বরগুনায় জেলের জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ

বরিশাল অফিস :: বরগুনায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ৭ ফুট লম্বা বিরল প্রজাতির ৭টি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৮০ কেজি। গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার এফবি মারিয়া নামের একটি ট্রলারের জেলেদের জালে এ মাছ ধরা পড়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সমুদ্র থেকে পাথরঘাটা বিএফডিসি ঘাটে ওই মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে ডাকের মাধ্যমে প্রতিটি মাছ ৬ হাজার টাকা করে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

বিএফডিসি মৎস্য ঘাট সূত্রে জানা যায়, মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম মিয়ার আড়ত থেকে এফবি মারিয়া নামের ট্রলারটি নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান জেলেরা। পরে গভীর সমুদ্রে গিয়ে জাল ফেললে বিশাল আকারের পাখি মাছগুলো উঠে আসে। পরে বিএফডিসি ঘাটে নিয়ে এলে ডাকের মাধ্যমে মো. জাহিদুল ইসলাম নামের এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।

বিএফডিসি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে এ মাছের চাহিদা থাকলেও স্থানীয়ভাবে তেমন চাহিদা নেই। এ কারণেই এ মাছের দাম কম, তবে এ মাছ বিদেশে রপ্তানি করা হয়। মাছগুলোকে বিক্রি করতে ঢাকায় পাঠাবেন বলেও জানন তিনি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমাড় অপু বলেন, এ মাছের চাহিদা দেশে কম হলেও বিদেশে চাহিদা রয়েছে। এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। এরা সাধারণত গভীর সমুদ্রে থাকে।




বিএমএসএফ’র সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা

বরিশাল অফিস :: দেশের সর্ববৃহত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

দুইদিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাগরকন্যা কুয়াকাটার বিএমএ ভবনের সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শপথগ্রহন, পরিচিতি মিলন মেলা ও সাধারণ সভার সমাপনী দিনে ঘোষিত কর্মসূচিতে আগামী মার্চ মাস থেকে মেয়াদোত্তীর্ন ও নিস্কৃয় শাখা কমিটির তালিকাকরণ, ১-৭ মে অস্টম জাতীয় গণমাধ্যম সপ্তাহ সারাদেশের উপজেলা-জেলাসমূহের আয়োজনে কর্মসূচী গ্রহন, গণমাধ্যম সপ্তাহের আগে সকল শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি অবিলম্বে সরকার কর্তৃৃক সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ড গঠণসহ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকার কাজ সম্পন্নের দাবিতে

তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রকাশ করার দাবিতে আগামী ১৫ মার্চ সকল জেলা ও উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম রানা, মিজানুর রশিদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মিজানুর রহমান, সৈয়দ খায়য়ল আলম, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরী, মোঃ কামরুজ্জামান, ফয়সাল আজম অপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বুলেট, সহ-সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, অমরেশ দত্ত জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য জাবির হোসেন, আইটি বিষয়ক উপ-কমিটির সদস্য ইব্রাহিম শরীফ মুন্না, মৃধা মোঃ আফসার উদ্দিন, সদস্য কাজী নোমান উপস্থিত ছিলেন।

 

সভায় কেক কেটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থিম সং উদ্বোধন করা হয়েছে। থিম সং টি লিখেছেন এবং সুর করেছেন গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার।




বরিশাল আ’লীগের প্রধান কার্যালয়ে ঝুলছে তালা, থমকে গেছে কার্যক্রম

এস এল টি তুহিন, বরিশাল :: বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের আনাগোনা নেই। বিগত সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে চুপসে গেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে থাকে সুনসান নীরবতা। অফিস কেয়ারটেকার দুই বেলা অফিস খুললেও বড় কোনা কর্মসূচি ছাড়া সিনিয়র নেতাদের দেখা মেলে না আওয়ামী লীগ কার্যালয়ে। দলের একাংশের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় ব্যক্তির বাসায়। অন্যদিকে দলীয় প্রতিপক্ষ গ্রুপের যে কোনো রাজনৈতিক আয়োজন হয় সিটি এবং সংসদ নির্বাচনে ব্যবহৃত সার্কিট হাউস চত্বরের প্রধান নির্বাচনি কার্যালয়ে।

গত বছরের ১২ জুনের সিটি করপোরেশন নির্বাচনের আগেও জমজমাট ছিল বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়। প্রতিদিন দুই বেলা দলীয় নেতা-কর্মীদের পদভারে মুখরিত থাকত কার্যালয়টি। কিন্তু সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে মনোনয়ন না দিয়ে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে দলীয় মনোনয়ন দেওয়ার পর পাল্টে যায় চিরচেনা সেই চিত্র।


সাদিক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তার অনুসারী নেতা-কর্মীরা চুপসে যায়। দলীয় কার্যালয়ে তেমন একটা আনাগোনা নেই তাদের। অফিস কেয়ারটেকার প্রতিদিন দুই বেলা অফিস খুললেও বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়া দলীয় সিনিয়র নেতাদের দেখা মেলে না কার্যালয়ে। বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির প্রস্তুতি এবং দলীয় সভা আয়োজন হয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর কালীবাড়ি রোডের বাসায়।

অন্যদিকে বরিশাল, আওয়ামী লীগে সাদিক আবদুল্লাহ পরিবার বিরোধী হিসেবে পরিচিতরা ভিড় করেন সিটি এবং সংসদ নির্বাচনে নৌকার প্রধান নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহৃত সার্কিট হাউসের সামনের অফিসে। বিভিন্ন দিবস ভিত্তিক আয়োজন এবং দলীয় কর্মসূচি প্রধান নির্বাচনি কার্যালয়েই পালন করে- সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারীরা।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম বলেন, সংগঠনের প্রেসিডেন্ট-সেক্রেটারি তারা। এ কারণে আমরা সংগঠনের ব্যানারে কোনো দলীয় কর্মসূচি করতে পারি না। মেয়র এবং সদর আসনের এমপির অনুসারী যাদের বিভিন্ন সময় সংগঠন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে তারাও দলীয় কর্মসূচি করতে চায়। আমরা তাদের নিয়ে প্রধান নির্বাচনি কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করি। কর্মসূচি কোথায় হলো সেটা বিষয় নয়, আমরা কর্মসূচি পালন করি সেটাই মুখ্য বিষয়। আমরা চাই মহানগর আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি যারা সিটি এবং সংসদ নির্বাচনে নৌকার বিরোধিতা করেছে সেই কমিটি ভেঙে নতুন কমিটি করা হোক। বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা হলে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের চাঞ্চল্য ফিরবে বলে তিনি আশা করেন।


বরিশাল মহানগর সেরনিয়াবাতে আওয়ামী লীগের সহসভাপতি গাজী নাইমুল হোসেন লিটু বলেন, আমরা যে কোনো দিবস ভিত্তিক কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনেই করে থাকি। স্থান সংকটের কারণে অনেক সময় বিভিন্ন প্রস্তুতি সভা ও দলের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে আয়োজন না করে নেতার বাসায় আয়োজন করা হয় আধুনিক প্রযুক্তি এবং সুযোগ-সুবিধা থাকার কারণে। তবে কর্মসূচি থাকলে অবশ্যই নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যায়।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, নেতারা নিয়মিত দলীয় কার্যালয়ে যাওয়া আসা করেন। যে কোনো রাজনৈতিক কর্মসূচি জেলা ও মহানগর একত্রে কার্যালয়ে করে থাকে। এ ছাড়া অনেক সভা আয়োজন করা হয়ে থাকে আমাদের রাজনৈতিক গুরু শহীদ আবদুর রব সেরনিয়াবাতের কালীবাড়ি রোডের বাসায়।

 




বরিশালে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল অফিস :: গ্রাহকের সঞ্চয়ের টাকা জমা না দিয়ে আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংক বরিশালের রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপকসহ দুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন।

দণ্ডিত দুজন হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক যশোরের ছাতিয়ানতলা গ্রামের দেলোয়ার হোসেন ও বাগেরহাটের শরনখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা ব্যাংকের কর্মকর্তা মো. শাহআলম।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি বলেন, শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা মো. শাহ আলম পরস্পর যোগসাজসে গ্রামীণ ব্যাংকের সদস্য নারী গ্রাহকের সঞ্চয়ের ১৩ হাজার ৮০০ টাকা নেওয়ার জমা স্লিপ দেন। কিন্তু ওই টাকা ব্যাংকের জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করে।

আদালতের বেঞ্চ সহকারী বলেন, ২০১৮ সালের ৩১ মে একই কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৫ জনের স্বাক্ষ্য নিয়ে আজকে রায় দিয়েছেন। মামলার পর থেকে তারা পলাতক রয়েছে।




পটুয়াখালীতে স্মার্ট ও উন্নত আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি প্রার্থীদের

বরিশাল অফিস :: পটুয়াখালীতে স্মার্ট ও উন্নত আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি প্রার্থীদের সমুদ্র সৈকত কুয়াকাট, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশনসহ একাধিক মেঘা প্রকল্পের কারণে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী জেলা শহর। সেই গুরুত্বপূর্ণ পটুয়াখালী পৌরসভার নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে জমজমাট পৌরসভার বিভিন্ন এলাকা। সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। ভোটারদের স্মার্ট-উন্নত আধুনিক পৌরসভা নির্মাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

আগামী ৯ মার্চ ৯টি ওয়ার্ডের ২৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে গত ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর পরই পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌরসভা। শহরের রাস্তার বিভিন্ন মোড়ে, বাজার ঘাটে ও গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে এসব পোস্টার। লিফলেট নিয়ে দুপুর থেকে রাত পর্যন্ত নিজ নিজ প্রার্থীদের পক্ষে এলাকায় ভোট চাইছেন কর্মীরা।

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ লড়ছেন জগ প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম লড়ছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে। এ ছাড়াও বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের বড় ভাই আবুল কালাম আজাদ রেল ইঞ্জিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. এনায়েত হোসেন নারিকেল গাছ ও নাসির উদ্দিন খান কম্পিউটার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসব প্রার্থীরা সবাই প্রচারে সন্ত্রাস ও মাদকমুক্ত স্মার্ট-উন্নত আধুনিক পৌরসভা নির্মাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম দুজনই পটুয়াখালী পৌরসভার আলোচনার কেন্দ্রে রয়েছেন। পৌরসভার বর্তমান উন্নয়নের দাবি করে দুজনই প্রচার চালাচ্ছেন।

বর্তমান মেয়র ও প্রার্থী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত পাঁচ বছর আমি পৌরবাসীর পাশে থেকে আমার সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। পৌরবাসী এরই মধ্যেই উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে।’

মহিউদ্দিন আহমেদ দাবি করেন, প্রযুক্তির কল্যাণে পটুয়াখালী পৌরসভার গত ৫ বছরের উন্নয়ন সারা দেশসহ দেশের বাইরেও দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমি পৌরবাসীকে সঙ্গে নিয়ে ঢেলে সাজোনোর চেষ্টায় দিন-রাত এক করে কাজ করেছি। আমার সময়ে পটুয়াখালী পৌরসভা উন্নয়নের পথে হাত শুরু করেছে। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভাটি মূলত দীর্ঘ সময় পর্যন্ত পিছিয়ে ছিল উন্নয়নে। যে কারণে পরিপূর্ণ উন্নয়নে এ পৌরসভায় তিন থেকে চার হাজার কোটি টাকা দরকার।’

মহিউদ্দিন আহমেদ তাঁর সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে আরও বলেন, ‘আগামী ১০ বছর পর কমপক্ষে ২৫ লাখ লোকের বসবাস হবে এ পৌরসভায়। সেটি মাথায় রেখেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান আছে। পৌরবাসী যদি আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করে, আমি পটুয়াখালী শহরকে ঢেলে সাজাতে মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন অর্জন লক্ষ্য বাস্তবায়ন করতে পারব।’

এদিকে সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম বলেন, ‘২০১১ সালে মেয়র নির্বাচিত হয়ে ৮ বছর মেয়রের দায়িত্ব পালন করেছি। আমার সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং অনেক প্রকল্প চলমান ছিল। সে সব প্রকল্প বর্তমান মেয়রের সময়ে কাজ পূর্নতা পেয়েছে। আমার সময়ে পৌরবাসীর ওপর কোনো বাড়তি করারোপ করা হয়নি। যা এখন কয়েকগুণ বাড়ানো হয়েছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে পৌরসভার যেসব প্রকল্পের কাজ চলমান আছে সেগুলোর কলেবর বাড়ানো হবে। নানাবিধ করের বোঝা কমিয়ে পৌরবাসীর নাগালে আনা হবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘একদিন এই পৌরসভা সিটি করপোরেশনে পরিণত হবে। কাজেই পৌরসভায় উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে কাজ করব। সকল নাগরিক সুবিধা ঘরে বসে পেতে পারে তার ব্যবস্থা করা হবে। পটুয়াখালী পৌরসভা হবে স্মার্ট পৌরসভা, মানবিক পৌরসভা, অসহায় মানুষের আশ্রয়স্থল। শাসক নয়, শোষক নয় সেবক হিসেবে আমি দায়িত্ব পালন করতে চাই।’

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভা ১৮৯২ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালের ৫ আগস্ট পটুয়াখালী পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভার আয়তন ২৬ বর্গকিলোমিটার । এ বারের পটুয়াখালী পৌরসভায় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ হাজার ৭৫০ জন, পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ জন এবং হিজড়া ভোটার ২ জন।




শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

বরিশাল অফিস :: শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ফাইনালে ওঠার লড়াই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শামীমের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় রংপুর।

টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ইনিংস শুরু করতে আসেন শেখ মাহেদী ও রনি তালুকদার। তবে শুরটা ভালো হয়নি রংপুরের। এই জুটি ভয়ংকর হয়ে ওঠার আগেই রংপুরের শিবিরে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। সাজ ঘরে যাবার আগে ২ রান করেন এই ডানহাতি ব্যাটার।

মেহেদী আউট হলে দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে আসেন সাকিব আল হাসান। তবে উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি টাইগার অলরাউন্ডার। ব্যাট হাতে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন তিনিও। সাইফউদ্দিনের বলে দলীয় ১০ রানে মুশফিকের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সাজঘরে যাবার আগে ৪ বলে ১ রান করেন তিনি।

এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন জেমি নিশাম। তাকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেবার চেষ্টা করেন ওপেনার রনি। তবে উইকেটে থিতু হয়ে নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন রনি তালুকাদরও। দলীয় ১৮ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তাতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পরে রংপুর। সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছিলো চতুর্থ উইকেট জুটিতে জেমি নিশাম ও নিকোলাস পুরাণ। যেখানে তাদের ব্যাটে রংপুর আশা দেখতেছিলো ভালো কিছুর। কিন্তু সেই আশা আর বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বরিশাল। দলীয় ৪৮ রানে পুরাণ আউট হলে ভাঙে এই জুটি।

এরপর বেশিক্ষণ উইকেটে টিকেননি নিশামও। দলীয় ৪৮ রানে তিনিও ফেরেন সাজঘরে। প্যাভিলিয়নে যাবার আগে ২২ বলে ২৮ রান করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থুকতে থাকা রংপুর ষষ্ট উইকেটে লড়তে থাকেন নবী ও সোহানের ব্যাটে। তবে এই উইকেটে জুটিতেও এদিন ভরসা দিতে পারেননি রংপুরদের।

দলীয় ৭৬ রানে নবী আউট হলে ভাঙে ২৮ রানের এই জুটি। প্যাভিলিয়নে যাবার আগে ১২ রান করেন তিনি। এরপর দ্রুত ফিরে যান অধিনায়ক সোহানও। সাজঘরে যাবার আগে ১৭ বলে ১৪ করেন তিনি।

শেষ দিকে শামীমের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় রংপুর। ২৪ বলে ৫৯ রানে শামীম ও ৯ বলে ১২ রানে অপারিজত থাকেন আবু হায়দার রনি। বরিশালের হয়ে বল হাতে জেমস ফুলার নেন সর্বোচ্চ ৩ উইকেট।




বরিশালের বোলিং তোপে কোনঠাসা রংপুর

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ফাইনালে ওঠার লড়াই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে কোনঠাসা হয়ে পরেছে রংপুর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ রংপুরের।

টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ইনিংস শুরু করতে আসেন শেখ মাহেদী ও রনি তালুকদার। তবে শুরটা ভালো হয়নি রংপুরের। এই জুটি ভয়ংকর হয়ে ওঠার আগেই রংপুরের শিবিরে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। সাজ ঘরে যাবার আগে ২ রান করেন এই ডানহাতি ব্যাটার।

বিস্তারিত আসছে…




বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র খোকন

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে ২০ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

বুধবার বেলা ১২টার দিকে নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এবং পোর্ট রোড এ. করিম আইডিয়াল কলেজ এলাকায় পৃথক দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, ঠিকাদার ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ভাটিখানা মেইন রোডে ৯৯৫ মিটার রাস্তা ও ৮৫৪ মিটার ড্রেন, এবং পলাশপুরে ৯৪০ মিটার রাস্তা ও ১১৬৫ মিটার ড্রেন নির্মাণে বরাদ্দ ছিলো ১১ কোটি ৭৭ লাখ টাকা। অপরদিকে পোর্ট রোডে ৬৩৬ মিটার রাস্তা ও ৪৪২ মিটার ড্রেন এবং বিআইপি রোডে ৮০০ মিটার রাস্তা ও ৩৯০ মিটার ড্রেন নির্মণে বরাদ্দ ছিলো ৯ কোটি ১২ লাখ টাকা। সম্প্রতি এই সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়। এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।




আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে -পীর সাহেব চরমোনাই

বরিশাল অফিস :: উদ্বোধনী বয়ানের মধো দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী বার্ষিক ফাল্গুন মাহফিল শুরু। উদ্বোধনী বয়ানে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

বুধবার ( ২৮ ফেব্রুয়ারি’) বাদ জোহর চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট ৬টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা করেন। মাহফিলে অংশ নিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী।

আজ ভোরে ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী চরমোনাই এসে পৌছেছেন।এছাড়াও এবছর সৌদিআরব ও পাকিস্তানের বিশিষ্ট ওলামায়ে কেরাম অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বলে জানা গেছে।

আজ সকাল ৮টা থেকে মাহফিলে আগত মুসল্লীদের ১০,০০০ হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।

মাহফিলে আগত মুসল্লীদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। ৬ টি এ্যাম্বুল্যান্স ও ১ টি স্পীড বোর্ড মাহফিল হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে তাৎক্ষণিক মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী।

ছয়টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনী।

সারাদেশ থেকে আগত মুসল্লীদের খাবারের জন্য প্রত্যেকটি মাঠের চারিদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাসহ রয়েছে সহস্রাধিক মানসম্মত টয়লেট, ওজু এবং গোসলের ব্যবস্থাপনা।

তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের প্রথমদিন তথা আজ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সারাদেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এছাড়াও মাহফিলে আগত যুবক, শ্রমিকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজন করে বিশেষ আয়োজন।

আগামী ০২ মার্চ’২৪ শনিবার সকাল ৮.৩০টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

আজ মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে দুইজন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তন্মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান নিবাসী মো. আজমত শেখ এবং পাবনা নিবাসী মো. নওসের।




বরিশালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বুধবার ( ২৮ ফেব্রুয়ারী) সকালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল শেখ মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক বক্তব্য প্রদান করেন।

পরে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতায় রয়েছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাভ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ ভারসাম্য দৌড়, অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে কবিতা আবৃত্তি বাংলা, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান পল্লীগীতি,লোকগীতি, অন্যান্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়। বিষয়ভিত্তিক কুইজ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এবং কাবিং।