বাবুগঞ্জে শহীদ জিয়াকে রাজাকার বলা নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন কলেজ প্রভাষক

বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানার একটি ফেসবুক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মন্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে “রাজাকার” হিসেবে উল্লেখ করেন। ঘটনাটি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি ঘিরে কলেজ ক্যাম্পাসেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে সাংবাদিকদের কাছে বলেন,
“আমি বিষয়টি ভুল করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্য আর করব না।”

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আল আমিন বলেন,
“একজন সরকারি কলেজের শিক্ষক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এ বিষয়ে বলেন,
“এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক বিদ্বেষপ্রসূত মন্তব্য। একজন শিক্ষকের এমন আচরণ শিক্ষাক্ষেত্রে বিষ ছড়াতে পারে। আমরা এ ঘটনার যথাযথ বিচার চাই।”

বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন,
“এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনো সরকারি কর্মচারীর কাছ থেকে আশা করা যায় না। আমরা তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি জানাই।”

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা কলেজ প্রশাসন ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি তদন্তের দাবি উঠেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণসংযোগে গণজোয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (২ আগস্ট) বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দিনভর চলা এ গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বেতাগী টাউনব্রিজে পথসভায় মুফতির বক্তব্য:

তিনি বলেন,
“যারা বছরের পর বছর ক্ষমতায় থেকেছে, তারা কখনো এখানকার মানুষের দুঃখ-কষ্ট বোঝেনি। আমরা এই মাটি ও মানুষের লোক; পাশে থাকতে চাই, লুটপাট করতে নয়।”
তিনি অভিযোগ করেন,
“দীর্ঘদিন একদল লুটপাট চালিয়ে চলে গেছে, আরেক দল মামলার ফাঁদে ফেলে নিরীহ মানুষকে কাঁদাচ্ছে। দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে হেবিওয়েট নেতার নামে। ইনশাআল্লাহ, বেতাগীতে কোনো চাঁদাবাজি হতে দেব না।”

মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন,
“আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য, রাজনীতি করি মানুষের হক আদায়ের জন্য। যদি আপনারা সমর্থন দেন, এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”

পথসভা ও গণসংযোগ চলাকালে প্রার্থী মিজানুর রহমান কাসেমী গলাচিপা, চান্দখালী, কাউনিয়া, কাজীরহাট, মোকামিয়া, পুটিয়াখালী, বিবিচিনি বাসস্ট্যান্ডবেতাগী পৌর শহর জুড়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন।

:

গণসংযোগে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ ভোটার ও ধর্মপ্রাণ তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





মুন্সিগঞ্জে অজ্ঞান অবস্থায় উদ্ধার তরুণী সড়ক দুর্ঘটনার শিকার, বাড়ি ভোলায়

মুন্সিগঞ্জের গজারিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া তরুণীর বাড়ি ভোলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে যাকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছিল, সে তরুণী মূলত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নিজ বাড়িতে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বাবা মো. ফিরোজ হোসেন বলেন,
“আমার মেয়ে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে আমরা তাকে ভোলায় নিয়ে আসি। এখন সে বাসায় মোটামুটি সুস্থ আছে।”

গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার সজীব ফিলিং স্টেশনের কাছে থেকে স্থানীয়রা ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্নজন তার পরিচয় জানতে পোস্ট দেন। এনআইডি কার্ডসহ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পরিবারকে চরম অস্বস্তিতে পড়তে হয়।

ভুক্তভোগী তরুণীর বড় বোন বলেন,
“শুক্রবার দুপুর ১টার দিকে আমি, আমার ছোট বোন ও ভাই তিনজন মিলে যাত্রাবাড়ী থেকে গজারিয়ায় মোটরসাইকেলে ঘুরতে যাই। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই পড়ে যাই। আমার বোন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ আমাদের হাসপাতালে নিয়ে যায়।”

আজ সকালে ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায়, সে আহত অবস্থায় বিছানায় শুয়ে আছে। কথা বলতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে। তার হাতে ও হাঁটুতে আঘাতের দাগ স্পষ্ট দেখা গেছে।

মেয়েটির মা বলেন,
“আমার মেয়ে দুর্ঘটনায় আহত হয়েছে। অথচ কিছু মানুষ ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য লজ্জার ও কষ্টের। মেয়ের সড়ক দুর্ঘটনাকে কেউ যেন অন্যভাবে না দেখে।”

ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত তরুণীর আরেক ভাই বলেন,
“আমার দুই বোন ও ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরগুনার তরুণদের বলিষ্ঠ নেতৃত্বে ‘ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বরগুনায় অনুষ্ঠিত হলো ‘আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে বরগুনা ও আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড এর সহযোগিতায় এবং ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্কসোনার বাংলা ইয়ুথ ক্লাব এর যৌথ আয়োজনে সম্মেলনে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সুপারিশ প্রণয়নের নানা পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন:

  • যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে

  • সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা

  • বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ

  • সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ

  • সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেন

সভাপতিত্ব করেন গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ইফতার ইমা।

আলোচনায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ওপর। অথচ নীতিনির্ধারণী আলোচনায় তাদের অংশগ্রহণ এখনও সীমিত। ‘ইয়ুথ কপ ২০২৫’ সেই সীমাবদ্ধতা ভাঙার এক সাহসী উদ্যোগ।”

দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম বলেন, “সম্মেলনের লক্ষ্য ছিল বরগুনার তরুণদের মধ্যে জলবায়ু-সচেতনতা বাড়িয়ে নেতৃত্বে যুক্ত করা এবং নীতিনির্ধারকদের সঙ্গে তাদের কার্যকর সংযোগ গড়ে তোলা।”

ফুলঝুড়ি ইউনিয়নের অংশগ্রহণকারী রিয়াদুল ইসলাম বলেন, “প্রতিবছর বর্ষায় আমাদের ঘর-বাড়ি তলিয়ে যায়, পড়ালেখা বন্ধ হয়ে যায়, অথচ আমাদের কণ্ঠ নীতিনির্ধারকদের কানে পৌঁছায় না। আজকের এই সম্মেলন আমাদের সেই সুযোগ তৈরি করেছে।”

সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মহিউদ্দিন অপু, ফটো সাংবাদিক আরিফুল মুরাদসহ অনেকেই বক্তব্যে তরুণদের মতামতকে জলবায়ু নীতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সম্মেলনের প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা (FGD) ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউ (KII) অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণদের বাস্তব অভিজ্ঞতা, অভিযোজন কৌশল এবং নেতৃত্বের অভিপ্রায় এসব আলোচনায় উঠে আসে।

সম্মেলনের শেষ অংশে তরুণ প্রতিনিধিরা অঙ্গীকার করেন
জলবায়ুবান্ধব জীবনযাপন গ্রহণ, সচেতনতা ছড়িয়ে দেওয়া, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু নীতিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো করা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তালতলীতে রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি

বরগুনার তালতলী উপজেলায় সংখ্যালঘু রাখাইন সম্প্রদায়ের এক পরিবারের কাছ থেকে চাঁদা দাবি এবং জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমি দস্যু চক্রের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদের।

শনিবার (২ আগস্ট) দুপুরে তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেছেন উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা চান চান রাখাইন।

তিনি জানান, বহু বছর ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে তিনি বসবাস করে আসছেন। তবে সম্প্রতি স্থানীয় ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২), আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২) সহ কয়েকজন মিলে তার জমি দখলের চেষ্টা করছে। চরপাড়া মৌজার এসএ খতিয়ান নং ০৮, জেএল নং ৪০ নথিভুক্ত ওই জমিতে রাতের আঁধারে একটি ঘর নির্মাণের মাধ্যমে দখল শুরু করে তারা।

চান চান রাখাইন জানান, তিনি বাধা দিলে অভিযুক্তরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিরা আদালতে হাজিরা দিলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “ভূমি দস্যুদের নির্যাতনে আমাদের অনেক আত্মীয়-স্বজন মিয়ানমারে চলে গেছে। আমরা যেটুকু টিকে আছি, তার ওপরও হামলা ও হুমকির মুখে রয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় স্পিডবোটে অতিরিক্ত ভাড়া: বিআইডব্লিউটিএর অভিযানে নড়েচড়ে বসেছে দুর্বৃত্তচক্র

ভোলায় দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিশেষ টাস্কফোর্সের এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুইজন চাঁদাবাজকেও।

বরিশাল-ভোলা ও ভোলা-লাহারহাট নৌরুটে অসাধু স্পিডবোট মালিক ও ইজারাদাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন যাত্রীরা। যাত্রী মো. তাওহীদ, সুলতান আহম্মেদ, আবুল কালাম ও ডা. মাহবুব আলম জানান, তারা নিয়মিত বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

যাত্রী হয়রানি রোধে বিআইডব্লিউটিএ এবার আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এতে নড়েচড়ে বসেছে ঘাটকেন্দ্রিক দুর্বৃত্তচক্র।

ভোলার বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সরকার নির্ধারিত স্পিডবোট ভাড়া ভেদুরিয়া-বরিশাল নৌরুটে জনপ্রতি ৩০০ টাকা এবং ভেদুরিয়া-লাহারহাট রুটে ১৫০ টাকা। অথচ বাস্তবে অনেক সময় ৬০০ টাকা বা তার বেশি আদায় করা হয়। এমনকি ইজারাদাররা বার্নিং চার্জ হিসেবে ৭৫ টাকার স্থলে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করে থাকেন।

তিনি আরও জানান, ৪০ হর্স পাওয়ার ইঞ্জিনের স্পিডবোটে সর্বোচ্চ ৮ জন এবং ৫৫ হর্স পাওয়ার বোটে ১০ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও ইজারাদাররা ১০-১২ জন যাত্রী পরিবহন করছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকিতে পড়ছে।

সূত্র জানায়, ঘাটে প্রবেশ ফি সরকার নির্ধারিত ৫ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১০ টাকা এবং মালামালের জন্য ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত জোড়পূর্বক আদায় করা হচ্ছে। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত ২৭ জুলাই ঘাট ইজারাদার পক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করে।

বর্তমানে এই পরিস্থিতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে বরিশাল-ভোলা নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে ইজারাদার ও মালিকপক্ষ।

অভিযুক্ত ঘাট ইজারাদার আব্দুর রহমান ও সংশ্লিষ্ট মালিকরা দাবি করেছেন, “আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের এনসিএল কোচ হলেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান, “আশরাফুল নিজেই কোচ হতে আগ্রহ প্রকাশ করেছে। বরিশালের হয়ে দুই বছর খেলেছে সে, তাই আমরা তাকে কোচ হিসেবে নিয়েছি।”

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন আশরাফুল। এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সাথে কাজ করেছেন তিনি।

আকরাম বলেন, “সাবেক খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে কাজ করার সুযোগ দিতে চাই আমরা। সেলিম, রোকন, আফতাবদের সাথেও আলোচনা চলছে। তাদের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এছাড়া আঞ্চলিক ক্রিকেট উন্নয়নেও বিসিবি কাজ করছে বলে জানান আকরাম। তিনি বলেন, “চট্টগ্রামে প্রথমবারের মতো আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি ২৭ আগস্ট থেকে। চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলা রয়েছে। এখান থেকে ভালো মানের ২-৩ জন খেলোয়াড় পেলেই তারা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারবে।”

এই উদ্যোগকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তিন দফা দাবিতে বরিশালে কফিন নিয়ে উত্তাল বিক্ষোভ

সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাতের দুরবস্থা নিয়ে তিন দফা দাবিতে বরিশালে কফিন নিয়ে সড়কে নেমেছেন সাধারণ ছাত্র-জনতা। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী বিক্ষোভে ছিল কফিন বহনকারী মিছিল, প্রতিবাদী স্লোগান এবং অনিশ্চিত ভবিষ্যতের প্রতীকী বার্তা।

তাদের প্রধান তিন দাবি:
১. বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন
২. পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল নিয়োগ
৩. আধুনিক যন্ত্রপাতি, ওষুধ সরবরাহ এবং দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি

বক্তারা জানান, দেশের স্বাস্থ্যখাত বর্তমানে চরম অব্যবস্থাপনায় ভুগছে। সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটা অনেক ক্ষেত্রে দুরূহ হয়ে উঠেছে। সরকারি হাসপাতালগুলোতে সংকট শুধু চিকিৎসা সেবা নয়, রয়েছে জনবল, ওষুধ এবং যন্ত্রপাতির ঘাটতি। উপরন্তু, দুর্নীতি ও অবহেলা জনসাধারণের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কফিন নিয়ে একটি প্রতীকী মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারা জানান, এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল দলের বিশৃঙ্খলায় বিপাকে বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দল নিয়ে চলমান বিশৃঙ্খলা ও অভিযোগে গভীর উদ্বেগে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠের বাইরে নানা বিতর্কিত ঘটনার জেরে গত মৌসুমে বরিশাল দলের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে বলে জানা গেছে।

মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব ছাড়েন অভিজ্ঞ ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। বিসিবিকে পাঠানো চিঠিতে কারণ না উল্লেখ করলেও তিনি জানিয়েছেন, স্কোয়াডে না থাকায় সহখেলোয়াড় ইসলামুল হাসানের কাছ থেকে তিনি মৃত্যুর হুমকি পান। বিসিবির সংশ্লিষ্ট বিভাগে হুমকির ফোন রেকর্ডও জমা দেওয়া হয়েছে।

বরিশাল টি-টোয়েন্টি দলের অধিনায়ক সোহাগ গাজীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে ক্রিকেটার মঈন খানের বিরুদ্ধেও। এসব ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া কোচিং স্টাফদের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার দায়িত্ব ছেড়ে দেন মৌসুমের মাঝপথে। পরে দায়িত্ব নেন অভিজ্ঞ কোচ ওয়াহিদুল গনি, কিন্তু তাঁর সময়েও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের মধ্যে সুসম্পর্ক না থাকায় বিসিবিতে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। জাতীয় দলের নির্বাচকরাও বরিশালের অব্যবস্থাপনা দেখে হতাশা প্রকাশ করেন। এবারের মৌসুমে তাই স্কোয়াড গঠন ও কোচিং স্টাফ নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি। পুরো কোচিং ইউনিট বদলানোর পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

কিছু খেলোয়াড় কোচ আশিকুর রহমান, সহকারী কোচ শাহীন হোসেন এবং ট্রেনার বিকাশ শর্মার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। বিষয়টি আমলে নিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ও প্রোগ্রাম হেড মিনহাজুল আবেদীন প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

আজ বিকাল সাড়ে ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এনসিএল সমন্বয় সভায় বরিশাল দলের বিষয়টি আলোচনায় আসতে পারে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,

“যে দলে কোচ ও অধিনায়কের প্রতি শ্রদ্ধা নেই, সেখানে সুশৃঙ্খল পরিবেশ আশা করা যায় না। খেলোয়াড়দের ভাষা ব্যবহার ও আচরণেও অবনতি দেখা যাচ্ছে, যা দুঃখজনক।”

এদিকে বরিশালের কিছু ক্রিকেটার দাবি করেছেন, এনসিএলে না থাকায় তারা ঢাকা লিগে সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে অভিযোগও জানিয়েছেন, যা শুনে তিনিও বিব্রত হন।

বরিশাল দলের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন,

“বরিশালে ঘরোয়া লিগ না থাকায় সব ক্রিকেটারই জাতীয় লিগে খেলতে চায়। অনেকেই মনে করেন, জাতীয় লিগে খেললেই ঢাকা লিগে জায়গা পাওয়া সহজ হবে। তবে এটি ভুল ধারণা।”

ফজলে মাহমুদ রাব্বি ও সোহাগ গাজীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা চান, অতীতের বিশৃঙ্খলার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। তারা বরিশালকে প্রতিযোগিতামূলক দল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যদিও বর্তমানে বরিশালের মূল স্কোয়াডে খেলার মতো স্থানীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র সাতজন। ফলে অন্য বিভাগীয় খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মুলাদীতে কীটনাশক পান করে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলায় কীটনাশক পান করে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মরিয়ম (১৪)। সে সাহেবেরচর গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, মরিয়ম গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তার মুখে কীটনাশকের গন্ধ পাওয়ায় আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।

ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী বলেন, “জ্বরের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা বুঝতেই পারিনি সে এমন কিছু করে বসবে। চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে মুলাদী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ছাত্রীটির লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫