বরিশালে পার্ক থেকে অবৈধ মাছ বাজার সরানোর নির্দেশ ইউএনও’র

বরিশাল অফিস :: আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বন্দরে ‘শেখ রাসেল শিশু পার্ক’ এর জমি থেকে আ’লীগ নেতা সহিদুল ইসলামকে মাছ বাজার সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৭) ফেব্রুয়ারী সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার এ আদেশ দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ ও তার অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে,  একাধিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হয়। হঠাৎ ১৭ ফেব্রুয়ারী শনিবার অবৈধ ওই মাছবাজার উচ্ছেদ করতে যায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উচ্ছেদ অভিযানে বাঁধা দিয়ে সময় চায় আ.লীগ নেতা ইতালি শহীদ ও জেলা মৎস্য আরৎদার মালিক সমিতির সম্পাদক নিরব হোসেন টুটুলের ভাই কালু সিকদার। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আগামী ১৫ দিনের মধ্যে শিশু পার্কের জমি থেকে অন্যত্র মাছ বাজার স্থানান্তরের নির্দেশ দেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, শেখ রাসেল শিশু পার্কের মধ্যে বসানো অবৈধ মাছ বাজার উচ্ছেদে করতে আজ (শনিবার) সকালে গিয়েছিলাম। ঘটনাস্থলে শহিদুল ইসলাম এসে মাছ বাজারটি সরানোর জন্য ১ মাসের সময় দাবি করে। পরে ১৫ দিনের মধ্যে ওই মাছ বাজার সরিয়ে নিতে বলা হয়েছে।

অভিযুক্ত ইতালি শহিদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উচ্ছেদ অভিযানে আমি বা আমার লোকজন কেউ বাঁধা দেইনি। মাছ বাজার সরানোর জন্য ১ মাসের সময় চেয়েছিলাম কিন্তু ১৫ দিন পেয়েছি।

উল্লেখ্য, একসময় এই বাজারটি নিয়ন্ত্রণ করতেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্য আরৎদার মালিক সমিতির সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে টুটুল মামা। মাছ বাজারটি তখন ছিল রাস্তার উপরে। দু’ভাই ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব উল্টাপাল্টা হয়ে যায়। বাজারটি দখলে নেয় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুসারী শহিদুল ইসলাম। আর সড়কের উপর থাকা বাজারটি নেয় পার্কের মধ্যে।




আজ টিভিতে যা দেখবেন




বরিশালে জমকালো আয়োজনে কিডস ক্যাম্পাসের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল তিনটা থেকে রাত ১০ টা পর্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর অংশগ্রহনে কুরআন তেলাওয়াত , হাদিস শরিফ, গজল, কবিতা আবৃত্তি, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়। ক্রিড়া অনুষ্ঠানের মধ্যে ছিল চকলেট দৌড়, বর্ণ দৌড়, মোরগ লড়াই, বাস্কেটবল নিক্ষেপ প্রতিযোগিতা। এছাড়াও পুরুষ অভিভাবকদের জন্য ছিল মিনি বারে বল নিক্ষেপ ও মহিলা অভিভাবকদের জন্য ছিল বালিশ খেলা ও সকলের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রব অধ্যক্ষ (অব:) সরকারি ফজলুল হক কলেজ চাখার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইস্কান্দার আলী সভাপতি লুৎফর রহমান আবাসিক কল্যাণ সমিতি বরিশাল, আতিকুর রহমান পরিচালক বরিশাল আইডিয়াল স্কুল কলেজে এভিনিউ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল মোছাম্মৎ সায়েদাতুন নেছা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল কিডস ক্যাম্পাসের পরিচালক সাইদুর রহমান চঞ্চল, ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম চৌধুরী জিন্না সহ সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা তানজিলা মৌ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, বরিশাল কিডস ক্যাম্পাস সঠিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে বরিশাল নগর জুড়ে ইতিমধ্য পরিচিতি লাভ করেছে, অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছেন, এছাড়াও অত্র স্কুলে উন্নত মানের ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ সহ বিভিন্ন সুযোগ-সুবিধায় মুগ্ধ অভিভাবকগণ।




কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়

বরিশাল অফিস :: পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটকের আগমনে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগতদের নিরাপত্তায় মাঠে তৎপর টুরিস্ট পুলিশের সদস্যরা। হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্য মতে, গতকালই শতভাগ বুকিং হয়ে গেছে।

শুক্রবার সকাল থেকে দেখা যায়, পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পার্কিং গুলো। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে আজ সকাল থেকে সৈকতে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে। হালকা হিমেল বাতাসে আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ বছরের সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। খুলনা থেকে আসা দম্পতি সাদ-মুন্নু বলেন, ‘খুব অল্প সময়ে মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ বেশ ভালোই লাগছে। যদিও এর আগে আমরা দুইবার এসেছি। কুয়াকাটায় একসঙ্গে এতবেশী পর্যটক দেখে বেশ ভালোই লাগছে। তবে কুয়াকাটার রেস্টুরেন্টগুলোর খাবারের মান আরও ভালো করা দরকার।’

কুয়াকাটা পায়রা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম চন্দ্রদ্বীপ নিউজকে বলেন  বলেন  বলেন, ‘খাবার যা তৈরি করেছিলাম সব শেষ হয়ে গেছে। এত পর্যটক আসবে তা বুঝতে পারি নাই।’


ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা ‘টোয়াক’ এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার চন্দ্রদ্বীপ নিউজকে বলেন, ‘দীর্ঘদিন পর এত বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে। ইতিমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল রিসোর্ট গুলো শতভাগ বুকিং হয়ে গেছে।’

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।’




বরিশালে মুক্তিযোদ্ধা সাহান বেগমের জন্মদিনে দোয়া

বরিশাল অফিস :: বরিশাল জেলা আওয়ামী লীগের প্রয়াত সহসভাপতি ও ১৫ আগস্টের শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতে মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, সাহান আরা বেগম জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মীনি এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর মা।




১ বছরের সাজার ভয়ে ২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

বরিশাল অফিস :: ভোলা জেলার দক্ষিণ আইচায় চুরির মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ বছর পালিয়ে থাকার পর আসামিকে শশীভূষণ থানার এয়াজপুর ইউনিয়নে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. হোসেন চরমানিকা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

তাকে চুরির মামলায় আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছিল। আদালতের ওই রায়ের পর তিনি ২৪ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি মো. হোসেন দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে হূমায়রা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার বাবা-মায়ের সঙ্গে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি। আজ দুপুরে শিশুটিকে ঘরে রেখে মরিচ খেতের পরিচর্যায় যান শিশুর মা। খেত থেকে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে পাশের বাড়ির পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্বজনদের ধারণা, পুকুরের পাশে খেলার ছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বলেন, ‘বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’




বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্রাধান্য

বরিশাল অফিস :: বরিশাল ঐতিহ্যবাহি আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সহ সভাপতি, সাধারন সম্পাদক,অর্থ সম্পাদক,যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য সহ ১১টি কার্যকরি পরিষদের ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিশাল বিজয় লাভ করেছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাহী সদস্য ১টি পদে জয়লাভ করেছে।

শুক্রবার (১৬) ফেব্রয়ারি) নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক এ্যাড. লস্কর নুরুল হক ও সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনের ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩ ভোট।

সহ সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। নিকটতম ফোরামের প্রার্থী অসিম কুমার বাড়ৈ ৩৪৬ ও মোঃ তরিকুল ইসলাম ২৫১ ভোট পেয়েছে।

সম্পাদক পদে খান মোঃ মোর্সেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। প্রতিদ্বন্ধি প্রার্থী ফোরামের মির্জা মোঃ রিয়াজ হোসেন ৩৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। অর্থ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করে প্রতিপক্ষ মোঃ ফরিদ উদ্দিন (২৯৭) পরাজিত করে।

যুগ্ম সম্পাদক দুটি পদ আওয়ামী আইনজীবীর ঘড়েই রয়েছে বিজয়ি প্রার্থীরা হচ্ছেন ইমতিয়াজ আহমেদ পেয়েছে ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট। প্রতিপক্ষ ফোরামের মোঃ মনির হোসেন ২৮১ ভোট ও মোঃ রাকিব হাসান২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

নির্বাহী সদস্য ৪টি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও ১টি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করেছে।
মোঃ মিলন ভূইয়া সর্ব্বচ ৫০৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জয়লাভ করে। অন্যদিকে ফোরামের মোঃ মাইনুল ইসলাম সজল ৪৩৮ (২), (৩) মোঃ সোহেল রানা শান্ত ৪৩৩, ও নুপুর
রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।




দাখিল পরীক্ষার্থী: চন্দ্রদ্বীপ সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপ

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার একদিন আগেও প্রবেশপত্র হাতে না পেয়ে অঝরে কাঁদছিলো ওই মাদ্রাসার ফারজানা নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় পাগল ছিলো ওই শিক্ষার্থীসহ তার পরিবার।

কিন্তু চন্দ্রদীপ নিউজে সংবাদ প্রকাশের পড়ে অল্প সময়ের মধ্যে ফারজানা ও তার পরিবারের মুখে হাসি ফোটালো রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফারজানা চন্দ্রদ্বীপ নিউজ এর রিপোর্টারের কাছে কাছে কেঁদে কেঁদে জানিয়েছিলে পরীক্ষা না দিতে পারলে সে আত্মহত্যা করবে। ফারজানা ও তার পরিবারের অভিযোগ ছিলো, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হবে দাখিল পরীক্ষা। কাঠিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় রেগুলার মোট ৬ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সবাই প্রবেশপত্র হাতে পেয়েছে শুধুমাত্র ফারজানা ছাড়া। প্রবেশপত্র না পাওয়ার কারণ জানতে চাইলে মাদ্রাসা সুপার জহিরুদ্দিন কামাল ও অফিস সহায়ক কবির ফারজানাকে বলে তোমার ফরম ফিলাপের টাকা আমরা ফেরত দিবো নয়তো আগামী বছর তুমি পরীক্ষা দিলে তোমাকে আর কোনো টাকা দিতে হবেনা।

এ বিষয়ে ফারজানার ভাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পেয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসায় সুপারসহ ওই প্রতিষ্ঠানে মোট ১৯ জন শিক্ষক কর্মচারী থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ১০ থেকে ১৫ জন। মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে ফারজানার ভাইয়ের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলমের কঠোর হস্তক্ষেপে ঢাকা মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসা সুপার জহিরুদ্দিন কামাল প্রবেশপত্র এনে ১৪ ফেব্রুয়ারি রাতে ফারজানার হাতে তুলে দেয়। আর প্রবেশপত্র হাতে পেয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া পরীক্ষায় অংশ নেয় ফারজানা।

ফারজানার ভাই শাওন জানান, আমার বোন ১৫ ফেব্রুয়ারি রাজাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বোন ফারজানার জন্য দোয়া চান।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন জানান, সাংবাদিকদের মাধ্যমে একটি চন্দ্রদীপ নিউজের মাধ্যমেও অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার সুপারকে দ্রুত এই সমস্যা সমাধান করে ফারজানার হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে বলি। ১৪ ফেব্রুয়ারি রাতে প্রবেশপত্র হাতে পায় ফারজানা। প্রবেশপত্র হাতে পেয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া পরীক্ষায় অংশ নেয় ফারজানা।




বরিশালে ৪ শিল্পীর কণ্ঠে আসছে জীবনানন্দ দাশের ৫ গান

বরিশাল অফিস :: কবি জীবনানন্দ দাশের লেখা ১৫টি গানের মধ্যে প্রথমবারের মতো পাঁচটি গানের সুরারোপ করা হয়েছে। কবির ১‌২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গানগুলো পরিবেশন করবেন বরিশালের চার গুণী সুরকার ও শিল্পী।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবনানন্দ জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী।

তিনি বলেন, জীবনানন্দকে ভালোবাসেন এমন মানুষদের জন্য এবারের আয়োজন একটি মাইলফলক। আমরা সাধারণত জেনে এসেছি জীবনানন্দ অসংখ্য কবিতা লিখেছেন। বেশ কয়েকটি উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ লিখেছিলেন। কিন্তু তিনি যে গানও লিখেছিলেন তা আসলে এতদিন আলোয় আসেনি। তার লেখা ১৫টি গান প্রথমবারের মত সুরা করা হচ্ছে। এটি সবার জন্যই আনন্দের সংবাদ। এছাড়াও জীবনানন্দ দাশের কবিতার মঞ্চায়ন হবে।

আগামী ১৭ ফেব্রুয়ারি ব্রজমোহন বিদ্যালয়ের মূল ফটকে অস্থায়ী মঞ্চ করে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের সদস্য জাহিদ আব্দুল্লাহ রাহাত।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি মানুষকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে। পুরো অনুষ্ঠানে কোনো প্লাস্টিক সামগ্রী ব্যবহৃত হবে না। জীবনানন্দের কবিতায় সুর হয়েছে এবং ক্যামেরায় দৃশ্যায়ন হয়েছে। তার জীবনীভিত্তিক উপন্যাস ‘একজন কমলালেবু’ এর নাট্যরূপ হয়েছে কিন্তু মঞ্চে পারফর্মিং আর্টের মাধ্যমে কবিতার দৃশ্যায়ন সম্ভবত এই প্রথম। জীবনানন্দের কবিতার এত লেয়ার যে এক মঞ্চে উপস্থাপন করা সত্যিই দুরূহ। এই চ্যালেঞ্জিং কাজটিই আমরা এবার আয়োজনে করতে যাচ্ছি।

অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি না থাকলেও তিনজন তরুণ যারা জীবনানন্দকে নিয়ে কাজ করেন তারা কথা বলবেন। এরা হচ্ছেন জীবনানন্দ গবেষক আমীন আল রশীদ, পাখি বিশেষজ্ঞ সৌরভ মাহমুদ ও জীবনানন্দকর্মী আব্দুল্লাহ মাহফুজ অভাব আরেক সদস্য সৈয়দ মেহেদী হাসান জানান, নজরুল সঙ্গীত শিল্পী মৈত্রী ঘরাইয়ের সুর ও কণ্ঠে ‘আজ বিকেলের ধূসর আলোয়’ গানটি, আধুনিক গানের শিল্পী সোহেল রানার সুর ও কণ্ঠে ‘সারাদিন আমি কোথায় ছিলাম’, নজরুল সংগীত শিল্পী সঞ্জয় হালদারের সুর ও কণ্ঠে ‘তুমি আমার মনে এলে, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রিপন কুমার গুহর সুর ও কণ্ঠে ‘মনে পড়ে আমি ছিলাম বেবিলনের রাজা’ এবং মৈত্রী ঘরাই ও সঞ্জয় হালদারের দ্বৈত সুর ও কণ্ঠে ‘কাউকে ভালোবেসেছিলাম জানি’ শিরোনামের গানটি পরিবেশিত হবে।

সুরকার সোহেল রানা বলেন, জীবনানন্দ দাশের লেখা কোনো গানের সুর করতে পারাটা আমার ভাগ্য হিসেবে মনে করি। আমার সঙ্গীত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি বিবেচনা করি। আমি আমার জায়গা থেকে জীবনানন্দ দাশের লেখার যে ধরন সে অনুসারে সুর করার চেষ্টামাত্র করেছি। আশা করি গানটি শুনে ভালো লাগবে।

কবিতা মঞ্চায়নের নির্দেশক শহিদুল ইসলাম শিশির বলেন, জীবনানন্দ দাশের ১২৫তম জন্মজয়ন্তীতে আমরা যে আয়োজনটি করেছি সেটি দেশ ও সারা বিশ্বের জীবনানন্দ প্রেমীদের মাঝে ছড়িয়ে পড়বে। আমরা ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করছি। এই বিদ্যাপিঠেই জীবনানন্দ দাশ লেখাপড়া করেছেন। আমাদের আয়োজনে জীবনানন্দ দাশের কবিতায় দৃশ্যায়ন করছে ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে সবদিক থেকেই অনুষ্ঠানটি গুরুত্ব বহন করে। আশা করি অনুষ্ঠানটি সকলের ভালো লাগবে।

উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাকে স্মরণ করে একই দিন সরকারি ব্রজমোহন কলেজে তিন দিনের মেলা, জাতীয় কবিতা পরিষদ একদিনের এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অনুষ্ঠানের আয়োজন করেছে। কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় ১৯৫৪ সালে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।