ছারছীনা মাহফিলগামী থ্রি-হুইলার দুর্ঘটনায় গৌরনদীর ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস :: পিরোজপুরের ছারছীনা শরীফের মাহফিলগামী থ্রি-হুইলার (মাহেন্দ্রা) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে সাইদুর রহমান (৭৫) নামের এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় থ্রি-হুইলার চালকসহ ছয়জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সাইদুর বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী এবং কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপি মাহফিলের আখেরী মোনাজাত আজ জোহর নামাজের পর। এতে অংশ নেয়ার জন্য আটজন মুসুল্লী গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে থ্রি- হুইলারে রওনা দেয়। পথিমধ্যে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় পৌঁছলে থ্রি-হুইলারের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে। এতে থ্রি- হুইলারের চালকসহ সকলেই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান নামের একজনকে মৃত বলে ঘোষনা করেন।


বরিশাল উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।




বরিশালে যুবককে চাঁপা দিয়ে পুকুরের মধ্যে বাস নিহত ২

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌকিদার বাড়ি নামক এলাকা অতিক্রমকালে পথচারী সুমন সরদারকে (১৮) নামের এক যুবকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বেলাল সরদারের ছেলে সুমন সরদার নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে,বরিশাল উজিরপুর মডেল থানার ওসি (তদ ন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের (যশোর-ব ১১-০২৪৬) একটি বাস বুধবার দুপুর একটার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌকিদার বাড়ি নামক এলাকা অতিক্রমকালে পথচারী সুমন সরদারকে (১৮) চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বেলাল সরদারের ছেলে সুমন সরদার নিহত হয়। এ ছাড়া আরো এক যাত্রী নিহত হয়েছেন এখনো পযর্ন্ত তার পরিচয় পাওয়া যায়নি। বাসটি একপর্যায়ে বেপরোয়াগতির চাকলাদার পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরের মধ্যে পরে যায়।


বরিশাল গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং ডুবুরি দল প্রায় দুইঘন্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থেকে এক যাত্রীর মৃত দেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর পরই ঘাতক বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




জলদস্যুদের হাতে জিম্মি বরিশালের মেরিন ইঞ্জিনিয়ার আলী হোসেন

বরিশাল অফিস :: নবপরিনিতা প্রিয়তমা স্ত্রীকে রেখে আড়াই মাস আগে বাংলাদেশী পন্যবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ’র নাবিক হিসেবে জয়েন করেছিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারাকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের সন্তান আলী হোসেন (২৬) ।

মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে যাদের মধ্যে রয়েছেন বানারীপাড়ার মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী হোসেন। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের এমাম হোসেনের ছোট ছেলে।

মঙ্গলবার দুপুরে জলদস্যুরা তাদের জিম্মি করার পরে বিকাল ৩টার দিকে মুঠোফোনে স্ত্রীকে কল দিয়ে আলী হোসেন জানিয়েছেন, সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজ অ্যাটাক করে সবাইকে জিম্মি করেছে। মোবাইল ফোন কেড়ে নেওয়ায় হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না! তাদের জন্য যেন বাবা-মাসহ পরিবারের সবাই দোয়া করেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েছেন নাবিক মোঃ আলী হোসেনের উৎকন্ঠিত পরিবার।

ক্রন্দনরত সদ্য বিবাবিত স্ত্রী ইয়ামনি বলছেন, আগামী কুরবানীর ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর! পরিকল্পনা ছিল দুইজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তারা!! নাড়ী ছেড়া ধন সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই শয্যাশায়ী হয়ে দু’চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝড়াচ্ছেন আলী হোসেনের গর্ভধারিণী মা নাসিমা বেগম। ছেলেকে ফিরে পেতে পড়ছেন দোয়া-দরুদ। তার ছেলেসহ জিম্মি সবাইকে স্বজনের কাছে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়র জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

জিম্মি নাবিক আলী হোসেনের বাবা স্থানীয় ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি এমাম হোসেন জানান, সামনের কুরবানীর ঈদে আলী হোসেনের বড় ভাই জুলফিকারের সাথে বাড়িতে এসে একত্রে কুরবানী দেওয়ার কথা ছিল তার।

এদিকে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বছরের জুলাই মাসে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিবাহ করেছেন আলী হোসেন। ছোটবেলা থেকেই অদম্য মেধাবী আলী হোসেন বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে ২০১৪ সালে মাধ্যমিক পাশ করেছিলেন । এর পরে ভর্তি হন নারায়নগঞ্জের মেরিন একাডেমীতে, সেখানে ৪ বছর পরালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরীতে জয়েন করেন ২০২০ সালে। সবশেষ গত আড়াই মাস আগে তিনি চাকরীতে জয়েনের উদ্দেশ্যে কেএসআর এম শিপিং লিঃ এর নিজস্ব খরচে সাউথ কোরিয়াতে গিয়ে এম ভি আবদুল্লাহ নামের ওই জাহাজে নাবিক ( ওয়েলার) হিসেবে কাজ শুরু করেন।

 




পটুয়াখালীতে বসেছে ‘ইফতার খানা’

পটুয়াখালী প্রতিনিধি :

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় নিম্ন আয়ের রোজাদারদের জন্য ‘ইফতার খানা’ আয়োজন করেছে পটুয়াখালীবাসী নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

শহরের বিত্তবানদের সহযোগিতা নিয়ে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজানে বিকেল ৫টার সময় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন ঝাউবন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ শুরু করেন। এই ইফতার খানায় যে কেউ চাইলেই ইফতার দিতে পারবেন। আবার সেই ইফতার বিতরণ করবে সংগঠনের সদস্যরা।

জানা যায়, ছোলা, মুড়ি, পিয়াজু, আলুর চপ, জুস, পানি, কলা, খেজুর, জিলাপি দিয়ে প্রতিদিন ৫০ জন রোজাদারকে ইফতার করানোর পরিকল্পনা নিয়েছেন। সে হিসেবে ১ম রোজায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

রিকশাচালক নজরুল ইসলাম বলেন, এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে ইফতার সাজিয়ে রাখা হয়েছে। আমাদেরকে ডাকা হচ্ছে ইফতার করার জন্য। আমি রিকশা পাশে রেখে ইফতার করতে বসলাম। খুব ভালো লেগেছে এই আয়োজন দেখে।

দিনমজুর ইব্রাহিম বলেন,  হোটেল থেকে কিনে ইফতার খেতে হলে আমাকে কমপক্ষে হলেও ৫০ থেকে ৬০ টাকা খরচ হতো। কিন্তু এখানে ইফতার করতে  আমার টাকা খরচ হয়নি। আলহামদুলিল্লাহ যাদের সহযোগিতায় ইফতার করতে পেরেছি আল্লাহ তাদের কবুল করুক। পুরো রমজান মাস জুড়ে এই ইফতার কার্যক্রম চলমান থাকলে আমাদের মত মানুষদের অনেক উপকার হবে।

পটুয়াখালীবাসী সংগঠনের সদস্য বাতেন হাওলাদার বলেন, বিত্তবানদের সহযোগিতা নিয়ে আমরা এই রমজান মাসে ইফতার খানার আয়োজন করেছি। এখানে দিনমজুর রিক্সাওয়ালা পথচারী ও ছিন্নমূল মানুষরা ইফতার করছে। তাদের ইফতার করাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। সবার সহযোগিতা পেলে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন রমজানের আগে থেকেই রমজানের বাজার নামে নিম্ন আয়ের মানুষদের মাঝে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রয় করেছে। এছাড়াও দেশের যে কোন ক্লান্তিলগ্নে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার সেবক হিসেবে কাজ করে থাকে।

 




বরিশালে চুরি হওয়া গরু ২০ দিন পরে স্ব ইচ্ছায় ফিরলো নিজ গৃহে

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুন্দরকাঠী গ্রামের বজলু তালুকদারের গৃহ পালিত একটি বাচ্চা সহ গাভী গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুরি হয়ে যায়।

চুরি হওয়া গরুটি ২ মার্চ শুক্রবার পাদ্রিশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান হাট চৈতার বাজারে বিক্রির জন্য নিয়ে আসে চোর। অধিক লাভের আশায় ৭০ হাজার টাকার গরু ৫১ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন ৪ নং দুধাল ইউনিয়নের পিলখানা গ্রামের গরুর ব্যাপারী নুর হোসেন (দিপু)।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার ৪ নং দুধল ইউনিয়নের ছাদের হাওলাদারের সাপ্তাহিক হাটে গরুটি নুর হোসেন (দিপু) বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসলে প্রকৃত মূল্য ৭০ হাজার টাকায় গরুটি ক্রয় করেন গরুর মূল মালিক বজলু তালুকদারের প্রতিবেশী মোফাজ্জল হাওলাদার। গরুটি নিয়ে আসার পরে স্থানীয় ও গরুর মালিক বজলু তালুকদার গরুটি তার বলে চিহ্নিত করলে, এলাকায় শুরু হয় চাঞ্চল্য।

এরপরেই গরুর মুল মালিক বজলু তালুকদার গরু দাবি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে বাকেরগঞ্জ থানার এস আই মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে গরু উদ্ধার করেন এবং তদন্তের স্বার্থে সত্যতা যাচাইয়ের জন্য ক্রেতার বাড়ি থেকে গরুটির রশি ছেড়ে দেন।

এরপরে ক্রেতার বাড়ি থেকে সরাসরি এভাবেই গিয়ে গরুর মূল মালিক বজলু তালুকদারের গোয়াল ঘরে গরুর নিজগৃহে প্রবেশ করে। ক্রেতা মোফাজ্জল হাওলাদার ও স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, এই গরুটি বজলু তালুকদারের গরুই।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানায়, এভাবে একটা অভিযোগ পেয়েছি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে। তবে গরু দুইটি স্থানীয় চৌকিদারের জিম্মায় রয়েছে। গরু চুরির বিষয় তদন্ত চলছে তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 




ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্য আটক

বরিশাল অফিস :: ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১২ মার্চ, মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম। তিনি বরিশাল সদর থানার রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫ নং ওয়ার্ডে মৃত রহিম খানের ছেলে। তিনি ভোলা সদর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

পুলিশ কনস্টেবল মো. ওয়াসিম। তিনি বরিশালের উজিরপুর থানা এলাকার গুটিয়া ইউনিয়নের পাথনিয়া কাঠি গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানায় কর্মরত।

কনস্টেবল আবু রাহাত। তিনি বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে।

ভোলা সদর পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবার দুপুরে দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ৩ পুলিশের কাছে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মর্মে তিনি শুনেছেন। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ পুলিশের কোনো কর্মকর্তা নিশ্চিত করছেন না। যার কারণে মাদকের পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আলাপ করব। তারা বিষয়টি নিয়ে বলবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশীদ বলেন, আমরা প্রতিনিয়তই কোনো না কোনো অপরাধীকে মাদকসহ আটক করি। পুলিশ সদস্য বলে না, অপরাধ যে করে সে অপরাধী। যারা মাদক ব্যবসায়ী বা কারবারী তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে ও তার নির্দেশে মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।




বরিশালে ১ টাকায় মিলছে ইফতার সামগ্রী

বরিশাল অফিস :: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরিশাল নগরীর সব শ্রেণি-পেশার মানুষের জন্য এক টাকায় মিলছে ইফতার সামগ্রী। দুই বন্ধুর এমন উদ্যোগে হাসি ফুটেছে নগরীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মুখে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কমটাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ইফতার কিনতে গেলে হিমশিম খেতে হয়। সেখানে এইসব পরিবারের মানুষ মিঠু ও সম্রাটের দোকানে বিকাল ৩ টা থেকেই ভিড় জমিয়ে কেনাকাটা করছেন। আর সবাই যাতে স্বাছন্দে ইফতার কিনে পরিবারের সবার সাথে বসে এক সঙ্গে ইফতার করতে পারে সেই জন্য মূলত এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

মঙ্গলবার (১২ মার্চ) নগরীর ফকিরবাড়ি রোডে খাবার হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু ও মো. নুরুল ইসলাম সম্রাট এই উদ্যোগ নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কম টাকায় ইফতার পণ্য বিক্রি করায় বিকেলে ৩ টা থেকেই ভিড় লেগে আছে দোকানের সামনে। অনেকে আবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করছেন।

উদ্যোক্তা রবিউল ইসলাম মিঠু  বলেন, এই রমজান মাস আসলেই দেশের অসাধু ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এ সময় গরিব-মধ্যবিত্তদের কেনাকাটা করা অনেক কষ্ট হয়। তাই আমরা চিন্তা করেছি কীভাবে এই সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা থেকো রমজান মাসে আমরা ১ টাকায় ইফতার সামগ্রী বিক্রি করার চিন্তা করি।

তিনি আরো বলেন, আমার অনেক ভাই, বন্ধুরা আছে তারা আমাকে সহযোগিতা করছে। না হলে এত কমটাকায় বিক্রি করা সম্ভব হত না। এদের মধ্যে অনেকেই দোকানে কাজ করে সহযোগিতা করছে। গত ২০২৩ সালে এই উদ্যোগ শুরু করেছি। সে সময় মানুষের বেশ ভালো সাড়া পেয়েছি। হয়ত এবারও পাব। গত বছর দেখেছি বিকাল ৫টার আগেই আমাদের বেচা-বিক্রি শেষ হয় যেতো। আর এবারও দোকানের সামনে ভিড় জমতে শুরু করেছে। হয়ত মানুষের সাড়া পাব।

উদ্যোক্তা মো. নুরুল ইসলাম সম্রাট  বলেন, চারিদিকে যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে সবার খারাপ অবস্থা। তাই আমার বন্ধু রবিউল রমজান মাসে সবাইকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। আমরা ১২ মাস ধরেইতো ব্যবসা করি, তাই এই রমজান মাসে একটু কম ব্যবসা করে মানুষের পাশে দাঁড়াতে চাই।

এ দিকে ইফতার সামগ্রী কিনতে আসা মো. ফিরোজ হোসেন বলেন, ‘১ টাকায় ইফতার পাওয়া এটা আসলেই অকল্পনীয় ব্যাপার। তাই খুশিতে আজ এখানে কেনাকাটা করছি। আসলেই উদ্যোগ টা দারুণ। যারা অল্প পয়সায় ইফতার কিনতে চায় তারা এখন থেকে অনায়াসে কিনতে পারে।’

রিকশা চালক সবুজ আকন বলেন, ‘এই দোকানটা না থাকলে ইফতার কিনে খাওয়ার সাহস পাইতাম না। এই ভাইগো অনেক ধন্যবাদ।’

এক টাকার মধ্যে ইফতারির ৬ টি আইটেম পাওয়া যায়। এর মধ্যে- আলুর চপ, পিয়াজু বড়া, বেগুনি, সবজির বড়া, কুমাড়ের বড়া, সিমের চপ, কলার চপ। এই বাইরে ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক বিক্রি করেন ৩০ টাকায় পাওয়া যায়।




অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না পটুয়াখালীতে ক্যান্সার আক্রান্ত সাইদুলের

বরিশাল অফিস :: পটুয়াখালীর দুমকিতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন মো. সাইদুল (২৫) নামের এক যুবক। তিনি বাঁচতে চান; কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। ছেলের এমন অবস্থা দেখে পাগলপ্রায় সাইদুলের বাবা। তিনি বিত্তবানদের সাহায্য চেয়েছেন।

সাইদুল উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেক শরীফের ছেলে। তিনি উপজেলার সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন। বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চিকিৎসক জানিয়েছেন, সাইদুল টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

সাইদুলের বাবা বলেন, চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। আমার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।

জানা যায়, সাইদুলের পিতা এলাকায় অটো গাড়ি চালাতেন এবং সাইদুল ডিগ্রি পাশ করে চাকরি না পেয়ে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করতেন। বাবা-ছেলের রোজগার দিয়েই তাদের সংসার চলত। হঠাৎ দুই মাস আগে সাইদুলের শারীরিক অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে সাইদুলের টিউমার ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সাইদুলের বাবা অটোরিকশা বিক্রিসহ ধারদেনা করে ৭ লক্ষাধিক টাকা জোগাড় করে ঢাকা ক্যান্সার হাসপাতালে ছেলের অপারেশন করান। এখন সাইদুলকে কেমোথেরাপি দিতে হচ্ছে যার অর্থ পরিবার বহন করতে পারছে না।

প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, সাইদুল অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন অটোচালক। তার বাবার সামর্থ্য নাই সাইদুলের চিকিৎসা করার।

 




দলিল লেখক সাব-রেজিস্টার দ্বন্দে বিপাকে জমি ক্রেতা বিক্রেতারা

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলার খন্ডকালীণ সাব-রেজিষ্টার ও দলিল লেখকদের দ্বন্দে জমির দলিল আদান-প্রদান বন্ধ রয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন জমি ক্রেতা-বিক্রেতারা।

মঙ্গলবার দুপুরে একাধিক দলিল লেখকরা অভিযোগ করে বলেন, বরিশাল জেলার হিজলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব রেজিস্টার সঞ্জয় বরাল গত ৬ মার্চ গৌরনদী সাব-রেজিষ্ট্রি অফিসে খন্ডকালীণ সাব-রেজিষ্টার হিসেবে যোগদান করেন। যোগদানের দিনই নবীন-প্রবীন সকল দলিল লেখকদের সঙ্গে ঔদ্ব্যত্বপূর্ণ আচরন শুরু করেছেন। এমনকি দলিল লেখকদের শোকজ, সাইজ ও বহিস্কার করার হুমকি দিচ্ছেন।

ফলে বাধ্য হয়ে সাব-রেজিস্টার সঞ্জয় বরালের অপসারণের দাবিতে ৩০ জন দলিল লেখক ১০ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি ও অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে। গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি নাসির উদ্দিন মিয়া বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।

খন্ডকালীণ সাব-রেজিস্টার সঞ্জয় বরাল দলিল লেখকদের অভিযোগ অস্বীকার করে বলেন, যোগদানের পর দলিল লেখকদের বলেছি সরকারি নিয়ম-নীতি অমান্য করে আমি কোন দলিল রেজিষ্ট্রি করব না। এতেই দলিল লেখকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মূলত দলিল লেখকরা বুঝতে পেরেছে আমাকে দিয়ে তারা কোন অন্যায় কাজ করাতে পারবেনা। তাই তারা আমার বিরদ্ধে মাঠে নেমেছে।

দলিল লেখকদের অনিয়মকে সমর্থন দিলে কোন সমস্যা হতোনা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, দলিল লেখকদের পক্ষ থেকে লিখিত অভিযোগের একটি কপি পেয়েছি। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।




কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

বরিশাল অফিস :: ভোলা থেকে রাজধানীতে মাছ নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ভোলার মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মনির হোসেন (২৬), একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মো. সুমন (৩০), আক্তার হোসেন (৩২) এবং সাতক্ষীরার সদর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩)।

ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে ভোলার মনপুরা থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়া সময় আজ (মঙ্গলবার) ভোরে কুমিল্লার চান্দিনা বারেশ্বর এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে পড়ে মনপুরার তিন জনসহ চারজন নিহত হন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মনপুরা থেকে নিহতদের স্বজন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লাশ নিয়ে আসা হলে তথ্য উদ্‌ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’