বরিশালে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বরিশাল অফিস :: নানা আয়োজনে পালিত হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. একে আজাদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। র‌্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু হয়।

বরিশাল-কুয়াকাটা মহসড়ক থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম সম্বলিত ব্যানার বহন করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে ক্যাম্পাস। অনেকে আবার বিভিন্ন ধরনের লেখা নিয়ে প্লাকার্ড বহন করে। বাজানো হয় ভেপু। ২০১১ সালের ২২ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে ৫০ একর জমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশাল জিলা স্কুলের। একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩০টি বিভাগে ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এছাড়া ২১০ জন শিক্ষক, ১২১ জন কর্মকর্তা এবং ১৫২ জন কর্মচারী রয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ বিভাগের ছয় জেলার দর্শনীয় স্থানকে অগ্রাধিকার দিয়ে এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে গুরুত্ব দিয়ে শিঘ্রই শুরু হচ্ছে ট্যুরিজম ও ফার্মেসী বিভাগ।




গামছা বিক্রিতার ছেলে মেডিকেলে সুযোগ পাওয়া জেলা প্রশাসকের সহায়তা

 

বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার রমজান খান সাব্বিরকে মেডিকেল কলেজে ভর্তি ফি বাবদ ২৫ হাজার টাকা ও বই প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সাব্বিরের হাতে এ আর্থিক সহায়তা ও মেডিকেলের বই তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মহোদয় বলেন, “রমজান খান সাব্বির একজন অদম্য মেধাবী ছাত্র। কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারে নি। অর্থাভাবে মেডিক্যালে ভর্তি হতে না পারার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে তার মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। সাব্বির আমাদের সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সে প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। সাব্বিরের মত যেসব মেধাবী ছাত্রছাত্রী অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে সহায়তা প্রদান করা হবে”।

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দমোদরকাঠি গ্রামের বাসিন্দা ফিরোজ খানের ছেলে সাব্বির। তার বাবা একজন কৃষি শ্রমিক। এছাড়াও ভ্রাম্যমাণভাবে গামছা বিক্রি করে চার সদস্যের সংসার চালান তিনি। তার মেধাবী ছেলে সাব্বির মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়।
যেখানে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়, সেখানে ছেলেকে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি।

রমজান খান সাব্বির বলেন, মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাইভেট পড়ার মতো কোনো সুযোগ ছিল না। পরীক্ষার কোনো বইও কিনতে পারিনি। বোনের উপহার পাওয়া ডিজিটাল শুমারির ট্যাব দিয়ে অনলাইন ও ইউটিউব থেকে দেখে পড়াশুনা করেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি।

সাব্বিরের বাবা ফিরোজ খান বলেন, সাব্বির পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কীভাবে ছেলেকে ভর্তি করব আর পড়ালেখার খরচ চালাবো এটা নিয়েও চিন্তায় ছিলাম। ডিসি স্যার আমার ছেলের পড়ার পথ সহজ করে দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা।




ন্যুনতম মজুরির দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বরিশাল অফিস :: যুগোপযোগী বেতনস্কেল চালু, প্রতিশ্রুত ১০% বেতন বৃদ্ধিসহ বার্ষিক ইনক্রিমেন্ট, ওভারটাইমে বেসিকের দ্বিগুণ মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী ও পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো: ইমরান। বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইনের ১৪১ ধারায় আছে – জীবন যাপন ব্যয়, জীবন যাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মুল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের ও সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করতে হবে।

উপরোক্ত মানদন্ড, বিভিন্ন গবেষণা, শিল্পের সক্ষমতা, আমাদের পর্যালোচনায় টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের তার পরিবারের মোট আয়ের অন্ততপক্ষে ৫০/৫৫ ভাগ আয় করতে হলে তা ২৫ হাজার টাকার নিচে হলে তা কোনভাবে ন্যায্য মজুরি হবে না। ইতিমধ্যে টেক্সটাইল খাতের ন্যুনতম মজুরির বিষয়ে সরকার ও শ্রমিক পক্ষের বৈঠকে টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে ন্যুনতম মজুরি ২৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। শ্রমিকরা এই প্রস্তাব মেনে টেক্সটাইলের নতুন ও যুগোপযোগী বেতনস্কেল চালু করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, ২০২১ সালে আন্দোলনের মুখে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ২৫% বেতনবৃদ্ধি করার ঘোষণা দিলে ও সেই বেতন ১৫% বৃদ্ধি করা হয়েছে, বাকি ১০% বেতন আজ ও বৃদ্ধি করা হয়নি। বক্তারা প্রতিশ্রুত ১০% বেতন বৃদ্ধি করার জোর দাবি জানান। একইসাথে ছুটি দেয়া নিয়ে শ্রমিক হয়রানি বন্ধ করে অর্জিত ছুটির মজুরি পরিশোধ, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি পরিশোধ করা।

৬ দফা দাবি তুলে ধরেন-
১। অবিলম্বে শ্রমিকের সাথে প্রতিশ্রুত ১০% বেতন বৃদ্ধি করতে হবে।
২। যুগোপযোগী বেতনস্কেল চালু কর, অবিলম্বে বার্ষিক ইনক্রিমেন্ট দাও।
৩। ছুটি দেয়া নিয়ে অনিয়ম দূর কর, অর্জিত ছুটির মজুরির হিসাব বছরান্তে পরিশোধ কর।
৪। কোম্পানির লভ্যাংশে শ্রমিকের অংশ বেতনের সাথে পরিশোধ কর।
৫। প্রতি শিফটে ৮ ঘন্টা ডিউটি, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি প্রদান কর। সব শিফটে নাস্তার ব্যবস্থা কর।
৬। অব্যাহতি প্রদান করলে বা স্বেচ্ছায় অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করতে হবে।




পায়রা সেতুর বিকল্প সড়কে পণ্যবাহী ট্রাক : টোল ফাঁকি

বরিশাল অফিস : পটুয়াখালী-ঢাকা মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর স্থাপিত পায়রা সেতু ও স্থাপিত ওজন স্কেলে ফাঁকি দিতে মালামাল বোঝাই ভারী ট্রাকগুলো বিকল্প সড়ক ব্যবহার করছে। প্রায় ২০ কিলোমিটার ঘুরে একটি ফেরি ও পাঁচটি জরাজীর্ণ বেইলি ব্রিজ ব্যবহার করে পটুয়াখালীতে যাতায়াত করছে।

এতে পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে একাধিক সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে পটুয়াখালী-মির্জাগঞ্জটি জরাজীর্ণ হয়ে পড়েছে। পটুয়াখালী সড়ক বিভাগ এক হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীর ওপর এক হাজার ১৭০ মিটার দীর্ঘ ও ১৯.৭৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করে এবং ২০২১ সালের ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

দৃষ্টি নন্দন এ সেতুটি চালুর পর সমুদ্র সৈকত কুয়াকাটাসহ দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে ওঠে। ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগের ক্ষেত্রে আমুল পরিবর্তন ঘটে। এছাড়াও ধান, তরমুজসহ এ জেলায় উৎপাদিত নানাবিধ কৃষিজপণ্য ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহজেই পৌছে যাচ্ছে।

প্রথম দিন থেকেই সেতুটিতে টোল আদায় চালু হলেও এ টোল আদায় সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজ করা হয় গত বছরের আগস্ট মাসে। এ সিস্টেম চালুর ফলে এ সেতু পারাপারে ট্রাকগুলোকে ওজন স্কেলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ওজন স্কেল পার হলেই ট্রাককে সেতুটি পারাপারের অনুমতি দেয়া হচ্ছে নতুবা ট্রাকগুলো পারপার হতে পারছে না। এছাড়াও ওজন স্কেল পারাপারের জন্য ভাড়াও নির্ধারণ করা হয়েছে। ৬ চাকার ট্রাকের স্বাভাবিক লোড ক্যাপাসিটি হচ্ছে ২২ টন, ১০ চাকার ৩০ টন, ১৪ চাকার ৪০ টন, ১৮ চাকার ৪৭ টন, ২২ চাকার ৪৯ টন এবং ২৬ চাকার ৫২ টন। এ ওজন সীমার ১ টন পর্যন্ত অতিরিক্ত ওজনের জন্য ৫ হাজার ও পরবর্তী প্রতি টনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানার বিধান রাখা হয়েছে। ট্রাকগুলো অধিক মালামাল বোঝাইয়ের কারনে সেতুটির ওজন স্কেলে জরিমানা গুনতে হয় বিধায় টোল ডিজিটাইলইড হওয়ার পর থেকেই এ সড়কের ট্রাকগুলোর অধিকাংশই প্রায় ২০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ফেরি পারাপার হয়ে পটুয়াখালী শহরের চৌরাস্তায় আসে এবং সেখান থেকে কুয়াকাটাসহ জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করে।

পায়রা সেতুর টোল অপারেশন ম্যানেজার মইনুল হাসান বলেন, গত বছরের আগস্টে টোল ব্যবস্থা ডিজিটালাইজড করার পর থেকে সব ধরনের ট্রাকের ওজন স্কেল দিয়ে যাতায়াত করা বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত ওজনের মালামাল বহনের জন্য ট্রাককে জরিমানা গুণতে হয়। জরিমানা এড়াতে বেশিরভাগ ট্রাক বিকল্প সড়ক ব্যবহার করছে। এটি প্রতিদিন কমপক্ষে তিন লাখ টাকার রাজস্ব কম আদায় হচ্ছে।

রাজস্ব ফাঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ডিজিটালাইজড সিস্টেম চালুর পর সেতু থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৯ কোটি ৯৩ লাখ টোল আদায় হয়েছে।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পায়রা ব্রিজ টোল প্লাজা এড়িয়ে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কে ভারী ট্রাক চলাচলের কারণে সড়কের কিছু অংশ ধসে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সড়কে পাঁচটি স্টিলের বেইলি ব্রিজ রয়েছে এবং সেগুলোও ঝুঁকিপূর্ণ। ১০ টনের বেশি পণ্যবাহী যানবাহন যাতে ওইসব সেতু পারাপার হতে না পারে সেজন্য নির্দেশনা সতর্কতামূলক সাইনবোর্ড ও দেয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে এ সড়কে ভারী ট্রাক চলাচল করায় সড়কটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ জানান, পায়রা সেতুর টোল এড়িয়ে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কে ভারী যানবাহন চলাচল করায় সড়কের অবস্থা আরো খারাপ হয়েছে। আর ওই সড়কটি কাঠামোগতভাবে দুর্বল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, পায়রাকুঞ্জ ফেরি ঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে দেখেন, এ সময় ১৯১টি ভারী ট্রাক পারাপার হয়েছে। তবে পায়রা সেতুতে টোল ব্যবস্থা ডিজিটালাইজড হওয়ার আগে মাত্র দিনে মাত্র ১০/১২টি ট্রাক পারাপার হতো বলে ফেরিতে কর্মরত শ্রমিকরা জানান।

ওই শ্রমিকরা আরো জানান, ৫ টন ট্রাকে ২০ থেকে ২৫ টন পণ্য পরিবহন করা হয় এবং এ কারণে অতিরিক্ত জরিমানা দিতে হয়। তাই অনেকেই এখন এই ফেরি পার হয়ে বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করেন।

বিকল্প সড়কেকে চলাচলকারী এক ট্রাক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিভিন্ন সেতুর টোলসহ আনুষাঙ্গিক ব্যয়বৃদ্ধির কারণে ইতোমধ্যেই আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা ট্রাকে কিছু বাড়তি পণ্য পরিবহন করে এই অতিরিক্ত খরচ মেটানোর চেষ্টা করছি। কিন্তু পায়রা সেতু পার হলে জরিমানা দিতে হবে। এতে আমাদের আরো আর্থিক ক্ষতি হচ্ছে। এ কারণে আমরা বিকল্প সড়ক ব্যবহার করছি। এদিকে ১১ কিলোমটিার দীর্ঘ পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কটিতে ভারী যানবাহন চলাচল করায় সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে এবয় হালকা ও ভারী যানবাহনগুলো প্রায়ই সড়কটির গর্তে আটকে যায়।




বরিশাল সদরের উন্নয়ন হবে চোখে পড়ার মতো: এসএম জাকির

বরিশাল অফিস: বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন,’মানুষের জন্য কাজ করা একটি ইবাদত, আমি বিগত দিনে চেষ্টা করেছি মানুষের জন্য সেবা করার। ভবিষ্যতেও সাধারন মানুষের দোয়া নিয়ে কাজ করতে চাই।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের এই চেয়ারম্যান প্রার্থী বলেন,’ ইনশআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে আমি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মিলে বরিশাল সদর উপজেলায় যে উন্নয়ন করবো অন্য উপজেলার মানুষ তা দেখতে আসবে।’

এস এম জাকির হোসেন বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক যুবক ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছেন এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারনে। আমি নির্বাচিত হতে পারলে যুবকরা কিভাবে ইন্টারনেট ‌ব্যবহার করে বেশি বেশি ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিংসহ নানাভাবে কাজ করবো ইনশআল্লাহ।’

এসময় বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা যুবলীগের শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের মোঃ আরিফ হাওলাদার, মোঃ বদিউল আলম, স্বপন বিশ্বাস, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মো: টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




কুয়াকাটা সমুদ্রসৈকতে মৃত ডলফিন

বরিশাল অফিস :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি পাঁচ ফুট লম্বা। এর মাথা ও পিঠের অংশের ওপরের দিকের চামড়া উঠে গেছে।

আজ বুধবার সকালে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে তেত্রিশকানি পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। দুপুরের দিকে এটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন বলেন, সকালের জোয়ারে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় লোকজন এটিকে দেখতে পান। পরে তাঁদের জানালে তাঁরা কয়েকজন ঘটনাস্থলে যান।

উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে।

আজকে ভেসে আসা ডলফিনটি বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া ইরাবতী প্রজাতির। সমুদ্রের এসব প্রাণী রক্ষায় জেলেসহ সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।




বরিশালের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরিশাল অফিস :: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার( ২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী বরিশালের রসুলপুরে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সভায়,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বরিশাল নগরের প্রাণকেন্দ্রে এসকল দিবসকে ঘিরে নানা আয়োজন থাকলেও প্রান্তিক এলাকাগুলোতে কোনো আয়োজন পরিলক্ষিত হয় না। রসুলপুর তেমন-ই একটি অঞ্চল। জাতীয় বা আন্তর্জাতিক কোনো দিবসেই এখানে রাষ্ট্রীয় উদ্যোগে থাকে না কোনো আয়োজন। ১২ বছর ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই আয়োজনের ধারাবাহিকতায় এবারেও রসুলপুরে শিক্ষার্থীরা ত্রিশটির মত শহীদ মিনার নির্মাণ করেছে, সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। এরমধ্য থেকে এই শিক্ষার্থীরা একদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আরেকদিকে তাদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার চেতনা শাণিত হবে।


আরও বলেন, ৫ হাজার মানুষের বসবাসের এই বৃহৎ এলাকা রসুলপুরে সহস্রাধিক শিক্ষার্থীদের বিপরীতে রয়েছে মাত্র ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ ১ যুগের দাবির প্রেক্ষিতেও স্থাপন করা হয়নি একটি স্থায়ী শহীদ মিনার।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ৫২’র একুশের আদর্শ আজকের প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেম চেতনায় ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার করতেই এই আয়োজন। একইসাথে রাষ্ট্রীয় উদ্যোগে রসুলপুরে মাধ্যমিক বিদ্যালয় এবং স্থায়ী শহীদ মিনার স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।




আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

বরিশাল অফিস :: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার জিহাদুল কবির। বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান। বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম , বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




বরিশালে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ধান ক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক গৌরাঙ্গ হালাদার (৫২) একই গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল উজিরপুর থানার ওসি জাফর আহমেদ তিনি বলেন, কৃষক গৌরাঙ্গ হালদারের জমিতে ইরি ধানক্ষেত নষ্ট করে ফেলে ইদুর তাই ইঁদুর মারতে খোলা তারের বিদ্যুৎতের সংযোগ দেয়। খুব সকালে তারের সঙ্গে কোন ইঁদুর মারা গেছে কিনা দেখতে গেলে। তারের আগে থেকে সংযোগ বন্ধ না করায় একই তারে ভুলে হাত দিলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয় । পড়ে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে ।




বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরিশাল অফিস :: যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রয়ারির প্রথম প্রহর বুধবার রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সরকারী প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা গণ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নগরীর নানা শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী, বরিশালের রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা পুলিশ সুপার,জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে শ্রদ্ধ নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ’র পক্ষে বিসিসি কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় বিভিন্ন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রর্যায়েক্রমে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন,আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলা ও মহানগর জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমার সরোয়ার জেলা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে মহানগর বিএনপি সদস্যরা ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে। এদিকে সকালে বরিশাল পুনাকের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে তিনদিন ব্যাপি ভাষা স্মারক,সাহিত্য প্রদশর্ণী,ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান চিক্রাংন প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতা আলোচনা সভা সহ পুরস্কার বিতরন করে। এছাড়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনার। এ ছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।