে সেটা সার্জারি বিভাগ থেকে প্রেরণ করা হয়। জনবল সংকটের কথা জানিয়ে এ চিকিৎসক আরো বলেন, অধ্যাপকের পদ শূণ্য। সহযোগী অধ্যাপকের দুটি পদের মধ্যে আমি একাই আছি।

তাছাড়া সহকারী অধ্যাপক দুজন থাকলেও মিডলেভেল চিকিৎসকের সকল পদই শূণ্য। রেজিস্ট্রার-সহকারী রেজিস্ট্রারের ৫টি পদই শূণ্য। নেই মেডিক্যাল অফিসারও। ১৪ জন স্টাফ নার্স রোটেশন অনুুযায়ী কাজ করলেও এদের মধ্যে একমাত্র যিনি ইনচার্জের দায়িত্ব আছেন তিনিই সংশ্লিষ্ট কাজের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

ফলে রোগীদের সেবা দেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগটি পরিস্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশে থাকাটা জরুরি। কিন্তু চতুর্থ শ্রেণির স্টাফ সংকটের কারণে সেই পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যহত হচ্ছে।

তাছাড়া যেই ভবনটিতে বার্নের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই জায়গাটাও উপযুক্ত নয়। ভবনের অবস্থান ভালো না, রোগীদের অস্ত্রপচারের জায়গা নেই, ড্রেসিং রুম একটি থাকলেও তার অবস্থা বেহাল।

এই মূহুর্তে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগটি স্থানান্তরের পাশাপাশি পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন এই চিকিৎসক। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, পুরো হাসপাতালেই জায়গা সংকট। যে কারণে প্রয়োজনীয়তা থাকলেও ইউনিটটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। স্বতন্ত্র বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন,এজন্য হাসপাতালের বর্তমান মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিক অথবা পুরাতন ভবনের পশ্চিম পার্শ্বের পুকুর পাড়ে সম্ভাব্য জায়গা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরেই ১৫ তলা ভবনের কাজ শুরু হবে। এর মধ্যে পাঁচতলা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং বাকি তলাগুলো অন্যান্য বিভাগের জন্য বরাদ্দ করা হবে।

 




বরিশালের কোস্ট গার্ডের হাতে ১০.৫ কোটি টাকার ভারতীয় পন্য আটক

বরিশাল অফিস :: বরিশাল-পটুয়াখালী আন্ত:সড়কের বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রীজ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ) জোনের অধিস্থ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ আকতার (এসডি), (কোম),বিএন এর নেতৃত্বে গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি সহ ২টি ট্রাক আট করা হয়।

বৃহস্পতিবার (৮) ফেব্রয়ারী সন্ধায় নগরীর রসুলপুরস্থ কোস্ট গার্ড কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে এসকল মালামাল আটকের তথ্য তুলে ধরেন। এসময় তারা জানায় বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলাধীন বরিশাল- পটুয়াখালী সড়কের দপদপিয়া ব্রীজ এলাকায় অবস্থান নেয়।

উক্ত সময়ে সন্দেহভাজন ২টি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৯৮ ও ঢাকা মেট্রো ট ১৩- ৫৪৩৪) নম্বরের ট্রাক ২টিকে তল্লাশী করার জন্য সিগনাল দেওয়া হয় এসময় ট্রাক চালক কোস্ট গার্ডের উপস্থিতি দেখে চালক ব্রীজের টোল প্লাজা এলাকায় ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করা হয়।

আভিযানিক দল কর্তৃক জব্দকৃত ট্রাক দুইটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০,০৮,৩৮,৫০০/০০ (টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত মাত্র)। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।




বরিশালে ৬০ লাখ টাকার জাল জব্দ

বরিশাল অফিস :: বরিশাল অফিস :: জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে অবৈধ মশারী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ প্রায় ৬০ লাখ টাকার জাল এবং বিভিন্ন ধরণের মাছ ধরার সরঞ্জাম জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, বিভাগীর সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন, জেলা মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, গৌরনদী উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাসার, কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ বাদল মিয়া, বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আলী হোসেন, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।




পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ফেব্রুয়ারি

বরিশাল অফিস :: জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ৪ ফেব্রুয়ারি ঘোষাণা করা হয়েছে।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আনছার আলী কর্তৃক ঘোষিত তফসিলে রয়েছে- ১১ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টা হতে দুপুর ২.৩০টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ এবং বিকাল ৩ ঘটিকায় মনোনয়নপত্র বাছাই ও বিকাল ৪টায় বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় প্রতিদ্বন্দী প্রার্থীগণের পরিচিতি সভা।

২৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন আলহাজ্জ অ্যাডভোকেট আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।




কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

বরিশাল অফিস :: পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। সাথে থাকা স্ত্রীও হামলার শিকার হন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদের আলীপুর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রাস্তা উপর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ঝড়ো হলে শটকে পরে দূর্বৃত্তরা। পরে তাঁকে ও তার স্ত্রী মোসা. খাদিজা বেগমকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।

আহত আনসার উদ্দিন মোল্লার বড় ভাই বারেক মোল্লা বলেন, আমার ভাই তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়িতে প্রবেশের পথে ১০/১২ জনের একটি দূর্বৃত্তদল তাঁদের উপরে আক্রমণ করে। আমার ভাইকে মেরে ফেলার পূর্বপরিকল্পনা রয়েছে, যে কারনে আমি তাকে বাহিরে চলাফেরার ব্যাপারে অনেক বার সতর্ক করছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, চেয়ারম্যানের উপরে হামলার খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছি। তাঁকে আপাতত উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।