কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

বরিশাল অফিস :: বিপিএলে শেষ দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও দুই বল হাতে রেখেইে জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক তামিমের দল। এই জয়ে কঠিন সব সমীকরণের রফাদফা করেছে বরিশাল।

এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।

শুক্রবার ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মাঝারি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদ আউইট হলেও তামিম ও কাইল মায়ার্সের ব্যাটে দারুণভাবে এগিয়ে যায় বরিশাল।

মায়ার্স ২৫ বলে ২৫ রান করে আউট হলে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৯ রানের জুটি করেন তামিম। ৪০ বলে ফিফটি হাঁকান বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত তামিমের ব্যাট থেকে ৪৮ বলে আসে ৬৬ রান।

এছাড়া মুশফিক ২৪ বলে ১৭, মাহমুদুল্লাহ ১১ বলে ১২ ও সৌম্য সরকার ৩ বলে ৬ রান করেন। এতে ৬ উইকেটে জয় পায় ফরচুন বরিশাল।

এর আগে, জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৪০ রান তুলেছে কুমিল্লা। ওপেনার সুনিল নারিন করেন ১৮ বলে ১৬ রান। এদিন অধিনায়ক লিটন দাসও ভালো খেলতে পারেননি। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ফেরেন তাওহিদ। ২২ বলে ২৩ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। সর্বশেষ জাকের দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে ঠেকান।




দৃষ্টিনন্দন কুকরি-মুকরি ডাকছে ভ্রমণপিপাসুদের

বরিশাল অফিস :: প্রকৃতির সৌন্দর্যের অপরূপ দ্বীপ ভোলার চরফ্যাশনের কুকরি-মুকরিতে পর্যটকদের ঢল নেমেছে। তবে বিগত সময়ের চেয়ে ভ্রমণপিপাসুদের আগমন কিছুটা কম।

দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে মেতে উঠছেন আনন্দ-উচ্ছ্বাসে। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করে ক্যামেরাবন্দি করছেন তারা।

তবে যোগাযোগ ব্যবস্থা ও থাকা-খাওয়ার ব্যবস্থা উন্নত হলে এটি দিন দিন আরও দর্শনীয় স্পটে পরিণত হবে। বনবিভাগ বলছে, দর্শনীয় এ স্পটটির অবকাঠামোর উন্নয়ন করে গড়ে তোলা হচ্ছে পর্যটনকেন্দ্র হিসেবে।

বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দৃষ্টিনন্দন দ্বীপ কুকরি-মুকরি প্রকৃতিগত ভাবেই যেন গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যে। প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে পর্যটকদের ঢল নেমেছে স্থানটিতে।

তবে এবার পর্যটক কিছুটা কম হলেও আগত ভ্রমণপিপাসুদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে পুরো দ্বীপ।

কুকরি-মুকরির দর্শনীয় স্পটগুলোর মধ্যে ইকোপার্ক, নারিকেল বাগান, কুকরি বিচ, ঝুলন্ত সেতু ও মাকড়শার জাল দেখতে ভুল করছেন না কেউ। দূর-দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা দর্শনীয় এসব স্পট দেখে মুগ্ধ।

ঢাকা থেকে ঘুরতে আসা শিবলি রহমান, আজাদ মাহমুদ ও শামিম বলেন, রাজধানীর কোলাহলমুখর পরিবেশ থেকে একটু প্রশান্তি পেতে ছুটে এসছি প্রকৃতির মাঝে। এখানকার পরিবেশ দেখে ভীষণ মুগ্ধ হয়েছি। সারাদিন ছবি তোলা আর আনন্দ-উচ্ছ্বাস করে সময় পার করছি খুব ভালো লাগছে।

কুকরি-মুকরির চারদিকে ম্যানগ্রোভ বাগান, বসার জন্য ছাতা আর তাঁবু টাঙিয়ে নির্মল পরিবেশে ক্লান্তি দূর করছেন পর্যটকরা। কেউ আবার খেলাধুলা আর ছবি তোলায় ব্যস্ত। তবে বেশ কিছু অবকাঠামোর উন্নয়ন চান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান ও রাসেল বলেন, পর্যটকরা একটু সুবিধা পেতে চায়, সেই সুবিধা পেলে উন্নত হবে। উন্নয়ন হবে অর্থনীতির। সবচেয়ে বেশি যে সমস্যা তার মধ্যে থাকা-খাওয়ার সু-ব্যবস্থা নিশ্চিত হলে আরও পর্যটক বাড়বে।

এদিকে সরকারি বেসরকারি উদ্যোগে কুকরি-মুকরি আগের চেয়ে বেশ উন্নত হওয়ার ফলে পর্যটক বেড়েছে বলে দাবি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি)।

কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, সারা দেশের মানুষ এক নামেই চিনে কুকরি-মুকরিকে। তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। বিগত বছরের মতো এবছরও পর্যটকদের সমাগম হয়েছে।

এ ব্যাপারে ভোলা উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কুকরি দ্বীপকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অবকাঠামো হয়েছে। পর্যটকরা এখানে এসে যেন পরিপূর্ণ তৃপ্তি পান, সেজন্য আর অবকাঠামোর উন্নয়ন করা হবে।

এদিকে সাগর উপকূলের এ দ্বীপটিতে যদি আরও অবকাঠামোর উন্নয়ন করা হয়। বিশেষ করে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো, তাহলে পর্যটকদের সমাগম আরও বেড়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।




বরগুনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট

বরিশাল অফিস :: বরগুনা সদর উপজেলায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে কেউ আটক যায়নি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সদর উপজেলার চালিতাতলি এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, মৎস্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশ সদস্যরা।

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এই পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এদিন খ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে সহায়তা করে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের কেন্দ্রসহ ৮টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক ও কর্মকর্তা মিলে কাজ করছেন।

তাই কোনো ধরনের অব্যবস্থাপনা না থাকে সে ব্যবস্থা আগে থেকেই নিয়েছেন।




গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই করেছে বরিশাল

বরিশাল অফিস :: বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে বল করছে ফরচুন বরিশাল। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে বরিশালের প্লে অফ ভাগ্য। যেখানে তাদের মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। ঠেকাতে হবে বড় ব্যবধানে হার। এখন পর্যন্ত ৮ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। দলীয় ২৪ রানেই নিজেদের প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর দলীয় ৩৮ রানে নিজের প্রথম বলেই কুমিল্লার ইনফর্ম ব্যাটার লিটনকে সাজঘরের ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বরিশালের হয়ে তৃতীয় উইকেটটিও নিয়েছেন তাইজুল, ফিরিয়েছেন মাহিদুল ইসলাম অংকনকে।

এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। একাদশে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম ও আকিভ জাভেদ। বাদ পড়েছেন থমাস ব্যান্টন, খালেদ আহমেদ ও কেশব মহারাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, ম্যাথিউ ফোর্ড, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনামুল হক, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম, আকিভ জাভেদ, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।




শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়: আমু

বরিশাল অফিস :: বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।

ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারা সবসময় নিজের পরিবারের সঙ্গে স্মৃতিগুলো আলোচনা করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ইতিহাস মনে রাখবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম আলম খান কামাল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি লাইজুর রহমান রিয়াজ।

অপরদিকে ঝালকাঠির নলছিটি শহরের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

এদিন সকালে বিদ্যালয় চত্বরে ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একতলা নতুন ভবনের কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। এই ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু।

আমির হোসেন আমুর সঙ্গে দোয়া মোনাজাতে অংশ নেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনার্ধন দাস ও প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু।




ঝালকাঠিতে সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যে কোনো সময় এমন ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমায়েত উদ্দিন খান বলেন, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে করলা, বেগুন, চাল কুমড়া রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফুল ও করলা এবং বেগুন আসতে শুরু করেছিল।

রাতের আঁধারে ফুল ও ফল আসা প্রায় ৫০০ করলা গাছ, ৪০০ চাল কুমড়া ও ২০০ বেগুন গাছ ছিঁড়ে উপড়ে নিয়েছে। এর বিচার দাবি করেছেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, বিষয়টি দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।




সংকটেও আশা ভোলার গ্যাস

বরিশাল অফিস :: চলমান জ্বালানি সংকটের মধ্যেও সম্ভাবনার আলো জ্বালাচ্ছে ভোলার তিনটি গ্যাসক্ষেত্র। প্রায় ৩০ বছরের পুরোনো শাহবাজপুর গ্যাসফিল্ডের সঙ্গে নতুন আবিষ্কৃত দুই ক্ষেত্র থেকে দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখছে সরকার। বাপেক্স কর্তৃক খননকৃত ভোলার নর্থ-২ গ্যাসকূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা দুই কোটি ঘনফুট গ্যাস মিলবে, যা শুধু ভোলা জেলায়ই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

গত মার্চের শুরুতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালের হাটসংলগ্ন এলাকায় বাপেক্সের নকশা ও নির্দেশনা অনুযায়ী রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম খননকাজ শুরু করে। প্রায় চার কিলোমিটার বিস্তৃত এলাকায় গত ২৪ এপ্রিল প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পেলে খনন শেষে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। এরপর গত ২৮ এপ্রিল কূপের মুখে আগুন জ্বালিয়ে সেখানে প্রথম গ্যাসের অস্তিত্ব মিললে তিনটি স্তরে পরীক্ষা করে গ্যাসের অস্তিত্ব ও মজুতের পরিমাণ নিশ্চিত হয় বাপেক্স। এর আগে ভোলায় আরও দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। ওই দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।

ভূতত্ত্ববিদদের মতে, দ্বীপ জেলাটিতে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। এই প্রেক্ষিতে ভোলার আরও কিছু এলাকায় এবং সংলগ্ন মেঘনা নদীতে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, অদূর ভবিষ্যতে ভোলার গ্যাস জাতীয় অর্থনীতিতে নবজাগরণ সৃষ্টি করবে।

ভোলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্রের (শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা) প্রমাণিত মজুত প্রায় এক হাজার ৪৩৩ বিসিএফ (বিলিয়ন ঘনফুট)। এ পর্যন্ত উত্তোলিত গ্যাসের পরিমাণ ১৪৫ বিসিএফ। দেশে বর্তমানে মজুত থাকা আট দশমিক ৪৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের ১৫ শতাংশের বেশি বিদ্যমান দ্বীপজেলাটির তিন গ্যাসক্ষেত্রে।

ভোলায় আবিষ্কৃত তিনটি গ্যাসক্ষেত্রের ৯টি কূপের মোট গ্যাস উৎপাদন ক্ষমতা দৈনিক ১৮০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ)। তবে চাহিদা না থাকায় বর্তমানে শুধু শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন করা হচ্ছে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট; যা স্থানীয় তিনটি বিদ্যুৎকেন্দ্র, কিছু শিল্পকারখানা ও বাসাবাড়ির রান্নার কাজে সরবরাহ করা হচ্ছে।

পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে ঘোলাশার ও আশুগঞ্জের মতো সার কারখানা করার চিন্তা করছেন জনপ্রতিনিধিরা। এর ফলে বাইরে থেকে আর ভোলায় সার আমদানি করতে হবে না। বর্তমানে দেশে সারের চাহিদা ২৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে ১৬ লাখ টনই আমদানির ওপর নির্ভর করতে হয় প্রতিবছর। এর ফলে ডলার সাশ্রয় হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।

এদিকে সারা দেশে গ্যাস সংকটে হাহাকার করছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পাইপলাইন নির্মাণের পথে হাঁটছে জ্বালানি বিভাগ। এই গ্যাস যাবে বরিশাল ও পটুয়াখালীতে। ভবিষ্যতে গ্যাসের ফ্লো আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভোলার পাইপলাইনে ইতোমধ্যে প্রিভিজিবল একটা স্টাডি করেছে জ্বালানি বিভাগ।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এখান থেকে উত্তোলিত গ্যাসের একটি অংশ দিয়ে তিনটি বিদ্যুৎকেন্দ্র চলছে। চাহিদা অনুযায়ী শিল্প-কারখনা ও কিছু আবাসিক সংযোগে গ্যাস দেয়া হচ্ছে। এরপরও গ্যাস উদ্বৃত্ত থেকে যাচ্ছে। দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) করে ঢাকায়, বিশেষ করে যেখানে শিল্পে গ্যাসস্বল্পতা আছে, সেখানে সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে তা ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্র জানায়, ভোলা নর্থ ও ইলিশা গ্যাসক্ষেত্রের তিনটি উৎপাদনক্ষম গ্যাসকূপ হতে গ্যাস উৎপাদনের জন্য ৬০ মিলিয়ন ঘনফুটের আরও একটি প্রসেস প্লান্ট স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানিয়েছেন, প্রতিদিন দেশে গ্যাসের চাহিদা আছে প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুটের মতো। আর সরবরাহ হচ্ছে তিন হাজার মিলিয়ন ঘনফুটের নিচে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাই ২১০০ মিলিয়নের মতো, আর আমদানি করা হচ্ছে কম-বেশি ৮০০ মিলিয়নের মতো। ২০৪১ সালের পরিকল্পনা অনুযায়ী দেশে দুটি এলএনজি টার্মিনাল চালু হবে।

ব্যাপক নগরায়ণ ও শিল্পায়নের কারণে দেশে গ্যাসের চাহিদা অনেক বেড়েছে বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ ড. বদরূল ইমাম। তিনি বলেন, দেশীয় গ্যাসের সরবরাহ ঘাটতি বিদেশ থেকে আমদানি করা এলএনজি দিয়ে পূরণ করার উদ্যোগ দুটি কারণে সফল হতে পারছে না।

প্রথমত, এলএনজি উচ্চমূল্যের জ্বালানি। প্রয়োজনীয় এলএনজি আমদানি করার জন্য যে অর্থ প্রয়োজন, সেখানে আমাদের সক্ষমতার অভাব রয়েছে। দ্বিতীয়ত, দেশে এলএনজি এনে তা গ্যাসে রূপান্তরিত করার পর্যাপ্ত টেকসই ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, বাংলাদেশকে গ্যাসকূপে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হলে উন্নততর কারিগরি ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, দেশে বর্তমানে গ্যাসের বেশ সংকট রয়েছে। যেসব এলাকায় গ্যাসের সমস্যা বেশি, সেখানে ভোলার গ্যাস সরবরাহ করা হবে। তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সেভাবে ব্যবস্থাও নেয়া যাবে। বর্তমান সমস্যার উৎস আমরা নই— ইউরোপে শুরু হয়েছে; ফলে জ্বালানির দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে আর আমরা দুর্ভোগের শিকার হচ্ছি।




বরিশালে আলোড়ন সৃষ্টি করেছে এতিম আশা

বরিশাল অফিস :: মাত্র এক মাস বয়সে বাবাকে হারিয়েছেন। তিন বছর বয়সে মায়ের আদর স্নেহ ও ভালবাসা থেকে বঞ্চিত হয়েছেন মৌরিন আক্তার আশা। এরপর নানা প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকা মৌরিন আক্তার আশা ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে জড়িয়ে নিয়েছেন।

এজন্য পারিবারিকভাবে তাকে নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। তবুও বঙ্গবন্ধুর আর্দশের রাজনৈতিক সংগঠন থেকে তিনি পিছু হটেননি। জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুরের সম্ভ্রান্ত মিয়াবাড়ির সন্তান মরহুম এনামুল হক আনাম মিয়ার একমাত্র কন্যা মৌরিন আক্তার আশা। নিজে এতিম হলেও বাবুগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে নিজের আপনজন ভেবে সর্বদা তাদের পাশে দাঁড়িয়েছেন

দেশ সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরন করে মৌরিন আক্তার আশা দীর্ঘ ১৬ বছর ধরে ব্যবসায়ী স্বামীর অনুপ্রেরণায় অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকার আশার আলো হয়েছেন। সেই এতিম আশা এবার গোটা বরিশালজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এখনও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও বসে নেই বরিশালের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের সমর্থন ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন এসব প্রার্থীরা। প্রার্থীদের বিভিন্নধরনের প্রচার-প্রচারণায় জেলার দশটি উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এসব উপজেলার মধ্যে প্রতিদিন বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে বিগত একমাস ধরে সবচেয়ে বেশি গণসংযোগ করে জেলার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বাবুগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা।

সূত্রমতে, মহামারি করোনাকালীন মৌরিন আক্তার আশা নিজের ব্যবহৃত স্বর্ণালংকার বিক্রি করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুঃস্থ পরিবারগুলোর জন্য খাবার ক্রয় করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। জীবনের শেষসময় পর্যন্ত অবহেলিত বাবুগঞ্জ উপজেলাবাসীর পাশে থাকতে চান মৌরিন আক্তার আশা। এজন্যই উপজেলাবাসীর জোরালো দাবির মুখে তিনি (মৌরিন আক্তার আশা) আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।

মৌরিন আক্তার আশা বলেন, আমি অনুসরন করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার অনুপ্রেরণায় ও আমার রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দিকনির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে সব সময় কাজ করা যায়। তবে সার্বিকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নেই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে উপজেলাবাসীর জোরালো দাবির প্রেক্ষিতে মাঠে নেমেছি।




বরগুনায় আদালতের নির্দেশে তিনটি ঘর উচ্ছেদ

বরিশাল অফিস :: আদালতের নির্দেশে বরগুনার আমতলী পৌর শহরের ওয়াপদা সড়কের (মিঠা বাজার) তিনটি ঘর উচ্ছেদ করা হয়েছে। আমতলী সহকারী জজ আদালতের বিচারক মো. সিহাবুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার এ ঘরগুলো উচ্ছেদ করা হয়।

জানা গেছে, আমতলী পৌর শহরের ওয়াপদা সড়কের (মিঠা বাজার) ৭৮৬ ও ১২১৮নং খতিয়ানের ৯১৪নং দাগের ৬ শতাংশ জমি আব্দুল আজিজ খানের দখলে ছিল। ওই জমি তিনি আফজাল হাওলাদার ও সিরাজ মৃধার কাছে বিক্রি করে দেন এমন দাবি আফজাল হাওলাদারের ছেলে সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদারের। তারা ওই জমিতে ৪০ বছর ধরে বসবাস করে আসছেন।

ওই জমি ফিরোজা বেগম তার দাবি করে আমতলী সহকারী জজ আদালতে ২০১৫ সালে মামলা দায়ের করেন। এ বছর গত ১৫ জানুয়ারি বরগুনার আমতলী সহকারী জজ আদালতের বিচারক সিহাবুর রহমান তার পক্ষে রায় দেন। বৃহস্পতিবার আদালতের নির্দেশে ওই জমিতে বসবাসরত মনিরুল ইসলাম হাওলাদার, রনি হাওলাদার ও সাব্বির হাওলাদার এবং রাসেল মৃধার ঘরগুলো উচ্ছেদ করা হয়।

মামলার বাদী ফিরোজা বেগম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত আমাকে আমার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছেন।

জমিতে বসবাসরত সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাকে ঘর উচ্ছেদের কোন নোটিশ দেয়নি। নোটিশ ছাড়াই আমার ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়েছে। আমাদের প্রতি অন্যায় করা হয়েছে।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফারুক আহম্মেদ বলেন, জমিতে বসবাসরতদের নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারা নোটিশ আমলে নেয়নি।

তিনি আরও বলেন, দেওয়ানী ডিক্রীজারি ১৬/২০২২ নং মোকাদ্দমার গত ১৫ জানুয়ারি তারিখের আদেশ মোতাবেক তিনটি ঘর উচ্ছেদ করা হয়েছে।