বরিশালে জমি নিয়ে ধর্ষণ, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে এক হিন্দু পরিবার

বরিশাল অফিস :: ১৯৭১ সালের পর থেকেই হামলা মামলাসহ নব্বই দশকে কোটি টাকার জমি দখল করে নিয়ে গেছে ভূমিদস্যুরা। ভুয়া ডিক্রি দিয়ে হয়রানি করার পাশাপাশি ক্রয়কৃত সম্পত্তি জোড়পূর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড আলেকান্দা এলাকার বাসিন্দা পবিত্র কুমার মিস্ত্রি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে পবিত্র কুমার মিস্ত্রি বলেন, ১৯৯৮ সালে সৈয়দ হুমায়ুন কবির দর্পন গং বাদী হয়ে সুভাষ চন্দ্র মিস্ত্রি গংকে বিবাদী করে বরিশাল সদর সিনিয়র জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা (নং-৪৩১/৯৮) দায়ের করেন। সুভাষ জাল ডিক্রি তৈরী করে আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালতে আইনের ধারা মতে রেকর্ড সংশোধনের প্রার্থনা করি। পরে আমি (পবিত্র মিস্ত্রি) বাদী হয়ে আঃ খালেক গংকে বিবাদী করে ৫৪ নং ধারায় অভিযোগ করলে যা শেষ পর্যায়ে কানুনগো রেকর্ডের জন্য আছে। এনামুল কবির দর্পন ২০নং বিবাদী হইয়া জাল ডিক্রি দিয়া ভূমি আদালতে দাখিল করেন। আদালত আমাকে জাল ডিক্রি সার্চিং লইতে আদেশ দেন। আমি বাদী সার্চিং লইবার আবেদন করি। এবং সাচিংয়ে সই মোহর সংগ্রহ করি। আমি বাদী পবিত্র কুমার মিস্ত্রি পৈত্রিক সূত্রে ও ডিক্রি মূলে জমির প্রকৃত মালিক।

ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল প্রসঙ্গে তিনি বলেন, গত ০৮/০৬/১৯৯৩ইং তারিখে মৌজাঃ রাজারচর, জে.এল নং-৯১, এস.এ খতিয়ান নং:১০২১, এসএস দাগ নং ৪৪১৬, ৪৪১৭, বিএস দাগ নং ৬৩০০,৬৩০১, দলিল নং ২৮৪৭ এ ৫২ শতাংশ জমি ক্রয় করি। পরবর্তীতে সীমানা নির্ধারণ করতে গেলে দেখা যায়, দলিলে পরিচিতগণ সঞ্জয় বিশ্বাস ধলু ও নরেণ বিশ্বাস, এবং দাতা উভয়ই জমিতে ৪টি টয়লেট, দুটি নারাপালা তৈরি করে দখল করে আছে। জোরপূর্বক কেটে নিয়েছে গাছ। আমি বাদী থানায় গত ০১/০৬/২০২০ইং তারিখে অভিযোগ করলে এসআই আশুতোষ সরকার সরজমিনে যায়। পরবর্তীতে অভিযুক্তরা রাতের অন্ধকারে গাছ সরিয়ে ফেলে। জমি সুষ্ঠুভাবে মাপের জন্য ২৫ বার সীমানা নির্ধারণের চেষ্টা করে ব্যর্থ হই। সরকারি রাস্তা মালিকানা জমি(দাগ নং-৪৪১১)এর উপর দিয়ে গেছে। সরকারি রাস্তার পয়েন্ট না করে জমি জরিপ করায় সুষ্ঠু সমাধান হয়নি। প্রত্যেক আমিন ও সালিশগণ আসামীদের কাছ থেকে মোটা অংকের ঘুষ নেয়। জমির সীমানা নির্ধারণ করে না। আমি বারবার ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে আবেদন জানালে প্রতিবার আমিনগন এবং সালিশগন রেকর্ডীয় ম্যাপ ছাড়া জমি জরিপ করেন। আর অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার পরিবারের উপর নির্যাতনের পাশাপাশি হামলা চালিয়ে আসছে।

উক্ত জমি থেকে বিতাড়িত করার জন্য ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর পরবর্তী সহিংসতায় আমার প্রতিপক্ষের সহযোগিতায় অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়াংকা রানী পুষ্প (১৩) বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক ধর্ষণের শিকার হয়। গত ৩০ বছরে প্রতিপক্ষের তান্ডবে আমার ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। তখন আমি পবিত্র কুমার মিস্ত্রি বাদী হয়ে বরিশাল কোতয়ালি থানায় গত ২৫/১০/২০০১ইং তারিখে মামলা দায়ের করি। যার সুষ্ঠ সমাধান আজও হয়নি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সুদৃষ্টি কামনা করেছেন পবিত্র কুমার মিস্ত্রি।

 




বরিশালে জুয়াড়িদের হামলায় আহত ২ পুলিশ

বরিশাল অফিস :: পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে বরিশালের হিজলা উপজেলায় জুয়াড়িদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার পুরাতন হিজলা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর রায়।

আহতরা হলেন- হিজলা থানার এএসআই মো. আব্বাস ও কনস্টেবল মো. আব্দুর রহমান।

পরিদর্শক দীপংকর ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এএসআই আব্বাসের নেতৃত্বে তিন সদস্যর পুলিশ দল পুরাতন হিজলা মাছঘাট এলাকায় গিয়েছিলেন।

সেখানে গিয়ে একটি জুয়ার আসর দেখতে পেয়ে অভিযান করলে জুয়াড়িরা হামলা করে। এতে দুইজন আহত হন।

এর মধ্যে এএসআই আব্বাসের মাথায় জখম হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কনস্টেবল রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সাব্বির বলেন, পুরাতন হিজলা মাছঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসান স্থানীয় কয়েকজন। সেখানে তাস দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ টাকার জুয়া খেলা হয়।

সাব্বির জানান, “বিষয়টি পুলিশকে জানালে তারা এসে কয়েকজন জুয়াড়িকে আটক করে। তখন অন্য জুয়াড়িরা হামলা করে আটকদের ছিনিয়ে নিয়েছে। হামলার খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা এসে আহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক দীপংকর রায়।




জাতীয় পরিসংখ্যান দিবস আজ




ভাঙ্গা ঘরে মানবেতর জীবন কাটছে দরিদ্র সেকান্দার মোল্লার

বরিশাল অফিস :: তীব্র শীত কিংবা ঝড়-বৃষ্টি যাই হোক,সময় চলে যায় নীরবে। ছোট্ট একটি ঘর। মরিচা পড়া টিনের জরাজীর্ণ অবস্থা। ৭৮ বছরের বয়োঃবৃদ্ধ তিনি। জীবন সায়ান্নে এসেও প্রতিটি দিন দুশ্চিন্তায় কাটাতে হয় তাকে। ঘরের চাল প্রায় পুরোটাই ফুটো। নেই খাবারের কিংবা অসুখের চিকিৎসা নিশ্চয়তা। রয়েছে খাদ্য সংকট। বৃষ্টি হলেই ঘর ছেড়ে আশ্রয় নিতে হয় পাশ্ববর্তী বাড়িতে। এই ভাঙ্গা ঘড়েই স্ত্রী নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের অসহায় দরিদ্র বাসিন্দা সেকান্দার মোল্লা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে বিভিন্ন কর্মসূচির আওতায় ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম চললেও যেনো ভাগ্যের চাকা ঘুরছে না দরিদ্র সেকান্দার মোল্লার। সরেজমিনে গিয়ে টানাপড়েনের সংসার যাপনের চিত্র দেখা যায়, ছোট্ট একটি ভাঙ্গা ঘরে তাদের বসবাস। ঘরের উপরের চালের বেশিরভাগ অংশ ফুটো হয়ে গেছে। যে অংশে কিছুটা ভালো আছে সে অংশে একটি চৌকি বসিয়ে কোন মতে রাত্রি যাপন করেন বৃদ্ধা দম্পতি। কাজ কর্ম কিছু করতে পারেননা বলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কোনমতে জীবন যাপন করছেন তারা।

দরিদ্র সেকান্দার মোল্লা বলেন, স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ ঘরে যুগ পার করেছি। মেঘ দেখলে বৃষ্টির ভয়! আমাদের সম্পদ বলতে রয়েছে এই ভিটেমাটি। কয়েক বছর ধরে ঘরটি দিয়ে বর্ষার সময়ে পানিতে ভিজতাম। এমনও দিন গেছে রাতে বসে রইছি। এহন শীতে কষ্ট করি। ঘর সংস্কার করব সেই সক্ষমতাও নেই।

প্রতিবেশী আলম জানান, সেকান্দার মোল্লা ও তার স্ত্রী বর্তমানে চরম ভোগান্তির শিকার। তাদের কোনো ফসলি জমি নেই। কোনো দিন খায় আবার কোনো দিন না খেয়েও থাকে। এখন এই বৃদ্ধ অসহায় সেকান্দার মোল্লার বসতঘরটি মেরামতের জন্য জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতার কোন বিকল্প নাই।




কলাপাড়ায় লেকের পানিতে জাল ফেলতেই উঠে এলো ইলিশ

বরিশাল অফিস ::

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেকে জাল ফেলার পর ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের লেকে মাছটি পাওয়া যায়।

৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, সকালে ফার্মের লেকে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে একটি ইলিশ উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হই।

তিনি আরও বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করেছে বলে ধারণা করছি।

৩১৩ এগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, লেকে ইলিশ মাছ পেয়ে খুব অবাক হয়েছি। মাছটি আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে।




বরিশালে বাসচাপায় ভিক্ষুক নিহত

বরিশাল অফিস :: বরিশালে যাত্রীবাহী বাসচাপায় ৭০ বছর বয়সী এক ভিক্ষুক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে ২টার দিকে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুক উপজেলার চন্দ্রহার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই ভিক্ষুক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, বাসচালককে আটক করা যায়নি। চালককে আটক করতে অভিযান চলছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরগুনায় নিলাম জটিলতায় নিঃশেষ হচ্ছে কোটি কোটি টাকার গাড়ি-নৌযান-যন্ত্রাংশ

বরিশাল অফিস :: বরগুনায় বছরের পর বছর পড়ে আছে বিভিন্ন দপ্তরের কোটি কোটি টাকা মূল্যের পুরনো গাড়ি, নৌযানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। নিলাম জটিলতায় পড়ে থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। এদিকে সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।

সরেজমিনে বরগুনার সদর রোড সংলগ্ন জেলা প্রশাসকের নৌযান ঘাট ঘুরে দেখা যায়, বহু বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সমমূল্যের স্পিড বোট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সময়ে নিলাম না হওয়ায় ঘাটে পড়ে থাকা এসব নৌযান এখন ধ্বংসের পথে। একই অবস্থা দেখা যায় বরগুনা পৌরসভায়। যথা সময়ে নিলাম না হওয়ায় পড়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি।

 

জেলার বিভিন্ন দপ্তরেও রয়েছে এমন চিত্র। যথাসময়ে ফেলে রাখা এসব গাড়ি, নৌযানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশের নিলাম না হওয়ায় রাষ্ট্রের অর্থে ক্রয় করা কোটি কোটি টাকা সমমূল্যের সম্পদ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে‌। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।

বরগুনার সচেতন নাগরিক তারিক বিন আনসারী সুমন বলেন, বিভিন্ন দপ্তরের গাড়ি ও নৌযান যেগুলো সামান্য ত্রুটির কারণে অকেজো হয়ে পড়ে আছে সেগুলো মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করতে হবে। অথবা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে বিক্রি করা যেতে পারে। তবে নিলাম প্রক্রিয়ায় যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে যত দিন বাড়ে ততই এর বিক্রয় মূল্য কমে যাবে। এ কারণে রাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এসব গাড়ি ও নৌযানগুলোকে ব্যবহার উপযোগী করতে হবে অথবা বিক্রি করে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করতে হবে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম নাজমুল আহসান বলেন, আমাদের অ্যাম্বুলেন্স ও বিভিন্ন যন্ত্রাংশ নিলাম করতে একটি কমিটি করা আছে। স্থানীয়ভাবে যেগুলো নিলাম করা যায় তা আমরা প্রতিবছরই করি। এছাড়া বড় যন্ত্রাংশ নিলাম করতে সরকার থেকে আলাদা কমিটি করা আছে। এগুলো নিলামের জন্য মন্ত্রণালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক তিনি ওই কমিটির সভাপতি থাকেন সেখানে আবেদন করতে হয়। তবে এটি বিভিন্ন প্রক্রিয়ায় সম্পন্ন করতে কালক্ষেপন হয়।

বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, পৌরসভার নিলাম প্রক্রিয়ায় আমরা দেখেছি অকেজো এসব গাড়ি নিলাম করতে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখতে হয়। বিআরটিএ থেকে আমাদের অনুমতির প্রয়োজন হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত অনুমতি পেলে আমরা নিলাম প্রক্রিয়া সম্পন্ন করি। তবে অফিসিয়াল নিয়ম অনুযায়ী এ প্রক্রিয়া সহজ না হওয়ায় এসব গাড়ি ফেলে রাখা হয়। আমি সচেতন নাগরিক হিসেবে মনে করি এ দীর্ঘসূত্রিতার কারণে সরকার প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

 

বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, অকেজো বা পরিত্যক্ত ঘোষণা করার জন্য জেলা পর্যায়ে কমিটি আছে। কোন দপ্তরে যদি এ ধরনের কিছু আমাদের নজরে আসে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি। বরগুনাতে এরকম কিছু থাকলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণে কাজ করব। যাতে সরকারের ওই সম্পদগুলো নষ্ট না হয়ে যায়।

এ বিষয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, বিভিন্ন দপ্তরের নীতিমালা অনুযায়ী একেক নিয়মে এসব পুরনো গাড়ি ও যন্ত্রাংশ নিলাম দেওয়ার পদ্ধতি আছে। তবে প্রয়োজন হলে সংসদে বিষয়টি উপস্থাপন করব।

 




জমে উঠেছে পটুয়াখালী নির্বাচনের প্রচার প্রচারণা

বরিশাল অফিস :: জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই আটঘাট বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা।

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগসহ নতুন নতুন কৌশলে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থী বেশি হওয়ায় মাইকের শব্দে অতিষ্ঠ স্থানীয়রা।

গতানুগতিক প্রচারণার বাইরে ডিজিটাল প্লাটফর্মেও পাল্লা দিয়ে নিজেদের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মিছিল ও উঠান বৈঠকের পাশাপাশি কর্মী-সমর্থকরা দলে দলে বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।

এদিকে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। গত দু’দিনে আচরণবিধি ভাঙার অভিযোগে আট প্রার্থীকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়েছে।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




তামিম-মায়ার্স ঝড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল

বরিশাল অফিস :: ম্যাচটা চট্টগ্রামের হাত থেকে ওখানেই অনেকটা ফসকে গেছে যখন চট্টগ্রামের ছন্নছাড়া ফিল্ডিংয়ে দলীয় ৯ রানের মাথায় ক্যাচ ছেড়ে সুযোগ দেয় তামিম ইকবালকে। তখন কেবল ১ রানে ব্যাট করছিলেন ফরচুন বরিশালের এই অধিনায়ক। সুযোগ পেয়ে রীতিমত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের ওপরে চড়ে বসেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে বাউন্ডারির ফুলঝুড়ি ফোটান ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স।

এই দুই ব্যাটারের ফিফটিতে মধ্যম মানের লক্ষ্যকে মামুলি মানিয়ে ৩১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল তামিমের দল। সেখানে ফাইনালে দ্বিতীয় দলের জায়গা নিশ্চিতে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে খেলবে ফরচুন বরিশাল।

মিরপুরে প্লে-অফের এলিমিনেটর ম্যাচে আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। সেখানে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে বন্দর নগরীর দলটি।

লক্ষ্যটা সহজের কাতারে থাকলেও সেখানে শুরুতে ধাক্কা খায় বরিশাল। ইনিংসে দ্বিতীয় বলেই রানের খাতা না খোলা সৌম্য সরকার রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষকের হাতে। দলীয় ৯ রানের মাথায় ব্যাটিংয়ে দ্বিতীয় ধাক্কাটা খেতেই যাচ্ছিল বাংলার ভেনিসের দলটি। পেসার আল আমিনের বলে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ তুলে নেন তামিম। তবে সেটি তালুবন্দি করতে পারেননি সৈকত আলী।

এরপর থেকেই রীতিমত চার-ছয়ের বন্যা বইয়েছেন তামিম ও মায়ার্স। পাওয়ার প্লের ৬ ওভারেই ৭৩ রান তোলে বরিশাল। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে বিপিএলে নিজের প্রথম ফিফটি তোলেন মায়ার্স। তবে পরের বলেই আউট হলে ভাঙে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে তার ৫৪ বলে ৯৮ রানের দুর্দান্ত জুটি।

বাকি সময়ে তামিমের বিপরীতে সবার নজর প্লে-অফে বিপিএল খেলতে আসা ডেভিড মিলারের দিকে। তবে ১৩ বলে ১৭ রানের সাধারণ এক ইনিংস খেলে রোমারিও শেফার্ডের বলে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। বাকি পথ অনেকটা একাই সামলিয়েছেন তামিম। আসরে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর আগে ৪৩ বলে ৯ চারের মারে ৫২ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে ব্যাট করতে নেমে জশ ব্রাউনের দলীয় সর্বোচ্চ ৩৪ ও অধিনায়ক শুভাগত হোমের ২৪ রান বাদে বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যেই। লিগ পর্বে ছন্দে থাকলেও বাঁচা-মরার এই ম্যাচে হাসেনি তানজিদ তামিম, টম ব্রুসদের ব্যাট। সেখানে বরিশালের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও ওবেড ম্যাকয়।

চলমান অল-রাউন্ড পারফর্মে বল হাতে দুই উইকেটের পর ২৬ বলে ৫০ রানের ভরে ম্যাচ সেরার খেতাবও জেতেন মায়ার্স।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: (এলিমিনেটর)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৫/৯ (২০ ওভার) (ব্রাউন ৩৪, শুভাগত ২৪; সাইফউদ্দিন ২/২৮ , মায়ার্স ২/২৮)

ফরচুন বরিশাল: ১৩৬/৩ (১৪.৫ ওভার) (তামিম ৫২*, মায়ার্স ৫০; শেফার্ড ১/১৭)

ফল: বরিশাল ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কাইল মায়ার্স




বরিশালে যৌথ অভিযানে ৪৩ মণ জাটকা জব্দ

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকা সহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান। অভিযানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, র‍্যাব-৮ এর ডিএডি মো: কামরুজ্জামান প্রমূখ।