বরিশালে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৮ দফা দাবিতে বিক্ষোভ

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীরা সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবির সমর্থনে দুই ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নেন, যার ফলে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের মূল দাবি:
- কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা।
- ডিপ্লোমা কৃষিবিদদের কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
- সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ।
- ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ।
- উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান।
শিক্ষার্থী সালমান মাহমুদ বলেন, “নয় মাস আগে আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছেন, বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ বিভিন্ন কর্মসূচি চলবে।”
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়, সিদ্ধান্ত নিতে হবে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে।”
এ আন্দোলনের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডের দুইপাশে যানজট সৃষ্টি হলেও শিক্ষার্থীরা জরুরি সেবার যানবাহনের চলাচলে কোনো বাঁধা দেননি। দক্ষিণাঞ্চল ও ঢাকাগামী যাত্রীরা বিশাল ভোগান্তির মধ্যে পড়েছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








