দেড়শ রানও করতে পারল না চট্টগ্রাম

বরিশাল অফিস :: আগের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে প্লে অফের টিকিট এনে দিয়েছিলেন তানজিদ তামিম। তবে এলিমিনেটরে এসে ব্যর্থ হলেন এই ওপেনার। তামিমের ব্যর্থতার দিনে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। জশ ব্রাউন-টম ব্রুসরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিরধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ব্রাউন।

বিস্তারিত আসছে…




মিলারকে নিয়ে বোলিংয়ে বরিশাল

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিস্তারিত আসছে…

 




অপরূপ দৃষ্টিনন্দন বরগুনার বেতাগী মডেল মসজিদ !

বরিশাল অফিস :: বরগুনার বেতাগী উপজেলার দেড়লাখ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন দ্বিতল অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বেতাগী মডেল মসজিদ। গত বছরের ১৭ এপ্রিল গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দৃষ্টিনন্দন ধর্মীয় এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনের ৭ মাস ১৬ দিন পরর গত ১ ডিসেম্বর মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু হয়েছে।

বেতাগী পৌরসভার প্রানকেন্দ্রে উপজেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায় নান্দনিক এই মসজিদের নির্মাণ করা হয়েছে।

জানা যায়, ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই মডেল মসজিদে থাকছে এক সাথে ৮ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। আরও থাকছে শিশু শিক্ষা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা।

ধর্মনুরাগীদের পাশাপাশি এই মসজিদ নির্মাণে আনন্দিত ও উৎসাহিত সর্বস্তরের মানুষ। এমনই একাধিক ব্যক্তি বলেন, এই রকম একটি মসজিদ এখানে নির্মিত হবে এটা ভাবাও যায়নি।

তবে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এতো সুন্দর মসজিদ তৈরির আনন্দে বুকটা ভরে আসছে।
মসজিদের সন্মূখভাগেই রয়েছে দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ পুকুর। সন্ধ্যার পরে বিদ্যুতের আলোকসজ্জায় মসজিদের প্রতিচ্ছবি যখন পুকুরের পানিতে ভেসে ওঠে তখন এক অপরূপ দৃশ্যে ধর্মপ্রাণ মুসলিম ভক্তদের মনে আনন্দে ভরে ওঠে। মডেল মসজিদে নামাজ পড়তে আসা আব্দুস সোবাহান বলেন,’মসজিদের রাতের অপরূপ দৃশ্য মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যকে আরো আকৃষ্ট করেছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, ২০২০ সালে উপজেলা পরিষদের জমিতে এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে যথা সময় কাজ সম্পন্ন করতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকারি অর্থায়নে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এটা একটি অনন্য ও সাহসী উদ্যোগ। যা যুগ যুগ ধরে মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।




ভোলায় প্রতীক পেয়েই প্রচারে ১০ প্রার্থী

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের গত শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন উপজেলা পরিষদের হলরুমে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করেন প্রচার-প্রচারণা। প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন রাসেল পেয়েছেন টেবিল ফ্যান, আবুল কালাম চশমা, ফরিদ উদ্দিন রজনীগন্ধা, মো. রিয়াজ উদ্দিন ঘোড়া, মো. শাহিন টেলিফোন, আ. মন্নান অটোরিক্সা, মো. তুহিন মোটরসাইকেল, সামছুন নাহার ঢোল, মো. সাইদুল ইসলাম দুটি পাতা ও মো. রুহুল আমিন পেয়েছেন আনারস প্রতীক।

টেবিল ফ্যান প্রতীকের নিজাম উদ্দিন রাসেল কর্মী-সমর্থকদের সঙ্গে কুশলবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ ছাড়া অন্যান্য প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। দুপুরের পর থেকে শুরু হয়েছে মাইকিংও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চর মানিকা ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ২৬ হাজার ৫৫১ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৮ পুরুষ, আর ১২ হাজার ৫৫২ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। আগামী ৯ মার্চ শনিবার ১২ কেন্দ্রে ব্যালটের মাধ্যম ভোট অনুষ্ঠিত হবে।




বরিশালে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল অফিস :: ঝালকাঠির নলছিটি উপজেলায় খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে তার ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে খলিলুরের ১৭ বছর বয়সী ছেলে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। খলিলুর রহমান রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামের হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহত খলিলুরের স্ত্রী সালেহা বেগমকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে খলিলুরের ছেলে। সে সেখানেই থাকে। তিন দিন আগে খলিলুর তার স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে খলিলুরের ছেলে বিষয়টি জানতে পারে। এ নিয়ে তর্কের জেরে শনিবার রাতে সে তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর শুনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। খলিল হাওলাদারের ছেলে পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা রানাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, খলিলুরের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। কী কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা তিনি জানতে পারেননি।




পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় যুবকের কারাদণ্ড, দুই শিক্ষককে অব্যাহত

বরিশাল অফিস :: ঝালকাঠির নলছিটিতে চলতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করায় মিজান আকন (২২) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ওই কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম এ দণ্ড দেন বলে  জানিয়েছেন বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- বি.জি ইউনিয়ন একাডেমির ধর্মীয় শিক্ষক রিপন চ্যাটার্জি ও কম্পিউটারের শিক্ষক রেজাউল করিম।

প্রসঙ্গত, এ নিয়ে চলতি এসএসসি পরীক্ষায় এই কেন্দ্রে মোট ছয়জন শিক্ষককে অব্যাহতি ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।




ঝালকাঠিতে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন শুরু

বরিশাল অফিস : আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় নাগরিক সমস্যা সমাধানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। শনিবার সকালে উদ্বোধন বিদ্যালয় চত্বরে তরুণদের জন্য মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এ মেলার আয়োজন করে।

তারুণ্যের মেলার আয়োজকরা জানান, ঝালকাঠি পৌরসভায় নাগরিকদের নানা সমস্যা চিহ্নিত করে, তা সমাধানে কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা। নারীদের জন্য শহরে পাবলিক টয়লেট, বেস্টফিডিং কর্নার, নিরাপদ সড়ক, বিনোদনের ব্যবস্থা ও সকালে হাটার জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে দেওয়া দাবি করে তরুণরা।

এ-সংক্রান্ত বিষয়ের ওপর মেলায় বক্তৃতা ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট, সেরা পোস্ট ক্যাপশন ও সেরা প্রোফাইল ফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ইউএসএআইডির অর্থায়নে, এসপিএল প্রকল্পের আওতায় মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। ঝালকাঠি জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ ঝালকাঠি জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে।




এসএসসি: গণিত পরীক্ষায় বহিষ্কার ৯৬

বরিশাল  অফিস :: এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে গণিত পরীক্ষায় রোববার সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯৬ পরীক্ষার্থী ও এক কেন্দ্র পরিদর্শক।

এর মধ্যে সর্বোচ ২০ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডে বহিষ্কৃত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া ময়মনসিংহ বোর্ডে ১৫ জন, দিনাজপুরে ১২ জন, কুমিল্লা ও বরিশাল বোর্ডে ১১ জন করে, মাদ্রাসা বোর্ডে ১৮ জন এবং কারিগরি বোর্ডে ৮ জন বহিষ্কৃত হয়েছেন। আর কুমিল্লা বোর্ডে একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

এদিন ৯টি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ২৩ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১২ হাজার ৫২৮ জন, মাদ্রাসা বোর্ডে ৮ হাজার ৮৮৫ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ২৯০ জন অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৩ হাজার ৬৯১টি কেন্দ্রে ১৮ লাখ ৮১ হাজার ৫৬০ জন পরীক্ষার্থীর মধ্যে এদিন উপস্থিত ছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৮৫৭ জন। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ১ দশমিক ২৬ শতাংশ পরীক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি ৩ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কারিগরি বোর্ডে ১ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ ৯টি বোর্ডে দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ঢাকা বোর্ডে দশমিক ৯১ শতাংশ, রাজশাহীতে দশমিক ৭৮ শতাংশ, কুমিল্লায় ৭৯ শতাংশ, যশোরে দশমিক ৯০ শতাংশ, চট্টগ্রামে দশমিক ৮৮ শতাংশ, সিলেটে দশমিক ৭২ শতাংশ, বরিশালে দশমিক ৯৭ শতাংশ, দিনাজপুরে দশমিক ৭২ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে দশমিক ৬৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এবার নয়টি সাধারণ বোর্ড ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এই ১০ বোর্ডে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ। এর মধ্যে ২০ মার্চ পর্যন্ত এসএসসির এবং ২১ মার্চ পর্যন্ত কারিগরির ব্যবহারিক পরীক্ষা হবে।

আর মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। এ বোর্ডে ব্যবহারিক পরীক্ষা চলবে ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত।




পিরোজপুরে নবনির্মিত চীফ জুডিশিয়াল ভবন উদ্বোধন

বরিশাল অফিস :: পিরোজপুরের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, (ভারপ্রাপ্ত) জেলা জজ মো: মোক্তাগীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলমা সহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরে এক সরকারি সফরে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। তারমধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন একটি। পিরোজপুর গণপূর্ত বিভাগ শুরু থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা পার করে দীর্ঘ এক যুগ পর পৌর শহরের কৃষ্ণনগরে, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রায় এক একরেরও বেশি জায়গা নিয়ে ৮তলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন আদালত ভবন নির্মাণ কাজ শেষ করে।

এসময় আইন মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এবং তৎপরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আইন ও বিচার বিভাগের উন্নয়ন খাতে এক টাকাও বরাদ্ধ করা হয়নি। বর্তমান সরকারের সময়ে দেশের আইন বিভাগের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।

 

২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বিরামহীন কাজ করে যাচ্ছেন।

পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ সৈকত জানান, ৮তলা বিশিষ্ট এ আদালত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫৬ কোটি ৬৪ লক্ষ ৩৬ হাজার টাকা।




গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরাণী ও হাফেজী মাদ্রসার বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্টান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মইনুল হোসেন ঘরামী, উপজেলা যুবলীগের কার্যনিবার্হী সদস্য কামাল পারভেজ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হামিম, কারী মাওলানা হুমায়ন কবির, তরুন সমাজ সেবক আব্দুর রহমান মুন্না।

বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ মাওলানা কামাল হোসেন, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাইয়েদুর ইসলাম, মাওলানা ইছা, আব্দুল আজিজ, মাওলানা আলম প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।