অবরোধ প্রত্যাহার, ঢাকা-পটুয়াখালী মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

বরিশাল অফিস :: ঢাকা-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। অবরোধ তুলে নেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত অবরোধ চলে। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় বাস বন্ধ করে দিয়েছেন মালিক-শ্রমিকরা সংশ্লিষ্টরা জানান, দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় রুদ্র-তূর্য পরিবহনের একটি বাসে অধিক যাত্রী পরিবহন করায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস নুরুল আখতার নিলয়। তবে বাস শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে রেখে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেন। পরে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে জেলা প্রশাসন। বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। এসময় জরিমানার অর্থ পরিশোধ করেন বাস মালিক।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কিছু সময় বাস চলাচল বন্ধ ছিল। বর্তমানে মহাসড়কে সবধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে।




ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় পটুয়াখালীতে বাস বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে ঢাকা-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএস নুরুল আখতার নিলয় অভিযানে নামেন। এসময় ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় রুদ্র-তূর্য পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে ঢাকা-কুয়াকাটা সড়কে যানবাহন চলচল বন্ধ করে দেন।

আরো পড়ুন : বরগুনায় মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ঈদের সময় হওয়ায় যাত্রী চাপ বেশি। সে কারণে কিছু বাসে দাঁড়িয়ে যাত্রী যাচ্ছে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে প্রতিটি গাড়িকে ১০ হাজার টাকা করে জরিমানা করছেন। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে যাচ্ছে। আমরা বিষয়টি দেখছি।




বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গৃহবন্দী করে রাখার অভিযোগ

বরিশাল অফিস :: ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার মাকে গত ১৬ দিন ধরে একটি ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর বাবা জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা বন্দর এলাকার।
আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা হরিশ চন্দ্র সরকার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে শিল্পী রানী ঢালী (২৭) ও তার স্বামী একই গ্রামের সুবল চন্দ্র ঢালী বিগত চার বছর পর্যন্ত উজিরপুরের ধামুরা বন্দরে মজিবুর রহমান হাওলাদারের ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। সেখানে বসবাস করার সুবাদে তার মেয়ে জামাতা অমৃত ফুড প্রোডাক্টসসহ বিভিন্ন কোম্পানীর মালামাল সাব এজেন্ট হিসেবে বিক্রি করে আসছে।

অভিযোগে আরও জানা গেছে, গত ২ এপ্রিল থেকে রহস্যজনকভাবে তার জামাতা সুবল চন্দ্র ঢালীর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। খবর পেয়ে তার (হরিশ) স্ত্রী শেফালী রানী সরকার মেয়ের বাসায় যান। এসময় ভাড়াটিয়া বাড়ির মালিক মজিবুর রহমান তাদের মা ও মেয়েকে ঘরের মধ্যে গৃহবন্দী করে বাহির থেকে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি জানতে পেরে তিনি (হরিশ) স্থানীয় বিভিন্নজনের মাধ্যমে মজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তাদের বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করা হয়।

উপায়অন্তুর না পেয়ে জাতীয় সেবা ৯৯৯ নাম্বারে যোগাযোগের পর ১৭ এপ্রিল থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও রহস্যজনক কারনে তারা গৃহবন্দী মা ও মেয়েকে উদ্ধার না করে চলে আসেন। এ অবস্থায় অসহায় হরিশ চন্দ্র সরকার তার ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে শিল্পী রানী ঢালী ও তার স্ত্রী শেফালী রানী সরকারকে গৃহবন্দী থেকে মুক্ত করতে জেলা পুলিশ সুপার বরাবরে আবেদন করার পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, বিষয়টি আমার জানা ছিলোনা। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




বরিশালে মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

বরিশাল অফিস :: ঈদের যাত্রা বরিশাল জেলার মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে গতিসীমা নিয়ন্ত্রণে বরিশালের জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের নিরবচ্ছিন্ন ভাংগা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে করতে মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন। দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। এ সময় রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৮ টি মামলায় ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। যাত্রী ও সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।




বরিশালে প্রণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্ধোধন

বরিশাল অফিস :: প্রাণিসম্পদে ভরবো গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দিনব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্ধোধন করা হয়।

বৃহস্পতিবার (১৮) এপ্রিল সকাল ১১ টায় নগরীর নবগ্রাম রোডস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বরিশাল সদর উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বরিশাল ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প
(এলডিপি) প্রাণিসম্পদ মন্ত্রালয়ের সহযোগীতায় এই প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।


বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বরিশাল উপ-
পরিচালক ও উপ-সচিব গৌতম বাড়ৈ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রইম এন্ড অপর্স মেহেদী হাসান, বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরুল আলম, বরিশাল জেলা প্লোটি ফার্মার ডেইরি এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরব ঘোষ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস।

এ সময় প্রধান অতিথি উপ- সচিব গৌতম বাড়ৈ বলেন,আমরা কৃষি সম্পদ নির্ভরশীল একটি দেশে উন্নতিশিল অর্জন হলেও প্রাণিসম্পদকে বাদ দিয়ে কোন ভাবেই উন্নয়ন করা সম্ভব হবে না।

তিনি বলেন,আমরা এখন আর সেই তলাবিহীন ঝুড়ির দেশের মানুষ বলা যাবে না। আমাদের দেশের ঝুড়ির তলা এখন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ দেশ পরিচালনায় সু-রক্ষিত। এসময় তিনি আরো বলেন আমাদের শুধু প্যান্ট,সাট ও সাজগোছ করেই স্মাট হলে চলবে না। আমাদেরকে স্মাট বাংলাদেশ গড়ার জন্য সকল কাজের জ্ঞান অর্জন করার মাধ্যমে স্মাট বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

এর আগে কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করার অনুষ্ঠান প্রধান অতিথি সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ডেইরি ফার্ম এসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন খামারি উপভোগ করেন। পরে অতিথিরা অংশ গ্রহনকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রদর্শনী মেলায় দেশ-বিদেশের পাখি ও উন্নত জাতের গবাদী প্রাণি,এবং বিভিন্ন মেডিসিন কোম্পাণির ৩৫টি স্টল অংশ গ্রহন করে। বিকালে ২য় অধিবেশনে প্রদর্শনী মেলায় অংশ গ্রহনকারী শেষ্ট স্টল প্রদর্শনীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

 

 




বরিশাল নগরীর জর্ডন রোডের ড্রেনের লোহার ঢাকনা চুরি

বরিশাল অফিস :: নিয়মিত চুরি হয়ে যাচ্ছে বরিশাল নগরীর জর্ডন রোডের ড্রেনের লোহার ঢাকনা। রাতের অন্ধকারে কে বা কারা এই ঢাকনা চুরি করছে তা জানার কোনো উপায় নেই। তবে রাত হলেই ভয়ংকর হয়ে ওঠে বরিশাল সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের এই জর্ডন রোড বলে জানালেন একাধিক এলাকাবাসী।


ইতিপূর্বে গত ৩০ মার্চ জর্ডন রোডের সার্কিট হাউসের পিছনের মোড়ে সড়কের ড্রেনে লাগানো লোহার ঢাকনা বা স্লাব চুরি হয়ে যায়। এতে বিপাকে পরেন পথচারীসহ দ্রুতগামী যানবাহনে চালকরা। একটুর জন্য প্রাণে বেঁচে যান অনেকে। বিষয়টি জানা মাত্র বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দ্রুত ২ এপ্রিল নতুন ঢাকনা লাগিয়ে আসন্ন বিপদ থেকে রক্ষা করেন জর্ডন রোডের বাসিন্দা ও ঐ পথে চলাচলকারী যানবাহনগুলোকে। গত ১৭ এপ্রিল পুনরায় জর্ডন রোডের আরো একটি লোহার ঢাকনা বা স্লাব চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোর। ফলে এই সড়কে আবারো ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শুধু তাই নয়, চোরেরা নতুন লাগানো ঢাকনাটিও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যার প্রমাণ চারপাশে ভাঙা ইটের সুরকী (ছবি)।

জর্ডন রোডের কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, তারা চোরের বিষয়ে কিছুই জানেন না। তবে গভীর রাতে এই সড়কটি ভয়ংকর হয়ে ওঠে এবং একা প্রতিবাদ করার সাহস হয়না বলে দাবী করেন অনেকেই। এই সড়কের পাশে বহুতল একটি ভবন রয়েছে। যেখানে সিসি ক্যামেরাসহ রয়েছে নিরাপত্তারক্ষীও।


এই ভবনের নিরাপত্তারক্ষীদের একজন আলম রায়হান বলেন, প্রায় প্রতি রাতেই রাত বারোটার পর একদল টোকাই শ্রেণীর নেশাখোরদের সোরগোল শুনতে পান। ভবনের সামনে আসেনা, আসলে ডাক দিলেই ছুটে পালিয়ে যায় ওরা। তবে আশেপাশের বাসিন্দারা কেউ ভয়ে বের হয়না বলে জানান তিনি।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই সড়কে বসবাসকারী বাসিন্দাদের সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, শুধু জর্ডন রোড নয়, নগরীর সব রোডের বাসিন্দাদেরই সচেতন হতে হবে। এই নগরীর রক্ষণাবেক্ষণ দায়িত্ব শুধু সিটি করপোরেশন কর্তৃপক্ষের নয়, আমার আপনার সকলের। নগরবাসী যদি সচেতন না হন, তাহলে সিটি করপোরেশনের একার পক্ষে শহর সুন্দর রাখা অসম্ভব হয়ে যাবে বলে জানান মেয়র খোকন সেরনিয়াবাত।

 




বৈশাখী মেলায় নৌকা ভেঙে ৫ শিশু-কিশোর আহত

পটুয়াখালী প্রতিনিধি :: ধারণক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে দোল খাওয়ার সময় খেলনা রাইড নৌকার জয়েন্ট খুলে দুর্ঘটনায় অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।

এর মধ্যে দেবদাস (৮) ও তন্ময় (১৭)কে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বৈশাখী মেলার অনুষ্ঠান কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন : ১৭ বছর পর মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয়রা জানান, ধারণ ক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে রাইড লোহার তৈরি নৌকাটি দোল খাওয়ার সময় হঠাৎ করে মাঝখান দিয়ে জয়েন্ট ছুটে যায়। এ সময় শিশু-কিশোররা রাইড থেকে লাফিয়ে নিচে পড়ে অনেকে আহত হয়। তাদের ডাক চিৎকারে ভীতিকর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে দ্রুত খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে দোলনা নৌকা রাইডটি বন্ধ করে দিয়েছেন।

নৌকা দোলনার মালিক চান মিয়া জানান, লোহার তৈরি এই দোলনা নৌকাটির ৩টি পার্ট। এক পার্টের জয়েন্ট নাট খুলে দুর্ঘটনাটি ঘটে।
যা ঠিক করা হয়েছে।

উল্লেখ্য কলাপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভার সার্বিক সহযোগিতায় চলছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে বিভিন্ন ধরনের রাইডস, বিনোদনমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




বরগুনায় মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: মা-মেয়ে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল সোবাহানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী।

১৭ বছর পর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জড়িত হালিম ইতোপূর্বে আদালতে আত্মসমর্পণ করে জেলে আছেন এবং সহিদ অন্য একটি খুনের মামলায় জেলে আছেন।

আরো পড়ুন : জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

অভিযুক্ত সোবাহান বরগুনা জেলার সদর উপজেলার আইয়ুব আলীর ছেলে বলে জানায় র‌্যাব।

১৭ এপ্রিল বেলা ১১টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার হয় সোবাহান।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন– ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি গভীর রাতে বরগুনা সদরে মা ও কিশোরী মেয়ে গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় অভিযুক্ত হন হালিম, সহিদ এবং গ্রেফতারকৃত সোবাহান। এ ঘটনায় পর থেকে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান সোবাহান। পরবর্তীতে আদালত সোবাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।




বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য : হেপাটাইটিস সংক্রমণের উচ্চঝুঁকিতে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণ ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, উচ্চঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় ভারত। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডাব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগী ৩০ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২৫ কোটি ৪০ লাখ হেপাটাইটিস বি ও পাঁচ কোটি হেপাটাইটিস সি ভাইরাস বহন করছে। ভাইরাসটিতে আক্রান্তদের অর্ধেকের বয়স ৩০ থেকে ৫৪ বছর। আক্রান্তদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ১২ শতাংশ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিসের দুই-তৃতীয়াংশই বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনামে। বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় ৮৩ লাখ মানুষ আক্রান্ত। এর মধ্যে ৮৬.৭৪ শতাংশ হেপাটাইটিস বি ও ১৩.২৬ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।গত সপ্তাহে পর্তুগালে বিশ্ব হেপাটাইটিস সম্মেলন উপলক্ষে প্রকাশিত ডাব্লিউএইচওর প্রতিবেদন অনুসারে ১৮৭টি দেশের নতুন তথ্যে দেখা গেছে, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০২২ সালে ১৩ লাখে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালে ছিল ১১ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিস সংক্রমণে বিশ্বব্যাপী প্রতিদিন তিন হাজার ৫০০ জন মারা যাচ্ছে। এর মধ্যে হেপাটাইটিস বি থেকে ৮৩ শতাংশ এবং হেপাটাইটিস সি থেকে ১৭ শতাংশ।

২০২২ সালের শেষ নাগাদ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে মাত্র ১৩ শতাংশ শনাক্ত হয়েছে এবং ৩ শতাংশ অ্যান্টিভাইরাল চিকিৎসা পেয়েছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ শতাংশ ডায়াগনসিস হয়েছে এবং ২০ শতাংশ ওষুধ পেয়েছে। ২০২২ সাল নাগাদ ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি চিকিৎসা পেয়েছে ও এক কোটি ২৫ লাখ হেপাটাইটিস সি চিকিৎসা পেয়েছে, যা ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক যে লক্ষ্যমাত্রা এর অনেক কম।

হেপাটাইটিস বি এর উপসর্গ হলো জ্বর, দুর্বলতা, অবসাদ, বমি ভাব বা বমি হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে অনেকেই এসব উপসর্গ নিয়ে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন। কবিরাজি চিকিৎসা বিশ্বাসের একটা বৈজ্ঞানিক ভিত্তি হলো হেপাটাইটিস এ এবং ই যথাযথ বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায়। এ ভাইরাসে সংক্রমিতরা ঝাড়-ফুঁক, ডাব পড়া পানি পড়া নিয়ে মনে করেন যে কবিরাজি চিকিৎসায় কাজ হয়েছে। কিন্তু হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। তাই বাংলাদেশের বিরাট জনগোষ্ঠীকে হেপাটাইটিস থেকে রক্ষা করতে সচেতন করা প্রয়োজন বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।




ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, এক পরিবারের ৪ জন

বরিশাল অফিস :: বরিশালের ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে স্বামী–স্ত্রী দুই সন্তানসহ চারজন রয়েছেন।

আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল ঘরে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩০), ওস্তাখানার শফিকুল মাঝী (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫) ও মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের প্রাইভেট কার চালক ইব্রাহিম (২০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), তাঁর স্ত্রী হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০), গাবখানের শহিদুল ইসলাম (৩৫)।

ঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটিঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম নিহত ১৪ জনের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।